Golpo romantic golpo আমি তোমার হতে চাই

আমি তোমার হতে চাই পর্ব ৯


আমি_তোমার_হতে_চাই#পর্ব_৯#সুরভী_আক্তার( অনুমতি ব্যতীত কপি করা নিষেধ ❌ )

সদ্য বুজে নেওয়া চোখ দুটি খুললো রমনী ।
ইতস্ততা গিলে ঠোঁট ভিজিয়ে মিনমিন করলো…..

” লাইট অন থাকলে প্রবলেম হবে তোমার ? আসলে,, আমার অন্ধকার সহ্য হয় না মিহাজ । অন্ধকারে ভয় লাগে । লাইট অফ করলে ঘুমোতে পারবো না ।

মিহাজ চোখ দুটি মার্বেলের মতো গোল গোল করে তাকায় ।‌ একা রুমে একলা থাকতে সেও ভয় পেতো আগে । তবে এখন অভ্যাস হয়ে গেছে । অন্ধকার ও সয়ে গেছে । বড়দের মতো সাহস দিতে আচানক ভূমির কাছ ঘেঁষে ওর একহাত চেপে ধরলো বাচ্চাটা । সেটাকে বুকের সাথে মিশিয়ে বললো বুঝদার বাচ্চার মতো….

” ইটস্ ওকে মিস । তুমি ঘুমাও । আমি হাত ধরেছি, আর ভয় লাগবে না ।

মিষ্টি হাসলো রমনী ।
পুঁচকেটার চুলে হাত বুলিয়ে শ্বাস ফেলে চোখ বুজলো । মিনিট কয়েক পর আবার ডাক পেলো হালকা…..

” মিস !

চোখ খোলে ভূমি । উত্তর করে অগত্যা….

” ইয়েস মাই বয় ! কি হয়েছে, ঘুম আসছে না ? লাইট অফ করবো ?

” উঁহু ! তোমার মা নেই তাই না ?

বাচ্চাটার কন্ঠ বড্ড বেশি আহত শোনালো । হুট করে এহেন প্রশ্নে দৃষ্টি উজাড় করলো ভূমি । ভেতরটা উঠলো ধক্ করে । মৃদু হাসি ছিলো ওষ্ঠপূটে । নিমিষেই গায়েব হলো সেটুকুও । নড়েচড়ে উঠলো মেয়েটা । শুকনো হাসলো জোর পূর্বক….

” আছে তো !

” উঁহু, নেই । সেই দিন লাঞ্চের সময় দিশা আপি বলেছিলো,, শুনেছি আমি । আমার মতো তোমারও মা নেই । সেজন্য তোমাকে আমার খুব ভালো লাগে, জানো ! কিন্তু, তোমার সৎ মা আছে,, তাই না ? আচ্ছা মিস, সৎ মা কাকে বলে ? তিনি কি মা হন না ? যদি মা না হন, তাহলে সৎ মাকে মা বলে কেনো ?

মিহাজের কথাগুলো বেশ ভারী ভারী । কি ভেবে এসব শুধালো কে জানে । অবুঝ বাচ্চাটা অদ্ভুত চোখে চেয়ে রয়েছে উত্তরের আশায় । মুখে সঙ্কা তার । অবশ্য বাচ্চাদের জানার আকাঙ্ক্ষা থাকে বেশি ।
ভূমি মুচকি হাসলো । আদুরে হয়ে পূনরায় মিহাজের চুলে হাত বুলিয়ে বললো ঠান্ডা গলায়….

” মা তো মা’ই হয় । তার সাথে কারোর তুলনা হয় না, মিহাজ । মায়ের আবার সৎ আপন আছে নাকি ? মা কেবলই মা ! মা কখনো সৎ হয় না । সব মা’ই মা হয়, কিন্তু সব সৎ মা, কখনো কখনো মা হতে পারেনা ।

মিহাজ আশ্চর্য হয়ে চেয়ে আছে । কঠিন কথাগুলো কিছুই বুঝতে পারেনি ।
এদিকে কথা শেষে রমনী বুক চিরে দীর্ঘ শ্বাস ফেললো । বিড়বিড় করলো নিজের মাঝে…

” আমার সৎ মাও আমার মা হতে পারেনি কখনো । এ বড় আফসোস আমার । না মাকে পেয়েছি, না তাকে দেখতে পেয়েছি, আর না তার ভালোবাসা পেয়েছি কখনো । মায়ের শূন্যতায় চারদিক থেকেই নিঃস্ব আমি ।

দ্বিতীয় বার ভারাক্রান্ত শ্বাস ফেলে পরক্ষণে আওড়ালো জোরে…..

” এবার ঘুমাও মিহাজ । অনেক রাত হয়েছে ।

” মিস ?

” হ্যাঁ, বলো !

” তোমাকে খুব ভালো লাগে ! আমার সাথে সবসময় থেকে যাও না, প্লিজ !

ভূমি কিছুটা রিনরিনে শব্দে হাসে….

” তা কি করে হয় সোনা ? আমার তো আলাদা বাড়ি আছে ! আমি এখন পড়াশোনা করছি । শেষ হয়ে গেলে বাড়ি ফিরে যাবো । বাড়িতে আমার আব্বু, মা, বোন, সবাই আছে । এখানে তো কেউ নেই । আমার এখানে একা থাকতে ভালোও লাগে না । আমি না ফিরে যাবো খুব তাড়াতাড়ি । তবে হ্যাঁ, ফিরে গেলে তোমাকে খুব বেশি মিস করবো মিহাজ । আর হয়তো দেখাও হবে না কখনো ।‌

চমকে যায় বাচ্চাটা ।

” কক্ষনো না ? তুমি আর আসবে না আমাদের বাড়িতে ? আমাকে পড়াবে না ?

” উমমম, আসবো মাঝে মাঝে । কিন্তু এখন এসব বলার সময় নয় পিচ্চি । কটা বাজে খেয়াল আছে ? বাবা দেখলে রেগে যাবে । তুমি না গুড বয়, ঘুমাও । আমার ও ঘুম পাচ্ছে ভীষণ ।

মেয়েটার কন্ঠে তাগাদা ।
মিহাজ ছটফট করে চোখ খিচে নিলো । অতঃপর ভূমিও । ফের মিনিট দুয়েক পর ডাক পেলো অবিকল একই ভাবে….

” মিস ?

তড়াক করে চোখ খুললো রমনী । দৃষ্টিতে বিষন্নতা । ভীষণ ঘুম পেয়েছে তার । পাপড়ি নিভে আসছে আপনা আপনি । মিহাজের এতো বার জ্বালাতনেও বিরক্তি প্রকাশ করলো না মেয়েটা । চাইলো প্রশ্ন সূচক দৃষ্টিতে ।
মিহাজ ওর ঘুম ঘুম লাল চোখ দেখে চুপসে যায় । এদিকে আজ ওর নিজের ঘুম আসছে না কিছুতেই । সে আমতা আমতা করে গলা ভিজিয়ে বলে….

” গুড নাইট মিস !

বিপরীতে দৃষ্টি প্রখর করে রমনী । শুধোয়….

” ঘুম আসছে না তোমার ? মাথায় হাত বুলিয়ে দিই ?

আঁকুপাঁকু করে উঠলো বাচ্চাটা । এটাই বোধহয় চাইছিলো সে । মুখ ফুটে বলতে পারছিলো না কেবল । ভূমির আশকারা পেতেই তাৎক্ষণিক উপর নিচ মাথা দোলালো । স্মিথ হাসলো বিংশী রমনী ।
হাই তুলে উঠে বসলো বাচ্চাটার শিয়রের কাছে । অতঃপর ব্যাক বোর্ডে হেলান দিয়ে আধশোয়া হলো । আলগোছে হাত রাখলো মাথায় । চুলের ভাঁজে ধীরে আঙ্গুল চালানো আরম্ভ করতেই মিহাজ আয়েশ পেয়ে চোখ বুজে নেয় । সে একাই ঘুমায় বরাবর । মাঝে মাঝে ওয়াহিদা খান এসে ঘুম পাড়িয়ে যান ।
কেউ মাথায় হাত বুলিয়ে দিলে আরাম লাগে । এ বেলায় সেই আরাম পেলো ।

,,,,

রাত্রি এখন আড়াইটা প্রায় ।
এই মাঝরাতে আচানক ঘুম ভেঙ্গে যায় ওয়াহাজ খানের । আনচান করতে করতে ঘর থেকে বেরিয়ে করিডোরে পা রাখেন তিনি । ত্রম্ভ পায়ে ছুটে চলেন ছেলের ঘরের উদ্দেশ্যে ।
বক্ষ স্পন্দন জোড়ালো । হাঁসফাঁস অবস্থা হয়ে গেছে এক প্রকার । বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে ললাটের দু ধারে ।
বাইরে থেকে মিহাজের ঘরে লাইট অন দেখে ভ্রু কুঁচকে এলেও ধক্ করে ওঠেন আরো বেশি ।
হাতের কব্জিতে ওরনা পেঁচানো বাকি দিনগুলোর মতোই । তিনি সেটাকে চেপে ধরলেন মুঠিতে । হুড়মুড়িয়ে আলগা দরজা ঠেলে ঢুকলেন ঘরের ভেতর ।
মিহাজ ঘুমিয়ে আছে বেঘোরে । সবার আগে ছেলের উপর নজর পড়লো তার । ভরা আলোতে অক্ষত সন্তানকে দেখে নিমিষেই বুক ফুলিয়ে শ্বাস ফেললেন ভদ্রলোক । একহাত কোমরে ঠেসে অন্য হাতে কপাল দুধার চেপে ধরলেন ।
এই একটু আগেই বাজে দুঃস্বপ্নে বিগড়ে গেছিলি মাথাটা । ঘুম থেকে ধড়ফড়িয়ে উঠেই ছুটে এসেছেন সে কারনেই । এখন যেনো হাঁফ ছেড়ে বাঁচলেন । হালকা হলো বুক ।
চোখ মেলে পূর্ণ দৃষ্টিতে বিছানার দিকে তাকালেন আবার ।
এ বেলায় নজর পড়লো ছেলের শিয়রের কাছে । সেই ভূমি নামক মেয়েটা ব্যাক বোর্ডে হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছে । মাথাটা হেলে গেছে ডান দিকে । শরীর খানা প্রায় কাত হয়ে পড়ার উপক্রম । হাত তখনো মিহাজের চুলের ভাঁজে ।

ভদ্রলোক কপাল গুটিয়ে ফেললেন ।‌ এই মেয়ে এ ঘরে আছে, তা জানা ছিলো না । তিনি এক কদম দুই কদমে এগিয়ে যান ধীরে ধীরে । সেই মেয়ের দিক থেকে অবলিলায় দৃষ্টি সরিয়ে বিছানায় বসেন । ঝুঁকে ঘুমন্ত ছেলের কপালে চুমু খেয়ে মাথার এক ধারে হাত বুলিয়ে দেন । কব্জিতে বাঁধা ওরনা টা খুলে নিজের গলায় পেঁচিয়ে মিহাজের পানে তাকিয়ে মুগ্ধ হয়ে হাসেন । বেশ কিছুক্ষণ ছেলেকে পরখ করে ছেলের গায়ে কম্ফোর্টার জড়িয়ে দেন ভালোমতো । অতঃপর সরে আসেন প্রস্থানের জন্য ।

দরজার দিকে দুই কদম বাড়ি পিছু ফেরেন আবার । না চাইতেও দৃষ্টি তাক করেন ভূমির পানে ।
আশ্চর্য খাম খেয়ালি মেয়ে তো ! এভাবে আধশোয়া হয়ে কে ঘুমায় ? আরেকটু ডান কাত হলেই তো বিছানা থেকে ঠাস করে মেঝেতে পড়বে । কিছু হয়ে গেলে, কে নেবে তার দায়ভার ?
বিব্রত হয়ে মাড়ি খিচে নেন ওয়াহাজ খান । রাগে বিড়বিড় করেন….

” পন্ডিত কোথাকার । নিজে বেখেয়ালি, আর এসেছে আমার ছেলেকে খেয়েলি বানাতে !

বিড়বিড় করে এক পশলা রাগ দেখালেও ভদ্রলোক অবাধ্য হন নিজের । বিছানা ঘুরে মেয়াটার কাছে যান তিনি ।
হাত বাড়িয়ে ছুঁতে ছুঁতেও দমে যান অনুচ্চারিত দ্বিধায় । খচখচ করে ফিরিয়ে নেন প্রসারিত হাত ।

কিছু একটা ভেবে মেয়েটার কোমরের ডান পাশে দুটো কুশন গুঁজে দেন । যাতে এই মেয়ে পড়ে না যায় ।
অতঃপর পা বাড়ান প্রস্থানের জন্য । কয়েক কদম এগিয়ে ফের থামেন ভদ্রলোক । কি আশ্চর্য,, বারবার থেমে যাওয়ার কি আছে ? ফিরে তাকানোরই বা কি আছে আবার ? কি আছে, তা খুঁজলেন ! মেয়েটাকে খুঁটিয়ে দেখলেন তীক্ষ্ণ দৃষ্টিতে । মাঝ রাতের ঠান্ডায় কুঁকড়ে আছে ছিমছাম কায়া । গায়ে কম্ফোর্টার নেই ।
ফের বিব্রত হলেন তিনি । আসলেই বেখেয়ালি এই মেয়ে ! ঠান্ডা লেগে যাবে তো ? কদিন আগে জ্বর গেছে, ভুলে গেছে নাকি ?

ভদ্রলোক মাথা নাড়ালেন । ভেবেচিন্তে কাবাড থেকে নতুন একটা উষ্ণ চাদর বের করে নিয়ে আসলেন । অতঃপর খুব আলগোছে সযত্নে সেটা জড়িয়ে দিলেন এই বেখেয়ালি মেয়েটার গায়ে । এতেই যেনো উষ্ণতা পেলো রমনী । কুকড়ে যাওয়া শরীর খানা নড়েচড়ে উঠলো ।
ডান দিকে টলে পড়তে পড়তেও পড়লো না । নিজেকে সামলে মাথা ফিরিয়ে বাম দিকে কাত হলো । অবশ্য এই মেয়ে পড়ে গেলেও ধরতেন না ওয়াহাজ খান ।
তিনি সেকেন্ড কয়েক তাকিয়ে থেকে গটগট করে বেরিয়ে আসলেন ঘর থেকে ।

,,,,,,

সকালে ঘুম থেকে উঠেছে থেকেই কাঁধ সোজা হচ্ছে না ভূমির । রগে টান ধরে বাম দিকে বেঁকে গেছে এমন । চিনচিনে ব্যথা হচ্ছে । বাকি অর্ধেকটা রাত বাম কাত হয়ে ছিলো । ঘাড়ে টান ধরেছে তাই । সোজা হতে পারছে না কিছুতেই । আটটার আগে ব্রেকফাস্টে বসেছেন সবাই । স্কুলের জন্য মিহাজ পুরোপুরি তৈরি । ভূমিই ওকে রেডি করিয়েছে আজ ।
খাচ্ছে সবাই আপন মনে । তবে মেয়েটা পড়েছে বিপাকে । ঘাড় খানা বাঁকা । খাবার চিবুতে গিয়ে ঘাড়ের সাথে সাথে মাড়িতেও টান লাগছে । চিনচিন করে ব্যাথা হচ্ছে কাঁধে । ভেবেছিলো ঠিক হয়ে যাবে আপনা আপনি । কিন্তু হচ্ছে না কিছুতেই ।
কাউকে বলতেও পারছে না কিছু ।
ওকে স্যান্ডউইচ নাড়াচাড়া করতে দেখে নীলয় পূর্ণ ধ্যান দিলো । শুধালো খাওয়ার মাঝে…..

” ভূমিকা, খাচ্ছো না কেনো ?

ওয়াহিদা খান তাকান, সাথে দিশা । মেয়েটা অপ্রস্তুত হয় । বলে বোকা বোকা হেসে….

” খেতে ইচ্ছে করছে না !

” কেনো ? কিছুই তো খাওনি এখনো !

” না মানে,,, চিবুতে পারছি না । খাবো কি করে ?

” কেনো,,, দাঁতে পোকা ?

” উঁহু !

” তাহলে ? ব্রেড শক্ত ? নাকি দাঁতে শক্তি নেই । এজন্যই বলি, চুইংগাম খাও বেশি বেশি । যত চিবোবে, তত শক্তি বাড়বে ।

বলতে বলতে যুবক হেসে উঠলো শব্দ করে ।
কেউ পাত্তা দিলো না ওর হাসিতে । থতমত খেয়ে সে থেমে গেলো আপনা আপনি । ওয়াহিদা খান গুরুত্বর গলায় শুধোন….

” কি হয়েছে ভূমি ? এভাবে বাম দিকে কাঁধ বাঁকিয়ে রেখেছো কেনো ? কোনো প্রবলেম ?

” ওই আসলে কাল বাম কাত হয়ে শুয়েছিলাম তো,, তাই কাঁধ লেগে গেছে । মাথা সোজা করতে পারছি না । চিনচিন করে ব্যাথা লাগছে ।

ব্যথাতুর কন্ঠ তার । মুখো ভঙ্গিমাও তাই ।
ওয়াহাজ খান নিরুদ্বেগ । কাল রাতে এই মেয়েকে ওভাবে দেখার পর এমন কিছু যে হবে এটাই আন্দাজ করেছিলেন । আর সেটাই হলো । মনে মনে বিদ্রুপ করলেন তিনি ।
ওয়াহিদা খান উৎকন্ঠিত হন । খাওয়া ফেলে উঠে দাঁড়িয়ে মেয়েটার কাঁধ ডলে মালিশ করে দেন আলগোছে । ব্যাথা লাগে এতে । কুকিয়ে ওঠে রমনী ।
দিশা আর নীলয় ও ব্যস্ত হলো ।
ভূমি থতমত খেয়ে যায় সবার এহেন উদ্বিগ্নতা দেখে । এ তো সাধারণ ব্যাপার । এতো বিচলিত হওয়ার কিছু নেই । খালি ঝামেলা বাড়িয়ে সবাইকে চিন্তায় ফেলে দেয় এই মেয়ে ।
সবার মাঝে কেবলই সাবলীল ওয়াহাজ খান । তিনি খাওয়া শেষে হাত ধুয়ে আসলেন । সোফার দিকে এগোতে এগোতে হাঁক ছাড়লেন ভারিক্কি গলায়….

” দিশা,, তাকে এদিকে আসতে বলো !

দিশা ইশারা দেয় । ভূমি ভ্যাবাচ্যাকা খায় আরো বেশি । এই লোক আবার কি করবেন ?
ওয়াহিদা খান ও ইশারা দিলেন । ততক্ষণে ভদ্রলোক খবরের কাগজ হাতে নিয়ে পায়ে পা তুলে বসেছেন সোফায়‌ । ভূমি গুটি গুটি পায়ে এগিয়ে সামনে দাঁড়ায় । মিনমিন করে…..

” জি মামা,, ডাকলেন কেনো ?

” ঘাড় মটকাবো তাই ! খালি আরেকবার মামা বলে ডেকেই দেখো !

তার কন্ঠ ক্ষুব্ধ । রুষ্ট দৃষ্টি খবরের কাগজের ভাঁজে আবদ্ধ । ভূমি এহেন কঠিন রসিকতায় কেশে ওঠে খুক খুক করে । লোকটার গুরুগম্ভীর ভঙ্গিমা দেখে মুখ বাঁকায় আড়ালে আবডালে । ততক্ষণে লোকটা আদেশ ছুড়েছেন….

” জোর খাটিয়ে ডান দিকে ঘাড় ফেরাও !

তাই করলো মেয়েটা । এতে বাঁ দিকে টান লাগলো একটু । ভদ্রলোক আবার বললেন,,, এ বেলায় কন্ঠ নরম….

” বাম দিকে ঘাড় কাত করো এবার ।

তাও শুনলো রমনী ।
একই ঘটনার পুনরাবৃত্তি করলো বেশ কবার । লোকটার কথা শুনে ডান বামে ঘাড় কাত করতে করতে আকস্মিকই কাঁধের নিকট কচাৎ করে কিঞ্চিত ব্যাথা পেলো । দাঁত চেপে মৃদু কুকিয়ে উঠলো সহসা ।
দিশা হকচকিয়ে যায়….

” লাগলো ?

ভূমি নিজে বোঝার চেষ্টা করলো আগে । কাঁধে টান লাগছে না আর । মেয়েটা উৎফুল্ল হয়ে দুদিকে মাথা ঝাঁকায় সন্দিহান হয়ে । ব্যাথা লাগে না । লাফিয়ে ওঠে রমনী….

” দিশা, আর লাগছে না তো । মাথা নাড়াতে পারছিলাম না একটু আগেও । এখন দেখ, ঠিক হয়ে গেছে ।
ওওও মা…., না মানে, এমপি সাহেব থ্যাংক ইউ । আপনার তো ডক্টর হওয়া উচিত ছিলো । এমপি হলেন কি করে ?

লোকটা কানে নিলেন না কিছুই । রাগে মাড়ি খিচলেন । এই মেয়েটাকে অজ্ঞাত কারনেই অসহ্য লাগে । অসহ্য কিনা জানা নেই,, তবে সংজ্ঞা টা বোধহয় অসহ্যই হবে ।
নিজেকে দমিয়ে তিনি নিউজপেপার নামালেন হাত থেকে । কব্জিতে বাঁধা ঘড়ির দিকে তাকালেন । সময় দেখে কঠিন গলা তুলে ডাকলেন ছেলেকে….

” মিহাজ, ব্যাগ নিয়ে এসো । লেইট হয়ে যাচ্ছে ।

ডেকেই উঠে দাঁড়ালেন ভদ্রলোক । টান টান সাদা পাঞ্জাবির উপর কালো রঙা একটা ওয়েস্টকোট পড়ে নিলেন । সোফার উপরেই ছিলো এটা ।
একজন স্টাফ উপর থেকে তড়িঘড়ি করে মিহাজের স্কুল ব্যাগ নিয়ে আসে । এখন ওয়াহাজ খান ছেলেকে নিয়ে বেরোবেন স্কুলের উদ্দেশ্যে ।
ভূমি কিছু একটা ভাবলো । উদ্বিগ্ন হয়ে বললো….

” এমপি সাহেব,, আপনি তো বাইরেই যাচ্ছেন । আমাকে মেইন রোডে নামিয়ে দেবেন প্লিজ ? হস্টেলে ফিরতে হবে আমায় ।

প্রেক্ষিতে মুখ খোলে দিশা…..

” আজ তো ভার্সিটি নেই ভূমি । বিকেলে আবার ভাইকে পড়াতে আসবি ? তার চেয়ে বরং থেকে যা । ভাইকে পড়িয়ে বিকেলের পর ফিরে যাস । এখন হস্টেলে ফিরে কি করবি আর ? সেই তো আসতেই হবে আবার ।

ভূমি মুখখানি চুপসে নেয় । বলে স্বাভাবিক কন্ঠে….

” আমি আজ আর আসতে পারবো না দিশা । আব্বু আসবে আমাকে দেখতে । দুপুর হতে হতেই চলে আসবে বলেছে । আজ বোধহয় মিহাজ কে পড়াতে পারবো না । আমার ছুটি চাই একটা দিন । নানু, আমি কিন্তু আজ আসতে পারবো না । কিন্তু চিন্তা করবেন না,, একদিনের গ্যাপে মিহাজের এই পড়াগুলো আমি ঠিক ম্যানেজ করে নেবো । আজ অন্তত ছুটি দিন ।

ওয়াহিদা খান পরিপাটি হাসলেন…..

” এভাবে বলছো কেনো ভূমি ? যাও তুমি । তোমার বাবা আসবে শুনে খুশি হলাম । তাকে সময় দাও । আজ আসতে হবে না তোমায় ।

ভূমি পুলকিত হয় ।
ওয়াহাজ খান কিচ্ছুটি বলেন নি ওকে ।
তিনি ছেলেকে নিয়ে বেরিয়ে এসেছেন । পিছু পিছু ছুটে আসলো রমনী । গাড়ির দরজা ঠাস করে খুলে উঠে বসলো পেছনের সিটে । মিহাজ দুজনের মাঝে । আজ সাথে ভূমিকে পেয়ে ভারী উল্লাস জাগছে মনে মনে ।
ওয়াহাজ খানের দৃষ্টি জানালার বাইরে । কঠিন ভঙ্গিতে বসে আছেন তিনি । মিহাজ ভূমির বাহু চেপে ফিসফিস করে গল্প পেতেছে । মেইন রোডে উঠেই গাড়ি থামাতে বললো রমনী । বিপরীতে ওয়াহাজ খানের নির্দেশ ব্যাতীত ড্রাইভার তোয়াক্কাই করলেন না মেয়েটার কথা । ভদ্রলোক ও গাড়ি থামাতে বললেন না কিছুতেই ।
ভূমি পিটপিট করে তাকালো ওয়াহাজ খানের দিকে । অবশ্য যে পথে এগোনো হচ্ছে, সেটা ওর হোস্টেলের পথ । মিহাজের স্কুল পড়ে পথের মাঝেই । তাই আর হাঁকপাক করলো না রমনী । বসলো স্থির হয়ে ।

স্কুলের সামনে গাড়ি থামে প্রথমে । ওয়াহাজ খান নেমে দাঁড়ান । মিহাজ নামার আগে ভূমির হাত চেপে ধরলো । মায়া ভরা কন্ঠে বললো মিনমিন করে…..

” মিস, আজ পড়াতে আসবে না, মিস করবো তোমায় !

রিনরিনে শব্দে মুচকি হাসে রমনী । বাচ্চাটার মাথার চুল গুছিয়ে দিয়ে দু গালে হাত রেখে বলে মোলায়েম কন্ঠে…

” আজ বেশি বেশি করে মিস করে নাও, কাল আমি তাড়াতাড়ি পড়াতে আসবো । যেসব হোমওয়ার্ক দিয়েছি, সব শেষ করবে ওকে ? স্কুলের হোমওয়ার্ক ও শেষ করবে গুড বয়ের মতো । ওকে সোনা ! দেরি হয়ে যাচ্ছো এখন । বায়….

বলেই আদর করে চুমু খেলো বাচ্চাটার কপালের মাঝখানে ।
ওয়াহাজ খান তাৎক্ষণিক বাঁকা দৃষ্টি কুঁচকে ফেললেন । বিব্রত হলেন কিছুটা । মিহাজ নেমে আসে ।
বাকি দিনগুলোর মতো ছেলেকে স্কুলের গেইট পার করিয়ে ভেতরে ঢুকিয়ে দেন ওয়াহাজ খান ।
অতঃপর ফিরে আসেন গাড়ির নিকট । ঝুঁকে ভেতরে ঢুকে বসতে গেলে কুঁচকে আসে কপাল । এই মেয়ে এখনো বসে আছে ? কি আশ্চর্য,, এটুকু পথ তো হেঁটেও যাওয়া যায় । সুবিধা দিচ্ছে তো বাড় পাচ্ছে এই মেয়ে । কিছু না বললেও কিঞ্চিত রাগে ফোঁস করে শ্বাস পড়লো গুরুগম্ভীর লোকটার বুক চিরে । উঠে বসলেন তিনি । ড্রাইভার কে আদেশ করলেন ভারি গলায়…..

” সামনের মোড়ে তাকে নামিয়ে দিও ।

গাড়ির ইঞ্জিন চালু হলো কি হলো না, চাকায় ঘর্ষণ ওঠার আগেই চেঁচিয়ে উঠলো ভূমি…..

” এই দাঁড়ান ।

হকচকিয়ে যান ড্রাইভার । ঘাড় ফিরিয়ে পিছনে তাকান । ভূমি জানালা ভেদে বাইরে গলা বের করেছে ততক্ষণে, অনতিবিলম্বে এ বেলায় বাইরে কাউকে উদ্দেশ্য করে চেঁচালো….

” ও মিঠাই ওয়ালা মামা,, এই যে এদিকে আসুন !

সহসা কপাল কুঁচকে যায় ওয়াহাজ খানের । এ আবার বাইরে কাকে মামা ডাকে ? ভাবতে গিয়ে আপনা আপনি দাঁতে দাঁত চেপে বসলো ।
ভূমির ডাক পেয়ে তড়িঘড়ি করে গাড়ির কাছে তেড়ে আসলেন এক মধ্য বয়স্ক ফেরিওয়ালা । হাতের লম্বাটে বাঁশে শতাধিক কটন ক্যান্ডি ঝোলানো ।
আলো ফুটতেই এই সবে বিক্রি বাট্টার জন্য বেরিয়েছেন বাইরে । প্রথম খোদদের পেলেন ভূমিকে । এক গাল হাসি চোয়ালে ঝুলিয়ে বললেন……

” মিঠাই কিনবা মা ?

রমনী উশখুশ করে উপর নিচ মাথা ঝাঁকায় ।
হাওয়াই মিঠাই তার বড্ড প্রিয় । দেখতেই লোভ লাগছে । স্বচ্ছ পলিথিনের ভেতরে মোড়ানো গোলাপি আর সাদা রঙের ফুরফুরে তুলোর ন্যায় আভা । ঠিক যেনো পালকের ন্যায় হালকা শরতের শুভ্র মেঘ বাঁধা হয়েছে সরু বাঁশকাঠির ডগায় । জিভে ছোঁয়ালেই মিষ্টতা ছড়িয়ে মিলিয়ে যাবে শব্দহীন ।
ভূমি ধৈর্য রাখতে পারে না । ঢোক গিলে বলে,,

” মামা, আমাকে দুটো দিন ।

তাই করলেন মিঠাই ওয়ালা । সাদা, গোলাপি মিলিয়ে দুটো মিঠাই রমনীর দিকে বাড়িয়ে দিয়ে বললেন,,,

” কুড়ি টাকা হয়েছে মা !

ভূমি তড়িঘড়ি করে ব্যাগে হাত ঢোকালো ।
খুঁজলো কিছু একটা । না পেয়ে কুঁচকে আসলো কপাল । এই রে, ছোট পার্স টা কোথায় ? বড় ব্যাগে তো টাকা নেই । রমনী ভড়কে গিয়ে চট জলদি গোটা ব্যাগে হাত চালালো । ছোট টাকার ব্যাগ টা খুঁজে পেলো না ।
সেটা কোথায় ? হোস্টেলে আছে, নাকি খান বাড়িতে ফেলে আসলো ? এই ব্যাগে তো নেই ।
চিন্তায় মাথায় হাত তোলে রমনী । জিভে কামড় বসায় । সেই ব্যাগে টাকা ছিলো অনেক । ওয়াহিদা খানের দেওয়া সাত হাজার টাকার এক টাকাও খরচ করেনি এখনো । গোটা টাকাটাই আব্বলে রেখেছে । কিন্তু সেই পার্সটা কোথায় গেলো ? এই বড় ব্যাগটার ভেতরেই তো থাকে সর্বদা । এখন কি করবে ? গা চিনচিন করে উঠলো রমনীর । হস্টেলে দেখতে হবে আগে । হয়তো বেখেয়ালে রুমেই ফেলে রেখেছে ।
ওই পার্সে আরো কিছু জিনিস ছিলো । ভূমি টাকার চিন্তা না করলেও সেসবের চিন্তায় আনচান করে উঠলো ।

ঢোক গিলে পিটপিট করে ঘাড় ফিরিয়ে তাকালো পাশে । ওয়াহাজ খানের মনযোগ ফোনে । রমনী ডাকলো না । কাছে টাকা না থাকায় ইতস্তত হয়ে মিঠাই দুটো ফিরিয়ে দিয়ে মিনমিন করলো নিচু স্বরে……

” মামা,, রেখে দিন । আমি টাকা খুঁজে পাচ্ছি না । পরে একসময় কিনে নেবো, কেমন ?

মিঠাই ওয়ালার মুখখানি চুপসে এলো তৎক্ষণাৎ । কথা বাড়ালেন না তিনি । ভেতরে ওয়াহাজ খান আছেন, এটা নজরে পড়ে নি । তিনি মিঠাই ফিরিয়ে নিয়ে পা বাড়ালেন । এদিকে হাত কচলালো রমনী । ইশশ্, একদিকে পার্সের চিন্তা । অন্যদিকে কতদিন কটন ক্যান্ডি খাওয়া হয় না । আজও হাতছাড়া হলো । জানালা ভেদে লোলুপ দৃষ্টিতে চেয়ে রইলো কেবল । আকস্মিক কানে বাজলো এমপি সাহেবের ভারিক্কি কন্ঠ…..

” ড্রাইভার,, গাড়ি রিভার্সে নাও ।

আদেশ তামিল হলো । মিঠাই ওয়ালা দূরে যাওয়ার আগেই গাড়ির গতি মিললো তার পায়ের সাথে । ওয়াহাজ খান ডাকলেন গলা বাড়িয়ে……

” এক্সকিউজ মি,,

ডাক পেয়ে স্বয়ং ওয়াহাজ খানকে দেখে হতচকিত হয়ে যান মধ্য বয়স্ক লোকটি । চোখ ডলে সন্দেহ কাটান তিনি ।

” খা..খান সাহেব ?

” জি, এগুলোর দাম কত ?

” দশ টাকা কইরা !

” দুটো দিন ।

তড়িঘড়ি করে সেই একই হাওয়াই মিঠাই দুটো বাড়িয়ে দিলেন তিনি । ওয়াহাজ খান বিরতি নিয়ে ওয়ালেট থেকে একটা কড়কড়ে পাঁচশত টাকার নোট বের করে বাড়িয়ে দেন । তাৎক্ষণিক নাকোচ করেন লোকটি…..

” আমার কাছে তো খুচরা নাই খান সাহেব । সবে পসরা সাজাইয়া বাইর হইলাম । সারা দিনেও পাঁচশ টাকা বেচবার পারমু না । আপনের কাছে খুচরা না থাকলে টাকা দেওন লাগবো না । আমার তরফ থাইকা আইজ মিঠাই দুইটা রাইখা দেন আপনি । পরে একদিন না হয় টাকা দিয়া দিয়েন ।

ওয়াহাজ খান মৃদু হাসেন । টাকাটা বাড়িয়ে দিয়ে বলেন…..

” আপনাকে খুচরো দিতে হবে না । আমার তরফ থেকে গোটাটাই রেখে দিন আজ । অন্য আরেকদিন আবার মিঠাই নেবো না হয় ।

খুশিতে চিকচিক করে উঠলো লোকটার চোখ দুটি ।
বড্ড রেহাই পেলেন যেনো । কৃতজ্ঞতা প্রকাশের ইয়ত্তা রাখলেন না ।
গাড়ি স্টার্ট হয় আবার । ভূমি বিষ্ময়ে হতবিহ্বল হয়ে বসে আছে । চেয়ে রয়েছে ভ্যাট ভ্যাট করে । না তাকিয়েও ওর দৃষ্টি ঠিক অনুমান করতে পারলেন ওয়াহাজ খান । হাতের মিঠাই দুটো বাড়িয়ে দিলেন,, সংক্ষিপ্ত শব্দ আওড়ালেন হীম শীতল কন্ঠে,,

” নাও !

ভূমি নড়েচড়ে ওঠে । ঘন পলক ঝাপটে হতবিহ্বলতা কাটায় । হাতে নেয় মিঠাই দুটো । ঠোঁট ফাঁক করে বিড়বিড় করে…..

” থ্যাংক ইউ মামা !

তাৎক্ষণিক রেগে অগ্নি দৃষ্টিতে তাকান ওয়াহাজ খান । ক্ষুব্ধ দৃষ্টিতে দৃষ্টি মিলতেই ভ্যাবাচ্যাকা খায় ভূমি ‌। নিজের অধরে দাঁত বসি সম্বন্ধ শুধরে নেয়….

” স্যরি,, এমপি সাহেব !

,,,,,

বিকেলে চায়ের টং দোকানে আড্ডা বসেছে বেশ কিছু ছেলেপেলের । বখাটে নয় ওরা, তবে বাউন্ডুলে প্রত্যেকে ।
তাদের মাঝে নীলয় ও আছে । রোজকার ন্যায় আড্ডা জমিয়েছে বন্ধুদের নিয়ে । এটাই ওদের আড্ডা খানা ।

ওদের দলে হাঁক ছেড়ে গান ধরেছে #তূর্য । বাকিরা ঢোল পেটানোর ন্যায় এখানে ওখানে হাত পিটিয়ে বাজনা তুলছে । মজে উঠেছে আশপাশ । এদিকটায় অনেক স্ট্রিট ফুডের দোকান । ফুচকা, ভেলপুরি সব । রাস্তার ওধারে বোধহয় ফুসকা ।
নীলয়ের চোখ আকস্মিক আছড়ে পড়লো রাস্তার ওপারে । দৃষ্টি আটকে কুঞ্চিত হলো অগত্যা ।
স্বল্প চেনা একটি মুখ । যুবক দৃষ্টি প্রখর করে সন্দেহ কাটায় । নাহ্, ঠিক চিনেছে সে । এটা তো ঐ মেয়েটাই । কি যেনো নাম ? অথৈ !
মনে পড়তে বেগ এলো না । মেয়েটা বকবক করতে করতে ফুসকা খাচ্ছে । সাথে আরো একটা মেয়ে ।
নীলয় দাঁড়িয়ে যায় তড়াক করে । এই মেয়েটার সাথে আবার দেখা হলো তার । আজ তো কৈফিয়ত নিয়েই ছাড়বে ‌। যুবক না থেমে পা বাড়ায় রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে ।
আড্ডায় ভাটা পড়তেই ডেকে ওঠে #রূপম…..

” এই নীলয়,, কোথায় যাচ্ছিস ? আরে নতুন একটা গান ধর এবার !

” তোরা বস, আমি আসছি ।

বলেই মুখ থেকে চুইংগাম ছুড়ে ফেললো । হন্তদন্ত কদম বাড়িয়ে একেবারে থামলো রাস্তার ওপারে । ঠিক অথৈ এর সামন বরাবর । সবে মুখে একটা গোল ফুসকা পুরেছে ঊনবিংশী, এমতসময় চোখের সামনে এই যুবকের কটমট মুখখানা ভেসে উঠতেই খুকখুক করে কেশে উঠলো মেয়েটা । মুখ থেকে উগলে বের করে দিলো ফুসকাটা । কাশি থামাতে তড়িঘড়ি করে পানি খেলো দু ঢোক । দাঁড়িয়ে গিয়ে গোল গোল নেত্রে নীলয়কে দেখে আমতা আমতা করলো সে নিজেই…..

” হ…হায় নীলয় ভাইয়া,, কেমন আছেন ?

যুবকের নিরেক মুখো ভঙ্গিমা । শক্ত মাড়ি । ঝেড়ে উঠলো সে…..

” ইয়্যু ! এই, কে তুমি ? আজ আবার পেয়েছি তোমায় ! আর ছাড়ছি না । বলো,,, হু আর ইউ ? আমাকে চেনো কি করে তুমি ?

অথৈ এর সাথে ওর বান্ধবী #ঝুমা আছে । সে তাকালো নীলয়ের দিকে । না বুঝে অথৈ কে শুধালো….

” কি রে অথৈ ? এটা কে ?

দৃষ্টি কুঁচকে নেয় নীলয় । এই মেয়েটা নামের ক্ষেত্রে মিথ্যে বলেনি তাহলে । আসলেই ওর নাম অথৈ । যুবক ধমকে উঠলো ঝুমার উদ্দেশ্যে….

” হেয়য় ইউ,, এটা তোমার বান্ধবী ? কি তার পরিচয় ? কে ও ? শুনলাম, ও ফেইল করেছে বায়োলজিতে ! সত্যি তো ?

” এতো কিছু জিজ্ঞেস করছেন কেনো ভাইয়া ? তার মানে ওর সাথে আপনারই বিয়ের কথা চলছে তাই না ? ফেইল করেছে শুনলে বিয়ে করবেন না ? অথৈ তো বিয়ে করতেও চায় না । ফেইল করেছে তো কি হয়েছে ? পরের বার পরীক্ষা দেবে আবার । একটা সাবজেক্ট, কোনো ব্যাপার না । আপনাকে বিয়ে করতে হবে না ওকে । আমার বান্ধবী বিয়ে করবে না এখন, বুঝলেন ?

ভ্যাবাচ্যাকা খায় নীলয় । কিসের বিয়ে ?
অথৈ মুখ টিপে হেসে ওঠে । কনুই দিয়ে গুতো মারে ঝুমাকে । ফিসফিস করে….

” আরে চুপ কর । এটা ঐ ছেলেটা নয় । এটা তো নীলয় ভাইয়া ।

” নীলয় ভাইয়া ? সেটা আবার কে ? তোর যে এতো সুন্দর ঝুটি ওয়ালা কাকাতুয়া একটা ভাইয়া আছে, আগে বলিস নি তো ?

এহেন বোকা কথায় কন্ঠ চিপে ঝেড়ে উঠলো ঊনবিংশী…..

” ঝুমা,, এটা আমার নিজের ভাইয়া নয় । আমার তো কোনো ভাই নেই । জানিস না বলদ ?

” তাহলে ভাইয়া বলে ডাকলি কেনো ?

এই দুটো বলদের কথার মাঝে তপ্ত স্বরে ঝেড়ে ওঠে নীলয়….

” ওওও শাট আপ ! এই ক্ষ্যাপী,,, চুপচাপ আমার প্রশ্নের উত্তর দাও,, জাস্ট বলো, তুমি আমাকে চেনো কি করে ? কে তুমি ? বাসা কোথায় তোমার ? সেদিন আমার সাথে ইন-টেনশনালি নাটক করেছো ?

অথৈ মাথা নাড়ে না বোধক । লাস্ট একটা ফুসকা ছিলো প্লেটে । সেটা চটজলদি মুখে পুরে নিলো । এক কদম পিছিয়ে চিবুতে চিবুতে অস্পষ্ট স্বরে বলল….

” আমি আপনাকে চিনি ভাইয়া ! সব জানি ।
তবে আমাকে চিনতে আসবেন না । পুরনো ঘা জেঁকে উঠবে । আমি চাইছি না তেমন কিছু হোক ।

আঁখি লতা কুঁচকে জড়ো করে নীলয় । বড্ড রাগ ওঠে । কে এই মেয়ে ? নীলয় কে চিনলো কি করে ? সে অধৈর্য হয়ে পড়লো সবটা জানার জন্য ।
দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে কদম বাড়ালো মেয়েটার দিকে…..

” ইউ স্টুপিড গার্ল,,, হেঁয়ালি করছো কার সাথে হ্যাঁ ? আমাকে রাগিও না, মেয়ে ? চেনো না তুমি আমায়,, তোমার নারী নক্ষত্র বের করতে দু সেকেন্ড সময়ও লাগবে না আমার । ভালো চাও তো নিজে বলো, কে তুমি ? জীবনেও দেখিনি তোমায় ! তাহলে তুমি আমাকে চেনো কি করে ?

” চিনি, চিনি, আপনার যে কালো রং পছন্দ এটাও জানি । আর আপনাকে এখন লম্বা চুলে বেশ ভালোই লাগে ভাইয়া । আগেও লাগতো । তবে এখন একটু অন্যরকম লাগে । বাই দ্যা ওয়ে, আপনি কিন্তু খুব ভালো গান গাইতে পারেন ভাইয়া । এভাবে ভবঘুরে হয়ে না ঘুরে একটু খেয়ালি হতেও পারেন নিজের প্রতি ।

আশ্চর্য হতে ভুললো না যুবক ।
এই মেয়ে ওর কন্ঠের গান শুনলো কোথায় ? সে তো গান গায় না বহুদিন । কালো রংটাও আর পছন্দ করে না । কিন্তু এসব তো এর জানার কথা নয় ।
জড়বুদ্ধতা কাটাতে বেগ পেলো যুবক । সূচালো দৃষ্টিতে তাকিয়ে রইলো মেয়েটার দিকে । মেয়েটা ঠোঁট টিপে হাসছে । পেছাতে পেছাতে ঝুমাকে টেনে নিলো নিজের সাথে । পাশেই একটা কালো চার চাকা দামী গাড়ি দাঁড়িয়ে । মেয়েটা সেই গাড়ির পাশে দাঁড়িয়ে চেঁচিয়ে বললো ফুসকা ওয়ালার উদ্দেশ্যে…..

” এক্সকিউজ মি মামা,, বিলটা নীলয় ভাইয়া দিয়ে দেবে । যদি না দেয়, তাহলে বাকির খাতায় লিখে রাখবেন । আমি নেক্সট টাইম দিয়ে দেবো ।

বলেই ঝুমাকে টেনে চটজলদি উঠে বসলো গাড়ির ভেতর । নীলয় তেড়ে যেতে যেতেই গাড়ি স্টার্ট হয় ।
পেছনেই দমে যায় যুবক । মুঠিয়ে নেয় হাত । এলোমেলো হয়ে যায় মাথাটা । কে এই মেয়ে ? আবার ওকে ঘোল খাওয়ালো ? বড় প্রশ্ন, ওর বিষয়ে এতো কিছু জানলো কি করে এই মেয়ে ?
ভাবনার মাঝে নীলয়ের বন্ধুরা ওর কাছে আসলো । সব দেখেছে ওরা । তবে শোনেনি কিছু । তূর্য শুধোয় গাড়িটার দিকে তাকিয়ে….

” নীলয়,, কে ওই মেয়েটা ? চিনিস ? কি কথা বলছিলি ওর সাথে ?

যুবকের পাল্টা নিরেট প্রশ্ন…..

” তোরা চিনিস ওকে ? দেখেছিস কখনো ? ওর হিস্ট্রি চাই আমার ! আমার হিস্ট্রি ও জানলো কি করে, সেটাও জানতে চাই ।

এই মেয়েটাকে দেখেনি কেউ । চেনেও না ।
নীলয় ফুসকা ওয়ালার কাছে যায় । দাঁতে দাঁত চেপে শুধোয় চোখ রাঙিয়ে…..

” ওই মেয়েটা কে ? চেনেন ওকে ? রোজ আসে আপনার দোকানে ?

ফুসকা ওয়ালা ঘাড় উঁচিয়ে দায়সারা ভঙ্গিতে জবাব করলেন…..

” রোজ আসে না । চিনিও না তেমন । তয় মাঝে মাঝে বড় গাড়ি কইরা ফুসকা খাইতে আসে ।

” তার মানে চেনেন না ওকে ?

” না তো । তয় মনে হয় ইশরাক পরিবারের কেউ হইবো হয়তো !

নীলয়ের কপালে বিস্তর ভাঁজ পড়ে ।

” ইশরাক পরিবার মানে ?

” আরে ওই নাভিদ ইশরাক আছে না ? এইবার ভোটে দাঁড়াইছে যে ! ওনার লগে এই মাইয়ারে দেখছিলাম একবার ।

নীলয় শক্ত চোয়াল ধরে রাখতে পারলো না ।
আকস্মিক ঝুলে এলো । নাভিদ ইশরাক ? ইশরাক পরিবারের মেয়ে এটা ? সে যাই হোক, কিন্তু নীলয়ের বিষয়ে এতো কিছু জানলো কি করে ? যুবকের জানা মতে ইশরাক পরিবার তো ওয়াহাজ খানের জাত শত্রু । ওর বড় ভাইয়ের জাত শত্রু । নির্বাচনে দ্বন্দ্ব আছে জোড়ালো ! নীলয় রাজনীতি বোঝে না, মানে না । বড় ভাইয়ের পরিচয়ে চলেও না । তাহলে সেই শত্রু ঘরের মেয়ে নীলয় কে চেনে কি করে ?

🛑 অনেক বড় পর্ব । রেসপন্স করবেন বেশি বেশি । এবার থেকে তাড়াতাড়ি গল্প দেওয়ার চেষ্টা করবো । 🛑

#চলবে…….

‌সবার আগে গল্প পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন –
https://www.facebook.com/profile.php?id=61573190526952

আমার দ্বিতীয় পেজ –
https://www.facebook.com/profile.php?id=61592014116463

আমার গল্প সমন্ধিত আলোচনার জন্য এই গ্রুপে জয়েন হয়ে যান ।
https://facebook.com/groups/1128858822116177/

Share On:

TAGS: ,



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 

0 Responses

Leave a Reply