Golpo romantic golpo ভালোবাসি সুচরিতা

ভালোবাসি সুচরিতা পর্ব ২৫


ভালোবাসি সুচরিতা পর্ব ২৫

তিমিরাচ্ছন্ন জঙ্গলিতে আলোয় ভরে উঠেছে। একেক জনের হাতের টর্চ লাইট, মশালে দিক্বিদিক আলোয় ধিক্ ধিক্ করছে। সাদা, হলুদ আলো সব। সেই আলোয় জ্বলজ্বল করছে প্রত্যেকের মুখমণ্ডল। সবচেয়ে বেশি জ্বলজ্বল করছে জোহরার চোখগুলো। ভাইকে ও আটকে রেখেছে দুহাত দিয়ে। ঘটনার আকস্মিকতায় হাত-পা এত বেশি কাঁপছে যে ও কথা বলার শক্তিটুকু পেলো না।

ইমন বোনের সেই দুর্বলতাকে কী ভাবল কে জানে! রাগ কমার বদলে বাড়ল দ্বিগুণ। তেড়ে যেতে চাইল পুনরায় মেজবাহ্’কে ধরার জন্য। হুঙ্কার দিয়ে ছাড়াতে চাইল বোনকে,

“ছাড়, ছাড় আমায়। উনার এত সাহস তোকে এখানে নিয়ে আসে। আজকে আমি উনাকে যদি পুঁতে না ফেলেছি তবে দেখিস। ছাড়।”

জোহরার ভয়ে আত্মা শুকিয়ে গিয়েছে। ইমন ভাই যে পুরোপুরি ভুল বুঝেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ও তবুও ভাইকে বোঝাতে চায়, আটকাতে ডাকে নোমান ভাইকেও,

“ইমন ভাইকে ধরো নোমান ভাই। ইমন ভাই আমার কথা শুনছে না।”

নোমান এক পর্যায়ে গিয়ে ইমনের বাহু ধরে। ওর কাছে কিছুই বোধগম্য নয়। জোহরা এই জঙ্গলে কেন এলো, কেনই বা ইমন এত রাগলো। তবুও জোহরার কথায় ইমনকে থামাতে চায়,

“আগে শোন মেয়েটার কথা। এত লাগাম ছাগা আচরণ করছিস কেন!”

ইমন সে কথার তোয়াক্কা করে না। ঝাড়া দিয়ে ফেলে দেয় নোমানের হাত। জোহরা তবুও ভাইকে শক্ত করে ধরে রাখে। আকুতির গলায় বলে, “ইমন ভাই, থামো তুমি। আমার কথাটাতো শোনো।”

মেজবাহ্ এই পুরো ঘটনায় কোনো ব্যাখ্যা দিলো না। না নিলো কোনো পদক্ষেপ। ওর দৃষ্টি ঐ ভয়ার্ত মেয়েলি মুখটির দিকে। যে ভীতু চোখে বার বার ভাইকে বোঝানোর চেষ্টা করছে। আর যতবার বোঝানোর জন্য কথা বলছে ততবার মেজবাহ্’র হার্টবিট যেন মিস হচ্ছে।

এই কণ্ঠের নারীটিকে দেখবে বলে মেজবাহ্ বিগত দুটো বছর অপেক্ষা করে ছিলো না? এ-ই তো সেই কণ্ঠ। যা শোনাে জন্য মেজবাহ্ পিছিয়ে ছিলো কত কত দরকারী মিটিং। কেবল অপেক্ষা করে গিয়েছে তীর্থের কাকের মতো। অথচ আজ সেই মেয়েটি তার সামনে। ভাইয়ের সাথে আপ্রাণ তর্ক-বিবাদ, বোঝাপড়া করছে। একটা বার মেজবাহ্’র চোখে না তাকিয়েই। কেন এত লুকোচুরি মেয়েটির? মেজবাহ্’কে সামনে পেয়েও একটিবারও কেন নিজের পরিচয়টুকু দেয়নি? না-কি সে-ই বেশি ভেবে বসেছে? পৃথিবীতে একইরকম কণ্ঠ কি অনেকেরই হয়?

মেজবাহ্ শান্ত থাকলেও সিকান্দার শান্ত থাকতে পারল না। ইমনের এই বারংবার অগ্রসর হয়ে মারতে চাওয়ার ধরনটায় তার রাগ চড়েছে সাত আসমানে। চারপাশে সব ওদের লোক তবুও ভাই যে কেন চুপ করে আছেন!

সিকান্দারের আর ধৈর্য কুলালো না সেই চুপ করে থাকাটা। অবশেষে না পারতেই ও মেজবাহ্’র কাছে গিয়ে কিছুটা চাপা স্বরে বলল, “ভাই, এই ছেলেতো এখন অতিরিক্ত করছে। আক্রমণ হলো আপনার উপর আর এ ভাবছে এর বোনকে আপনি এই জঙ্গলে নিয়ে এসেছেন। এই ছেলে কি পাগল? আপনি কিছু বলছেন না কেন?”

সিকান্দারের কণ্ঠে যত বেশি রাগ মেজবাহ্’র আচরণটা আজ তত বেশিই শান্ত। ও আলগোছে হাত উঠিয়ে ইশারা করল। ধীরেই আদেশ করল,

“চুপ করে থাক। বোনের জন্য ভয় পেয়েছে দেখে এমন করছে।”

“তাই বলে আপনাকে দোষারোপ করবে? আপনি শুধু শুধু ওর বোনকে এখানে আনতে যাবেন কেন? ওর বোন…”

“চুপ করতে বলেছি না? একটা মন্তব্যও করবি না ওর বোনকে নিয়ে। নারীদের এসব ঝামেলার বিষয়ে টেনে মন্তব্য করা আমি পছন্দ করি না। তুই ভুলে গিয়েছিস তা?”

সিকান্দার থেমে গেলো। তবে ভাইয়ের মতিগতি ও বুঝছে না। আসছে থেকে দেখছে ভাই মেয়েটার দিকে তাকিয়ে আছে। কোনো রাগ নেই চোখে, ক্ষোভ নেই। কেবল তাকিয়ে রয়েছে। কিন্তু কেন? সিকান্দারের খটকা লাগলো এখানটায়। ও ব ন্দু ক তুললেও ভাইয়ের জন্য সেটা চালাতে পারেনি। এতগুলো ছেলে চারপাশের জঙ্গল ঘিরে রেখেছে অথচ ভাই এই ছেলেটার বেয়াদবি সহ্য করে যাচ্ছে!

ইমন বোনের প্রতি রাগান্বিত হলো, “তুই ভয় পাচ্ছিস কেন? এ লোক কিচ্ছু করতে পারবে না আমাদের। বল উনি নিয়ে আসছে এখানে?”

জোহরা মাথা নাড়ালো। কণ্ঠ কাঁপলেও জোর দিয়ে বলল, “না ভাইয়া। উনি আনেননি। রাস্তায় কে যেন গু লি ছুঁড়ছিলো। তখন উনি প্রাণ বাঁচাতেই এখানে নিয়ে এসেছেন আমাকে। তুমি থামো।”

বোনের দিকে তাকালো ইমন। ওর বোন ভীতু নয়। একটা লোক টেনে নিয়ে আসলেই যে ও চলে আসবে তেমন নয়। কিন্তু ইমনের যে পুরোনো রাগ রয়ে গিয়েছে লোকটার উপর!

মেজবাহ্’র ধ্যান ইমনের ঝামেলায় নেই। সমস্তটুকুই কেঁড়ে নিয়েছে সামনের মেয়েটির কণ্ঠ। ও ভুল না হলে এটাই ওর সুচরিতা। একদম হুবহু বলার ভঙ্গি।

“আপা, তুমি কাঁদছো কেন? কী হয়েছে?” কথা বলতে বলতেই ছুটে আসলো প্রেমা। মেজবাহ্ চমকে উঠল। একই রকমের আরও একটি কণ্ঠ! ও ভড়কে গেলো এবার। চারপাশের আলোয় দেখলো একটি স্কার্ট পরা মেয়ে ছুটে আসছে। এই সেই স্কার্ট যা মেজবাহ্ দেখেছিলো ঢাকার ব্যস্ত সড়কে। মেজবাহ্ যেন বিভ্রমে পড়ে গেলো। দু’টো মেয়ের মুখগুলোও কিছুটা একইরকম দেখতে। কিন্তু কণ্ঠ পুরোপুরি মিল! চেহারা দেখলে বোঝা যায় এরা বোন। এই মেয়েটির বয়স একটু কমই বোধহয়। কিন্তু কণ্ঠে কেমন মিল!

প্রেমা ততক্ষণে এসে জোহরাকে জড়িয়ে নিয়েছে। সবাইকে খুঁজতে খুঁজতে এখানের আলো দেখেই সে জঙ্গলে ছুটে এসেছিলো। কিন্তু এত লোক সমাগম ও বোনের কান্নায় কিছুটা হতবিহ্বল হয়ে গিয়েছে।

ইমন আবারও বোনকে প্রশ্ন করল, “সত্যি বলছিস তুই? উনি কিছু করেনি তো?”

“না ভাই, করেনি।”

রাগান্বিত ইমনকে ধার ধারলো না প্রেমা। বরং ভাইয়ের প্রশ্নে ও বিরক্ত হলো যেন, “আপা যেহেতু বলছে কিছু করেনি তাহলে কেন বার বার জিজ্ঞেস করছো? আপা কি ছোটো মেয়ে যে কেউ ভয় দেখালেই ভয় পাবে আর মিথ্যে বলবে? চলো, বাংলোতো ফিরে চলো।”

প্রেমার কণ্ঠে আলাদা দাপট। জোহরাও মাথা নাড়ালো। ভাইয়ের কব্জি ধরে অনুনয় করল, “চলো, বাংলোতো ফিরে যাই। ঝামেলা করো না আর শুধু শুধু।”

ইমনের যদিও ঝামেলা বাড়ানোর ইচ্ছে ছিলো কিন্তু বোনদের দিকে তাকিয়ে সেটা করল না। মেজবাহ্’র দিকে একবার ভালো করে তাকিয়ে ফিরে চলল বোনের হাত ধরে।

জোহরা একবার লোকটাকে আড়চোখে দেখে নিলো। এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়বে জানলে ও কখনোই এদিকে আসতো না। লোকটার সাথে যা-ও বা দেখা হলো এমন একটা অস্বস্তিকর পরিস্থিতিতে! লজ্জায় তাকানোও দায় হয়ে গিয়েছে ওর।

মেজবাহ্ দু’টো মেয়ের দিকেই তাকিয়ে রয়েছে। এবার সিকান্দারও কিছুটা যেন বুঝতে পারল। খানিকটা অস্ফুটস্বরে বলল,

“উনাদের কণ্ঠগুলো একই রকম না? কেমন যেন শুনেছি মনে হয় ভাই!”

মেজবাহ্ মাথা নাড়ায়। সেই দিকে তাকিয়ে থেকে বলে, “এই কণ্ঠের সাথেই আমার কথা হয় প্রতি শুক্রবার। কিন্তু এই দুইজনের মধ্যে কোনজন আমাকে এত অপেক্ষায় রেখেছে, সিকান্দার? খোঁজ লাগা এই পরিবার সম্পর্কে। দ্রুত।”

সিকান্দার চমকে যায়। এবার বোধগম্য হয় ভাইয়ের তাকিয়ে থাকার বিষয়টা। এজন্যই ভাই এমন করে তাকিয়ে ছিলো! ভাইয়ের ভালোবাসার কণ্ঠটির জন্যই!

…

রিমঝিম বসে আছে বাংলোর সামনে থাকা বাগানে। ওখানে ছোটো ছোটো হরেক রকমের গাছ রয়েছে। কাঠের বেঞ্চি ও গোলাকার একটি টেবিলও আছে। অনেকে সকালে ঘুম থেকে উঠেই এখানে বসে চা খায়। এখান থেকে সামনের প্রকৃতি এত সুন্দর দেখায়! খোলা আকাশ আর বিস্তৃত গাছপালা। রাতের অন্ধকারে সেই বিস্তৃতি গাছপালা তেমন বোঝা যায় না যদিও তবে বসতে আরাম লাগে। শান্তি লাগে।

“বাহিরে বসে আছেন কেন? ভেতরে চলুন।” পুরুষালী ছটফটে কণ্ঠ কর্ণগোচর হতেই চোখ তুলে তাকায় ও। চোখের সামনে দেখতে পায় রাহাতকে। অল্প বয়সী ছেলে হলেও নিয়মিত শরীরচর্চার ফলে সুঠামদেহী পুরুষ হয়ে গিয়েছে। তবে কথায় সেই চনমনে ভাবটা স্পষ্ট।

রিমঝিম এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়, “এখানে আরামবোধ হচ্ছে। এখন যাবো না।”

রাহাত এবার এসে বসল রিমঝিমের বিপরীতে থাকা চেয়ারটায়। পায়ের উপর পা তুলে।

“বাংলোতো সবাই বসে আছে একসাথে। সবার সাথে তো কথা বলতে পারেন।”

“কী কথা বলব?”

“পরিবারের মানুষের সাথে কী কথা বলে?”

“পরিবার! তাইতো, পরিবারই তো।” কেমন হেলা করে বলে রিমঝিম। ঠোঁটের তাচ্ছিল্য হাসিটা স্পষ্ট বোঝা যায় সেই হেলায়। রাহাত বুদ্ধিমান ছেলে। কণ্ঠস্বর আর বলার ভঙ্গি দেখলেই বুঝতে পারে কথাটা কোন ভাবে বলা হয়েছে। তাই রিমঝিমের কথাটিও বুঝতে পারল।

ও আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, “পরিবার না? চার বছরেও আপন হয়নি বাড়িটা আপনার?”

“হবে না কেন? হয়েছে।”

“কিন্তু আপনাকে দেখলেতো তেমন মনে হয় না। মাঝে মাঝে মনে হয় আমাদের যদি খু ন করতে বলা হয় আপনি বোধহয় সবার আগে সেটা করতে পারবেন।” পা নাড়াতে নাড়াতে বেশ স্বাভাবিক ভাবেই কথাটি বলল রাহাত। বলে তাকিয়ে রইল রিমঝিমের মুখের দিকে।

রাহাত ভেবেছিলো রিমঝিম চমকাবে কথাটায়। অবাকও হতে পারে। কিন্তু ওকে অবাক করে দিয়ে মেয়েটা অট্টহাসিতে ফেটে পড়ল সেই কথাটি শুনে। গা দুলিয়ে সে কী হাসি! সচারাচর এমন করে হাসে না মেয়েটা।

“খু ন করার হলে চারবছর ধরে অপেক্ষা করতাম নাকি?”

“আপনি তো হিমেল ভাইয়াকে ভালোবেসেই বিয়ে করেছেন যতটুকু জানি। কিন্তু ভালোবাসার ছিটেফোঁটা কখনো দেখিনি সত্যি বলতে। এমনটা কেন?” কথা শেষ করে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাহাত। রিমঝিম দীর্ঘশ্বাস ফেলে। তার কাছে বোধহয় এই কথার সঠিক উত্তর নেই। তাই চুপ করেই থাকে। রাত বাড়ে আরও। সেই সাথে রিমঝিমের চোখের দৃষ্টি ঝাপসা হয়। ভালোবাসার কথা শুনলেই আজকাল তার কান্না পায় কেন? কী জানি!

…

মেজবাহ্’র চাদরটা আঁটসাঁট করে গা দেওয়া শরীরে। ফিনফিনে বাতাস তবুও গায়ে লাগছে বেশ। তার চোখের সামনে দিয়ে একটি গাড়ি চলে যাচ্ছে। যেটির হেডলাইটে সামান্য দেখা যাচ্ছে তার গম্ভীর মুখটি।

সিকান্দার ডাকল খানিক,

“বাংলোতে ফিরে চলেন ভাই। আপনাকে যারা আক্রমণ করেছে তাদের মাঝের একজনকে ধরা গিয়েছে। চলেন, ভাই।”

মেজবাহ্’র বিশেষ তাড়াহুড়ো নেই যেন সেই কথাটি শুনেও। আগের মেজবাহ্ হলে যেই একজনকে ধরা হয়েছিলো তার প্রাণ নিয়ে পালানো অসম্ভব হতো। কিন্তু আজকের মেজবাহ্ শেখের যেন ভিন্নই মতিগতি। নিজের মধ্যে নেই সে। কোন ধরায় হারিয়ে গিয়েছে সিকান্দারও বুঝতে পারছে না।

সিকান্দার পুনারায় ডাকল, “ভাই, যাবেন না?”

মেজবাহ্’র যেন হুঁশ ফিরল। আনমনা মেজবাহ্ চমকে উঠল, “হু? হু? কোথায় যাব?”

ভাইয়ের এই দশা দেখে সিকান্দার বাকরুদ্ধ। তবে কি মানুষটা এতক্ষণ কিচ্ছু শুনেনি? হয়েছে কি তার?

“আপনি কিছু শুনেননি এতক্ষণ ভাই? কোথায় হারিয়ে যাচ্ছেন?”

মেজবাহ্’র মুখটি বিশেষ উৎফুল্ল নেই। নিরুদ্দেশ হওয়া গাড়ির পথের দিকে তাকিয়ে ভীষণ হতাশ স্বরে বলল,

“সুচরিতাকে এত কাছে পেয়েও পরিচয় পেলাম না। জীবনে এই প্রথম মনে হচ্ছে আমি খুব বাজে ভেবে হেরেছি। তা-ও প্রেমের কাছে। ভালোবাসি অথচ জানিই না কাকে বাসি! এত লুকোচুরি কেন করছে? তবে কি সে কেবল আমাকে নিয়ে ঠাট্টা করেছে? আমি এত মরিয়া হয়ে গিয়েছি বুঝেও কীভাবে পরিচয় ছাড়াই এই সাক্ষাৎ শেষ করল? এমনতো হওয়ার কথা ছিলো না।”

চলবে…

-মম সাহা

Share On:

TAGS: ,



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 

0 Responses

Leave a Reply