#কালারব্লাইন্ড — ২৪
#সোফিয়া_সাফা
গ্রিনল্যান্ড কলেজের মূল ফটকের সামনে ফারিশদের গাড়িটা এসে থামার কিছুক্ষণের মধ্যেই গাড়ির দরজা খুলে বাইরে নেমে এলো আলতা আর ফারিশ। আজও তাঁরা ভার্সিটিতে আসেনি। আলতা একাই এসেছে ফারিশের সঙ্গে। দুজন নেমে যেতেই ড্রাইভার গাড়িটা ঘুরিয়ে পার্কিং এরিয়ার দিকে চলে গেলেন।
নিজের ব্যাগটা কাঁধে তুলে চুলের বেণী দুটো আরেকবার গুছিয়ে নিল আলতা।
ফটক পেরিয়ে কলেজ চত্বরে পা রাখতেই ফারিশ বলে উঠল, “আমি তোমাকে কী বলেছিলাম, সেটা মনে আছে তো আলতা?”
চোখ তুলে সামনে থাকা মানুষটির দিকে তাকাল আলতা। ফারিশ কোন কথাটার ব্যাপারে বলছে, তা মনে করতে পারল না। তার দৃষ্টিতে মিশে থাকা প্রশ্নবোধক চিহ্নটা দেখেই ফারিশ বিরক্তিতে ফোঁস করে শ্বাস ফেলল।
“ভুলে গেলে? আমি তোমাকে ওই শায়েরী নামের মেয়েটার থেকে দূরে থাকতে বলেছিলাম।”
দৃষ্টি নামিয়ে নিল আলতা। ফারিশ কয়েক পা পিছিয়ে এসে তার পাশাপাশি হাঁটতে লাগল।
“তুমি আমার উপদেশটা ভুলে গেলে, আলতা?”
“ভুলে যাইনি ভাইয়া। আমি শুধু বুঝতে পারিনি আপনি কোন বিষয়ে বলছেন।”
আলতার হাঁটার গতির সঙ্গে তাল মিলিয়ে এগোতে লাগল ফারিশ। বলল, “ওই মেয়েটা আগ বাড়িয়ে কথা বলতে এলেও তুমি ওর সঙ্গে কথা বলবে না। ঠিক আছে?”
আলতা উপর-নিচ মাথা নাড়ল। যদিও তার কাছে এবারের উপদেশটা একটু বাড়াবাড়িই মনে হয়েছে, তবু মুখ ফুটে কিছু বলল না। কী-ই বা বলবে সে? ফারিশের কাছে এমনিতেই অনেকটা কৃতজ্ঞ সে। লোকটা ধৈর্য ধরে, সময় নিয়ে তাকে পড়াচ্ছে। শুধু পড়াশোনাই নয়, এর বাইরেও তার কী লাগবে, না লাগবে, সেসবের দিকেও খেয়াল রাখছে। সেক্ষেত্রে তার দেওয়া এই সামান্য উপদেশটুকু তো আলতার চোখ বুজেই মান্য করা উচিত।
ক্লাসে ঢোকার আগে বুক ভরে শ্বাস নিল আলতা। তারপর ভেতরে ঢুকে সবসময়ের মতোই পেছনের বেঞ্চগুলোর দিকে এগিয়ে গেল। আলতাকে দেখেই নিজের পাশের ফাঁকা জায়গাটা ব্যাগ দিয়ে মুছে সেখানে বসার ইশারা করল শায়েরী। কিন্তু আলতা যেন দেখেও দেখল না। দুই বেঞ্চ সামনে একটা ফাঁকা আসন পেয়ে সেখানেই বসে পড়ল সে।
অবশ্য আলতা বসতে না বসতেই বেঞ্চের অন্য পাশে বসে থাকা মেয়েটা দ্রুত উঠে অন্য বেঞ্চে গিয়ে বসল। এতে আলতার খারাপ লাগলেও সে কোনো প্রতিক্রিয়া দেখাল না। সে জানে, তার মেকআপ ঠিকই আছে। ক্লাসের মেয়েগুলো আসলে তাকে পছন্দ করে না, তাই এমন ব্যবহার করে। আর তাদের এই অপছন্দের পেছনে ফারিশের সঙ্গে তার সম্পর্কটাই যে অন্যতম কারণ, সেটাও সে ইদানীং একটু একটু করে বুঝতে পারছে।
ক্লাস শুরু হতে এখনো কয়েক মিনিট বাকি। সবাই যার যার বন্ধু কিংবা সহপাঠীদের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে আছে। অথচ এত ভরা ক্লাসরুমেও আলতার নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। এভাবে সবার এড়িয়ে চলাটা তার কাছে ভীষণ অস্বস্তিকর লাগে! নিজেকে স্বাভাবিক দেখানোর জন্য ব্যাগ থেকে একটা বই বের করে মেলে ধরল ষোড়শী। এমন সময় অন্য পাশ থেকে এসে নিজের ব্যাগটা রেখে আলতার পাশেই বসে পড়ল শায়েরী।
“গতকাল আসোনি কেন?” শায়েরী প্রশ্ন করল, কিন্তু আলতা কোনো উত্তর দিল না। বইয়ের পাতায় এমনভাবে চোখ আটকে রাখল, যেন এই মুহূর্তে তার কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর কিছু নেই।
শায়েরী কিছুক্ষণ তাকিয়ে রইল আলতার দিকে। অতঃপর হঠাৎ করেই তার হাত থেকে বইটা ছোঁ মেরে কেড়ে নিল। আলতা হকচকিয়ে গেল। অনিচ্ছা সত্ত্বেও তাকাতে বাধ্য হলো শায়েরীর দিকে। মেয়েটার চুলগুলো খোলা, ঠোঁটে চকচকে কিছু লাগানো। চোখে কাজল। ভ্রূ দুটোর মাঝখানে স্পষ্ট ভাঁজ পড়ে আছে। আলতা হাত বাড়িয়ে বইটা ফেরত নিতে চাইল, কিন্তু শায়েরী ফেরত দিল না।
“তুমি কি আমার সঙ্গে কথা বলবে না বলে ঠিক করেছ?”
আলতা কোনো উত্তর দিল না। নিজের সিটে সোজা হয়ে বসে পড়ল। তার মুখের ওপর নেমে এলো গাঢ় অন্ধকার। শায়েরী সরু চোখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে আলতার আরও কাছাকাছি সরে এসে বলল, “তোমার ওই খারুস কাজিনটা আমার সঙ্গেও কথা বলতে নিষেধ করে দিয়েছে, তাই না? কিন্তু আলতা, ওনার সঙ্গে আমার ভাইয়ের শত্রুতা। সেখানে আমার কী দোষ? উনি কেন আমাদের বন্ধুত্বটা নষ্ট করতে চাইছেন?”
আলতা কোনো প্রত্যুত্তর করল না। অন্য একটা বই বের করতেই সেটাও শায়েরী কেড়ে নিল। এবার আলতার ঠোঁট দুটো অভিমানে বেঁকে এলো। কেন মেয়েটা তাকে একা ছেড়ে দিচ্ছে না? এভাবে চলতে থাকলে সে জানে না আর কতক্ষণ চুপ করে থাকতে পারবে! আর এই স্যারটাই বা এখনো আসছেন না কেন?
আলতার কাছ থেকে বারবার উপেক্ষিত হতে হতে শায়েরীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে আলতার বাহু চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে প্রায় চিৎকার করেই বলে উঠল, “এই আলতা, এই! তুই আমার সঙ্গে কথা বলবি কি না বল?”
শায়েরীর আকস্মিক চিৎকারে ক্লাসের সবাই চমকে তাদের দিকে তাকাল। আলতার চোখজোড়া মুহূর্তেই টলমল করে উঠল। নিজের কণ্ঠস্বরের তীব্রতায় শায়েরী নিজেও যেন অবাক হয়ে গেল। আলতার বাহুর ওপর থেকে আলগা হয়ে এলো তার হাতের চাপ।
আলতা ঠোঁটে ঠোঁট চেপে ব্যাগটা কাঁধে তুলে উঠে দাঁড়াতেই শায়েরী তার হাত ধরে ফেলল। ক্লাসের বাকিদের দিকে একবার তাকাতেই সবাই দ্রুত দৃষ্টি সরিয়ে নিয়ে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল।
শায়েরী গলার স্বর নামিয়ে বলল, “আমি ওভাবে কথা বলতে চাইনি। আ-আমার ভুল হয়ে গেছে। আই অ্যাম সো সরি।”
আলতা মাথা নেড়ে বোঝাল, সে কিছু মনে করেনি। তবে তার হাতটা যেন শায়েরী ছেড়ে দেয়, সেই ইঙ্গিতও করল। আলতার ইশারা বুঝতে পেরে হাতটা ছেড়ে দিল শায়েরী। এরপর আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না আলতা। সোজা চলে গেল একেবারে পেছনের বেঞ্চে। আর শায়েরী নিজের আসনে ধপ করে বসে পড়ল।
কিছুক্ষণ পর স্যার ক্লাসে এলেন। শায়েরী খেয়াল করল, আলতার বই দুটো তার কাছেই রয়ে গেছে। তাই সুযোগ বুঝে উঠে গিয়ে বই দুটো আলতার কাছে ফিরিয়ে দিয়ে এলো। এবার আর কথা বলার চেষ্টা করল না সে।
দুপুরের আকাশে সূর্য তখন খাড়াভাবে কিরণ ছড়াচ্ছে। লাঞ্চ করতে ক্যাফেটেরিয়ায় এসেছে আলতা। চারপাশ ছাত্রছাত্রীদের কোলাহলে মুখর। নিজের জন্য খাবার নিতে ফুড কাউন্টারের সামনে এসে দাঁড়াল সে। কাউন্টার স্টাফ মেন্যু কার্ডটা এগিয়ে দিতেই পাতায় চোখ বোলাতে লাগল আলতা। পছন্দমতো একটি খাবার বেছে নিয়ে অর্ডারও করে দিল।
কয়েক মিনিটের মধ্যেই একজন সার্ভার খাবারভর্তি ট্রে কাউন্টারের ওপর রেখে জানাল, “এই নিন আপনার চিকেন ক্লাব স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই আর আইসড কফি। সঙ্গে মেয়োনিজ ডিপ।”
এতগুলো খাবারের নাম একসঙ্গে শুনে আলতার চেহারায় কিছুটা বিভ্রান্তি ফুটে উঠল। যদিও সে ঠিক কী কী অর্ডার করেছে, তা নিয়ে খুব একটা মাথা ঘামাল না। বরং ক্যাশিয়ারের দিকে নিজের কার্ডটা এগিয়ে দিল।
ক্যাশিয়ার কার্ডের চিপযুক্ত অংশটি পিওএস মেশিনের নির্দিষ্ট স্লটে ঢুকিয়ে লেনদেনের প্রক্রিয়া শুরু করলেন। এরপর মেশিনটা আলতার দিকে ঘুরিয়ে দিয়ে বললেন, “পিন দিন।”
আলতা মেশিনটা বেশ সাবধানে হাতে নিয়ে ফারিশের বলে দেওয়া পিন নম্বরটি প্রবেশ করাল। কিন্তু মুহূর্তেই স্ক্রিনে লাল রঙের সতর্কবার্তা ভেসে উঠল। আলতা চমকে গিয়ে মেশিনটা ক্যাশিয়ারের দিকে এগিয়ে ধরে বলল, “একটু দেখুন না, কী যেন হয়েছে।”
ক্যাশিয়ার স্ক্রিনের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করলেন, “আপনি কি পিন ভুলে গেছেন?”
আলতা ডানে-বাঁয়ে মাথা নেড়ে বলল, “আমি তো আগে যে পিন ব্যবহার করে খাবার নিয়েছিলাম, এবারও সেই পিনটাই দিয়েছি।”
“হয়তো ভুল হয়ে গেছে। আপনি আরেকবার পিনটা এন্টার করুন। আর হ্যাঁ, মনে রাখবেন, তিনবার ভুল পিন দিলে কার্ডটা লক হয়ে যেতে পারে।” শেষের কথাটা শুনে আলতার চোখ বড় বড় হয়ে গেল। অথচ পিন এন্টার করার সময় সে কোনো ভুলই করেনি। একেবারে আগের পিনটাই হুবহু দিয়েছে!
“আপনি একটা কিছু করুন না। আমি তো আগের পিনটাই দিয়েছি।”
অন্য শিক্ষার্থীদের বিল সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ায় ক্যাশিয়ার তার দিকে আর খেয়াল দেওয়ার সময় পেলেন না।
এরই মধ্যে আলতা আরও একবার ভালো করে আগের পিনটাই প্রবেশ করাল। কিন্তু এবারও স্ক্রিনে ভেসে উঠল Incorrect PIN. Try Again। হতাশায় মাথা নিচু করে কপালে হাত চেপে ধরতেই পাশে এসে দাঁড়াল শায়েরী।
“কী হয়েছে, আলতা?” শায়েরীর প্রশ্নে হকচকিয়ে উঠল আলতা।
এদিকে তাকে দেখে ক্যাশিয়ারও একবার ভালো করে আলতার দিকে তাকালেন। মুহূর্তেই তাঁ র মনে পড়ে গেল, এই মেয়েটিকেই তো ফারিশ নিজের কাজিন বলে পরিচয় করিয়ে দিয়েছিল!
অন্যদিকে নিজের সমস্যার কথা শায়েরীকে বলতে পারল না আলতা। অজান্তেই তার ভেতরটা কেমন সেন বিরক্তিতে ভরে উঠতে শুরু করল। সে জানে, শায়েরীর কোনো দোষ নেই। তবু মেয়েটার এভাবে বারবার আগ বাড়িয়ে কথা বলতে আসাটাই এপর্যায়ে তার কাছে অসহ্য লাগছে।
এরই মধ্যে ক্যাশিয়ার কিছুটা ফ্যাকাসে মুখে বলে উঠলেন, “আপনি খাবার নিয়ে যান। বিল পেমেন্ট করতে হবে না।”
আলতা আরও জড়সড় হয়ে দাঁড়াল। একদিকে শায়েরীর উদ্বিগ্ন দৃষ্টি, আরেকদিকে ক্যাশিয়ারের কথা—সবকিছু ছাপিয়ে হঠাৎ তার কানে ভেসে এলো রঞ্জকের কণ্ঠস্বর।
‘এই চার অঙ্কের সংখ্যাটা মনে রেখো। কোথাও যদি চার অঙ্কের কিছু ব্যবহার করতে বলা হয়, এই সংখ্যাটাই ব্যবহার কোরো।’
হ্যাঁ, চার অঙ্কের সংখ্যাই তো প্রয়োজন! আলতার হাতের আঙুলগুলো স্বতঃস্ফূর্তভাবেই প্যাডের ওপর ‘৪৭৬১’ সংখ্যার অঙ্ক চারটি প্রবেশ করিয়ে দিল। মুহূর্তেই যান্ত্রিক শব্দ তুলে পেমেন্ট কনফার্ম হলো। মেশিন থেকে বেরিয়ে এলো একটি ছোট্ট কাগজের রসিদ।
ঊর্ধ্বশ্বাসে কার্ডটি বের করে ট্রেটা হাতে তুলে নিল আলতা। এরপর শায়েরীকে পাশ কাটিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। শায়েরী তার চলে যাওয়ার দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর নিজের জন্য খাবার অর্ডার করতে কাউন্টারের সামনে এগিয়ে গেল।
খাবারের ট্রে নিয়ে একটা টেবিলে বসে পড়ল আলতা। ট্রেটা টেবিলের ওপর নামিয়ে রেখে লম্বা করে শ্বাস ছাড়ল সে। মাত্রই কী ঘটে গেল, কিছুতেই বুঝে উঠতে পারছে না। হাতের মুঠোয় থাকা কালো কার্ডটা চোখের সামনে তুলে ধরে ভালোভাবে পরীক্ষা করতে লাগল। তন্মধ্যে খাবার নিয়ে শায়েরী এসে অপর সারির একটা টেবিলে বসল। আলতার দিকে মুখ করে বসায় একবার তাদের চোখাচোখি হয়ে গেল। আলতা দ্রুত দৃষ্টি সরিয়ে নিয়ে আবারও কার্ডটা খুঁটিয়ে দেখতে লাগল।
ফারিশ কার্ডটা দেওয়ার পর কখনো এত ভালো করে দেখার প্রয়োজন বোধ করেনি সে। তাই কার্ডের সমস্যাটা ঠিক কোথায়, সেটাও বুঝতে পারছে না। আর রঞ্জকের দেওয়া অংকটার ওই সংখ্যা চারটা দেওয়ার পরই বা কীভাবে টাকা পরিশোধ হয়ে গেল?
কার্ডটা দেখতে দেখতে হঠাৎ হাত ফসকে নিচে পড়ে গেল সেটি। আলতা তৎক্ষণাৎ নিচু হয়ে কার্ডটা তুলতে উদ্যত হতেই বিপত্তি বাধল। টেবিলের ওপর ট্রেটা ঠিকমতো রাখা হয়নি। এর এক-তৃতীয়াংশই টেবিলের বাইরেই ছিল। আলতা বেখেয়ালে নিচু হতেই ট্রেটার সঙ্গে কপালে সজোরে ধাক্কা খেল। সঙ্গে সঙ্গে ব্যথায় মুখ কুঁচকে সেদিকে তাকানো মাত্রই খাবারের সাথে থাকা মেয়োনিজের বাটিটা ছিটকে পড়ল তার গালের ওপর।
আচমকা ঝনঝন শব্দে ক্যাফেটেরিয়ায় উপস্থিত শিক্ষার্থীদের মনোযোগ একযোগে আলতার দিকে ঘুরে গেল। আঘাতপ্রাপ্ত স্থানে হাত চেপে ধরে ব্যথায় ককিয়ে উঠল সে। শায়েরী দ্রুত ছুটে এলো তার কাছে।
“আলতা, তুমি ঠিক আছো তো? দেখি, কোথায় লেগেছে।” শায়েরীর প্রশ্নে আলতার ব্যথা যেন আরও বেড়ে গেল।
এতবার এড়িয়ে যাওয়ার পরও মেয়েটা তাকে নিয়ে ভাবছে! অথচ তার এই আন্তরিকতাই আলতার ভেতরে গড়ে তোলা প্রতিরোধের দেয়ালটাকে ক্রমশ দুর্বল করে দিচ্ছে।
নিজের ব্যথা অগ্রাহ্য করেই আলতা আবার নিচু হয়ে কার্ডটা তুলে নিল। মুঠোর মধ্যে শক্ত করে চেপে ধরল সেটি।
“ওহ হো, আলতা! দেখি, কোথায় লেগেছে তোমার।”
শায়েরী আলতাকে ধরে চেয়ারে ভালোভাবে বসিয়ে দিল। এরপর দুই হাতের তালুতে তার মুখটা আগলে ধরে কপালের দিকে তাকাল।
আলতা তার হাত সরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিল। হাতের উল্টো পিঠ দিয়ে গালের ওপর লেগে থাকা মেয়োনিজ মুছতে লাগল। শায়েরী শান্ত চোখে তাকিয়ে রইল তার দিকে। আবারও আলতাকে নিজের দিকে ফেরাতে গিয়েই হঠাৎ থমকে গেল তার দৃষ্টি। মুহূর্তেই চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল। শায়েরীর এমন চাহনি দেখে আলতা শুকনো ঢোক গিলে আবারও নিজের গাল মুছতে উদ্যত হতেই শায়েরী তার হাতটা ধরে ফেলল।
নিজের অন্য হাতে দ্রুত আলতার কানের পেছন থেকে একগোছা চুল টেনে এনে গালের ওপর ছড়িয়ে দিল সে। তারপর এক মুহূর্তও সময় নষ্ট না করে আলতার হাত ধরে টেনে দাঁড় করিয়ে বলল, “চলো, এক্ষুনি ওয়াশরুমে যেতে হবে।”
আলতা যেতে চাইল না। হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল ঠিকই, কিন্তু শায়েরী তার হাত ছাড়ল না। আলতার এমন অনিচ্ছা দেখে আশপাশের মানুষজন আরও বেশি কৌতূহলী হয়ে উঠল।
মুখের ওপর এভাবে চুল এসে পড়ায় আলতার অস্বস্তি হচ্ছিল। সুড়সুড়ি লাগায় সে হাত উঁচিয়ে চুলগুলো সরিয়ে দিতে চাইল। কিন্তু শায়েরী তাতে বাধা দিল। এরপর চারপাশে একবার চোখ বুলিয়ে আলতার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলল, “তোমার মেকআপ নষ্ট হয়ে গেছে। ছেলেমানুষি বাদ দিয়ে আমার সঙ্গে চলো।”
কথাটা শুনে আলতার হাত-পা এক লহমায় ঠান্ডা হয়ে এলো যেন। শায়েরী তাকে নিয়ে ফিমেল ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। সাদা মার্বেল পাথরে মোড়ানো ওয়াশরুমটির প্রতিটি কোণ ঝকঝকে তকতকে। একটা ফাঁকা কর্নারে এসে শায়েরী নিজেকে ধাতস্থ করে আলতার দিকে ফিরল।
আলতা ততক্ষণে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে বিমর্ষ হয়ে পড়েছে। এটা কীভাবে হলো? তার মেকআপ তো ওয়াটারপ্রুফ। রিমুভার ছাড়া সহজে তোলাও যায় না। এমন তো নয় যে সে গালের ওপর খুব জোরে ঘষাঘষি করেছে! তাহলে এমনটা হলো কীভাবে?
ভয়ে আলতার পুরো শরীর কাঁপতে লাগল। তাকে এমন ভীতসন্ত্রস্ত হয়ে পড়তে দেখে শায়েরী নিজের উদ্বেগ চেপে তার দিকে এগিয়ে এলো। আলতাকে নিজের দিকে ফিরিয়ে এনে শান্ত করার চেষ্টা করল।
“লিসেন, আলতা। ইটস ওকে। ডোন্ট প্যানিক ইয়ার। আই মিন, ধ্যাৎ! আমি বলতে চাইছি, তুমি ভয় পেয়ো না। এই দাগগুলো নিশ্চয়ই ব্রণের দাগ?” পরক্ষণেই অস্ফুটস্বরে আওড়াল, “দেখে তো মনে হচ্ছে না।”
আলতার চোখজোড়া ছলছল করে উঠল। এবার শরীরের সঙ্গে পাল্লা দিয়ে তার চোখের পাতাও কাঁপতে লাগল। শায়েরী জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে সাবধানে জিজ্ঞেস করল, “ওগুলো ব্রণের দাগ নয়, তাই না? জন্মদাগ? এগুলো নিশ্চয়ই জন্মদাগ?”
আলতা এবার চোখ তুলে তাকাল শায়েরীর দিকে। মুখে কিছু না বললেও তার অভিব্যক্তি দেখেই শায়েরীর ভেতরটা আফসোসে ভরে উঠল। প্রশ্নটা করে ফেলে যেন সে নিজেই অস্বস্তিতে পড়ে গেছে।
“বাদ দাও। তুমি এখানে ওয়েট করো। আমি কিছু একটা ব্যবস্থা করছি।” বলেই শায়েরী ঘুরে চলে যেতে উদ্যত হলো।
পরমুহূর্তেই আলতা তার হাত ধরে ফেলল। অনবরত ডানে-বাঁয়ে মাথা নেড়ে তাকে যেতে নিষেধ করল। আলতার দিশেহারা চোখের চাউনি আর ক্রমশ রক্তিম হয়ে ওঠা মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল শায়েরী। মেয়েটা এতোদিন কী না মেকআপ লাগিয়ে ছিল? বিশ্বাসই হচ্ছে না। নিজেকে সামলে আলতাকে সাহস জোগানোর চেষ্টা করল সে।
“দেখো, আলতা। মানুষের চেহারায় দাগ থাকতেই পারে। এতে এত ভয় পাওয়ার কিছু নেই। আমি জাস্ট হঠাৎ তোমার মুখের এই অবস্থা দেখে কী করব, না করব বুঝতে না পেরে তোমাকে এখানে নিয়ে এসেছি। এখন তুমি আমার সঙ্গে বাইরে চলো। বিশ্বাস করো, কেউ তোমাকে কিছু বলবে না। আর কেউ কিছু বললেও আমি প্রতিবাদ করব।”
শায়েরী তার হাত ধরে বাইরে যাওয়ার জন্য পা বাড়াতেই আলতা নিচু স্বরে বিড়বিড় করে উঠল, “আমি এই চেহারা নিয়ে বাইরে যেতে পারব না। কিছুতেই পারব না।”
আলতার অভিব্যক্তি দেখে শায়েরী আবারও দীর্ঘশ্বাস ফেলল। তাকে শান্ত করার চেষ্টা করে বলল, “আচ্ছা, তোমাকে এই অবস্থায় যেতে হবে না।”
কথাটা বলতে বলতেই শায়েরী ভাবনায় পড়ে গেল। আনমনেই বলে ফেলল, “ইশ! ব্যাগের মধ্যে বইয়ের পাশাপাশি মেকআপটাও যদি নিয়ে আসতে, তাহলে খুব ভালো হতো।”
“হ্যাঁ, আছে তো। আমার ব্যাগে মেকআপ আছে।”
কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল শায়েরী।
“তাহলে তো হয়েই গেল!” বলেই আবার পা বাড়াতে গেল সে। কিন্তু আলতা ফের তার হাত ধরে ফেলল।
এবার একটু বিরক্তই হয়ে গেল শায়েরী। আলতার দিকে ফিরে চাপা গলায় বলল, “তুই কি আমাকে বিশ্বাস করতে পারছিস না? আমি এক্ষুনি গিয়ে তোর ব্যাগটা নিয়ে ফিরে আসব। যেতে দে আমাকে।”
শায়েরীর এই কথাটা আলতার কানে তীব্র আলোড়ন তুলল। মুহূর্তেই মস্তিষ্কের গভীরে থাকা কোনো এক স্মৃতিকোষ যেন প্রতিধ্বনিত হয়ে উঠল সেই কালো রাতের বলা একটি কথা—
‘আমি যাবো আর আসবো। তুই একটু বোস এখানে, কেমন?’
মুহূর্তেই চোখ খিঁচে বন্ধ করে ফেলল আলতা। শায়েরী ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, “সরি ফর মাই অ্যাওকওয়ার্ড বিহেভিয়ার। আ-আমি আসলে তোর সঙ্গে মানে, তোমার সঙ্গে বারবার ইনফরমাল টোনে কথা বলে ফেলছি।”
আলতা নাক টেনে মাথা নেড়ে বোঝাতে চাইল, তাতে কোনো সমস্যা নেই।
“তুমি আমাকে যেতে না দিলে তোমার ব্যাগটা কীভাবে নিয়ে আসব, বলতে পারো?”
শায়েরীর যুক্তিতে আলতা ধীরে ধীরে তার হাত ছেড়ে দিল। কিন্তু শায়েরী এক পা এগোতেই আলতার মনে আবারও আশঙ্কা জেগে উঠল। সে পুনরায় শায়েরীর হাত টেনে ধরে হড়বড়িয়ে বলে উঠল, “তুমি আমাকে একা রেখে যেয়ো না। আমার খুব ভয় করছে। মনে হচ্ছে, তুমি চলে গেলেই আমার সঙ্গে খুব খারাপ কিছু হবে।”
শায়েরী কিছু বলার জন্য মুখ খুলতেই আলতা তার বাহু আঁকড়ে ধরে মাথা নিচু করে শায়েরীর কাঁধে ঠেকাল। মেয়েটাকে এমন নেতিয়ে পড়তে দেখে শায়েরী আর কিছু বলে উঠতে পারল না। সে ভাবতে লাগল, কীভাবে আলতার কাছ থেকে দূরে না গিয়েই ব্যাগটা নিয়ে আসা যায়। ঠিক তখনই মনে পড়ল, তার হাতে ফোন রয়েছে। ব্যস্ত হাতে ফোনের স্ক্রিনে কয়েকবার ট্যাপ করে নির্দিষ্ট একটি নম্বরে মেসেজ পাঠিয়ে দিল সে। কয়েক সেকেন্ডের মধ্যেই মেসেজটি সিন হলো। ওপাশ থেকে কোনো উত্তর না এলেও শায়েরীর মাথা থেকে যেন একটা বড় বোঝা নেমে গেল।
বেশ কয়েক মিনিট পর, দরজায় কড়া নাড়ার শব্দ হলো। শায়েরী দরজা খুলতে উদ্যত হতেই আলতা ভয়ে আরও সেঁধিয়ে গেল তার পেছনে। টেনে ধরল শায়েরীর শার্টের কোণা। শায়েরী দরজার নব ঘোরাতেই বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল।
“আলতার ব্যাগটা এনেছো?” শায়েরীর প্রশ্নে অজ্ঞাত ব্যক্তিটি ব্যাগটা তার দিকে এগিয়ে দিল।
এদিকে কে এসেছে, তা দেখার জন্য আলতা আনমনেই শায়েরীর পেছন থেকে উঁকি দিল। সঙ্গে সঙ্গেই শ্রেয়ানের দৃষ্টি আটকে গেল তার ওপর। শায়েরীর বাহুতে ঠেস দিয়ে থাকতে গিয়ে আলতার গালের ওপর থেকে চুলগুলো সরে গিয়েছিল। ফলে তার ডান গালের বিভৎস দাগগুলো স্পষ্ট দেখতে পেল শ্রেয়ান।
তাকে হঠাৎ এভাবে নিষ্পলক তাকিয়ে থাকতে দেখে আলতার হুঁশ ফিরল। মুহূর্তেই সে নিজেকে গুটিয়ে নিল শায়েরীর পেছনে। কিন্তু শ্রেয়ানের দৃষ্টি তার ওপরেই স্থির রইল।
“ভাইয়া, তুমি এখন যাও।”
শায়েরীর কথায় শ্রেয়ান যন্ত্রচালিতের মতো ঘুরে বেরিয়ে যেতে উদ্যত হলো।
“একমিনিট! ভাইয়া, তুমি মেয়েদের ওয়াশরুমে ঢুকে পড়লে?”
শ্রেয়ান পিছু ফিরে তাকাল।
“ভেতরে না ঢুকলে ব্যাগটা কীভাবে দিতাম?”
“তুমি কোনো একটা মেয়েকে দিয়ে ব্যাগটা পাঠিয়ে দিতে পারতে। তাছাড়া, তুমি মেয়েদের ওয়াশরুমে কীভাবে ঢুকে পড়লে? কেউ তোমাকে কিছু বলেনি?”
শ্রেয়ান শান্ত চোখে চেয়ে রইল। তার দৃষ্টি দেখে শায়েরী তিক্ত হেসে বলল, “তুমি কি সবাইকে ভয় দেখিয়েছো নাকি?”
“প্রয়োজন পড়েনি। এই কলেজের কেউ আমাকে বাধা দেওয়ার সাহস রাখে না।”
“ওই তো একই হলো! তুমি সবাইকে ভয় দেখাও। আমি ঠিকই বের করে ছাড়ব, সবাই তোমাকে এত ভয় পায় কেন।”
“এসবের পেছনে নিজের সময় নষ্ট না করে পড়ালেখায় মনোযোগ দে।”
“দিতে আর পারছি কই? সবাই আমার সঙ্গে অদ্ভুত বিহেভ করে। সব তোমার জন্য হচ্ছে। তুমি আমাকে নিজের বোন পরিচয়টা না দিলেও পারতে।”
“হোয়াট? তুই আমার বোন হয়ে খুশি নোস?”
“আমি সেটা কখন বললাম, ভাইয়া? আমি শুধু বললাম, আশপাশের সবার এই অদ্ভুত বিহেভিয়ার আমার ভালো লাগছে না।”
শ্রেয়ান আর কোনো প্রত্যুত্তর করল না। দীর্ঘ পদক্ষেপে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। এদিকে আলতার কাঁপুনি তখনো থামেনি। শ্রেয়ান তাকে এই বিভৎস অবস্থায় দেখে ফেলেছে; ভাবনাটা তার মস্তিষ্কে যেন নতুন করে ঝড় তুলল।
শায়েরী আলতাকে নিজের সামনে এনে তার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে বলল, “তাড়াতাড়ি মেকআপটা ঠিক করে নাও এবার।”
আলতা নিজের অস্বস্তি যথাসম্ভব চেপে রেখে কার্ডটা ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখল। এরপর আয়নার দিকে এগিয়ে গেল।
আজ আর তাদের লাঞ্চ করা হলো না। মেকআপ ঠিক করে দুজনেই ক্লাসে ফিরে গেল।
এখন রাতের প্রহর।
আজকের মতো পড়াশোনা শেষ হয়েছে আলতার। দীর্ঘক্ষণ একটানা বসে থাকার ফলে ঘাড়ের রগগুলো ব্যথায় টনটন করছে। ক্লান্ত শরীরটাকে একটু স্বস্তি দিতে সে ঘাড় এপাশ-ওপাশে কাত করল। তারপর ব্যাগে বইপত্র গোছাতে ব্যস্ত হয়ে পড়ল।
এমন সময় ফারিশের কণ্ঠ ভেসে এল, “তুমি শায়েরীর সঙ্গে কথা বলোনি তো?”
আলতার হাত থমকে গেল। বইটা ব্যাগের ভেতর ঢোকাতে গিয়েও থমকে রইল সে। কী বলবে এখন?
আলতা যখন উত্তরের খোঁজে ব্যস্ত, ঠিক একই সময়ে ফারিশও নিজের ভাবনায় ডুবে গেল। সে জানে, আজ আলতা ওই মেয়েটার সঙ্গে কথা বলেছে। কিন্তু কেন কথা বলেছে, সেটাই জানতে চাইছে। তার কাছে খবর পৌঁছেছে, আজও তাদের দুজনকে ক্যাফেটেরিয়ায় একসঙ্গে দেখা গেছে। খবরটা জানার পর থেকেই বিষয়টি তার মাথায় ঘুরপাক খাচ্ছিল।
“তোমার নীরবতাকে কি আমি হ্যাঁ ধরে নেব?”
আলতা এবার ঠোঁট নাড়িয়ে বলল, “আজকে আমি একটা বিপদে পড়ে গিয়েছিলাম, ভাইয়া। তাই কথা না বলে উপায় ছিল না। বিশ্বাস করুন, আমি শখ করে কথা বলতে যাইনি।”
“বিপদ? কী বিপদ?”
“আ-আমি আপনাকে বলতে পারব না।”
ফারিশ কিছুক্ষণ নিশ্চুপ রইল। আলতার মুখের দিকে তাকিয়ে তার কথাগুলো বোঝার চেষ্টা করল। তারপর ধীর কণ্ঠে বলল, “তুমি বলতে চাইছো, ও তোমাকে বিপদ থেকে উদ্ধার করেছে?”
আলতা হ্যাঁ-সূচক মাথা নাড়ল।
“আজ ও না থাকলে যে কী হতো, আমি জানি না।”
ফারিশ কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল আলতার দিকে। তার নিজের চোখেমুখে কী ভাব ফুটে উঠেছে, তা ঠিক বোঝা গেল না। আলতা মাথা নিচু করে বলল, “আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনার উপদেশটা মেনে চলতে পারিনি।”
ফারিশের মুখে হতাশার ছাপ ফুটে উঠল। সে বলল, “তোমার যেকোনো প্রয়োজনে আমাকে স্মরণ করতে পারতে, আলতা।”
আলতা চোখ তুলে চাইল। সে কি সত্যিই সব কথা ফারিশকে বলতে পারে?
চোখ দিয়েই প্রশ্নটা করল সে। ফারিশও যেন বুঝতে পারল তার অব্যক্ত প্রশ্নটা। সত্যিই তো, আলতা একটা মেয়ে। তার ওপর ফারিশের সঙ্গে জানামতে তার তেমন কোনো সম্পর্কও নেই, যার জোরে মেয়েটা নির্দ্বিধায় তাকে সব কথা বলতে পারবে। আত্মীয়তার সম্পর্ক থাকলেও, সব কথা বলার জন্য সেই সম্পর্কটা যথেষ্ট নয়।
“আমি জানি, আলতা। তুমি আমাকে সব বলতে পারবে না। কিন্তু আমি তোমার ভালোর জন্যই বলেছিলাম—”
“শায়েরী কি খুব খারাপ মেয়ে, ভাইয়া?”
আলতার প্রশ্নে ফারিশের ভ্রূ কুঁচকে গেল।
“ওই মেয়েটা খারাপ, সেটা আমি কখনো বলিনি, আলতা। ওই মেয়েকে তো আমি চিনিই না বলতে গেলে। আমি তো ওর ভাইয়ের কথা বলছিলাম।”
“তার মানে ওর ভাইটা খুব খারাপ?”
ফারিশের চোয়াল শক্ত হয়ে এল। কণ্ঠেও ফুটে উঠল চাপা বিরক্তি।
“ও আমার সবচেয়ে বড় শত্রু। আমার মনে হচ্ছে, ও ওর বোনকে কাজে লাগিয়ে তোমার মাধ্যমে আমাকে জব্দ করার পরিকল্পনা সাজিয়েছে।”
“আ-আমার মাধ্যমে কেন মনে হচ্ছে?”
“কেন মনে হবে না? প্রথম দিন যেমন তোমার সঙ্গে সেধে সেধে কথা বলতে এল, তারপর সেদিন যেভাবে ওর বোনের বন্ধুদের সঙ্গে পরিচিত হওয়ার বাহানায় তোমার সঙ্গে খাতির জমাতে গেল—”
“উনি হয়তো সত্যিই পরিচিত হতেই গিয়েছিলেন।”
ফারিশের মুখ আরও গম্ভীর হয়ে উঠল।
“যদি বলি, ও কখনোই চায় না ওর বোনের কোনো বন্ধু থাকুক, তারপরও কি তুমি বিষয়টা এত সহজভাবে নিতে পারবে?”
“ম-মানে?”
“ও নিজেও আমার মতো ভয়ে থাকে, আমি না আবার ওর বোনের মাধ্যমে ওকে জব্দ করতে চলে যাও। সেই জন্যই ও চায় না ওর বোনের কোনো বন্ধু থাকুক।”
আলতা কিছুক্ষণ ভেবে বলল, “তা না হয় বুঝলাম, ভাইয়া। কিন্তু আপনাকে জব্দ করার জন্য আমাকেই কেন? তাঁরা আপুকে নয় কেন?”
ফারিশ চমকে তাকাল আলতার দিকে।
আলতা ঢোক গিলে বলল, “না, মানে উনি তো জানেনই না আমি আপনার কেমন কাজিন হই। সেখানে তাঁরা আপু যে আপনার চাচাতো বোন, সেটা উনি জানেন। তাহলে ওনার যদি তেমন কোনো উদ্দেশ্য থাকত, উনি কি তাঁরা আপুর সঙ্গেই ভাব জমাতে চাইতেন না?”
“তুমি বলতে চাইছো, ও তোমার মাধ্যমে আমাকে জব্দ করতে চাইছে না?”
“দুঃখিত ভাইয়া, আমার তো তেমন কিছুই মনে হচ্ছে না।”
ফারিশ কিছুক্ষণ আলতার দিকে তাকিয়ে রইল। মেয়েটার যুক্তি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, তবু তার মনে জমে থাকা সন্দেহ কিছুতেই দ্রবীভূত হলো না।
“তাহলে তুমিই বলো, তুমি বারবার ওকে চেনো না বলার পরেও কেন ও তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করে?”
“কারণ আমি ওনাকে চিনি, ভাইয়া।”
একদম অকপটেই কথাটা বলে ফেলল আলতা।
ফারিশ ভেতরে ভেতরে অবাক হলেও মুখে তা প্রকাশ করল না। বরং স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, “তুমি সত্যিই চেনো ওকে? তাহলে তখন কেন অস্বীকার করলে?”
“আমি ওনার সঙ্গে কথা বলতে চাইছিলাম না, তাই।”
ফারিশ ভ্রূ সামান্য উঁচু করল।
“আচ্ছা? তাহলে কি এখন কথা বলতে চাইছো?”
আলতা শুধু তাকিয়ে রইল। কিছু বলল না।
তার এই নির্লিপ্ততায় ফারিশ কিছুটা ভড়কে গেল। আলতার মুখের দিকে তাকিয়ে বুঝতে চাইল, মেয়েটা আসলে কী ভাবছে।
শেষ পর্যন্ত আর চেপে রাখতে না পেরে গম্ভীর কণ্ঠে বলে দিল সে, “তুমি জানো না, আলতা, ও একটা খু নি। আজ থেকে পাঁচ বছর আগে আমাদের কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে খু ন করেছে ও। আর সেই খু নের সাক্ষী কে জানো? আমি। হ্যাঁ, আমি ওকে নিজের চোখে খুন করতে দেখেছি।”
“আপনি ওনাকে খু ন করতে দেখেছেন, ভাইয়া। কিন্তু উনি কেন খু ন করেছিলেন, সেটা কি জানার চেষ্টা করেছিলেন?”
“আলতা, তুমি—”
“হ্যাঁ, আমি জানি, ভাইয়া। ওই প্রফেসর…”
আর কিছু বলতে পারল না আলতা। এর চেয়ে বেশি কিছু সে বলতে পারবে না। যে বিষয়টা শ্রেয়ান নিজেই গোপন রাখতে চাইছে, সেটা সে প্রকাশ করে দিতে পারে না। বিশেষ করে, শ্রেয়ানের অজান্তে তার ব্যক্তিগত কোনো কথা ফারিশের কাছে প্রকাশ করা তার পক্ষে সম্ভব নয়।
“ওই প্রফেসরের সঙ্গে ওর যত শত্রুতাই থাকুক না কেন, ও কাউকে মেরে ফেলতে তো আর পারে না, আলতা। পারে কি?”
“ঠিকই বলেছেন, ভাইয়া। বেশিরভাগ লোকই পারে না। তারা শুধু পারে যার সঙ্গে অন্যায় হয়েছে, তাকেই হেনস্তা করতে। খুব কম সংখ্যক লোকই আসল অপরাধীদের মৃ ত্যুদণ্ড নিশ্চিত করতে পারে।”
আলতার কথায় ফারিশের মুখ আরও গম্ভীর হয়ে উঠল।
“আলতা, ও একজনকে মে রে ফেলেছে আর তুমি ওর পক্ষপাত করছো? তুমি একজন খু নির খু ন করাটাকে জাস্টিফাই করতে চাইছো?”
আলতা চোখ বুজে উঠে দাঁড়াল। ফারিশ অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। মেয়েটার কথাবার্তা যেন ক্রমেই তাকে বিস্মিত করছে। পরক্ষণেই তার মনে হলো, এগুলো আলতা জানল কীভাবে? শ্রেয়ানের ব্যাপারে এত কিছু সে কীভাবে জানে?
“আলতা, তোমার কথা শুনে মনে হলো, আমি বলার আগেই এসব জানো তুমি। কিন্তু সেটা কীভাবে সম্ভব?”
প্রশ্নটা শুনে আলতার স্মৃতিপটে ভেসে উঠল, কলেজে বসে শ্রেয়ান তার ব্যাগটা নিয়ে আসার পরের ঘটনাটা। সে কার্ড রাখতে গিয়ে ব্যাগের ভেতর একটি চিরকুট খেয়াল করেছিল। যা সে তখনই খুলে দেখেনি। বাড়িতে ফিরে চিরকুটটি পড়ার পরেই সে এইসব কিছু জানতে পেরেছে।
“শ্রেয়ান কি তোমাকে এসব বলেছে?”
ফারিশের প্রশ্নে আলতা অন্যদিকে তাকিয়ে বলল, “বাদ দিন, ভাইয়া। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনার জন্যই আমি পড়াশোনা করার সুযোগ পাচ্ছি। তাই আপনি যা বলবেন, আমি তাই করব। শুধু শুধু আমাকে নিয়ে আপনি শায়েরীর ভাইয়ের সঙ্গে ঝামেলা করতে যাবেন না।”
“আলতা, এটা তুমি কী বললে? আমি তোমাকে সাহায্য করছি বলেই যে তোমাকে আমার কথামতো চলতে হবে, তেমনটা নয়। আমি শুধু চাইছিলাম—”
বলতে বলতেই থেমে গেল ফারিশ। কথাটা কীভাবে বোঝাবে সে? আলতাকে নিয়ন্ত্রণ করা তার উদ্দেশ্য নয়। অথচ নিজের উদ্বেগ প্রকাশ করতে গিয়ে বারবার এমনভাবে রিয়্যাক্ট করে ফেলছে, যা মেয়েটাকেও বিড়ম্বনায় ফেলে দিচ্ছে।
“ঠিক আছে, আমি আর শায়েরীর সঙ্গে কথা বলব না। আপনার ভয়ে তো ক্লাসের কেউ এমনিতেই আমার সঙ্গে কথা বলে না। শায়েরী যা বলত, আমি সেটাও এড়িয়ে যাব। বিপদে পড়লেও আর কখনো ওর সাহায্য নেব না।”
আলতার কথাগুলো শুনে ফারিশের এবার খারাপ লাগল। মেয়েটা মন থেকে এসব বলছে না, সেটা তার রক্তিম মুখাবয়ব দেখেই বোঝা যাচ্ছে। ঠোঁটের কোণে জমে থাকা অভিমানটুকুও যেন সেটাই স্পষ্ট করছে।
আর সত্যি বলতে, ফারিশ মেয়েটার ওপর জোর খাটাতে চাইছে না। এমনিতেই এইটুকু বয়সে অনেক কিছুই সইতে হয়েছে তাকে। তার ওপর অন্য কারো সঙ্গে কথা বলার স্বাধীনতাটুকুও যদি কেড়ে নেয়, তাহলে আলতার কাছে তার সাহায্যও একসময় বোঝা হয়ে উঠবে।
“আচ্ছা, বেশ। তুমি শায়েরীর সঙ্গে কথা বলতে পারো। আমার তাতে কোনো আপত্তি নেই।”
“আপনি রাগ করে বলছেন না তো, ভাইয়া?”
ফারিশ ছোট করে শ্বাস ফেলল।
“না, তোমার ওপর রাগ করার সাধ্য নেই আমার। কিন্তু শ্রেয়ানের থেকে দূরে থেকো।”
আলতা কোনো উত্তর দিল না। তার নীরবতায় ফারিশের ভ্রূ কুঁচকে গেল।
“নিশ্চয়ই শ্রেয়ানের সঙ্গে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই, আলতা? যদি এরপরও তুমি ওকে প্রশ্রয় দাও, তাহলে কিন্তু তোমাকে সেটার পেছনের কারণ ব্যাখ্যা করতে হবে।”
আলতা ঠায় দাঁড়িয়ে রইল। হয়তো সে মনে মনে জানতে চাইছে, কেন নিজের ইচ্ছামতো যার-তার সঙ্গে কথা বলার স্বাধীনতা তার নেই?
“তোমার এখনো ডিভোর্স হয়নি, আলতা। তাই পরপুরুষের সঙ্গে কথা বলতে যাওয়ার আগে এটা অন্তত মাথায় রেখো, তুমি এখনো আমার ভাইয়ার স্ত্রী। ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত তোমাকে তার প্রতি লয়্যাল থাকতে হবে।”
এবারের এক্সকিউজটা নিজের কানেই কেমন যেন উদ্ভট শোনাল ফারিশের। সে আদৌ এমন কিছু বলতে চেয়েছিল কি? না, একদমই না। সে শুধু যেনতেন উপায়ে চাইছে না, আলতা গুডড্যাম শ্রেয়ানের সাথে কথা বলুক।
“আপনি কি আনুগত্যের কথা বলছেন? সেটা আপনার ভাইয়া আমার প্রতি আছেন তো?”
ফারিশ চমকে তাকাল।
আলতা যথেষ্ট মার্জিত গলায় বলল, “আপনি নিজেই না সেদিন বললেন, তার প্রেমিকা আছে? যার ফোন নম্বর আপনার ভাইয়ার ফোনে মাই কিউটিপাই দিয়ে সংরক্ষণ করা। যার সঙ্গে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ে সে। ঘুমও ভাঙে যার ফোনকলে। এমন কত দিন গেছে, বাড়িতেই ফেরেনি। সারাটা দিন তো বটেই, এমনকি রাতেও যার সঙ্গে সময় কাটায় সে।”
ফারিশ থতমত খেয়ে গেল।
সে কি এই কারণে আলতার সামনে সেদিন এগুলো বলেছিল? না তো! সে শুধু চেয়েছিল, আলতা যেন ডিভোর্সের জন্য নিজেকে তৈরি করতে পারে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে, আলতা ভেতরে ভেতরে প্রতিশোধপরায়ণ হয়ে উঠছে।
তাছাড়াও সে তো এতটা বাড়িয়ে-চাড়িয়ে বলেওনি। এই বাড়তি কথাগুলো কে ঢেলেছে আলতার কানে?
“তোমাকে কে বলেছে, মেজো ভাইয়া মাঝরাত অবধি তার প্রেমিকার সাথে থাকে?”
আলতার মনে পড়ে গেল গতরাতে বলা আরজু বেগমের কথাগুলো। ঠোঁটের কোণে তিক্ত হাসি ফুটিয়ে সে বলল, “আপনারা সবসময় কে বলেছে, সেটা জানতে চান কেন? যে বলেছে, বলুক। মিথ্যা তো আর বলেনি।”
ফারিশ দীর্ঘশ্বাস ফেলল।
“তুমি কি বলতে চাইছো, আমার ভাইয়া লয়্যাল নয় বলে তুমিও থাকবে না?”
“থাকলে থাকলাম, না থাকলে নেই। তাতে কার কী যায় আসে?”
ফারিশ চুপ হয়ে গেল। আলতার কথায় এমন এক উদাসীনতা ছিল, যার সামনে আর কোনো যুক্তি খুঁজে পেল না সে। অতঃপর ধীর স্বরে বলল, “আমি নিজেও তোমাকে একতরফা লয়্যাল থাকার জন্য চাপ প্রয়োগ করতে চাই না। কিন্তু তুমি এখনো আন্ডার এইজ। ভালো-খারাপ বোঝার মতো বয়স তোমার হয়নি। যদি হতো, তাহলে শ্রেয়ানের খু ন করাটাকে এত হালকাভাবে নিতে পারতে না।”
রাগে আলতার শরীর থরথর করে কাঁপতে লাগল। বুকের ভেতর জমে থাকা ক্ষোভটা যেন মুহূর্তেই গলার কাছে উঠে এল। কিন্তু ফারিশকে সে খুব সম্মান করে। তার সামনে উঁচু গলায় কথা পর্যন্ত বলতে চায় না। তাই উপচে পড়া রাগটুকু গলায় পিষে রেখে আলতা বলল, “আমি যাচ্ছি, ভাইয়া।”
ফারিশ মাথা নাড়ল।
“যাও। বইখাতা রেখে নিচে খেতে এসো।”
আলতাও প্রত্যুত্তরে মাথা নেড়ে নিজের ঘরের দিকে চলে গেল।
ডিনার শেষ করে আসতে আসতে ঘড়ির কাঁটায় দশটা বাজল। আজ খাবার টেবিলে রঞ্জক ছিল না। আলতা ধরে নিল, লোকটা বাড়িতে নেই।
কেমন যেন মনমরা লাগতে শুরু করল তার। ঘরে ফিরে টেবিলের ওপর রাখা ব্যাগটা থেকে কালো রঙের খামটা বের করল সে। খামের ভেতরে ছিল ধবধবে সাদা কাগজের একটি চিরকুট।
কাগজটা বের করে চোখের সামনে মেলে ধরল আলতা। কলেজ থেকে বাড়িতে ফিরে অগণিতবার পড়েছে সে। তারপরও মনে হচ্ছে, এই বুঝি প্রথমবার পড়তে যাচ্ছে। কাগজে লেখা শব্দগুলো আরও একবার তাকে টেনে নিল এক গভীর আবেগের গহীনে।
প্রিয় রঙ্গবতী…
যদিও এই নামটা বর্তমান তুমির সঙ্গে মানায় না। আমি জানি না, হঠাৎ করেই তোমার এমন সাদাকালো হয়ে যাওয়ার পেছনে কারণটা কী। চুলের রঙ কালো করে ফেলা অবধি ঠিক ছিল কিন্তু চোখে লেন্স পরাটা আমার কাছে অস্বাভাবিক লাগছে। তুমি ঠিক আছো তো? বারবার এই প্রশ্নটাতেই আটকে যাচ্ছি। কোনো উত্তর খুঁজে পাচ্ছি না।
আমি জানি না, ফারিশের সঙ্গে তোমার সম্পর্কটা ঠিক কী? শুধু এটুকু জানি, তুমি আমাকে ভীষণ কষ্ট দিচ্ছো। আমি এবার সত্যিই খুব কষ্ট পাচ্ছি। বারবার তুমি আমার বুকে ছুরি চালিয়ে দিচ্ছো। জানি না, এই চিঠিটা তুমি অবধি আদৌ পোঁছে দিতে পারব কী না। তারপরও শত অনিশ্চয়তার মাঝেও লিখে যাচ্ছি।
বিশ্বাস করো আমি তোমার সামনে গিয়ে তোমাকে অস্বস্তিতে ফেলতে চাই না। আবার তোমার মুখ থেকে শুনতে চাই না যে তুমি আমাকে চেনো না। এই কথাটা সত্যিই অসহনীয় লাগে। আমি যেখানে চাই, তুমি আমাকে সবচেয়ে বেশি চেনো, সেখানে তুমি আমাকে চেনো না বললে আমার দমবন্ধকর অনুভূতি হয়।
তুমি একটু চেষ্টা করো না? একটু চেষ্টা করো আমাকে চিনতে। আমি বাজি ধরে বলতে পারি, তোমার চেয়ে আমাকে আর কেউ ভালোভাবে চিনতে পারবে না। আমার প্রতি তোমার অস্বস্তির মাত্রাটা বেড়ে যাওয়ার পেছনে নিশ্চয়ই ফারিশের হাত আছে? আমার নামে ও নির্ঘাত তোমাকে অনেক উল্টোপাল্টা বলেছে? যদিও আমি তোমাকে এখনই এসব জানাতে চাইছিলাম না, কিন্তু আমি নিরুপায়। তোমাকে জানাতেই হবে।
ফারিশসহ দুনিয়ার অন্যদের চোখে আমি একটা খু নি। হ্যাঁ, তুমি ঠিকই পড়েছো। আর এটা মিথ্যেও নয়। আমি সত্যিই একজনকে খু ন করেছি। সে ছিল আমাদেরই প্রফেসর।
লোকটা সবসময় ভালোমানুষির মুখোশ পরে থাকত। কিন্তু মুখোশের আড়ালে সে ছিল আস্ত একটা নরপশু। আমাদের ক্লাসের একটা মেয়ের সঙ্গে খারাপ কাজ করে সেটার ভিডিও ধারণ করে রেখেছিল এবং সেই মেয়েকে নানাভাবে ব্ল্যাকমেইল করছিল। আমি যতদিনে ব্যাপারটা আঁচ করতে পেরেছি, ততদিনে মেয়েটা আ ত্মহ ত্যা করে ফেলে।
আর সেই ঘটনার পরপরই আমি নিজেকে সামলাতে না পেরে ওকে মারতে মারতে মেরেই ফেলি। এই ঘটনা আবার ফারিশ দেখে ফেলে। ও-ই ছিল সেই ঘটনার একমাত্র সাক্ষী। কিন্তু ও সাক্ষ্য দিয়েও আমার শাস্তি নিশ্চিত করতে পারেনি। আমার বাবার বদৌলতে কেসটা ধামাচাপা পড়ে যায়। তার ওপর আমি আবার তখন অপ্রাপ্তবয়স্কও ছিলাম।
ফারিশ পুরো কলেজে রটিয়ে দিয়েছিল, খু নটা আমিই করেছি। কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে আমি নির্দোষ প্রমাণিত হই। ফারিশসহ অন্যদের চোখে আমি একজন খু নি। তবে ওরা জানেও না, কেন খু নটা করেছিলাম আমি।
আমিও সত্যিটা বলিনি। কারণ, প্রফেসরকে মেরে ফেলার পর আমি অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে প্রতিনিয়ত হুমকি পেতে শুরু করি, সেই অজ্ঞাত ব্যক্তিটি বলে, আমি যদি প্রফেসরের চরিত্র সম্পর্কে কাউকে কিছু বলতে যাই, তাহলে তার কাছে যত মেয়ের ধারণ করা ভিডিও আছে, সেগুলো সব নাকি সে অনলাইনে ছেড়ে দেবে। আমি তা হতে দিতে পারিনি।
ভেবেছিলাম, সবকিছু সহ্য করে নেব। খু নির অপবাদ নিয়েও কাউকে কিছু বলতে যাব না। কিন্তু আমাকে দুর্বল পেয়ে কলেজের প্রত্যেকে এমনভাবে বুলি করতে শুরু করেছিল যে আমি আর সহ্য করতে পারিনি। আমার বাবার ক্ষমতা, যা আমি কখনো ব্যবহার করতে চাইনি, সেটাই ব্যবহার করে নিজের অবস্থান শক্ত করেছি। আমাকে সবাই খারাপ ভাবুক, পিঠপিছে সমালোচনা করুক। কিন্তু আমার সামনে দাঁড়িয়ে কারো কিছু বলার সাহস নেই।
ফারিশের সঙ্গে আমার শত্রুতা থাকুক, কিন্তু আমি তোমাকে সেই শত্রুতার অংশ হিসেবে দেখি না।
এখন তুমি ঠিক করবে, আমাকে কার চোখ দিয়ে দেখবে—নিজের, নাকি ফারিশের? আমি চাই, তুমি আমাকে তোমার চোখ দিয়ে দেখো। যে দৃষ্টিকোণ থেকে অন্য কেউ কখনো দেখেনি, সেই দৃষ্টিকোণ থেকে দেখো।
একইভাবে আমিও তোমাকে দেখতে চাই। দয়া করে নিজের চুলের কালো প্রলেপ সরিয়ে ফেলো আর লেন্স লাগানো বন্ধ করো। যদিও তোমাকে সব অবস্থাতেই সুন্দর লাগে, কিন্তু আমি চাই না তুমি নিজের আসল সত্তাকে হারিয়ে ফেলো। যদি তুমি নিজের একান্ত ইচ্ছেতেই নিজেকে বদলে ফেলতে চাও, তাহলে ঠিক আছে। কিন্তু যদি অন্য লোকেদের ভয়ে নিজের সত্তা লুকিয়ে ফেলতে চাও, সেটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। তুমি যেমন, তেমনই থাকবে। কারও তোয়াক্কা করার প্রয়োজন নেই। যদি কেউ একান্তই এতে প্রভাবিত হয়, সমস্যাটা তার, তোমার নয়। তুমি কেন নিজেকে লুকাতে যাবে?
তুমি একদম নির্ভয়ে থাকবে। কেউ তোমাকে কিছু বললে আমি দেখো নেব তাকে। তাতে যদি তুমি আমাকে এড়িয়ে যাও, তারপরেও।
— শ্রেয়ান
চিঠিটা পড়তে পড়তেই গলা শুকিয়ে কাঠ হয়ে এলো আলতার। পুরো এক পৃষ্ঠা দীর্ঘ চিঠি লিখেছে শ্রেয়ান। সে কতবার পড়েছে, তার হিসেব নেই। বিশেষ করে শেষের লাইনগুলোতে সে বারবার আটকে যাচ্ছে।
এমন সময় দরজায় কড়া নাড়ল কেউ। আলতা দ্রুত চিঠিটা গুছিয়ে রেখে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই ওপাশে দাঁড়িয়ে থাকা ধারাকে দেখতে পেল। সঙ্গে সঙ্গেই ধারা আলতার হাত ধরে তাকে খাটের দিকে নিয়ে যেতে লাগল।
“জিএম তোমাকে যে সুটকেসটা গিফট করেছিল, সেটার মধ্যে কী কী ছিল? তাড়াতাড়ি বলো না আমাকে। উফ, আর তর সইছে না!”
ধারার কথায় আলতা হাসার চেষ্টা করে বলল, “আমি আসলে জানি না, আপু।”
“কী বললে? জানো না মানে?”
আলতা নিজের ঘাড়ে আঙুল বোলাতে বোলাতে বলল, “আমি ওটা খুলে দেখিনি এখনো।”
ধারা হতভম্ব হয়ে রইল। বিস্ময়ে তার চোখ দুটো বড় হয়ে গেল।
“তুমি এখনো না দেখে কীভাবে থাকতে পারো? তোমার জায়গায় আমি হলে এতক্ষণে যা যা দিয়েছে, সবকিছু বেশ কয়েকবার ট্রায়াল করাও হয়ে যেত। আর তুমি কী না খুলেই দেখোনি বলছো?”
আলতা আরও মিইয়ে গেল। গাইগুই করে বলল, “উনি আমার জন্য আবার উপহার আনতে গেলেন কেন, আপু? আমার কেমন যেন লাগছে।”
“ওহ হো, আলতা! ইউ আর সো কিউট!”
“এটার মানে কী, আপু?”
“মানে হলো ইনোসেন্ট।”
“সেটা আবার কী?”
“ওহ হো! মানে হলো একদম সহজ-সরল।”
আলতা লাজুক হাসল। সে ততটা সহজ-সরল নয়, যতটা ধারা ভাবছে। বরং উল্টো ধারাকেই আলতার সহজ-সরল মনে হয়।
“এবার চলো।” ধারা বলল।
“কোথায় যাব?”
“কোথায় আবার? সুটকেসটা খুলে দেখতে।”
বলতে বলতেই ধারা পুরো ঘরে চোখ বুলিয়ে লাগেজটা খুঁজে বের করল। আলমারির পাশে দাঁড় করিয়ে রাখা ছিল সেটা।
আলতাকে টেনে নিয়ে ধারা গেল লাগেজটার সামনে। আলতা ইনিয়েবিনিয়ে বেশ কয়েকবার বলতে চাইল, সে ওটা খুলতে চায় না। নিজের স্বামীই যেখানে তাকে মানে না, সেখানে ভাসুরের দেওয়া এসব উপহার খুলে দেখার কোনো মানেই হয় না।
উপরন্তু সে খুব করে চাইছে, উপহারটা ফেরত দিয়ে দিতে। খাওয়াচ্ছে, পরাচ্ছে, তার ওপর পড়ালেখাও করাচ্ছে; এটাই তো অনেক। সে ইতোমধ্যেই ঋণী হয়ে পড়েছে। এসব উপহার উপঢৌকন নিয়ে আর সেই ঋণের বোঝা ভারী করতে চায় না।
“কী হলো? খুলে দেখো না।”
ধারার তাগিদে আলতা লাগেজটা নামিয়ে রেখে বসে পড়ল। সেটা খুলতে খুলতে একফাঁকে বলে ফেলল, “আমি কি কোনোভাবেই এটা ফেরত দিতে পারি না?”
ধারা কথাটা হালকাভাবে নিল।
“হ্যাঁ, যদি তোমার মাপমতো না হয়, তাহলে ফেরত দিতে পারো। জিএম সেগুলো চেঞ্জ করে এনে দেবে। যদিও একটু সময় লাগবে তাতে। আর এক পারো, তোমার পছন্দ না হলে ফিরিয়ে দিতে। যেটা না করাই ভালো হবে। কারণ কেউ কিছু উপহার দিলে নিজের পছন্দের মাপকাঠি দিয়ে না মাপাই ভালো।”
আলতা তপ্তশ্বাস ফেলে লাগেজের চেইন খুলে ফেলল।
ভেতরে কী আছে, সেটা দেখার জন্য ধারা আর আলতা দুজনেই একসঙ্গে তাকাল। কিন্তু তাকানোর সঙ্গে সঙ্গেই তাদের দুজনেরই চোখ ছানাবড়া হয়ে গেল।
চলবে…
শব্দসংখ্যা: ৫৫০০+
(রঞ্জককে পাননি? কিন্তু দেখুন না কতোগুলো শব্দ লিখেছি। তারপরও ওকে এই পর্বে আনতে পারলাম না। এই পর্যন্ত কালারব্লাইন্ডের যতগুলো পর্ব এসেছে সবগুলো পর্বের মধ্যে এই পর্বটা সবচেয়ে বড়। তাই রেসপন্স করতে কার্পণ্য করলে চলবে না কিন্তু।)
Share On:
TAGS: কালারব্লাইন্ড, সোফিয়া সাফা
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
কালারব্লাইন্ড পর্ব ১৪
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৩৬ (বর্ধিতাংশ)
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৪৫ (এর বর্ধিতাংশ)
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৩৮
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৪২
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৫৫
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৭৫
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৬৯
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ২৪
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৫৭