নদীর_ওপারে_সুখ#সিমরান_মিমি#পর্ব_১৩
•
খুব স্বাভাবিক ভাবেই একজন মানুষের উপর নেতিবাচক আচরণ গুলো দ্রুত প্রভাব ফেলে। পরিচিত মানুষজনের দেওয়া আঘাত, কষ্ট অপমান যতটা হালকা লাগে, অভ্যস্ত মনে হয়, তার চেয়ে অধিক অধিক যন্ত্রণা অনুভব হয় অচেনাদের সুক্ষ্ম অপমানে। নিভি’র বেলাতেও তার অন্যথা হলো না। চাচী তো আদ্যঅন্তই তাকে, তার মাকে কথায় কথায় অপমান করে গেছে। খোটা দিয়েছে। কিন্তু সেসব ধীরে ধীরে গায়ে লাগানো বন্ধ করলেও বড় মামী’র আচরণ গুলো ভীষণ ভাবে পীড়া দিচ্ছে। মৃত সায়মার চরিত্র নিয়ে কাজের লোকের সামনে অপমান করেছে জ্যোতি। সেই থেকে ঘৃণায় সারা শরীর রি রি করছে নিভি’র। কষ্ট হচ্ছে, নিজের প্রতি রাগও হচ্ছে। মা এ জীবনে কখনোই বাবার বাড়ি থেকে সাহায্য নেয়নি। অথচ সে অসহায়ের মতো ছুটে এসেছে। যদি না আসতো, তবে হয়তো মৃত মাকে এসব বিশ্রী কথা শুনতে হতো না। বাড়ির প্রত্যেকের স্নেহ, ভালোবাসা, আহ্লাদকে এক নিমিষেই ভুলিয়ে দিয়েছে জ্যোতি এবং হিমাদ্রি মাহমুদের আচরণ।
দুপুরে রান্নাঘর থেকে আসার পর নিভি আর ঘর থেকে বের হয়নি। বের হবেও না। অপমানের যন্ত্রণায় সারাটা ক্ষণ মায়ের শাড়িখানা বুকে জড়িয়ে ছটফট করেছে, কেঁদেছে। কি করা উচিত তার? এভাবে সারাজীবন কি অপমানিত হয়েই থেকে যাবে এ বাড়িতে, নাকি জীবনে বেঁচে থাকার তাগিদে আশ্রয়ের থেকে মানসিক সম্মান, শান্তিকে অধিক মূল্য দিয়ে পুণরায় রাস্তায় নামবে?
প্রাত্যহিক নিয়মে ড্রয়িংরুমের ঘড়ি জানিয়ে দিলো, এখন খাবার সময়। সকলে এক এক করে ডাইনিং টেবিলে আসলেও নিভি’কে পাওয়া গেলো না। জ্যোতি আঁড়চোখে একবার রুমের দিকে তাকালেন। মনে মনে খিপ্ত হয়ে বিরবির করে বললেন,
“ মামা’রা এসেছে না। মায়ের মতো এখন খাবার নিয়ে ঢং না করলে পেটের ভাত কি হজম হবে! ”
তিনি কিঞ্চিৎ ভীত হচ্ছেন। যদি দুপুরের কথাগুলো বাড়িতে জানাজানি হয়, তাহলে সকলে তো তার দোষই দিবেন। তবুও শান্ত রইলেন। বখতিয়ার মাহমুদ অনামিকা’কে বললেন,
“ অনামিকা, তোমার বোন কোথাও আম্মু? খেতে আসবে না? ”
“ ডেকেছিলাম। কোনো সাড়া পাইনি। সম্ভবত ঘুমাচ্ছে। ”
ইখতিয়ার কিঞ্চিৎ চিন্তিত হলেন। বললেন,
“ এই ভর দুপুরে ঘুমাচ্ছে! শরীর ঠিক আছে তো। ”
মুরগীর লেগ পিসে কামড় বসিয়ে পুণরায় সকলের কৌতূহলী মুখশ্রী দেখে নিলো পান্না। সে জানে নিভি কেনো আসেনি। তাই মুখে খাবার রেখেই বেশ রহস্য করে বললো,
“ নিভি তো ঘুমায়নি। আমি জানি ও কেনো খেতে আসবে না। ”
উপস্থিত প্রত্যেকে ছোট্ট পান্নার উপর নজর রাখলো। অনামিকা আদুরে স্বরে জানতে চাইলো,
“ কি জানো তুমি? আমাদেরও বলো। ”
“ নিভি’র অনেক দুঃখ। ও দুপুরে কেঁদেছে। অনেকক্ষণ হু হু করে কেঁদেছে। একটা পুরোনো শাড়ি জড়িয়ে জড়িয়ে কেঁদেছে। আমি জানালা থেকে সব দেখেছি। ”
উপস্থিত সকলের খাওয়া বন্ধ হয়ে গেলো। তারা একে অপরের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইলো। তখনো নিজের মতো করে দুজন মানুষ খাচ্ছে। হিমাদ্রি এবং পান্না। নিভিকে নিয়ে কোনো কিছুতেই যেনো আগ্রহী নয় হিমাদ্রি। মেয়েটাকে তার সহ্য হয়না। অত্যন্ত রহস্যজনক মনে হয়। বয়সের তুলনায় সর্বোচ্চ পাকা, গম্ভীর এবং প্রাপ্ত বয়স্কদের মতো লাগে। মেয়েদের কথার ধার তার কোনো কালেই সুবিধাজনক লাগেনা। মেয়েরা হবে মোমের মতো। যেখানটাতে জ্বালিয়ে রাখবে, সেটুকু জায়গায় কিরণ ছড়াবে। কিন্তু তারা কেনো নিজ থেকে মালিকের হাত পোড়াবে? কথার অবজ্ঞা করে মালিকের শখের জানালা পুড়িয়ে ফেলবে। মাকেও খুব একটা পছন্দ নয় হিমাদ্রির। বাবার মুখে মুখে জবাব, সারাক্ষণ রেষারেষি, ছেলেমেয়ের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের কারনে আজ কয়েক বছর যাবৎ ভেতরে ভেতরে দুরত্ব বাড়িয়ে দিচ্ছে।
ইখতিয়ার মাহমুদ খাওয়া ছেড়ে দাঁড়ালেন। পান্না কখনো মিথ্যা বলবে না। তাহলে সত্যি সত্যিই নিভি কেদেছে। কিন্তু এই কান্নার কারন কি? মেয়েটা এতো কিছু হারিয়ে তাদের কাছে আশ্রয় নিয়েও কি সুখী নয়!
বাঁধ সাধলেন সেজুতি। তিনি স্বামীর উদ্দেশ্যে বললেন,
“ খাওয়াটা শেষ করো। এভাবে উঠো না। আমি বরং নিভি’কে নিয়ে আসছি। ”
স্ত্রী’র কথা শুনে ইখতিয়ার গম্ভীরমুখে বসলেন। তবে খাবার আর মুখে তুললেন না৷ অপেক্ষা করলেন নিভি’র জন্য। প্রায় পাঁচ মিনিট পর মাথায় সুতির ওড়না জড়িয়ে ড্রয়িংরুমে এলো নিভি। তার চোখদুটো লাল, মুখ ফোলা। ফর্সা ত্বক লালচে হয়ে আছে। ঠান্ডা-জ্বর হলে হাঁচি দিতে দিতে মুখ যেমন লাল হয়ে যায় তেমন। বখতিয়ার ভাগ্নী’কে দেখে একবার স্ত্রীয়ের মুখের দিকে তাকালেন। জ্যোতি’কে তিনি একচুল ও বিশ্বাস করেন না৷ নিশ্চয়ই তাদের অবর্তমানে অপমান করেছে। কিন্তু ব্যাপারটা নিয়ে পুরো পরিবারের সম্মুখে আলোচনা করা সমুচিত নয়। ছেলেমেয়েদের কাছে তিনি দোষী হয়ে যাবেন। সেজন্যই চুপ রইলেন।
“ খেতে বসো মামণি। ”
নিভি দাঁড়িয়ে থেকেই এক বার টেবিলের দিকে তাকালো। সেখানে হরেক রকমের খাবার। তার পেটেও ক্ষুধা। কিন্তু বসলো না। শীতল চোখে একবার বড় মামী এবং হিমাদ্রির দিকে তাকালো। হিমাদ্রি সেটা খেয়াল না করলেও জ্যোতি মাহমুদ মুহুর্তে’ই চোখ সরিয়ে নিলেন। পা থমথম করে এগিয়ে গেলেন রান্নাঘরে। পুরো দৃশ্যটা বখতিয়ারের চোখ এড়ালো না৷ তিনি আবারো বললেন,
“ খেতে বসো মামণি। ”
“ ক্ষমা করবেন মামা৷ আমার ইচ্ছে করছে না। পরে খেয়ে নেবো। ”
বখতিয়ার ফোঁস করে নিঃশ্বাস ফেললেন। এ কি মুছিবতে পড়লেন তিনি। এতোগুলো বছর পর আদরের বোনের অংশকে ফিরে পেলেও শেষমেশ কি একটু শান্তি দিতে পারবেন না? স্ত্রী’র এহেন নিচু আচরণে তিনি নিজেও ভীষণ লজ্জিত। ইখতিয়ার নিভিকে পরোখ করলেন। গম্ভীর কন্ঠে বললেন,
“ কেঁদেছো কেন? কেউ কিছু বলেছে? ”
“ জি, না। ”
“ কেঁদেছো কেন? ”
নিভি একটু লজ্জা পেলো। মাথা নিচু করে সরাসরি অস্বীকার করে বললো,
“ কই, কাঁদিনি তো। ”
গর্জে উঠলো পান্না। তাকে মিথ্যাবাদী বানাচ্ছে বলে তুমুল অসন্তুষ্ট হলো। বললো,
“ নিভি মিথ্যুক! আমি দেখেছি শাড়ি জড়িয়ে কেঁদেছো। শুয়ে শুয়ে কেঁদেছো। ”
ইখতিয়ার আবারো প্রশ্ন ছুড়লেন।
“ তোমায় কেউ কিছু বলেছে আম্মু? কেনো কেঁদেছো? আমাদের কাছে কি তুমি ভালো নেই? ”
“ তেমন কোনো ব্যাপার না মামা। আমাকে এ বাড়ির সবাই ভীষণ স্নেহ করে। আর দুপুরে হঠাৎ মায়ের কথা মনে পড়েছিলো, তাই কেঁদেছিলাম। ”
সায়মার কথা শুনে উপস্থিত কেউ আর কিচ্ছু বলতে পারলেন না। মৃদু স্বরে পুণরায় বললেন,
“ খেতে বসো। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ”
আদৌ কি কখনো কিছু ঠিক হবে? নিভি বুঝে উঠতে পারলো না। এতোবার করে মামারা খেতে বলছেন, তাই আর অবাধ্য হতেও পারলো না। চুপ করে বসে পড়লো চেয়ারে। অল্পক’টা ভাত মুখে নিতেই চোখ জ্বলে উঠলো। এ বাড়িতে তার আর খেতে ইচ্ছে করে না। নিজেকে ছোট লাগে ভীষণ। সে হঠাৎ ভেঙে পড়া কন্ঠে মামাদের অনুরোধ জানালো। বললো,
“ মাকে ভীষণ মনে পড়ছে মামা। কখনো একা থাকিনি। আমি একটু বাড়ি যেতে চাই। দুদিনের জন্য। কথা দিচ্ছি, কবরটা জিয়ারত করেই ফিরে আসবো। ”
চোখের দু ফোঁটা অশ্রু টুপ করে প্লেটে পড়লো। হিমাদ্রির লক্ষ্য এড়ালো না তা। হঠাৎ তার মনে হলো মেয়েটা তার মাকে ভীষণ ভালোবাসে। অবশ্য সেও তো তার ফুপিকে কম ভালোবাসতো না। একই সঙ্গে বেড়ে ওঠা যে!
•
খাবার টেবিলে পিনপতন নীরবতা। আজ লিখন উপস্থিত নেই। কোনো এক কারনে বাড়িতেই নেই সে। এদিকে সিনিওরা মাহমুদও শুরুর দিকে চলে গেছেন। তার তেমন হুশ জ্ঞান নেই। স্বামী এবং জমিদার বাড়ির স্মৃতিগুলো নিয়েই সর্বক্ষণ কাটিয়ে দেন সময়।
বেশ অনেকক্ষণ ধরে দু ভাই ভাবলো। এরপর গম্ভীর কন্ঠে সকলের উদ্দেশ্যে বললো,
“ ভেবেছিলাম, সায়মার জানাজা – কবর যখন নিজহাতে দিতে পারিনি ; তখন চল্লিশার ব্যবস্থা আমরা করবো। সেদিনই যেতে চেয়েছিলাম পিরোজপুর। কিন্তু সিদ্ধান্ত পালটে নিয়েছি। আমরা আগামীকাল’ই যাবো। ওখানে দুটো দিন থেকে নিভি’কে নিয়ে ফিরে আসবো। তোমরা যদি কেউ যেতে চাও, রাতের মধ্যে জানাবে। ”
নিভি কিঞ্চিৎ চমকালো। ভীত হলো খানিকটা। যা পরিস্থিতি দেখে এসেছে, তাতে বাড়িটা হয়তো আর নেই। চাচীও কখনো আশ্রয় দেবে না। তাহলে এতোগুলো মানুষকে নিয়ে দুটো দিন সে কোথায় কাটাবে? এ বাড়িতে তো তার কম যত্ন হয়নি। শেষমেশ সবাইকে নিয়ে চাচীর কাছে অপমানিত করতে ভীষণ অসস্তি হচ্ছে। নিভি’র ভাবনার মধ্যেই চিৎকার করে উঠলো পান্না। চেঁচিয়ে উঠে বললো,
“ আমি যাবো, আমি যাবো। ”
সেঁজুতি, অনামিকা প্রত্যেকেই মৃদু স্বরে জানান দিলো তারা কবর জিয়ারত করতে যাবে। কিন্তু সেসব ছুঁতে পারলো না নিভি’কে। বরং এতোগুলো মানুষের মধ্যে তাকে বিস্মিত করে হিমাদ্রি গম্ভীর কন্ঠে বললো,
“ আমিও কাল পিরোজপুর যাচ্ছি। ”
এতোটুকু বলে সে চলে গেলো। হতভম্ব হয়ে পড়ে রইলো নিভি। একে একে তো বাড়ির কেউই বাদ রইলো না। বিশেষ করে বড় মামী এবং হিমাদ্রি গেলে আরো ঝামেলা হবে। তারা জেনে যাবে নিভি’র আশ্রয়হীনতার কথা। তাকে যে কেউ রাখতে চায় না, এটা নিয়ে অনর্গল কথা শোনাবে। এর চেয়েও বড় ভয় চাচীকে নিয়ে। তার মুখের কোনো লাগাম নেই। যা কিছু বলে অপমান করে বসে। এতোগুলো মানুষ যাবে, তাদের থাকার জন্য চাচার ঘর ছাড়া তো আর কিছুই নেই৷ যদি সবার সামনে বসে চাচী জানিয়ে দেয়, তিনি কাউকে থাকতে দেবেন না। তবে বিষয়টা সকলের জন্য অসম্মান জনক হবে। সারাটা রাত এসব নিয়ে দুশ্চিন্তা করতে করতেই কেটে গেলো। পরক্ষণেই সাহস সঞ্চয় করলো। মামা’রা জানেন তার পরিস্থিতি। তবুও যদি এই অপমান, অযত্ন গায়ে লাগিয়ে ভুল বোঝেন – তবে নিভির কিছুই করার থাকবে না। এবার গ্রামে ফেরার পেছনে তার আরো কারন রয়েছে। সে মনে মনে সিদ্ধান্ত নিয়েও ফেলেছে। নিজের একটু মাথা গোজার ঠাই পেলে আর কখনোই ফিরবে না কংক্রিটের এই যান্ত্রিক শহরে৷
ভোরের আলো ফুটেছে কিছুক্ষণ। কুয়াশার চাঁদরে সেই আলো ঢাকা পড়ে গেছে। বাড়ির পেছনের ছোট বাগানটা এখনো স্পষ্ট নয়। গাছের সবুজ পাতা গুলো কালচে রুপ দেখাচ্ছে। নিভি ঠান্ডায় কাপতে কাপতে ওজু করে নিলো। বারান্দা’টা তার অনেক প্রিয়। প্রতিদিন এটাকে মুছে রাখে। ভেবেছিলো, গাছ লাগাবে। তবে আদৌ তা সম্ভব হবে কি-না তা সে জানেনা। নিভি বারান্দার ফ্লোরে পাটি বিছিয়ে নিলো। এরপর জায়নামাজ বিছিয়ে খোলা জায়গায় পড়ে নিলো নামাজ। নামাজ শেষে অনেকক্ষণ বসে রইলো। বাবার কথা মনে পড়ছে। যদিও ছোটোবেলা থেকে কখনোই সেভাবে পাশে পায়নি। তবুও আজকাল ভীষণ আকাঙ্ক্ষা জাগে। যখন অনামিকা এবং পান্নাকে বাবাদের কাছে আদর পেতে দেখে তখন তার মনে প্রশ্ন জাগে। আশা জাগে। আচ্ছা, বাবার কি কখনোই তার প্রতি মায়া ছিলো না? সে কি হুট করে সামনে এসে বলতে পারে না, “ নিভি আমার মেয়ে। ও আমার কাছেই থাকবে। ”
যদিও মা মারা যাওয়ার পর বাবার প্রতি ভীষণ ঘৃণা জন্মেছিলো নিভি’র। ভেবেছিলো, এ জীবনে কখনোই তাকে ক্ষমা করবে না। তার কাছে যাবে না। তবে এখন ধীরে ধীরে বাস্তবতা বুঝতে পারছে। মামীদের অপমান জনক কথা সহ্য করার চেয়ে সৎ মা, বাবার কাছে অত্যাচারিত হওয়া ঢের সম্মানের মনে হয়।
“ নিভি, উঠেছো? ”
কন্ঠ’টা সেঁজুতির। নিভি চট করে ধরে ফেললো। জায়নামাজ গুছিয়ে এগিয়ে গিয়ে দরজা খুললো। সে কখনোই দরজা আটকায় না। তবে লিখনের কাজকর্মে ভয় লাগে, আতংক কাজ করে। লোকটার হুশ জ্ঞান নেই। যখন তখন দরজার সামনে এসে পড়ে। ব্যাপারগুলো অতি দ্রুত খারাপ দিকে রুপ নেবে ভেবে নিভি তাকে এড়িয়ে চলে। চার পাঁচ বার না ডাকলে সাড়া দেয় না।
“ জি, মামী। ”
সেঁজুতি হনহন পায়ে রুমে ঢুকলো। নিভি’র বিছানায় বসে বললো,
“ আচ্ছা, দ্রুত অল্পকিছু জামাকাপড় গুছিয়ে নাও। আমরা ছয়টার মধ্যে রওনা দেবো। ”
নিভির গোছগাছ গতরাতেই শেষ। সে সমস্ত বইখাতা, জামাকাপড়, জিনিসপত্র গুছিয়ে নিয়েছে দুটো ব্যাগে। তা দেখে কয়েক সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে গেলেন সেঁজুতি। বললেন,
“ এতো বড় ব্যাগ কেন? তুমি কি আর আমাদের সঙ্গে ফিরবে না? ”
ছোটো মামী’র প্রশ্নে নিভি চুপ করে যায়। সে তো আসলেই ফিরতে চায় না। কিন্তু সেটা এক্ষুণি প্রকাশ করা অনুচিত। যদি ঠাই না জোটে তবে তো আবার আসতেই হবে। সে মৃদু কন্ঠে আওড়ায়,
“ আমি গ্রামে দু-তিন সপ্তাহ থাকতে চেয়েছিলাম, মামী। সামনে টেস্ট এক্সাম আছে তো, তাই। ”
সেঁজুতি কি বুঝলো বোঝা গেলো না। তবে তিনি আর আপত্তি করলেন না। তৈরি হতে বলে অনামিকার ঘরে চলে গেলেন।
পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিতে দিতে সাড়ে ছয়টা বেজে গেলো। এর জন্য দায়ী অনামিকা এবং লিখন। দুজনেরই বেলা অবধি ঘুমানোর অভ্যাস। শেষমেশ অতি কষ্টে রেডি না হয়েই কোনোরকমে গাড়িতে তোলা হয়েছে দুজনকে। বাড়ির দু দুটো নিজস্ব গাড়ি। বখতিয়ার মাহমুদ, ইখতিয়ার, জ্যোতি, সেঁজুতি এবং সিনিওরা মাহমুদ একটা গাড়িতে বসেছেন। অন্যদিকে পেছনের গাড়িতে বসেছে হিমাদ্রি, লিখন, নিভি, অনামিকা এবং পান্না। এ নিয়ে ইখতিয়ার মাহমুদ অসন্তুষ্ট। তিনি কিছুতেই চাননি হিমাদ্রি নিভি’র গাড়িতে যাক। যাওয়ার পথে এমন কিছু বলে বসবে যে মেয়েটা কাঁদবে। কিন্তু বড় ভাইয়ের ভরসায় দ্বিমত করতেও পারেনি।
খুব ভোরে রওনা দেওয়ার কারনে তাদের খুব একটা জ্যামে পড়তে হলো না। নয়টার মধ্যেই পদ্মা সেতু পার হয়ে গেলো। আর তো মাত্র কিছুক্ষণের পথ। খুব বেশি হলে বারোটা বাজবে পিরোজপুর পৌঁছাতে। নিভি বাড়ি যাচ্ছে, মায়ের কাছে – এ নিয়ে আনন্দ কম দুশ্চিন্তা বেশি হচ্ছে। তার হাত-পা শিরশির করছে অসস্তিতে। এ যাবৎ চাচার ফোনে প্রায় দশবার কল করেছে। কিন্তু ওপাশ থেকে রিসিভড হয়নি। এতোগুলো মানুষ নিয়ে যাচ্ছে, অথচ ও বাড়ির কেউ জানেই না — ভেবেই আতংকে অস্থির হয়ে উঠলো। তার মন মানছে না। যদিও রওনা দেবার পূর্বেই দুই মামাকে একাকী বুঝিয়ে বলেছে। তার চাচী’র মেজাজ গরম। তিনি হুটহাট রেগে যান, অপমান করেন। চাচা বাধা দিতে পারেন না। সংসারে অশান্তি হবে বলেই তিনি নিভি’র হাত ছেড়েছেন, নাহলে মেয়ের মতো ভালো বাসতেন। তারা যে কোনো যত্ন করবে না এ ব্যাপারে নিভি নিশ্চিত। তাই যেনো কোনো রকম কষ্ট না পায় কেউ।
নিভি’র দুশ্চিন্তার কথা শুনে দুজনেই অবাক হয়েছে। এরপর ভরসা দিয়ে বলেছে, তারা নিভির চাচার কাছে থাকবে না। আশেপাশের কোনো আবাসিক হোটেলে উঠবে। কিন্তু তাতেও কাজ হয়নি। কারন নিভি জানে উপজেলা ছাড়া আবাসিক হোটেল পাওয়া মুশকিল। সেজন্যই দুশ্চিন্তা একটুও কমেনি।
পিরোজপুর পৌঁছাতে পৌঁছাতে প্রায় বারোটা বেজে গেলো। নিভি পথ দেখিয়ে ধীরে ধীরে চলে এলো বাড়ির সামনে। হুট করে রহমান বাড়ির সামনে দু – দুটো বিলাসবহুল গাড়ি দেখে প্রতিবেশী’রা উঁকিঝুঁকি মারলো। কেউ কেউ এগিয়ে এসে দেখলো, কিন্তু কথা বললো না। এরকম নিরব তারা সায়মার মৃত্যুর পর হয়েছে। নিভি’কে খুব একটা আশকারা দেয়নি। হয়তো ভেবেছিলো, একটু ভালো ভাবে কথা বললে নিভি তাদের কাছে আশ্রয় চাইবে।
চাচা আজগর রহমান বড় ছুরিতে ধার টানছেন। বালুর উপর ঘর্ষণ ভীষণ ভাবে কানে লাগছে। এখন শীতকাল। খেজুরের রস কাটতে এই ধারালো ছুরির ভীষণ প্রয়োজন। দোরগোড়ায় বেশ কিছু অপরিচিত মানুষ দেখে তিনি তাকালেন। তাদের মধ্যে নিভি’কে দেখে কয়েক সেকেন্ড হতভম্ব হলেন। দু-পা এগিয়ে ঘরের দিকে তাকিয়ে আবারো থেমে গেলেন। পরক্ষণেই কিছু একটা ভেবে নিভি’র মাথায় হাত রেখে বললেন,
“ কেমন আছিস মা? এরা কি তোর মামা? “
“জি! ”
নিভি উপর নিচ মাথা নাড়ালো। আজগর রহমান সালাম জানালেন সকলকে। স্বল্প বিনয় নিয়ে দ্বিধাগ্রস্থ কন্ঠে বললেন,
“ আসেন আপনারা। অনেক দূর থেকে আসছেন। একটু জিরান। “
নিভি চাচাদের কথাবার্তার মধ্যে এক মুহুর্তও দাঁড়ালো না। উঠোনে ঢোকার পর থেকেই তার বুকটা হু হু করছে। এতোদিনের পরিচিত ঘরটা সত্যিই আর নেই। ঘরের টিন খুলে উঠোনের এক পাশে জড়ো করে রাখা হয়েছে। চারপাশের বেড়াও অবশিষ্ট নেই। শুধু উঁচু পিড়ে দেখে বোঝা যাচ্ছে, এটা একসময় ভিটে ছিলো।
নিভির বুক চিরে নিঃশ্বাস বেরিয়ে এলো। এলোমেলো পায়ে এগিয়ে গেলো ঘরের দিকে। মাটির পিড়েতে এখনো মায়ের হাতের লেপা দাগ। সে হাত দিয়ে ছুঁয়ে দিলো। এরপর এগিয়ে গেলো পেছনের দিকে। ওইতো কবর দেখা যাচ্ছে। মায়ের কবর। নিভি’র পা জড়িয়ে আসছে। বিশ্বাস’ই হচ্ছে না মা আর নেই। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে কবরের পাশে বসলো। পাশেই একটা বেলী ফুল গাছ। এটা মায়ের পছন্দের। তবে যত্নের অভাবে সেটা শুকিয়ে গেছে। নিভি কবরের সিক্ত মাটি ছুয়ে দিলো। তৃপ্তি নিয়ে নোয়ানো কন্ঠে বললো,
“তোমাকে ছেড়ে ওতো দূরে থাকা যায় নাকি মা? এই যে দেখো, নিভি দু দিনেই চলে এসেছে৷ ”
ফরিদা বেগম কাঁদামাটি হাতে নিভি’র পেছনে এসে দাঁড়ালেন। তিনি এতোক্ষণ বাইরের চুলা লেপেছেন, তবে নজর ছিলো উঠোনের অতিথিদের দিকে। নিভি চাচী’র উপস্থিতি পেয়ে অশ্রুসিক্ত চোখে তাকালেন। পরপরই অদ্ভুত লাগলো তার। ফরিদা তাকে দেখে রেগে গেলেন না। বিরক্তও হলেন না। বরং কেমন করে হাসলেন। এরপর তাচ্ছিল্য করে বললেন,
“ এইটুক বয়সে কত যে ঢং দেহাইলি! তোর আশিক আইছিলো যাওয়ার পরদিন। আমাগো শাসাইয়া গেছে, ক্যান তোরে আশ্রয় দিই নাই। ”
নিভি কেঁপে উঠলো। “ কি বলছেন এসব, চাচী? ”
গা – পিত্তি জ্বলে উঠলো ফরিদার। তার মেয়েরা কি কম সুন্দরী ছিলো? তবুও শেষমেশ চেয়ারম্যানের ছেলে এসে নিভি’কে পছন্দ করলো। সে কি হাঙ্গামা এ দুদিন। যন্ত্রণা সইতে না পেরে কত কথাই না দিতে হয়েছে। তিনি ফের টোন কাটলেন। অপমান করে বললেন,
“ না জানার ভান ধরবি না মা’র মতো। বারো ঘাটের পানি জাল দিয়া খাওয়া শেষ, অথচ ঢং দেহায় কিচ্ছু বুঝে না। বাড়ি তো আইছোস বিয়া করতেই, তা কি আমরা জানি না। প্রথমে চেয়ারম্যানের পোলা আইলো, এরপর তোর বাপে আইলো, এহন আবার তুই। তাও গোষ্ঠী সুদ্ধা। আমি কি কিছু বুঝি না? ”
নিভি কয়েক সেকেন্ডের জন্য জমে গেলো। ফ্যালফ্যাল করে চেয়ে রইলো চাচীর দিকে। চেয়্যারমানের ছেলে! তবে কি অপূর্ব শিকদার অবশেষে ফিরলো?
চলবে?
Share On:
TAGS: নদীর ওপারে সুখ, সিমরান মিমি
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
নদীর ওপারে সুখ পর্ব ৬
-
নদীর ওপারে সুখ পর্ব ৫
-
নদীর ওপারে সুখ পর্ব ১২
-
নদীর ওপারে সুখ গল্পের লিংক
-
নদীর ওপারে সুখ পর্ব ৭
-
নদীর ওপারে সুখ পর্ব ১
-
নদীর ওপারে সুখ পর্ব ২
-
নদীর ওপারে সুখ পর্ব ৪
-
নদীর ওপারে সুখ পর্ব ৮
-
নদীর ওপারে সুখ পর্ব ১০