#কালারব্লাইন্ড — ২৩
#সোফিয়া_সাফা
এখন রাতের সময়। রঞ্জকের ঘরে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছে আলতা। লোকটা আজ বাড়িতেই থাকবে বলেছিল। নিজের সেই কথা রেখে সন্ধ্যার পরপরই বাড়িতে ফিরে এসেছিল সে।
রাতের খাবারের টেবিলে বাড়ির সবার সঙ্গে রঞ্জকও উপস্থিত ছিল, তবে গুঞ্জন আর রঞ্জকের মাঝে কোনোপ্রকার বাক্যবিনিময় হয়নি। গুঞ্জন তবুও কয়েকবার তাকিয়েছিল ভাইয়ের দিকে, রঞ্জক তো সেটুকুও করেনি। চুপচাপ ডিনার সেরে আগেভাগেই নিজের ঘরে চলে গিয়েছিল।
আলতা জানে না, বাড়ির সবাই আদৌ ঘুমিয়েছে কি না। তবে যেহেতু রাত বারোটা বাজে, সবার তো এই সময়ে ঘুমিয়ে পড়ারই কথা। হলওয়ে ধরে হাঁটার সময় আলতা বারবার এদিক-ওদিক তাকিয়ে দেখছিল কেউ আছে কি না। সে বড্ড ভীতিতে আছে। কেউ তাকে রঞ্জকের ঘরে যেতে দেখলেই উল্টোপাল্টা ভেবে নেয়, যা সে পছন্দ করে না।
তাকে যে করেই হোক, জুবাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই ঘর থেকে বের করে আনতে হবে।
আলতা সবচেয়ে বেশি ভয়ে আছে ফারিশকে নিয়ে। ছেলেটা নৈশপ্রহরীর মতো রাতে নির্ঘাত সারাবাড়ি হেঁটে বেড়ায়। নইলে গতকাল অত রাতে কী করছিল? অবশ্য পোশাক দেখে বোঝাই যাচ্ছিল, বাইরে যাচ্ছে। কী জানি, এই বাড়িতে হয়তো ঘরে-বাইরে থাকার কোনো নিয়মকানুনই নেই। বাড়িতে একজন দায়িত্বশীল কর্ত্রীর বড্ড অভাব। অন্তত রাতের বেলা যাতে কেউ বাইরে বেরোতে না পারে, সেটা তো একজন গুরুগম্ভীর কর্ত্রীই নিশ্চিত করতে পারতেন।
আলতা দীর্ঘশ্বাস ফেলল। জানে না, কেন সে এসব নিয়ে ভাবছে। জানতেও চায় না সে। অবচেতন মস্তিষ্কে কত প্রশ্নই তো আসে, সব প্রশ্নের পেছনেই যে শক্তপোক্ত কারণ থাকবে, তা তো আর হতে পারে না। তবে আলতার শাশুড়ি বেঁচে থাকলে হয়তো সেই গুরুগম্ভীর কর্ত্রী তিনিই হতে পারতেন। নিশ্চয়ই তিনি বাড়ির বড় বউ বলে সবাই তাকে মান্যও করত। নিজের আজগুবি চিন্তাভাবনা উপেক্ষা করে আলতা হাঁটার গতি বাড়িয়ে দিল।
এদিকে রঞ্জক নিজের ঘরের ড্রয়িংরুমে বসে ল্যাপটপে কিছু প্রেজেন্টেশন চেক করছিল। তার ফুপু আরজু বেগম এই ঘরে এসেছেন প্রায় ত্রিশ মিনিট আগে। এসেই সোফায় বসে বসে তসবিহ পাঠ করছেন তিনি।
রঞ্জক আড়চোখে তার দিকে তাকিয়ে গলাটা হালকা পরিষ্কার করে বলল, “রাত তো অনেক হলো, ঘুমাবে না?”
আরজু বেগম তাকানো মাত্রই রঞ্জক ল্যাপটপে মনোযোগ দিল। আরজু বললেন, “তুই কি আমার উপস্থিতিতে বিরক্ত হচ্ছিস? হলে বল, চলে যাচ্ছি।”
“তেমন কিছু না, ফুপি। শুধু জানতে চাইছিলাম আরকি।”
“আমিও তো সেটাই জানতে চাইছি। আমি আজ তোকে ডাইনিং টেবিলে দেখব, আশা করিনি রঞ্জু। তুই কি জানতিস না, গুঞ্জন এসেছে?”
“জানতাম, ইভান জানিয়ে দিয়েছিল।”
“তারপরও কেন এলি? বাড়িতে আসা পর্যন্ত না হয় ঠিক ছিল, সবার সঙ্গে খেতে যাওয়ার কারণ কী? আমি তো নিজেই তোর খাবারটা ঘরে পাঠিয়ে দিতাম। তারপরও তোর খুব বেশি খিদে পেলে আমাকে টেক্সট করতি। তা না করে তুই টেবিলে চলে গেলি?”
রঞ্জকের আঙুল কী-বোর্ডের ওপর থেমে গেল। আরজু যোগ করলেন, “হয়তো তোর সবার সঙ্গে বসে খেতে মন চেয়েছিল। আমি বুঝতে পারি সেসব। কিন্তু তোকেও তো মনে রাখতে হবে, অতীতে তোর সঙ্গে কী কী হয়েছিল।”
রঞ্জক একবার পলক ঝাপটে ফট করে বলল, “তোমার সত্যিই মনে হয়? আমার জিএমের সঙ্গে বসে খাবার খাওয়ার ক্রেভিংস উঠেছিল? ওহ, কাম অন ফুপি! তুমি আমার সম্পর্কে এতটাও ভুল ধারণা রাখতে পারো না।”
“ধারণাটা যদি ভুলই হয়, তাহলে তুই নিজেই এক্সপ্লেইন কর। কেন তুই গুঞ্জন আছে জেনেও টেবিলে গিয়েছিলি?”
“আমি তো শুধু—” বলতে বলতেই থেমে গেল রঞ্জক। খাবার টেবিলে উপস্থিত থাকার মাধ্যমে সে শুধু আলতাকে বোঝাতে চেয়েছিল, সে বাড়িতে ফিরে এসেছে। এর বাইরে আর কোনো উদ্দেশ্য ছিল না তার। তবে কেন যেন এই কথাটা ফুপুর সামনে বলে দিতে পারল না সে। এর আগে এমন কিছু হয়নি, যা রঞ্জক তার ফুপুকে বলতে পারেনি। কিন্তু আজ হলো।
জিভের ডগা ভারী হয়ে এল তার। কথাটা কিছুতেই উগরে দেওয়া সম্ভব হলো না। কথা ঘুরিয়ে সে বলল, “আমি শুধু দেখতে চেয়েছিলাম, জিএমের জন্য রান্না করা খাবারগুলোর টেস্ট কেমন হয়েছে।”
রঞ্জক নিজেই নিজের বানানো অজুহাতে হতাশ হলো। আরজু বেগম কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর এমন ভান করলেন, যেন তিনি শুনতেই পাননি।
“তুই জানিস, গুঞ্জন সবচেয়ে বড় উপহারটি তোর বউয়ের জন্য এনেছে।”
রঞ্জকের চোখে অদ্ভুত কঠোরতা নেমে এল।
“হ্যাঁ, জানি।”
“তোর কি মনে হচ্ছে না, ও একটু বেশিই আদিখ্যেতা দেখাচ্ছে?”
রঞ্জক চোখ ফিরিয়ে তাকাল ফুপুর দিকে। আরজু ব্যাখ্যা করলেন, “ওর হবু বউয়ের সামনে তোর বউকে এত বড় উপহার দেওয়াটাকে তুই কীভাবে নিচ্ছিস?”
রঞ্জক থমকে রইল। আরজু বেগম মনে মনে অসন্তুষ্ট হলেন। তিনি আশা করেছিলেন, বারবার বউ বউ বলাতে রঞ্জক প্রতিক্রিয়া দেখাবে। কিন্তু তেমন কিছুই হলো না। উল্টো বউকে উপহার দেওয়ায় রঞ্জক যেন প্রচণ্ড রাগান্বিত হয়েছে।
আরজু বেগমের চোখেও রাগের লালিমা ফুটে উঠল। মুখ বাঁকিয়ে রঞ্জককে মনে করিয়ে দেওয়ার প্রয়াসে বললেন, “এত আদিখ্যেতা দেখানোর কারণ খুঁজে পাচ্ছিস না, তাই তো? আরে, ও খুব ভালো করেই জানে, তুই আলতাকে বউ হিসেবে মেনে নিসনি। সেই জন্যই এই আলগা দরদ দেখাচ্ছে। যদি তুই ওকে মেনে নিতি, তাহলে দেখতি, উপহার দেওয়া তো দূরের কথা, ওকে কেউ হিসেবেই ধরত না।”
রঞ্জকের ভেতরে চেতনা জাগ্রত হলো। বুঝতে পারল, তার আসল রাগটা উপহার দেওয়ার কারণে নয়, বরং বারবার আলতাকে তার বউ বলে উল্লেখ করার কারণেই হওয়ার কথা ছিল।
“তুমি এসব আমাকে বলছ কেন? কে কাকে উপহার দিল, তা জেনে আমি কী করব? আর তুমিও তো জানো, আমি ওই মেয়েটাকে মানি না। তাই বারবার ওকে আমার বউ বলে উল্লেখ করার প্রয়োজন নেই।”
আরজু বেগম দ্বিধায় পড়ে গেলেন। ঠিক বুঝে উঠতে পারলেন না, রঞ্জকের মনে কী চলছে।
“হ্যাঁ, ঠিকই বলেছিস। আমি বরং ইভানকে বলে দেব, ও যেন আলতার সঙ্গে বাকিরা কেমন ব্যবহার করছে, সেই বিষয়ে তোকে কিছুই না জানায়। কী বলিস?”
“কেন, ফুপি? ওর সঙ্গে কে কেমন ব্যবহার করছে, সেই বিষয়ে আমার অবশ্যই জানার দরকার আছে।”
এদিকে আলতা দরজা খোলা পেয়ে ভেতরে উঁকি দিতেই আরজু বেগমকে দেখে হকচকিয়ে গিয়ে দরজার পাশের দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ল। ঘটনাটা খুব দ্রুত ঘটে গেলেও আরজু বেগম তাকে দেখে ফেললেন। আলতার শাড়ির আঁচল জানান দিচ্ছিল, সে ওখানেই দাঁড়িয়ে আছে।
আরজু বেগম হঠাৎ থেমে যেতেই রঞ্জক তাকাল তার দিকে। আরজু বেগম দ্রুত দরজা থেকে দৃষ্টি সরিয়ে রঞ্জকের দিকে ফিরে বললেন, “কঙ্কাকে কি তোর বিয়ের ব্যাপারে বলে দিয়েছিস?”
আচমকা কঙ্কার প্রসঙ্গ ওঠায় হতবিহ্বল হয়ে গেল রঞ্জক। তারপরও ইগো দেখিয়ে বলল, “কী বলব ওকে? যে বিয়েটা আমি নিজেই মেনে নিইনি, সেই বিয়ের ব্যাপারে ওকে কেন বলতে যাব?”
“না বলে ভালো করেছিস। তোদের এত দিনের সম্পর্ক শুধু শুধু নষ্ট করার মানেই হয় না। তোর বউ হিসেবে তো আমার ওকেই ভালো লাগে। তোর পাশেও মানাবে খুব।”
কথাগুলো শুনে রঞ্জক বিমূঢ় হয়ে গেল। আরজু তার বাহুতে হাত বুলিয়ে বললেন, “আমি জানি, তোরা একে অপরকে খুব ভালোবাসিস। তাই বলব, একটা ধ’র্ষিতার ওপর দয়া দেখাতে গিয়ে নিজেদের ভালোবাসা বিসর্জন দিস না।”
রঞ্জকের চোখ কুঁচকে গেল, “ভালোবাসা—”
“হ্যাঁ, ভালোবাসা। ভালোবাসিস বলেই তো ওর বাবার অফিসে চাকরি নিয়েছিস, যাতে সারাটা দিন ওর কাছাকাছি থাকতে পারিস। কঙ্কাও তো তোকে ভালোবেসে ওর বাবার কাছ থেকে ছাড় পাইয়ে দেয়। তুই ইনডিপেনডেন্টলি চাকরি করতে পারিস, কাজ ফেলে রেখেও যখন খুশি পলিটিক্স সামলাতে বেরিয়ে যেতে পারিস, শুধুমাত্র ওর জন্যই তো।”
“কিন্তু ফুপি, সেগুলো—”
“হ্যাঁ, কঙ্কার সঙ্গে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়িস তুই। ঘুমও ভাঙে ওর ফোনকলে। এমন কত দিন গেছে, বাড়িতেই ফিরিসনি। সারাটা দিন তো বটেই, এমনকি রাতেও ওর সঙ্গেই ছিলি।” বলতে বলতেই আরজু বেগম লক্ষ্য করলেন, আলতার শাড়ির আঁচলটা উধাও হয়ে গেছে। যার মানে, মেয়েটা চলে গেছে।
“আরে, আরে ফুপি, কুল ডাউন। তুমি খুব ভালো করেই জানো যে—”
আরজু বেগম উঠে দাঁড়ালেন। রঞ্জকের মাথায় হাত বুলিয়ে হালকা হেসে বললেন, “হ্যাঁ, হ্যাঁ, আমি সব জানি। আর বুঝিয়ে বলতে হবে না আমাকে। আমি তো শুধু মজা করছিলাম। তুই নিজের কাজ কর, আমি যাচ্ছি।”
রঞ্জক নিজের কোনো কথাই শেষ করতে পারল না। আরজু বেগম কেমন যেন হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। রঞ্জক ফ্যালফ্যাল চোখে তার চলে যাওয়ার পথের দিকে চেয়ে রইল।
ঘণ্টাখানেক পর।
ল্যাপটপে মুখ গুঁজে কাজ করতে করতে ঘাড় ব্যথা হয়ে গেছে রঞ্জকের। এতক্ষণ কাজের প্রতি মনোযোগ থাকলেও এখন আর তা ধরে রাখা সম্ভব হচ্ছে না। মেয়েটা এখনো কেন আসছে না? ল্যাপটপ বন্ধ করে ঘরজুড়ে পায়চারি করতে লাগল রঞ্জক।
সময়ের স্রোত বয়ে চলল। রঞ্জক কখনো সোফায় বসল, কখনো ঘরের দরজার সামনে গিয়ে বাইরে উঁকি দিল, তারপর আবার পায়চারি করতে শুরু করল। এভাবেই কেটে গেল সারারাত। শেষমেশ ঘড়ির কাঁটা যখন চারটার ঘরে পৌঁছাল, তখন রঞ্জক হাল ছেড়ে দিয়ে মেনেই নিল, মেয়েটা আর আসবে না।
সোফায় শরীর এলিয়ে দিয়ে বুকের ওপর হাত দুটো গুটিয়ে মাথা পেছনে হেলিয়ে বসে রইল রঞ্জক। এভাবেই কেটে গেল রাত, সকালের আলো ফুটলো। বেডরুম থেকে ভেসে আসা জুবার কিচিরমিচির শব্দে তার কান সজাগ হলো, যদিও একফোঁটাও ঘুম হয়নি তার।
রঞ্জক বুঝতে পারল, জুবার ক্ষুধা পেয়েছে। তারপরও নিজের জায়গা থেকে নড়ল না সে। কিছুক্ষণ পর, ঘড়ির কাঁটা যখন আটটা ছুঁইছুঁই, ঠিক তখনই আলতা এসে দাঁড়াল রঞ্জকের ঘরের দরজায়। পরনে কলেজের পোশাক। চুলগুলো ভেজা না হলেও সেগুলোর স্নিগ্ধতা দেখেই বোঝা যাচ্ছে, গোসল সেরে মুখে মেকআপ লাগিয়ে একেবারে তৈরি হয়েই এসেছে সে।
চুলগুলো হয়তো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছে। ধারা তাকে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে আরও আগেই শিখিয়েছিল, কিন্তু একা একা ব্যবহার করার সাহস জুগিয়ে উঠতে পারেনি সে। গতকাল সকাল সকাল গোসল করার কারণে সবার খোলামেলা মন্তব্য শুনে আজ সাহস করে হেয়ার ড্রায়ার একাই ব্যবহার করেছে সে। গোসলের রুটিন তো আর বদলানো সম্ভব নয়, তাই আপাতত এই পন্থাই অবলম্বন করেছে।
ঘরের চৌকাঠে দাঁড়িয়ে আলতা দেখতে পেল, রঞ্জক একদৃষ্টিতে দরজার দিকেই তাকিয়ে আছে। এই সময়ে লোকটাকে এমন অবস্থায় দেখবে, তা আশা করেনি ষোড়শী। অস্বস্তিতে চুলের একপাশের বেণি ধরে দোনোমোনো করতে লাগল সে।
“ভেতরে এসো।”
রঞ্জকের গম্ভীর কণ্ঠ শুনে আলতার ঘরে ঢোকার বদলে উল্টো ঘুরে দৌড়ে পালিয়ে যেতে মন চাইল। কিন্তু সেই পথ খোলা নেই।
তাকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রঞ্জক নিজেই উঠে দাঁড়াল। আলতার দিকে দৃষ্টি স্থির রেখেই শান্ত ভঙ্গিতে হাতে গ্লাভস পরে নিল। অতঃপর ঝড়ের বেগে এগিয়ে গেল তার দিকে। কিছু বুঝে ওঠার আগেই আলতাকে টেনে এনে এক ঝটকায় দেয়ালের সঙ্গে আটকে ফেলল ত্যক্ত মানব। আকস্মিক এমন ঘটনায় আঁতকে উঠল আলতা।
“এখন আসার সময় হলো তোমার?”
রঞ্জকের প্রশ্নের জবাবে শুকনো ঢোক গিলল আলতা।
হাতের মুঠোয় থাকা কন্ট্যাক্ট লেন্সের কেসটি সামনে তুলে ধরে বলল, “হ্যাঁ, এটা পরার জন্য এসেছি।”
“তোমাকে আমি রাতে আসতে বলেছিলাম। এলে না কেন?”
রাতের কথা মনে পড়তেই গলা ধরে এল আলতার। রঞ্জক তার কপালের ওপর প্রায় ঝুঁকে পড়েছিল। যার প্রভাবে একপাশে মুখ ফিরিয়ে মিথ্যা বলে দিল আলতা।
“আমি ঘুমিয়ে পড়েছিলাম।”
রাগে হিতাহিতজ্ঞানশূন্য হয়ে পড়েছিল রঞ্জক। কিন্তু আলতার জবাব শুনে সে নিজেকে কোনোরকমে সামলে নিল। তারপরও কণ্ঠে ক্ষোভ চেপে রাখতে পারল না।
“তুমি এভাবে কীভাবে ঘুমিয়ে পড়তে পারো?”
“সেদিন আপনার ঘরের সামনে যেভাবে ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক সেভাবে।”
রঞ্জক চোখ বুজে দেয়ালে হাত ঠেকিয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইল। অতঃপর বলল, “সেদিন আমি তোমাকে অপেক্ষা করিয়েছিলাম বলে তুমিও আজ আমাকে অপেক্ষা করালে, তাই না?”
“যেখানে জুবার আমাকে প্রয়োজন, সেখানে আপনি কেন অপেক্ষা করতে যাবেন? আমি খুব ভালো করেই জানি, আমি কখনো আপনাকে অপেক্ষা করাতে পারব না।”
আলতার কবজি ধরে রেখেই রঞ্জক তার পাশে দেয়ালে পিঠ ঠেকাল। হঠাৎ খেয়াল হলো, আসলেই তো তার অপেক্ষা করার কথা ছিল না। সে কেন অপেক্ষা করবে? আলতার কাছে এমন কী আছে, যার জন্য তাকে অপেক্ষা করতে হবে? উল্টো এখন যদি বলে দেয়, মেয়েটার জন্য সে সারারাত না ঘুমিয়ে ড্রয়িংরুমে বসে ছিল, তাহলে তার কারণই বা কীভাবে ব্যাখ্যা করবে?
এরই মধ্যে আবার জুবার চেঁচামেচি শোনা গেল। আলতা পাশ ফিরে রঞ্জকের দিকে তাকাল।
“জুবা এমনভাবে চিৎকার করছে কেন? আপনি আদৌ ওকে ঠিকমতো খেতে দিচ্ছেন তো?”
রঞ্জক আলতার হাত ছেড়ে দিয়ে বেডরুমের দিকে হাঁটা ধরল।
“তোমার ছেলের আর কোনো কাজ আছে নাকি? সারাদিন খালি খাবে আর ঘুমাবে। আসছি রে, দিচ্ছি খাবার।”
রঞ্জকের কথা শুনে আলতা দুবার পলক ফেলে পিছু ডাকল, “আপনাকে কে বলেছে জুবা ছেলে?”
রঞ্জক তড়াক করে পেছন ফিরে তাকাল।
“কেউ বলেনি। যেভাবে চিল্লাচিল্লি করে, তাতেই বুঝে নিয়েছি।”
“হ্যাঁ, এটা ঠিক যে ও ছেলেদের মতো চেঁচাতে ভালোবাসে। যে কেউ ওকে ছেলে বলেই মনে করবে।”
রঞ্জকের চাউনি সরু হয়ে এল।
“আজ্ঞে না। ছেলেরা নয়, মেয়েরাই চেঁচাতে বেশি ভালোবাসে। যেমন তুমি, নিজেকেই দেখো না। দেখতে শান্তশিষ্ট হলেও তুমি কিন্তু ভীষণ ঝগড়াটে।”
আলতা শান্ত চোখে তাকিয়ে রইল রঞ্জকের দিকে। রঞ্জক ঠোঁটের কোণ সামান্য উঁচিয়ে বলল, “চেঁচামেচি করতে যে শক্তির প্রয়োজন, সেটার অভাবেই তুমি চুপ করে থাকো। এই যে, যেমন এখন আছো। জুবাও আমার ভয়ে অনেক সময় চুপচাপ থাকে। কিন্তু ওর এনার্জি দেখেই আমি ওকে ছেলে ভেবে নিয়েছি।”
বলতে বলতেই রঞ্জকের উপলব্ধি হলো, “ওয়েট আ মিনিট! তুমি কি বলতে চাইছ, জুবা ছেলে নয়?”
আলতা রঞ্জকের দিকে কয়েক পা এগিয়ে এসে বলল, “আজ্ঞে, আমি সেটাই বলতে চেয়েছি।”
রঞ্জক হতভম্ব হয়ে গেল। আলতা তাড়া দিয়ে বলল, “তাড়াতাড়ি জুবাকে খাবার দিয়ে এসে আমাকে লেন্স পরিয়ে দিন। নিচে নামতে দেরি হতে দেখলে ফারিশ ভাইয়া আমাকে খুঁজতে আমার ঘরে চলে যাবে।”
রঞ্জক ঘোর কাটিয়ে এক পা এগিয়েও আবার থমকে দাঁড়াল। পেছন ফিরে জিজ্ঞেস করল, “ফারিশ তোমার ঘরে যায়?”
আলতা নিজের চুলের বেণি আনমনে আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, “উঁহু, ভেতরে ঢোকে না। বাইরে থেকেই ডাক দেয়। তবে আমার সাড়া না পেলে ভেতরেও যেতে পারে।”
রঞ্জক মুখটা বাঁকিয়ে বেডরুমে চলে গেল। আলতা বাইরে দাঁড়িয়েই রইল। জুবাকে দেখার চেষ্টাও করল না। এখন জুবাকে দেখলে ওকে রেখে যেতে মন চাইবে না। অথচ সে জানে, রঞ্জক তাকে থাকতেও দেবে না। তার ওপর আগামী দুদিন সাপ্তাহিক ছুটি। আজ কোনোভাবেই ক্লাস মিস করা যাবে না।
আলতা দাঁড়িয়েই ছিল। কয়েক মিনিট পর রঞ্জক ফিরে এল। ঘাড় চুলকাতে চুলকাতে বলল, “তুমি একটু জুবার কাছে যাবে?”
আলতার ভ্রূদ্বয় কুঁচকে গেল। সে শুনেছে, জুবা তার নাম ধরে চিৎকার করেছে। এতক্ষণ নিজেকে অনেক কষ্টে সামলে রেখেছে সে। এখন কী না রঞ্জক নিজেই তাকে জুবার কাছে যেতে বলছে?
“কী হয়েছে জুবার? ও এত রেগে আছে কেন?”
রঞ্জক এদিক-ওদিক তাকিয়ে বলল, “তুমি গিয়ে দেখলেই বুঝতে পারবে।”
আলতা আতঙ্কিত হয়ে পড়ল। পাখিটা সত্যিই অসুস্থ হয়ে পড়েনি তো? কাঁধের ওপর ঝোলানো ব্যাগ আর হাতের লেন্সের কেসটি সোফার ওপর নামিয়ে রেখে বেডরুমের দিকে এগিয়ে গেল সে। ভেতরে ঢুকতেই পেছন থেকে দরজাটা বন্ধ করে দিল রঞ্জক। আলতা প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকে তাকাতেই রঞ্জক চোখের ইশারায় জুবার কাছে যেতে বলল।
আলতা কাছে এগিয়ে যেতেই জুবা ডানা ঝাপটে ডেকে উঠল, “আয়াল-তা! আল-তাহ্!”
আলতা ছুটে কাছে যেতেই দেখল, রঞ্জক খাবারভর্তি প্লেটটা খাঁচার বাইরেই রেখে দিয়েছে। আলতা খাঁচার দরজাটা ওপরে তুলে খাবারের প্লেটটি ভেতরে ঢোকাতে গেল। ঠিক তখনই জুবা ফুড়ুৎ করে খাঁচা থেকে বেরিয়ে এল।
রঞ্জক ঠিক এই আশঙ্কাতেই ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। তারপরও একবার জানালার দিকে তাকিয়ে নিশ্চিত হয়ে নিল, সেগুলো ঠিকমতো বন্ধ আছে কি না।
এদিকে জুবা বেরিয়ে আসতেই আলতার চোখে পড়ল, খাঁচার ভেতরে পড়ে আছে ধবধবে সাদা, ডিম্বাকৃতির একটি বস্তু। জুবা ততক্ষণে তার ঘাড়ের খাঁজে মুখ লুকিয়ে ফেলেছে। এক হাতে জুবাকে সামলে অন্য হাতে খাঁচার ভেতর থেকে বস্তুটি তুলে আনল আলতা। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল তার।
“জুবা ডিম পেড়েছে?”
আলতার প্রশ্নে রঞ্জক এগিয়ে এসে খাঁচা পরিষ্কার করতে লেগে পড়ল। বিড়বিড় করে বলল, “দেখতেই তো পাচ্ছো। তবু জিজ্ঞেস করছ কেন?”
আলতা ডিমটি হাতের তালুতে নিয়ে রঞ্জকের দিকে তাকিয়ে রইল। লোকটা কী সুন্দর করে খাঁচা পরিষ্কার করছে! অথচ সেদিন এমন ভাব করেছিল, যেন আজ অবধি কখনো জুবার খাঁচা পরিষ্কারই করেনি সে; সব সময় অন্য কাউকে দিয়ে করিয়ে এসেছে।
“আমি এখনো বিশ্বাসই করতে পারছি না, জুবা ডিম পেড়েছে।”
আলতার কথায় রঞ্জক খাঁচার ভেতরে রাখা পানির পাত্রে পানি ঢালতে ঢালতে বলল, “বিশ্বাস না করার কী আছে? তুমি তো একটু আগেই বললে, জুবা মেয়ে। এখন তো নিজেই প্রমাণ করে দিল।”
“হ্যাঁ, তা ঠিক আছে। কিন্তু ও ডিম পাড়ার মতো বড় হয়ে গেছে, এটাই বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে, এই তো সেদিন ওকে গাছের ওপর থেকে পেড়ে এনেছিলাম।”
রঞ্জকের ভ্রূ কুঁচকে এল। তারপরও আলতার দিকে না তাকিয়েই জিজ্ঞেস করল, “জুবা কি গাছে ধরেছিল নাকি? যে ওকে গাছ থেকে পেড়ে এনেছিলে?”
এমন কথা শুনে ঠোঁট চেপে হেসে ফেলল আলতা। তার মৃদু হাসির শব্দে রঞ্জকের বুকটা একবার ধ্বক করে উঠল ঠিকই, কিন্তু সে আলতার দিকে তাকাল না।
“জুবা গাছে না ধরলেও ওকে আমি গাছের কোটরে পেয়েছিলাম। এই এইটুকুনি ছিল একদম। গায়ে তখন এত ঘন সবুজ পালকও ছিল না। ভালো করে দাঁড়াতেও পারত না।”
কথাগুলো শুনতে শুনতে রঞ্জক ছোট্ট করে শ্বাস ফেলল। তারপর জিজ্ঞেস করল, “ও এই প্রথম ডিম পেড়েছে, তাই না?”
“হ্যাঁ।”
“ওর এখন খাবার খাওয়া উচিত।”
রঞ্জকের কথায় আলতা অত্যন্ত সাবধানে জুবাকে খাঁচায় ঢুকিয়ে দিল।
পাখিটা যদিও আলতার কাছ থেকে আলাদা হতে চাইছিল না, তারপরও তাকে খাঁচায় রেখে দিল আলতা। জুবাকে খাবার খেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। হাতের ডিমটির দিকে তাকিয়ে আনন্দিত কণ্ঠে বলল, “সেদিনের সেই জুবারও কী না এখন ছোট্ট একটা জুবা হবে! আমি তো আজ ভীষণ খুশি।”
কথাটা কানে যেতেই রঞ্জক ভ্রূ তুলে তাকাল আলতার দিকে।
“কী বললে?”
আলতা ডিমটা দেখিয়ে বলল, “আপনি কি বলতে পারবেন, এই ডিম ফুটে বাচ্চা বের হতে কত দিন লাগবে?”
খুকখুক করে কেশে উঠল রঞ্জক। তাকে কাশতে দেখে কপালে ভাঁজ পড়ল আলতার। ডিমটার ওপর অন্য হাত দিয়ে আড়াল করার চেষ্টা করল সে।
রঞ্জক নিজেকে সামলে নিয়ে বলল, “তোমার মনে হচ্ছে, এই ডিম ফুটে বাচ্চা বের হবে?”
“মনে না হওয়ার কী আছে? ডিম ফুটেই তো পাখিদের বাচ্চা হয়। ঝুমুর ডিম থেকেই তো কতগুলো ছোট ছোট ছানা হয়েছিল। তাহলে জুবার ডিম থেকে কেন ছানা ফুটবে না?”
“এখন আবার এই ঝুমুটা কে?”
“আমাদের মুরগি।”
“বাবা! মুরগিরও নাম রেখেছো?”
আলতা মুখ কুঁচকে তাকিয়ে রইল। কিছু বলল না। রঞ্জকই চোখ উল্টে বলল, “আর কোন কোন প্রাণীর নাম রেখেছো, কে জানে!”
“আপনাকে সেসব জানতে হবে না। শুধু বলুন, এই ডিম ফুটতে কত দিন লাগবে।”
“কোনো দিনও ফুটবে না।” সাফ জানিয়ে দিল রঞ্জক।
আলতার নাসারন্ধ্র ফুলে উঠল।
“একদম অলক্ষুণে কথা বলবেন না। ঝুমুর ডিম ফুটলে জুবারটাও ঠিকই ফুটবে। আপনি জানেন না, সেটাই বলুন।”
বলেই ডিমটা নিয়ে জুবার খাঁচায় ঢুকিয়ে দিতে উদ্যত হলো আলতা। মুহূর্তেই তার হাত ধরে ফেলল রঞ্জক।
“কী করছো তুমি?”
“আপনি এটাও জানেন না যে ডিম ফোটানোর জন্য মা পাখিকে ডিমে তা দিতে হয়?”
“বাহ! ডিম ফোটানোর পদ্ধতি সম্পর্কে বেশ অভিজ্ঞতা আছে দেখছি। তো, মিসেস অভিজ্ঞ’লতা কি জেনে-বুঝেই পাখিদের বংশবিস্তারে পুরুষ পাখির অংশগ্রহণের প্রয়োজনীয়তাকে অস্বীকার করতে চাইছে নাকি?”
আলতা বেকুব বনে গেল। ধীরে ধীরে তাকাল রঞ্জকের দিকে। রঞ্জক তাকে সামান্য দূরে সরিয়ে এনে বলল, “তোমার কি মনে হয়, প্রকৃতিতে পুরুষ পাখি একটি অপ্রয়োজনীয় স্পিসিস? বাচ্চা জন্মদানে তাদের কোনো ভূমিকাই নেই?”
এত জটিল কথা আলতার মাথায় ঠিকমতো ঢুকল না।
“কী বলতে চাইছেন আপনি?”
“এটাই বলতে চাইছি যে, জুবা গত এক মাস ধরে খাঁচাবন্দি ছিল।”
“হ্যাঁ, তো?”
“কোনো পুরুষ পাখির সংস্পর্শে যায়নি।”
আলতা একটু একটু বুঝতে শুরু করল। যা তার নিজের কাছেই অস্বস্তিকর হয়ে উঠতে লাগল।
“পুরুষ পাখির সান্নিধ্যে যায়নি তো তাতে কী হয়েছে? ডিম যখন পাড়তে পেরেছে, তখন বাচ্চা ফোটাতেও ও একাই পারবে।”
কথাটা বলতে বলতেই আলতার দৃষ্টি মেঝেতে নেমে এল।
“ডিম পাড়া আর সেই ডিম ফুটে বাচ্চা বের হওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার।”
“আলাদা কী আছে?”
রঞ্জক বলতে গিয়েও থেমে গেল। আলতার মধ্যকার আড়ষ্টতা খেয়াল হতেই বুকে হাত গুটিয়ে নিল সে। তারপর বলল, “তুমি কি সত্যিই বুঝতে পারছো না, নাকি বুঝতে পেরেও না বোঝার ভান করছো?”
আলতা ধড়ফড়িয়ে উঠল।
“কী হ্যাঁ, কী বুঝতে পারব? আপনি নিজের মনগড়া যা নয়, তাই বলছেন। আমার জুবা ডিম পেড়েছে, আর এই ডিম থেকে বাচ্চাও বের হবে। আপনি সরুন দেখি সামনে থেকে।”
আলতা যেতে উদ্যত হতেই রঞ্জক আবারও তার হাত ধরে ফেলল। কেন যেন আলতার এই বুঝতে না পারাটা তার মনকে বিচলিত করে তুলল। সে ফের আলতাকে নিজের সামনে এনে দাঁড় করাল। এক হাতে তার বাহু আলতো করে চেপে ধরে বলল,
“পাখি প্রজাতির প্রাণীদের ক্ষেত্রে ডিম পাড়াটা অনেকটা মেয়েদের পি’রিয়ড সাইকেলের মতো। যেমন, একজন মেয়ের পি’রিয়ড শুরু হওয়ার অর্থ হলো, তার শরীর প্রজননক্ষমতার একটি পর্যায়ে প্রবেশ করেছে। কিন্তু এর মানে এই নয় যে কোনো পুরুষের অংশগ্রহণ ছাড়াই সে একা একা বাচ্চা জন্ম দিতে পারবে। পাখিদের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা তেমনই।”
আলতা মন দিয়ে শুনল ঠিকই, কিন্তু আটকে গেল একটা শব্দে।
“প-পিরি-য়ড?”
“হ্যাঁ, পি’রিয়ড। মানে ঋ’তু’স্রা’বের কথা বলেছি আমি। অবশ্য পাখিদের ডিম পাড়া আর মানুষের পি’রিয়ড এক জিনিস নয়। আমি শুধু বোঝানোর সুবিধার্থে তুলনাটা দিয়েছি। আসল কথা হলো, পুরুষ পাখির সঙ্গে মিলন না হলে ডিম নিষিক্ত হবে না। আর নিষিক্ত না হলে সেই ডিম থেকে বাচ্চাও ফুটবে না।” রঞ্জক এমন শান্ত গলায় কথাগুলো বলল, যেন এটি অতি স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু আলতার কাছে এত স্বাভাবিকভাবে এই প্রসঙ্গে কথা বলাটাই যেন মাত্রাতিরিক্ত অস্বস্তিকর ঠেকল।
“আ-আমার দেরি হয়ে যাচ্ছে। আমাকে কলেজে যেতে হবে।”
রঞ্জক চেয়েছিল আরও সহজ ভাষায় আলতাকে বিষয়টা বুঝিয়ে বলতে। কিন্তু আলতার মুখের অভিব্যক্তি দেখে সে আর সেই প্রসঙ্গে বিস্তারিত বলতে গেল না।
আলতা বড় বড় পা ফেলে ড্রয়িংরুমে চলে এল। ব্যাগটা কাঁধে চাপিয়ে হাঁটা ধরতেই রঞ্জক বলল, “লেন্স পরবে না?”
আলতার মনে পড়ল, সে তো লেন্স পরতেই এসেছিল। মাথা নেড়ে ফিরে এল সে। রঞ্জক তাকে সোফায় বসিয়ে লেন্সের কেসটি হাতে তুলে নিল। আলতা তখনো হাতের ডিমটির দিকে মুখ গোমড়া করে তাকিয়ে ছিল। প্রথমে ডিমটা দেখে যতটা খুশি হয়েছিল, এখন ঠিক ততটাই মন খারাপ লাগছে তার। কী করবে এবার এই ডিমটি দিয়ে?
রঞ্জক ঠাট্টা করে বলল, “তুমি চাইলে কিন্তু ওটা দিয়ে অমলেট বানিয়ে খেতে পারো।”
আলতা চোখ রাঙিয়ে তাকাল। কিন্তু রঞ্জক এমনভাবে কথাটা বলল, যেন সে ভীষণ সিরিয়াস। আলতার ইচ্ছে করল ডিমটা রঞ্জকের মুখে ছুড়ে মারতে।
নিজের দুষ্টু ভাবনাটা দমন করে আলতা বলল, “আপনি নিজে মাছ খেতে পারবেন? যদি পারেন, তাহলে আমিও এটা খাব।”
মাছের প্রসঙ্গ উঠতেই রঞ্জক রেগে গেল।
“হাহ! আমার সঙ্গে জোড়া দিচ্ছো? আমি মাছ পালি বলে মাছ খাওয়ার কথা চিন্তাও করতে পারি না। আর তুমি তো ডিম দিয়ে বেশ তৃপ্তি করেই খেতে পারো।”
“আমি যে ডিম দিয়ে তৃপ্তি করে খাই, তা আপনি কীভাবে জানেন? খাবার টেবিলে কি আপনি আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকেন নাকি?”
“ওটা তো কথার কথা বলেছি। তুমি কি বলতে পারবে, তুমি ডিম খাও না?”
“খাই। তবে এটা খেতে পারব না। ইশ! কত আশা করেছিলাম, জুবারও ছানা হবে। কিন্তু হলো না। এ জন্যই বলে, গরিব-মিসকিনদের বেশি খুশি হতে নেই, ভাগ্যে সয় না।”
“বুঝলাম, তুমি নানী হওয়ার জন্য একটু বেশিই এক্সাইটেড। এক কাজ করি, আজই একটা পুরুষ পাখি কিনে আনি। কী বলো?” এমন কথা শুনে আলতা থমকে গেল।
পরমুহূর্তেই চমকে উঠে বলল, “একদম না!”
“কেন? তুমি না জুবার ছানাপোনা দেখতে চাও?”
“চেয়েছিলাম, কিন্তু এখন আর চাইছি না।”
“কেন? হঠাৎ কী হলো?”
আলতা ঠোঁট চেপে নিশ্চুপ রইল। তারপর প্রসঙ্গ ঘুরিয়ে বলল, “জুবার জন্য পুরুষ পাখি আনার কোনো প্রয়োজন নেই। আপনি নিজের জন্য আনতে পারেন। তারপর আমাকে আমার জুবা ফিরিয়ে দিন।”
রঞ্জকের হাত থেমে গেল। সে খুব ভালো করেই জানে, জুবাকে ফিরে পেলে আলতা আর তার ছায়াও মাড়াবে না। যা সে কোনোভাবেই হতে দিতে পারে না। আলতা তার ঘরে না এলে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠবে। যত দিন না ডিভোর্স হচ্ছে, মেয়েটাকে নিজের ইচ্ছেমতো চলতে দিতে পারে না সে। কী হবে, যদি জুবাকে ফিরে পেয়ে আলতা তাকে ডিভোর্স দিতে রাজি না হয়? ডিভোর্স হয়ে যাক, তারপরই জুবাকে ফিরিয়ে দেবে সে। থোড়াই নাকি সারাজীবন আলতার পাখিটাকে আটকে রাখার পরিকল্পনা আছে তার!
রঞ্জক আবার কাজে মনোযোগী হয়ে বিড়বিড় করল, “জুবাকে আমি এখনই দিতে প্রস্তুত নই।”
আলতার মুখটা ফ্যাকাসে হয়ে গেল। কিছু বলার আগেই রঞ্জক তার চিবুক আঁকড়ে ধরে লেন্স পরিয়ে দিতে উদ্যত হলো। এরই মধ্যে প্রশ্ন করল, “শুনলাম, জনাব গুঞ্জন মাহতাবির তোমাকে অনেক বড় একটা উপহার দিয়েছে। তা, সেই উপহারের মধ্যে কী কী ছিল?”
আলতা স্বভাবতই বাঁ হাত দিয়ে নিজের থুতনিতে চেপে বসা রঞ্জকের হাতটা খামচে ধরল। আতঙ্কিত স্বরে বলল, “আমি এখনো খুলে দেখিনি সেটা।”
“কেন দেখোনি?” এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না আলতা।
একেবারে অজান্তেই ডান হাতটা মুষ্টিবদ্ধ করে ফেলল সে। মুহূর্তেই হাতের মধ্যে থাকা ডিমটা চটকে গেল। ডিম ফাটার শব্দে রঞ্জক সরে বসল। লেন্স পরার কারণে ঝাপসা হয়ে আসা চোখে নিজের হাতের দিকে তাকিয়ে মুখটা কুঁচকে ফেলল ষোড়শী। তোষামোদ করে বলল, “সব আপনার জন্য হয়েছে।”
আলতার কথায় রঞ্জক চশমার ফ্রেমটা নাকের ওপর ঠেলে দিতে দিতে বলল, “আমি আবার কী করলাম? তুমিই তো ডিম ফোটানোর জন্য ব্যাকুল হয়ে ছিলে। নাও, ফেটে গেছে তোমার ডিম।”
“আমার ডিম?” আলতা দাঁত কিড়মিড়িয়ে শব্দ দুটো উচ্চারণ করল।
“কথার কথা বলেছি।”
বলতে বলতেই রঞ্জক আলতাকে টেনে দাঁড় করাল। তারপর টানতে টানতে ওয়াশরুমের দিকে নিয়ে যেতে লাগল। একফাঁকে আলতার কাঁধ থেকে ব্যাগটা খুলে নিজের হাতে ঝুলিয়ে নিল। ওয়াশরুমের দিকে ইশারা করে বলল, “ভাগ্য ভালো, জামায় লাগেনি। ওইদিকে ওয়াশরুম। মুখটাকে পেঁচার মতো করে না রেখে হাত ধুয়ে এসো, যাও।”
আলতা আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। আর রঞ্জক দ্রুত পায়ে ড্রয়িংরুমে ফিরে এসে আলতার ব্যাগের চেইন খুলে হাতড়াতে শুরু করল। একটু খোঁজাখুঁজি করতেই কালো রঙের একটা কার্ড হাতে উঠে এল তার। একবার ওয়াশরুমের দিকে তাকিয়ে নিজের পকেট থেকে আরেকটি কালো কার্ড বের করল। তারপর দুটো কার্ড অদলবদল করে ফেলল সে।
মনে মনেই স্বগতোক্তি করল, “হাহ! আমার দেওয়া কিছু নেবে না, তাই তো? খুব তেজ দেখিয়ে ফার্স্ট এইড বক্সটা ফিরিয়ে দিয়েছিলে। এখন দেখি, তুমি কীভাবে আমার সহযোগিতা অস্বীকার করো।”
বেশ কিছুক্ষণ পর আলতা হাত ধুয়ে জামায় মুছতে মুছতে রঞ্জকের সামনে এসে দাঁড়াল। তাকে এভাবে হাত মুছতে দেখে রঞ্জক ভ্রূ কুঁচকে বলল, “ওয়াশরুমে তোয়ালে ছিল না?”
আলতা ঠান্ডা গলায় জবাব দিল, “আপনার তোয়ালে দিয়ে হাত মুছলে ওটা আবার নোংরা হয়ে যাবে।”
রঞ্জকের দৃষ্টি সংকীর্ণ হয়ে এল। তবে সে আর কিছু বলল না। আলতা ব্যাগটা কাঁধে তুলে নিতেই রঞ্জক প্রশ্ন করল, “ফারিশ তোমাকে ম্যাথ শেখাচ্ছে নিশ্চয়ই?”
আলতা তার দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানাল।
“কী কী শিখেছ?”
আলতা একটু ইতস্তত করে বলল, “যোগ আর বিয়োগ।”
“অ্যাডিশন আর সাবট্র্যাকশন?”
আলতা কিছুটা দ্বিধা নিয়ে মাথা নাড়ল। রঞ্জক আবার প্রশ্ন করল, “মাল্টিপ্লিকেশন, ডিভিশন—সেগুলো?”
আলতা নিজের জামার একপাশ খামচে ধরে বলল, “গুণ একটু-আধটু পারি, কিন্তু ভাগ—।”
“আমি তোমাকে দুটো সংখ্যা বলব। মাল্টিপ্লাই করে কতো হয় বলো আমাকে।”
“এখনই?”
“হ্যাঁ।”
আলতা প্রথমে একটা বাহানা দেওয়ার চেষ্টা করল। “সময় নেই তো।”
“সবেমাত্র আটটা চল্লিশ বেজেছে। তোমার ক্লাস শুরু হয় দশটায়। অঙ্কটা করতে বড়জোর পাঁচ মিনিট লাগবে। তারপরও যদি করতে না চাও, তাহলে ধরে নেব, ফারিশ তোমাকে ঠিকমতো শেখাচ্ছে না। তাই তুমি সাহস পাচ্ছ না।”
কথাটা শুনে আলতা আবার সোফায় বসে খাতা আর কলম বের করল। খাতাটা হাঁটুর ওপর রেখে বলল, “বলুন, কোন দুটি সংখ্যা?”
রঞ্জক খাতাটা টেনে নিয়ে অঙ্কটা লিখে আলতার হাতে ধরিয়ে দিল। খাতায় চোখ বুলিয়ে আলতা দেখল, সেখানে লেখা—৬৯ × ৬৯ = ?
অতশত না ভেবে আলতা অঙ্কটা সমাধান করতে লেগে পড়ল। মাথা খাটিয়ে, মাঝে মাঝে কলম কামড়ে ধরে, হাতের আঙুল গুনে উত্তর বের করার চেষ্টা করতে লাগল সে। প্রায় পনেরো মিনিট ধরে কাটাকুটি করার পর অবশেষে উত্তরটা বের করতে সক্ষম হলো সে।
রঞ্জকের দিকে খাতাটা এগিয়ে দেওয়ার কথা ভাবতেই শুকনো ঢোক গিলল আলতা। তবু সময় ফুরিয়ে যাচ্ছে ভেবে সাহস করে খাতাটা এগিয়ে দিল। তখনই খেয়াল করল, লোকটা তার দিকেই তাকিয়ে আছে। আলতার সঙ্গে চোখাচোখি হতেই রঞ্জক দৃষ্টি সরিয়ে নিল।
“কই, দেখি দাও।”
রঞ্জক খাতাটা নিয়ে উত্তর দেখে খুশি হলো। মেয়েটা বেশ চালাক আছে। অঙ্ক কষার সময় যত কাটাকুটি করেছে, সবই অন্য পৃষ্ঠায় করেছে। রঞ্জকের লিখে দেওয়া পৃষ্ঠায় শুধু উত্তরটাই লিখেছে।
“উত্তরটা কি সঠিক হয়েছে?”
আলতার প্রশ্নে রঞ্জক খাতাটা ফিরিয়ে দিয়ে বলল, “হ্যাঁ। এই চার অঙ্কের সংখ্যাটা মনে রেখো। কোথাও যদি চার অঙ্কের কিছু ব্যবহার করতে বলা হয়, এই সংখ্যাটাই ব্যবহার কোরো।”
আলতা হাঁফ ছেড়ে বাঁচল। শেষের কথাগুলো শুনে একটু খটকা লাগলেও প্রশ্ন করে সময় নষ্ট করল না। উত্তরটা সঠিক হয়েছে, এটাই অনেক। ভুল হলে ফারিশের শেখানোর দক্ষতা নিয়ে প্রশ্ন উঠত, যা সে চাইছিল না। লোকটা পড়ানোর ব্যাপারে ভীষণ আত্মনিবেদিত। আর আলতাও পড়াশোনার ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠতে চায়।
চলবে…
শব্দসংখ্যা: ৪১০০
Share On:
TAGS: কালারব্লাইন্ড, সোফিয়া সাফা
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৫৫
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৬৭
-
কালারব্লাইন্ড পর্ব ১৭(ক+খ)
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব (৭৮/সমাপ্তি পর্ব)
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৬৪
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৩৮
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৪৯
-
কালারব্লাইন্ড পর্ব ১৯
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৫০
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৪৩