Golpo romantic golpo আসবো ফিরে আবারো

আসবো ফিরে আবারো পর্ব ৯৮


#আসবো_ফিরে_আবারো

#পর্ব_৯৮

#সুরভী_আক্তার

( অনুমতি ব্যতীত কপি করা নিষেধ ❌ )

সায়ানের কথাটার ভার সামলাতে পারলো না শাফাহ্ । যুবকের হাতের মুঠোয় থাকা নিজের হাতখানা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো । প্রসঙ্গ ঘাটতে অযুহাত দিলো…..

” পানি খাবো, বাডি । গলা শুকিয়ে গেছে !

চট করে পাশ থেকে পানির গ্লাস তুলে নেয় সায়ান । শাফাহ্ আধশোয়া হয়েই রয় । ওকে নড়তে না দিয়ে নিজ হাতে রমনীকে পানি পান করায় যুবক । অতঃপর গ্লাস রেখে বসে আগের জায়গায় ‌। মেয়েটার ব্যাথিত মুখাবয়ব দেখে আহত গলায় শুধোয়….

” কষ্ট হচ্ছে কিউটিপাই ?

শাফাহ্ স্মিথ হেসে মাথা নাড়ালো দুদিকে । বললো আবদারের সুরে….

” তোমার কাছে যদি কিছু চাই, তাহলে দেবে বাডি ?

” চেয়েই দেখ । প্রাণ হলেও দিয়ে দেবো ।

রমনীর হাসি চওড়া হয় । হাসির অন্তরালে দগ্ধ ভেতর ঘর । সে বুঝতে না দিয়ে বলে মোলায়েম কন্ঠে….

” আমরা ফিরে যাবো । আমি একটু সুস্থ হলেই মেঘার ভাইয়া আর এখানে রাখবে না আমায় । আবার কবে আসবো কে জানে । আসাই তো হয় না । শোনো না বাডি, আমি চলে যাওয়ার আগে তুমি বরং একটা বিয়ে করে নাও ! তোমার লাল টুকটুকে বউকে দেখে শান্তিতে ফিরে যেতে পারবো আমি । এভাবে কতদিন চলবে বলো তো ? যে গেছে, তার জন্য তুমি কেনো কষ্ট পাবে ? সে তোমার ছিলোই না হয়তো । তাকে ভুলে যাও প্লিজ ! তুমি একটা সংসার সাজিয়ে নাও । আঙ্কেল আন্টির তো সাধ জাগে তাদের একমাত্র ছেলের বউকে দেখার । আমার ও সখ জাগে, আমার বাডির বউ দেখবো আমি । চলে গেলে দেখতে পারবো না । তাই সময় নষ্ট না করে আমি থাকতে থাকতেই বরং বিয়েটা করে নাও । প্লিজ বাডি,,

শাফাহ্’র মুখে ভারী কথা শোনার অভ্যাস নেই কারোর । এ বেলায় বোধহয় ওর কথা গুলো বেশ ভারী ভারী শোনালো । সায়ান নিষ্পলক চেয়ে রয় । মৃদু ঠোঁট ফাঁক করে । নির্দ্বিধায় বলে…..

” তুই থাকতে থাকতেই আমি অনেক সময় নষ্ট করে ফেলেছি, শাফাহ্ । ক্ষয়িত কাল কখনো ফিরে আসে না । আমার জীবনেও আসবে না আর । এখন আমার জীবনের বেলা ফুরিয়ে গেছে । ক্ষয়ের আর কিছু অবশিষ্ট নেই । ওসব বিয়ে টিয়ে আমার দ্বারা সম্ভব নয় । তার জায়গায় অন্য কাউকে দেখাও সম্ভব নয় । চোখ মানবে না । মন তো অনেক দূরের কথা ।

শাফাহ্ আহত মুখে বলে…..

” এতো কম বয়সে বেলা ফুরিয়ে গেলো ? এখনো পুরো জীবন বাকি ! বিয়ে করবে না ? একলা থাকবে ?

” নির্দ্বিধায় থাকবো !

” অপেক্ষায় আছো তার ?

” উঁহু, তার ফেরার সুযোগ নেই । অপেক্ষা করি না বৃথা ।

” খুব কষ্ট হয় তাই না ?

” সে সুখে আছে ভাবলেই আমিও সুখ পাই ।

” সে যে তোমার হলো না ? রাগ ওঠে না ? ঘৃনা আসে না তার উপর ?

সায়ান স্বভাব সুলভ নিদারুণ হাসে । নির্বোধ রমনীর মাথায় স্নেহের সহিত হাত বুলিয়ে বলে ঠান্ডা গলায়….

” যাকে ভালোবাসি, তাকে ঘৃণা করি কি করে ? আর আমার সে কারোর রাগ সহ্য করতে পারে না । তাকে ভালোবাসার পর রাগের অভ্যাস আয়ত্তে নেইনি কখনো । তার জন্য আমার মাঝে বিন্দু পরিমাণ রাগ নেই, কিউটিপাই । আছে শুধু অব্যক্ত অনুরাগ । ব্যাক্ত করার আগেই সে হারিয়ে গেছে । ফুরিয়ে গেছি আমি ।

শাফাহ্ টলমলে চমৎকার লোচনে চেয়ে রয় । এক্ষুনি দৃষ্টি ঝাঁপিয়ে বৃষ্টি নামার উপক্রম ।

ভীষণ জ্বলে চোখ দুটি । এ কি যন্ত্রণা ! ঝাপসা চোখের জ্বলন ঠেলে হাসার চেষ্টা করলো রমনী । বললো ধরা গলায়,,,,

” তাকে এতো ভালোবাসো কি করে, বাডি ?

” সে ভালোবাসার মতোই কেউ একজন । ভালো না বেসে থাকি কি করে ?

” সে তো তোমার কষ্টের কারণ !

” সে আমার সুখের অন্তরায় ।

” সুখ পেলে ?

” মনে মনে !

” কে সে ?

” কেউ একজন !

” বলবে না আমায় !

সায়ান আরেকটু হাসে । রমনীর থেকে চোখ সরিয়ে ইয়ানাহ্ কে দেখে । ঝুঁকে বাচ্চার কপালে চুমু খায় । নাকের ডগায় এক আঙুলে আলগোছে স্লাইড করে বলে….

” সে এখন কারোর মা, আর কারোর দূর্বলতা ।

আজও সায়ান মুখ খুললো না । চেপে রাখলো সব । মুখ খুলেই বা কি লাভ ? শাফাহ্ ও বুঝতে দিলো না কিছু । আত্মবিশ্বাস নিয়ে বললো এক পশলা হেসে….

” তুমি নিশ্চিন্তে পারফেক্ট জীবনসঙ্গী হতে পারবে সায়ান ভাইয়া ! বিয়ে করে নাও প্লিজ । রাখবে না আমার চাওয়া টা ?

সায়ান মুখ খুলবে, এর আগেই বাচ্চার কান্না বেজে উঠলো ওদের কথার মাঝে । ইয়ানাহ্ উঠে গেছে এর মধ্যেই ।মেয়ের কান্নায় হকচকিয়ে যায় শাফাহ্ । মেয়েকে সামলাতে তড়িঘড়ি করে সোজা হয়ে বসতে গেলে সায়ান বাঁধা দিলো ।

” উঁহু,,, ওভাবেই থাক । লেগে যাবে নয়তো । আমি ওকে কোলে নিচ্ছি ।

বলেই আলগোছে কোলে তুলে নিলো বাচ্চাটাকে । মুগ্ধতা নিয়ে বললো…..

” নাম যেনো কি রেখেছিস ?

” ইয়ানাহ্ !

” বেশ সুন্দর । দেখতে পুরো তোর মতো হয়েছে । পুরো কিউটিপাই একটা !

সায়ানের ঠোঁটে সত্যি সত্যিই হাসি ফুটেছে এবার । শাফাহ্ ওর হাসি দেখে হাঁফ ছাড়ে ।

এতক্ষণে ওয়াশ রুম থেকে বেরোলেন শাহিনা কাবির । প্রথমেই শাফাহ্’র পাশে সায়ান কে দেখে চোখ জোড়া আঁতকে উঠলো তার ।

পা বাড়াতে গিয়ে পরক্ষণেই নজর পড়লো কেবিনের দরজার দিকে । সটান মানব নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে সেথায় । শাহিনা কাবির চোখ সরু করেন । ডেকে ওঠেন….

” ইয়াশ, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেনো ?

ধক্ করে ওঠে শাফাহ্ । ছলকে তাকায় দরজার দিকে । সায়ান ও ঘাড় ঘুরিয়ে তাকালো সাবলীল ভঙ্গিতে । ইয়াশ নড়েচড়ে দৃষ্টিতে পলক ফেলে । অতঃপর ভেতরে পা বাড়াতে বাড়াতে মুখ খোলে কিছুটা ভার গলায়……

” ভেতরেই আসছিলাম ।

যুবক উদ্বেগ হীনা গিয়ে দাঁড়ালো বেডের পাশে ।

প্রখর নেত্রে সায়ান কে পরখ করলো সেকেন্ড কয়েক । অতঃপর একই চোখে শাফাহ্ কে দেখলো । তৃতীয় পলকে তাকালো নিজের মেয়ের দিকে । যে এখন সায়ানের কোলে । পিটপিট করে চেয়ে রয়েছে ।

ইয়াশ কিছু বললো না আগ বাড়িয়ে । শাফাহ্ ঢোক গেলে । শাহিনা কাবির শুধোন এগোতে এগোতে…..

” কখন এসেছো সায়ান ?

” একটু আগেই !

ইয়ানাহ্ কাঁদছে না আর । ইয়াশের উপস্থিতিতে অনেকটা অপ্রস্তুত হলো সায়ান ।

যুবকের দিকে তাকালো । চোখাচোখি হলো অপ্রত্যাশিত ভাবে । নিজেই আগ বাড়িয়ে ইয়াশের উদ্দেশ্যে কথা তুললো সায়ান…..

” বেবির খিদে পেয়েছে হয়তো । ওকে খাওয়ানোর ব্যবস্থা করুন । আমি যাই এবার !

শাহিনা কাবির কোলে নিলেন বাচ্চাকে । ফের রমনীর দিকে ফেরে যুবক । মিষ্টি হেসে বলে…..

” আজ আসি কিউটিপাই,, নিজের খেয়াল রাখবি ।

আর প্রত্যুত্তর শুনলো না সে ।

হনহনিয়ে পা চালালো দরজার দিকে । শাফাহ্ দৃষ্টি সরালো না । রইলো চেয়ে সজল চোখে ।

যুবক দরজার কাছে গিয়ে একবার থামে । ফিরে তাকাতেই চোখাচোখি হয় রমনীর সাথে । হাসে অপ্রস্তুত । মাথা নাড়িয়ে ইশারায় বিদায় নেয় আরেকবার ।

শাফাহ্ চোখ বুজলো সে চলে যেতেই । মুখ গোল করে ভারাক্রান্ত শ্বাস ফেললো । চোখ তুললো ইয়াশের দিকে । অমনি চোখাচোখি হয় এর সাথেও । তপ্ত যুবকের দৃষ্টি সূচালো । শাফাহ্ অধর চুবিয়ে বলে নিচু গলায়…..

” কোথায় গেছিলেন, মেঘার ভাইয়া ?

” বাইরে !

,,,,,,

মাঝে কেটেছে দিন ছয়েক । আজ হসপিটাল থেকে ছুটি দেওয়া হয়েছে শাফাহ্ কে । কাবির ম্যানশনে নেমেছে খুশির জোয়ার । গোটা পরিবার একসাথে এখন ।

নতুন সদস্যদের আগমনে হুল্লোড় পড়েছে সবার মাঝে । হসপিটাল থেকে ফিরতে ফিরতে বেজেছিলো বিকেল চারটে । সেই চারটা থেকে ছয়টা অবধি গোটা বাড়ি শোরগোলে মেতে ছিলো । এখন কমেছে কিছুটা । শাফাহ্ কে তার বাচ্চা সহ বিশ্রাম নিতে দেওয়া হয়েছে ।

কিচেনে চলছে রাতের খাবারের আয়োজন । সেখানে ব্যাস্ত বাড়ির বউরা ।

কেউ কেউ ড্রইং রুমে ।

এদিকে নিজের ছেলে মেয়েকে নিয়ে চার দেয়ালের মাঝে মত্ত হয়েছে রৌদ্র । ইবাদ খেলছে একপাশে ।

আর রোশ্ লক্ষি বাচ্চার ন্যায় বসে আছে বাপের সামনে । মেয়েকে মুখোমুখি বসিয়ে সখ আহ্লাদে নিজ হাতে সাজিয়ে দিচ্ছে রৌদ্র । বাচ্চাটার চুল সবে কাঁধ ছুঁই ছুঁই । রৌদ্র সেই চুলে দুটো ঝুটি করে রিবন বো হেয়ার টাই বেঁধে দিয়েছে । বেশ পুতুল পুতুল দেখাচ্ছে মেয়েটাকে । এমনিতেই রোশ্ পুতুলের থেকে কম কিছু নয় । পুরো মিষ্টি একটা পরী বাচ্চা । আদুরে হয়েছে মায়ের মতোই ।

বেপরোয়া যুবক এখন তার মেয়ের পা কোলে নিয়ে নখে ওয়াটার-বেসড নেলপলিশ লাগিয়ে দিচ্ছে । নন-টক্সিক, ক্ষতি হবে না । হাতের নখে লাগিয়ে দিয়েছে একটু আগেই । রোশ্ দুহাত আলগা করে উপরে তুলে রেখেছে বাপের কথায় । বাচ্চাটা এসব রংচঙ দেখছে অবাক লোচনে । নেলপলিশ লাগানো শেষ হতেই রৌদ্র শ্বাস ফেললো । রাজকার্য শেষ হলো যেনো । সে মেয়েকে শুধালো আদুরে গলায়…..

” প্রিন্সেস,, লেটস সি, সুন্দর লাগছে না ?

রোশ্ মাথা ঝাঁকায় আহ্লাদে । দু’হাত – পায়ের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রং ইশারা করে গদগদ হয়ে ডেকে জানতে চায়….

” আঙ্কেন,, এতা কি ?

রৌদ্রের উল্লাসিত মুখখানি আহত হয়ে এলো সহসা । মেয়েকে টেনে কোলে বসালো সে । বললো মাথায় হাত বুলিয়ে….

” না মা,,, আমি পাপ্পা হই তো ! আঙ্কেল বলে না সোনা । কবে ডাকবে পাপ্পা বলে ?

” পাপ্পা ?

” ইয়েস প্রিন্সেস ! আ’ম ইউর পাপ্পা !

রোশ্ চেয়ে রয় । উশখুশ করে হাসে পরক্ষণে । ডাকে না তবুও । উঁচু হয়ে চুমু খায় রৌদ্রের গালে । অতঃপর গলা পেঁচিয়ে বাপের চওড়া কাঁধে মাথা নামিয়ে রাখে । বিড়বিড় করে কিছু একটা । শুনতে পায় না রৌদ্র ।

মেয়ের থেকে আদর পেয়ে তবুও হাসে এক পশলা । ইবাদ একলা খেলতে খেলতে হয়রান । আর ভালো লাগছে না এসব । এক জিনিস বেশিক্ষণ ভালো লাগে না সেই ছেলের ! বিরক্ত হয়ে দুটো খেলনা মেঝেতে ছুড়ে ফেললো রাগ দেখিয়ে । মুখ, গাল ফুলিয়ে খিটখিটে নজরে তাকালো রৌদ্রের দিকে । বোনকে এই লোকের কোলে দেখে ছোট্ট মেজাজ চটে গেলো দ্বিগুণ । ফোঁস করে উঠলো…..

” ব্যাদ ম্যান,, ইটস্ মাই সিস…

রৌদ্র হেসে ফেলে তাৎক্ষণিক । রোশ্ কে বাপের কোলে দেখা মাত্রই এ কথা বলতে ভোলে না এই পিচ্চি । আর না মেঘাকে রৌদ্রের সাথে দেখলে এই একই কথা বলতে ভোলে ! সে বারবার মনে করিয়ে দেয়, মেঘা কেবল তার মাম্মা । রৌদ্রের তো কিছুই নয় । কিছু হলেও তার সমীকরণ বোঝে না এই বাচ্চা ।

রৌদ্র মেয়েকে আরো নিবিড় ভাবে জড়িয়ে ধরে ওর কথায় । বলে ছেলের সাথে জেদ ধরে….

” অর ইটস্ মাই প্রিন্সেস !

ইবাদ বরাবরই বড্ড অধীর । নিজের জিনিসে কারোর বাড়াবাড়ি মোটেও সহ্য হয়না । আর এই লোকটা ওর জিনিসেই হস্তক্ষেপ করতে আসে সবসময় ।

ঠোঁট ফুলিয়ে বিছানার উঠে দাঁড়ায় ইবাদ । তেড়ে গিয়ে রোশের হাত টেনে ধরে….

” আমাল সিস কে চালো !

” উঁহু, ছাড়বো না ! কি করবে করো ।

” মাম্মাআআআ…..

এই বিশাল দেহি বাপকে বাধ্য করতে না পেরে তীব্র চিৎকার দিয়ে উঠলো ইবাদ ।

ভ্যাবাচ্যাকা খেয়ে যায় রৌদ্র । এক্ষুনি গোটা বাড়ির সবাই হাজির হলো বলে । সে তড়িঘড়ি করে মেয়েকে আলগা করে ছেলেকে টেনে নেয় নিজের কাছে । মুখ চেপে ধরে ওর । ফিসফিসিয়ে বলে……

” চেঁচিও না বাপ । ছেড়েছি তোমার বোনকে !

ইবাদ ঝটকা মেরে সরিয়ে দেয় ওকে । রোশ্ কে ঠেলে সরায় অনেক দূরে । অতঃপর রৌদ্রের দিকে ফিরে মুখ বাঁকিয়ে ভেংচি কেটে জিজ্ঞাসা করে রাগী রাগী গলায়….

” ব্যাদ ম্যান, তুমি কে ?

” তোমার বাপ !

দীর্ঘ শ্বাস ফেলে সংক্ষিপ্ত জবাব দেয় রৌদ্র । ইবাদ ভ্রু গুটিয়ে নেয় । বাপের কোল থেকে রোশ্ কে সরিয়েছে । এবার নিজে জায়গা করে নিলো । আরো গেড়ে বসলো কোল বরাবর । চোখে চোখ রেখে আবার বললো নির্বোধের ন্যায়….

” বাপ কে ?

” আমি !

” আমি কে ?

” তুমি তো ইবাদ !

” ইবাদ কে ?

নির্বোধ ছেলের খাম খেয়ালি প্রশ্নে বিরক্তি হীন হাঁফ ছেড়ে উত্তর করে যুবক….

” আমার বদমাইশ ছেলে !

” বড…বডমাইছ কে ?

” তুমি ?

” তুমি কে ?

” আমি তো তোমার বাপ ।

” তোমাল বাপ কে ?

ঘুরে ফিরে এক প্রশ্নে ঠোঁট কামড়ে নেয় রৌদ্র । ফিচেল মুখে চাপা স্বরে বলে….

” তোমার দাদু !

” দাদু কে ?

শব্দ করে হাসে রৌদ্র । এই ছেলের সাথে পারা মুশকিল । সে বিছানা থেকে নেমে এক বাহুতে ছেলেকে আবদ্ধ করে । অন্য হাতে লক্ষি মেয়েটাকে সামলে কোলে নেয় । দুটোকে নিয়ে বেরিয়ে আসে ড্রইং রুমে । তোফায়েল কাবির, তৌসিফ কাবির আর আদ্র বসে ছিলো সেথায় । রৌদ্র এসেই তোফায়েল কাবিরের কোলে ইবাদ কে নামিয়ে দিলো আলগোছে । ইশারা করে বললো….

” এটাই তোমার দাদু !

বুঝলেন না তোফায়েল কাবির । রৌদ্র ছেলেকে তার দাদুর কোলে তুলে দিয়ে মেয়েকে নিয়ে ধপ করে বসলো পাশের সোফায় ।

ইবাদের দিকে তাকালেন ভদ্রলোক । নাতির গাল টিপে আদর করে বললেন…..

” কি হয়েছে দাদু ভাই ?

ইবাদ বাচ্চা সুলভে ঘন পলক ঝাপটায় । একই প্রশ্ন করে আবার….

” তুমি কে ?

রৌদ্র ফিক করে হাসে পরের ঘটনা ধারনা করে । তোফায়েল কাবির বলেন ঠান্ডা গলায়….

” আমি তো তোমার দাদু ভাই !

” দাদু ভাই কে ?

” আমি !

” আমি কে ?

” তুমি আমাদের ইবাদ সোনা !

” সোনা কে ?

” উমম, তুমি !

” তুমি কে ?

ঘোর প্যাঁচে এবারে ভ্যাবাচ্যাকা খেলেন তোফায়েল কাবির । পাশ ফিরে চাওয়া মাত্রই, এতক্ষণে রৌদ্রের ঠোঁট চেপে হাসির হেতু বুঝতে পারলেন তিনি । ইবাদ কে বাপের ঘাড়ে গছিয়ে সেই বেপরোয়া ছেলে এখন নিজের মেয়ের সাথে খুনসুটি করতে ব্যস্ত । এপাশের অবস্থা বুঝে হাসছে মিটিমিটি । ফোঁস করে শ্বাস ফেললেন ভদ্রলোক । বললেন…..

” আমি ? আমি তোমার দাদিমার জামাই !

” দাদিমা কে ?

তোফায়েল কাবির হাঁক ছাড়লেন…..

” আদ্র, ইবাদকে ওর দাদিমার কাছে নিয়ে যাও তো ।

আদ্র ফিক করে হাসে । হাসি গিলে ডাকে গলা বাড়িয়ে….

” আম্মু,,, তোমার নাতি খুঁজছে তোমায় ! এসে নিয়ে যাও ওকে ।

বেশ আহ্লাদী হয়ে ছুট্টে আসলেন রুবিনা কাবির । ইবাদ কে কোলে নিয়ে মুখ ভরে চুমু খেলেন । গদগদ হয়ে নাতিকে নিয়ে নিজের ঘরের দিকে এগোলেন ভদ্রমহিলা ।

পিঠ পিছে বিড়বিড় করলেন তোফায়েল কাবির…..

” যাও যাও, সামলাও আরেক হতচ্ছাড়াকে । সারাজীবন বাপ জ্বালিয়েছে, এবার এসেছে তার ফটোকপি ।

রৌদ্রের কানে পড়তেই কপাল কুঁচকে ফেলে সে । ভেংচি কেটে তৌসিফ কাবিরের উদ্দেশ্যে ঠান্ডা গলায় বলে ওঠে যুবক…..

” বাবাই,, ড্যাড তো মমকে বিয়ের আসর থেকে তুলে এনে বিয়ে করেছিলো তাই না ?

থতমত খেলেন তোফায়েল কাবির । এই ছেলে এ কথা তুলছে কেনো হঠাৎ ? চকিতে মুখ খুললেন তিনি..

” তো ?

” তো আবার কি ? ফটোকপি ছাপানো শুরু হয়েছে তোমার থেকেই । নিজে ভালো সাজছো কেনো ? মম বলতো আমি নাকি তোমার মতো হয়েছি । বাপ বিয়ের আসর থেকে মেয়েকে তুলে এনে বিয়ে করেছে । আর ছেলে বিয়ের আসর থেকে নাগিন কে হটিয়ে তার বউকে তুলে এনে বিয়ে করেছে । সেম সেম ড্যাডিইই, বাট ডিফারেন্ট ।

” তোমার মা আর আমি দুজনেই একে অপরকে পছন্দ করতাম । তাকে জোর করে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া হচ্ছিলো । তাই ওভাবে বিয়ে করেছি আমি ।

” আর আমি আমার বউকে ভালোবাসতাম । তোমাকে কে বলেছিলো ইভারার জায়গায় ইভাকে বসাতে ? ইভা আর ইভারার মধ্যে পার্থক্য বোঝো না ?

” আমি না হয় বুঝিনি, তুমি বোঝালেই পারতে ?

” বয়েই গেছিলো আমার । বিয়ে টা বড় ব্যাপার ছিলো, সেটা যে করেই হোক করেছি ব্যস । তাও আবার তোমার বড় ছেলের আগেই করেছি । হাহহহ্, সে তো আমার থেকে তেইশ সেকেন্ডের বড় ! ছ্যাহহহহ্, লজ্জা থাকা উচিত তার ।

খোঁচা মেরে গলা ভেংচালো যুবক ।

আদ্র থতমত খায় । নড়েচড়ে বসে চোখ পাকায় । ওষ্ঠ পিষে হাসে রৌদ্র । তোফায়েল কাবির গলা ঝাড়লেন । অতীত চারন করে বড় ভাইয়ের উদ্দেশ্যে বললেন ছেলের মতো করেই….

” ছ্যাহহহহ্ ভাইয়া,, তোমার ও লজ্জা থাকা উচিত !

চোখ সরু করেন তৌসিফ কাবির । বোঝেন না কিছু । প্রশ্ন সূচক দৃষ্টিতে তাকিয়ে শুধোন…..

” আমি আবার কি করলাম ?

” তুমি আমার থেকে দুই বছরের বড়,, তবুও আমি তোমার আগে বিয়ে করেছি । আর তুমি দাঁড়িয়ে থেকে সেই বিয়ে দিয়েছো । না মানে, মনে করিয়ে দিলাম আরকি ! ছ্যাহহহহ্, লজ্জা থাকা উচিত !

হতবুদ্ধ হয়ে যান ভদ্রলোক । গোল গোল চোখে ফ্যাল ফ্যাল করে ভাইয়ের দিকে তাকিয়ে রন এই বয়সে । আদ্র নিজেও আশ্চর্য হলো বাপের এহেন রসিকতা দেখে । অবিশ্বাসে তাকিয়ে রইলো সেও । এদিকে তোফায়েল কাবিরের কথা শেষ হতেই হো হো করে হেসে ওঠে বেপরোয়া যুবক । মেয়েকে কোলে নিয়েই হাসিতে টলে পড়ে সোফায় ।

বহু কসরতে হাসি আটকে আওড়ায়….

” শুধু বিয়ে নয় ড্যাড, আমরা ওদের আগে বাপ ও হয়েছি । ছ্যাহহহহ্, লজ্জা থাকা উচিত ।

ভদ্রলোকের ঠোঁটের কোণেও মিটিমিটি হাসি ঝুলছে । হাসি আসছে পেট ফেটে । তবুও নিজেকে সংযত রেখে তিনি গলা খাঁকারি দিলেন । এদিকে ফোঁস করে শ্বাস ফেললেন তৌসিফ কাবির । মাথা নাড়িয়ে কন্ঠ নুইয়ে বিড়বিড় করলেন…..

” যেমন বাপ তেমন তার ছেলে । কেবল রৌদ্র কে দোষ দিয়ে লাভ কি ?

,,,,,,

মেয়েকে ঘুম পাড়িয়ে সবে ভালোমতো বিছানায় গা এলিয়ে দিলো শাফাহ্ । রাত এখন নয়টা । ডিনার হলো খানিক আগে । কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে । রমনী নিজের গায়ে একটা চাদর টেনে নেয় । এক দৃষ্টে চেয়ে রয় ঘুমন্ত মেয়ের পানে । মিনিটের মাথায় ওয়াশ রুম থেকে বেরিয়ে আসে ইয়াশ । ভেজা মুখ মুছতে মুছতে বিছানার দিকে এগিয়ে বলে…..

” মেডিসিন নিতে হবে তো । মনে আছে…?

শাফাহ্ ঘাড় ঘোরায় । মুচকি হেসে বলে…..

” আপনি তো আছেন মনে করিয়ে দেওয়ার জন্য ।

তপ্ত যুবক পৃষ্ঠে আর কিচ্ছুটি বলে না । বিছানার পাশে বসে এক একটা ঔষধ খুলে বাড়িয়ে দেয় শাফাহ্’র দিকে । আধশোয়া হয়ে সবগুলো গলাধঃকরণ করলো রমনী । অতঃপর পূর্ণ দৃষ্টিতে ইয়াশের শুষ্ক মুখাবয়বের দিকে তাকালো । বেশ অদ্ভুত লাগলো রমনীর নিকট । লোকটাকে কেমন অন্যরকম লাগছে ইদানিং । শাফাহ্ ঠাহর করতে পারে না কিছু । ডাকে আদুরে গলায়…..

” মেঘার ভাইয়া ?

যুবক ঔষধ গুলো আগের জায়গায় রাখতে রাখতে নরম কন্ঠে জবাব করলো….

” বলো মেঘার ননদ ।

সে কাঁধে কাঁধ মিলিয়ে বসলো রমনীর পাশে । তাৎক্ষণিক মেয়েটা আহ্লাদী হয়ে যুবকের বাহু পেঁচিয়ে ধরে । কাঁধে মাথা নামিয়ে বলে আমুদে গলায়….

” বাড়ি ফিরে যাবো কবে ?

” কেনো, ভালো লাগছে না এখানে থাকতে ?

” লাগছে তো । কিন্তু এতো সবার মাঝে আপনাকে আমার করে পুরোপুরি পাচ্ছি না । তার উপর মেয়েকে পেয়ে আপনি ধীরে ধীরে ভুলে যাচ্ছেন আমাকে ।

মৃদু শব্দ তুলে হাসে যুবক । রমনীর মাথায় ঠোঁট বসিয়ে পেছন দিকে হেলান দেয় ‌। ডান হাতে মেয়েটার কাঁধ পেঁচিয়ে বুক চিরে শ্বাস ফেলে তিক্ত । দীর্ঘ শ্বাসে ডাকে কেমন অদ্ভুত স্বরে…..

” টুকটুকি ?

” হু !

” ইউ লাভ মি ?

রমনী মাথা তুললো । হাসি চওড়া করে বললো ভনিতা বিহীন…..

” অফকোর্স ! আই টেরিবলি লাভ ইউ মেঘার ভাইয়া !

যুবক উচ্ছাস হীন মিহি হাসে । বাম হাতে রমনীর কপালের ধারে ছড়ানো খুচরো চুল গুলো কানের পিঠে গুঁজে দেয় । অতঃপর নিবিড় ভাবে চোখে চোখ রাখে । ভারী ইতস্তত গলায় বলে….

” জীবন কারোর জন্য থেমে থাকে না, জান । আমার জীবন ও থেমে নেই । সব ভুলে বাঁচার সঙ্গি হিসেবে তোমাকে বেছে নিয়েছি আমি । ঠিক সেভাবেই তোমার জীবন ও থেমে নেই । আমার সাথে সংসার পেতেছো তুমি । আমি কি কোনো ভাবে অসুখে রেখেছি তোমায় ? তুমি সুখি নও আমার সাথে ?

শাফাহ্ ছ্যাত করে ওঠে আকস্মিক অপ্রত্যাশিত প্রশ্নে । ঠোঁটের হাসি বিলিন হয় নিমিষেই ‌ । ভড়কে গিয়ে যুবকের টি শার্ট খামচে ধরে মেয়েটা…..

” এসব কি বলছেন, মেঘার ভাইয়া ? সুখি হবো না কেনো ?

” তুমি কাউকে ভালোবাসতে,, চাইতে তাকে । তবে আমাকে বলতে চাওনি কে সে । তোমার দ্বিধা বুঝে দু বারের বেশি কক্ষনো সে বিষয়ে কিচ্ছুটি জানতে চাইও নি আমি । চাইবো ও না কখনো । কিন্তু…..

যুবক থামলো । গলা হাঁসফাঁস করে উঠলো । রোধ পেলো কন্ঠে। শুল্ক দু ঢোক গিললো সে । মেয়েটার মুখখানি শক্ত করে আজলে ধরলো । এই কদিনের জমিয়ে রাখা উৎকণ্ঠা চেপে রাখতে পারলো না আর । আনচান করে বললো…..

” কিন্তু সায়ান ? ও…ওই ছেলেটা কে টুকটুকি ? তোমার প্রতি ওর চোখে অন্যকিছু দেখেছি আমি । কে ও ? কি চাইতো ? তোমার অমন নিথর অবস্থা দেখে ও কাঁদবে কেনো ? আমি দেখেছি ওর চোখে পানি । আর সেদিন ও তোমার হাতে চুমু খেয়েছিলো, সেটা কেনো ? পরপুরুষ তোমার হাত ধরবে কেনো ? ঠোঁট বসাবে কেনো তোমার হাতের পিঠে ? সে তো জাস্ট তোমার ভাইয়ার ফ্রেন্ড, তাই না ?

যুবকের কন্ঠ অস্পষ্ট । ভীষণ উৎকন্ঠিত সে ।

তার অস্থিরতায় চমকে ওঠে শাফাহ্ । কেঁপে ওঠে বক্ষস্থল । দৃষ্টি বৃহৎ হয় তড়িতে । সেদিন ইয়াশ দেখে নিয়েছে এসব ? মেয়েটা ভাবতে গিয়ে জমে গেলো । মুখো ভঙ্গিমা হয়ে এলো ভয়ার্ত ।

বিচলিত ইয়াশ থামে না । রমনীকে আলগোছে কাছে টানে । কপালে চুমু খেয়ে বলে……

” বলো জান,,, ও জাস্ট তোমার ভাইয়ার ফ্রেন্ড ! অ্যাম আই রাইট ?

শাফাহ্ নিস্তব্ধ । দুলে ওঠে ললিতাঙ্গ । ইয়াশ অনেক কিছু বুঝে ফেলেছে । শুনেছে সেদিনের কথোপকথন । শাফাহ্ কে এ কদিনে কিচ্ছুটি বুঝতে দেয়নি । অসুস্থ ছিলো মেয়েটা । হাসপাতালেও সেই প্রসঙ্গ তোলার মতো পরিস্থিতি ছিলো না কোনো ।

আজ পেয়েছে সুযোগ । না জানা অবধি স্বস্তি পাচ্ছে না যুবক । আঁকুপাঁকু করছে ভেতর ভেতর । এই কদিনে নিজেকে শান্ত রাখা বড্ড দায় হয়ে পড়েছিলো । আজ আর ধৈর্য রইলো না ।

সে চাতকের ন্যায় চেয়ে রয়েছে উত্তরের আশায় । রমনী ঢোক গেলে । ঠোঁট ভেজায়, ডাকে…..

” ম…মেঘার ভাইয়া !

” হ্যাঁ জান,, বলো ! কে ও ? ও তোমাকে ভালোবাস…..

বাক্য পূর্নাঙ্গ হওয়ার আগেই কন্ঠ নিভে আসে । আর পারে না যুবক । ভয় হয় তার ।

শাফাহ্ চোখের বোঝাপড়া থেকে বাঁচতে তড়িঘড়ি করে ওর প্রকান্ড বুকে লুকিয়ে গেলো । ছটফট করে দৃষ্টি আড়াল করলো । জাপটে ধরলো লোকটাকে । ইয়াশ কেবলই সন্দেহ কাটাতে চায় । যদিও সে নিশ্চিত । নিস্তেজ গলায় বাক্য পূর্ণ করে তবুও….

” ও কি তোমাকে ভালোবাসতো টুকটুকি ?

” বুঝলেন কি করে ?

মেয়েটার পাল্টা প্রশ্ন । কন্ঠ বেশ অসহায় । সাথে সে নিজেও । ইয়াশ চোখ বুজে নেয় । যা বোঝার, বোঝা হয়ে গেছে ইতোমধ্যে । যুবক শুধোয় ভঙ্গুর গলায়…..

” তার মানে সত্যিই ?

” হু !

ভারী শ্বাস ফেললো ইয়াশ….

” তুমি জানতে ?

” জানতাম !

” কবে থেকে ?

” আমার বয়স যখন সতেরো, তখন থেকে বুঝেছি !

” ও তোমাকে ভালোবাসে কবে থেকে ?

” আমার বয়স যখন পনেরো, তখন থেকে ।

হাত জোড়া আপনা আপনি মুঠিয়ে আসে যুবকের । মেয়েটার সোজাসাপ্টা উত্তরে ফালা ফালা হয়ে যায় বুক । হৃৎপিণ্ড কাঁপে তার । শুধোয়…..

” তুমি কি ওকেই ভালোবাসতে ?

” নাহ্ । ও আমাকে ভালোবাসতো, পাগলের মতো ভালোবাসতো । বিয়ে হওয়ার কথা ছিলো আমাদের । আপনি আমাকে ওভাবে বিয়ে না করলে আমি বীনা দ্বিধায় ওর হয়ে যেতাম ।

সত্য কথার চোটে অদ্ভুত যাতনায় বুক চিরে যায় ইয়াশের । চোখ হয়ে আসে ঝাপসা । শাফাহ্ কে বুক থেকে আলগা করতে চায় ।‌ পারে না, রমনী আরো শক্ত করে জড়িয়ে ধরে ওকে । শুধোয় যুবক…..

” তা..তার মানে সবাই জানতো ?

” জানতো ! খুব ভালো করেই জানতো ! সে আমাকে অসম্ভব রকম ভালোবেসেছিল । তার এই অব্যক্ত অনুরাগের জারি আমি ব্যাতীত গোটা দুনিয়ার সামনে উজাড় করেছিলো সে । কেবল আমাকেই জানায়নি । আর শেষমেষ, নিয়তির অমোঘ বিধানে আমি তার হইনি । কিন্তু সেই পাগলটা তবুও আমাকে ভালোবাসতে ভোলেনি । জানেন,, আমি ওর হইনি বলে ও এখনো বিয়েও করেনি ।

বলেই বোধহয় হাসলো রমনী । কেমন হাসি কে জানে ? কেবলই হাসির ঝিরিঝিরি শব্দ কানে পেলো তপ্ত যুবক । আশ্চর্যে মূক বনলো সে । পেটানো শরীরটা হয়ে এলো পাথরের ন্যায় নিরেট ।

চোখ ভিজে পানি গড়ালো গাল বেয়ে । সে বললো…..

” এসব আমাকে আগে বলো নি কেনো ? যেদিন তোমায় বিয়ে করলাম, সেদিন বললে না কেনো আমায় এতোকিছু ?

” কি বলতাম ?

” সায়ান তোমাকে এতোটা ভালোবাসে, সে কথা আমায় বলা উচিত ছিলো তোমার ।

” বললে কি করতেন ?

” করতাম না তোমায় বিয়ে ।

যুবকের প্রকান্ড বুকের মধ্যিখানেই শাফাহ্’র শরীরটা কেমন ঝাকুনি দিয়ে ওঠে । কি সাবলীল স্বীকারোক্তি এই লোকের । এই কথাটার মূল অর্থ বুঝতে পারলো না রমনী । সেপ্টে গেলো আরো বেশি । ইয়াশ বহুক্ষণ ধরেই বুকের কাছে ভেজা ভেজা কিছু অনুভব করছে । এ বেলায় আরো ভিজে এলো বুকের কাছটা । শাফাহ্ কে চেনে ইয়াশ । কেউ না জানলেও সে জানে এই বোকা মেয়েটা কেমন । এ নিজের মনঃকষ্ট কাউকে বলে না । কাঁদেও না কারোর সম্মুখে । হেসে উড়িয়ে দেয় সব । যেনো বড্ড সুখি এই মেয়ে !

ইয়াশ শুষ্ক ঢোক গেলে । এ বেলায় জোর খাটিয়ে শাফাহ্ কে টেনে সরায় বুক থেকে । মুখোমুখি হয় দুজনাই । রমনী চিবুক গলায় মিশিয়ে চোখ মুছে নেয় আবডালে । ইয়াশ অনতিবিলম্বে উঁচিয়ে ধরে তার চিবুক ।

চোখ তুলে মুচকি হাসে রমনী । বলে ভাঙ্গা গলায়…..

” বিয়ে তো হয়েই গেছে, মেঘার ভাইয়া । আমার ভাগ্যে এটাই ছিলো । আর আমি ছিলাম নসিবে বিশ্বাসী । আমি দেখতে চেয়েছিলাম কে আসে আমার জীবনে । আর সবশেষে দেখলাম, আপনি এলেন ।

মেয়েটা বড্ড কঠিন । ইয়াশ অবাক হয় । তার বোকা,‌ চঞ্চলা রমনীকে এমন দেখতে বড্ড চোখে বাঁধে । অচেনা লাগে এই কঠিন শাফাহ্ টাকে ।

সায়ানের কথা ভাবতে গেলে হু হু করে কেঁপে ওঠে যুবকের ভেতরটা । সেদিন সে সব শুনেছে । বুঝেছে প্রত্যেকটা কথার পেছনের সুপ্ত অর্থ ।

সেও তো কাউকে এক পাক্ষিক ভাবে ভালোবেসে ছিলো, সায়ানের যাতনা বুঝতে বেগ এলো না তাই । যুবক ওষ্ঠ কামড়ে নেয় ।

স্ত্রীর আধো ভেজা চোখ মুখ মুছিয়ে দেয় । বলে নিভু নিভু গলায়….

” সায়ান যে কষ্ট পেলো, তার বেলা ? আমি ওকে কষ্ট দিতে চাইনি টুকটুকি । আমি তো জানতাম না এসব ? তুমি আগে কেনো বললে না আমায় এসব ?

🛑 বেশি বেশি কমেন্ট করবেন । আর যত তাড়াতাড়ি সম্ভব ১৬k রেসপন্স পূর্ণ করবেন । মাঝে আর একটা পর্বের পর অন্তিম পর্ব আসবে । আর হ্যাঁ, আপনাদের পছন্দের চরিত্র সায়ান কে নিয়ে লেখা ই-বুক —

https://link.boitoi.com.bd/rIIFC

পড়তে পারেন । তার পূর্নতা রয়েছে । 🛑

#চলবে……..

Share On:

TAGS: ,



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 

0 Responses

Leave a Reply