#কালারব্লাইন্ড — ২১
#সোফিয়া_সাফা
“তুমি কি নিশ্চিত, আমি সারারাত আমার প্রেমিকার সঙ্গে ছিলাম?”
রঞ্জকের শীতল কণ্ঠের প্রশ্নে সহজাত প্রবৃত্তিতেই দৃষ্টি নামিয়ে নিল আলতা। এই প্রসঙ্গে কোনো কথা বলবে না বলেই মনস্থির করেছিল সে। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে সংযত রাখতে পারল না।
“প্রেমিকা যখন আছে, তখন নিশ্চয়ই তার সঙ্গেই ছিলেন।”
রঞ্জক খানিকটা ঝুঁকে আলতার দিকে এগিয়ে এল।
“আমার প্রেমিকা আছে, এটা তোমাকে কে বলেছে?”
রঞ্জকের এগিয়ে যাওয়ার বিপরীতে আলতা শরীরটা পেছনের দিকে হেলিয়ে নিল।
“যে বলেছে, বলেছে। তা জেনে আপনি কী করবেন?”
“একজন স্টকারকে যা করা উচিত।”
“ইস-টক… মানে?”
“মানে, যে একজন মানুষের পেছনে লেগে থাকে। কোথায় যায়, কী করে, কার সঙ্গে মেশে—সবকিছুর খোঁজখবর রাখে।”
“তাহলে কি আপনার প্রেমিকার বিষয়টা প্রকাশ্যে আনার জন্য তাকে শাস্তি দিতে চাইছেন?”
রঞ্জক কোনো উত্তর দিল না। কেবল তাকিয়ে রইল আলতার দুই ভ্রুর মাঝখানে থাকা ছোট্ট তিলটার দিকে। এতদিন দূর থেকে যেটাকে টিপ ভেবে এসেছে, আজ দীর্ঘ বিড়ম্বনার পর হঠাৎ তার উপলব্ধি হলো, ওটা টিপ নয়; তিল।
“আপনার তো খুশি হওয়ার কথা। যে সত্যিটা আমাকে আপনার সবার আগে জানিয়ে দেওয়া উচিত ছিল। সেই সত্যিটা আপনার হয়ে অন্য কেউ আমাকে জানিয়ে দিয়েছে।”
আলতার রিনরিনে কণ্ঠে বলা কথাটা শুনে রঞ্জক সোজা হয়ে আগের অবস্থানে ফিরে গেল।
“এই যে তুমি আমার সামনে বসে এত কথা বলছ, জানো আমি তোমার কী হাল করতে পারি?”
আলতা চোখ তুলে তাকাল রঞ্জকের দিকে।
“আপনি কেন আমাকে কিছু বলবেন? আমি তো আপনাকে শুরু থেকেই মুক্তি দিতে রাজি। এটা জেনেও কেন ক্ষোভ ঝাড়বেন আমার ওপর?”
“সেটাই তো! আজ বুঝতে পারছি, ডিভোর্স পেপারে সাইন করার জন্য তুমি আমার চেয়েও বেশি এক্সাইটেড। খুব শখ ডিভোর্সি হওয়ার? আদৌ জানো তো, একটা ডিভোর্সি মেয়েকে কত প্রতিকূলতার মুখোমুখি হতে হয়? সমাজের লোক তাকে কোন চোখে দেখে, সে সম্পর্কে কোনো ধারণা আছে? নেই। থাকলে ডিভোর্সি হওয়ার জন্য এভাবে লাফাতে না।”
কথাগুলো আনমনে বলতে বলতে ফার্স্ট এইড বক্স থেকে তুলো বের করছিল রঞ্জক। আলতা কিছুক্ষণ থম মেরে বসে থেকে প্রত্যুত্তরে বলল, “তা হয়তো জানি না, কিন্তু ধর্ষিতাদের সমাজের লোক কোন চোখে দেখে, সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। তাই এসব আমার কাছে নতুন কিছু নয়।”
কথাটা শুনে বিস্ফারিত চোখে আলতার দিকে তাকাল রঞ্জক। কয়েক সেকেন্ডের মধ্যেই তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। অকস্মাৎ আলতার পা ধরে টান দিতেই সে চিত হয়ে মেঝেতে আছড়ে পড়তে যাচ্ছিল। তার মুখ ফসকে বেরিয়ে এল, “আহ্!”
শেষ মুহূর্তে কোনোমতে মেঝেতে কনুই ঠেকিয়ে নিজেকে সামলে নিল আলতা। যদিও তাতে কনুইয়ে আঘাত পাওয়া থেকে রেহাই পেল না।
রঞ্জক দাঁতে দাঁত পিষে রুক্ষ হাতে আলতার পায়ের ওপর থেকে শাড়ি সরিয়ে ফেলল।
“কী করছেন এসব? আপনি আমার সঙ্গে এমনটা করতে পারেন না। ছাড়ুন, ছেড়ে দিন বলছি।”
বলতে বলতেই বাম পা দিয়ে এলোপাতাড়ি লাথি ছুড়তে লাগল আলতা।
কয়েকটা লাথি রঞ্জকের বুকের ওপর আঘাত হানলেও সে আলতার ডান পা ছাড়ল না। ফর্সা পায়ের ওপর থেকে শাড়ির আবরণ সরে যেতেই দৃশ্যমান হলো পুরোনো কিছু নখের আঁচড় ও বিশ্রী ক্ষতচিহ্ন। বিস্ময়ে বড় বড় হয়ে গেল রঞ্জকের চোখ।
এদিকে পা দুটো শাড়ির নিচে ঢাকা থাকায় সেখানে মেকআপ করার প্রয়োজনীয়তা অনুভব করেনি আলতা। কে জানত, লোকটা এভাবে নিজের সীমা ছাড়িয়ে যাবে!
অজানা আশঙ্কায় আলতার মাথা এলোমেলো হয়ে গেল। নিজেকে রক্ষা করার তাগিদে এক ঝটকায় উঠে বসে বাঁ হাত দিয়ে ঠাস করে রঞ্জকের গালে চড় বসিয়ে দিল সে।
থাপ্পড় খেয়ে রঞ্জকের হাতের বাঁধন আলগা হয়ে এল। ছাড়া পাওয়া মাত্রই আলতা উঠে দাঁড়িয়ে দিশেহারা পায়ে ছুটে গেল দরজার দিকে। কিন্তু দরজাটা খুলতে পারল না। পরিস্থিতির আকস্মিকতায় আলতার হাত-পা ঠান্ডা হয়ে এল। এদিকে রঞ্জক ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। কী করবে সে? আবারও থাপ্পড় মেরে বসেছে! এখন কীভাবে নিজেকে রক্ষা করবে?
আলতা নিজের সবটুকু সাহস একত্র করে রঞ্জকের দিকে ঘুরে দাঁড়াতেই দেখল, লোকটার চোখেমুখে বীভৎস লালচে আভা। কেমন যেন ফোঁসফোঁস করছে লোকটা।
আলতা দরজার সঙ্গে সেঁধিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, “কেন এমন করছেন আমার সঙ্গে? বললাম তো, আপনাকে তালাক দিয়ে দেব। তারপরও আমার ওপর এত ক্ষোভ কিসের?”
রঞ্জক একেবারে কাছাকাছি এসে থামল। চাপা গলায় প্রশ্ন করল, “তুই আমাকে থাপ্পড় মারলি কেন?”
“আপনি আমার পায়ের ওপর থেকে শাড়ি সরালেন কেন? এটা জানার পরও যে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে, তারপরও কী চাইছেন আপনি?”
কথাগুলো কানে যেতেই রঞ্জকের পেটের ভেতর মোচড় দিয়ে উঠল। কিছু বুঝে ওঠার আগেই সে আলতার কাঁধের ওপর মুখ নামিয়ে গলগল করে বমি করে দিল। ঘটনার আকস্মিকতায় কিছুই বুঝে উঠতে না পেরে জায়গাতেই জমে গেল আলতা।
রঞ্জক তাকে আবদ্ধ করে দরজায় হাত ঠেকিয়ে কাঁধের ওপর মুখ নামিয়ে রেখেই হাঁপাতে লাগল। ধীরে ধীরে আলতার শরীর নিস্তেজ হয়ে এল। একসময় রঞ্জকের আবদ্ধ বলয়ের ফাঁক গলে নিচে লুটিয়ে পড়ল সে। রঞ্জক চোখ বুজে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে ধাতস্থ করল।
অতঃপর টলতে টলতে কয়েক পা পিছিয়ে গিয়ে হাতের উল্টো পিঠে মুখ মুছে বলল, “তোমার সঙ্গে মাত্রই যা হলো, তার জন্য তুমি নিজেই দায়ী। হাহ! তোমার কী মনে হয়, আমি তোমাকে রে/প করার উদ্দেশ্যে পায়ের ওপর থেকে কাপড় সরিয়েছি? লিসেন, আমি আবারও বলছি, তোমার দশমতম ধ/র্ষকে পরিণত হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। শরীরভর্তি নোংরা নিয়ে তুমি কি না আমাকে পাওয়ার স্বপ্ন দেখো? সাচ আ ইমম্যাচিউর গার্ল! তোমার হাঁটুতে মলম লাগাতে যাওয়াটাই আমার ভুল ছিল। জাস্ট ইমাজিন, তোমার ইঙ্গিতপূর্ণ কথা শুনেই যার বমি চলে আসে, সে তোমার কাছ থেকে ঠিক কী পাওয়ার আশা রাখতে পারে?”
আলতার দম আটকে এল। বমির উৎকট গন্ধের চেয়েও রঞ্জকের কথাগুলো তার মনে দ্বিগুণ ঘৃণার জন্ম দিল।
“তালাক দিয়ে দিন আমাকে। আমি আপনার চেহারাটাও দেখতে চাই না।”
“এমনভাবে বলছ, যেন আমি তোমার চেহারাটা খুব দেখতে চাই!”
“দেখতে না চাইলে জুবাকে নিজের কাছে আটকে রেখে কেন আমাকে বারবার নিজের ঘরে আসতে বাধ্য করেন?”
রঞ্জক থমকে গেল। সেই সঙ্গে রাগও চেপে বসল তার মাথায়।
“তুমি কি ধরে নিয়েছ, আমি তোমার চেহারা দেখার জন্য এমনটা করছি? নো, গার্ল! আমি তোমাকে ঠিক ততটা অশান্তি দিতে চাইছি যতোটা অশান্তিতে তুমি আমাকে রেখেছো।”
আলতা নিজেকে আর ধরে রাখতে পারল না। ষোড়শীর চোখ বেয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পড়তে লাগল।
“আমাকে তালাক দিয়ে নিজের শান্তি খুঁজে নিন। আমি তো আপনাকে বাধা দিচ্ছি না।”
“বারবার ওই শব্দটা উচ্চারণ করে এটা প্রমাণ করতে চেয়ো না যে, আমাকে বিয়ে করে তুমি ঠকে গেছ। সত্যিটা তো এটাই, তোমাকে বিয়ে করে আমি ঠকেছি, তুমি নও।”
“আপনি কথা বাড়াচ্ছেন কেন? তালাক দিয়ে দিন না আমাকে।”
“বমিটা তোমার মুখের ওপর করা উচিত ছিল। তাহলে আর বারবার ওই শব্দটা উচ্চারণ করতে পারতে না।”
“ছি! আপনি একটা নিকৃষ্ট লোক। আমি আপনাকে ঠিক ততটাই ঘৃণা করি, যতটা আপনি কল্পনাও করতে পারবেন না।”
কথাটা শুনে রঞ্জকের মাথার ভেতরটা যেন রাগে টগবগ করে ফুটতে শুরু করল। মনে হলো, কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। রাগ সংবরণ করতে না পেরে সে তেড়ে গেল মেয়েটার দিকে। ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলল আলতা। লোকটা তাকে মারলে মারুক, সে পরোয়া করে না। জানেই মেরে ফেলুক তাকে। সে এমনিতেও মরতে পারছে না বলেই তো বেঁচে আছে।
কিন্তু তেমন কিছুই ঘটল না। বিকট শব্দ শুনে মুখ তুলে তাকাতেই দেখল, রঞ্জক অনবরত দেওয়ালে ঘুষি মেরে যাচ্ছে। ভয়ে আলতার গায়ে কাঁটা দিয়ে উঠল। লোকটা কি পাগল নাকি? এমন করছে কেন?
বেশ কয়েকটা ঘুষি মারার পর পিছিয়ে এল রঞ্জক। কনুইয়ের ভাঁজে ঘাম মুছে আলতার উদ্দেশ্যে বলল, “তোমাকে এভাবে মারতে পারলে শান্তি পেতাম।”
রঞ্জকের রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল আলতা। ফিসফিসিয়ে বলল, “মারলেন না কেন তাহলে?”
“মরা মেরে খুনের দায় নিতে চাইছি না, তাই।”
আলতা বাক্রুদ্ধ হয়ে পড়ল। রঞ্জক হাঁটু গেড়ে বসে পড়ল তার সামনে। চোখে চোখ রেখে বলল, “আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম, যদি না আমার বাপ মাঝখানে নাক গলাত। শুধু তার জন্যই এখনো বিয়েটা টিকে আছে।”
আলতা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে থেকে মাথাটা দরজায় এলিয়ে দিয়ে আওড়াল, “আমি বললাম তো, আপনার বাবা জানতেও পারবেন না।”
“জানতে পারবে না মাই ফুট! আমি কোনো রিস্ক নিতে চাইছি না। একবার এমপি হয়ে যেতে দাও শুধু, তারপর তোমাদের দুই শ্বশুর-বউমাকে বুঝিয়ে দেব, আমাকে ঠিক কতটা অশান্তি দিয়েছ।”
আলতা আর কিছু বলল না। সে ক্লান্ত, পরিশ্রান্ত। আর কিছু বলারও নেই তার।
“আমাদের ডিভোর্সের অন্যতম সাক্ষী হিসেবে আমি আমার বাপকেই রাখব। তার কাছ থেকে লুকিয়ে-চুরিয়ে তোমাকে ডিভোর্স দেওয়ার মতো কাওয়ার্ড আমি নই।”
আলতা নিষ্প্রাণের মতো বসে রইল। তার কাঁধের ওপর লেগে থাকা বমির ময়লাগুলো দেখে রঞ্জকের নিজেরই গা গুলিয়ে উঠল। না জানি, মেয়েটা কীভাবে সহ্য করছে! মনে মনে নিজের কৃতকর্মের জন্য অস্বস্তি বোধ করতে লাগল রঞ্জক। উঠে গিয়ে ভেজা টিস্যুর বক্সটা এনে আলতার সামনে রাখল। কিন্তু আলতা সেটার দিকে ফিরেও তাকাল না।
রঞ্জক কিছুক্ষণ অপেক্ষা করে বেডরুমের দিকে চলে গেল। ফিরে এল হাতে জুবার খাঁচাটা নিয়ে।
“আলতা! আলতা!”
জুবার কণ্ঠ কানে যেতেই নিস্তরঙ্গ হয়ে বসে থাকা আলতা চমকে সামনের দিকে তাকাল। রঞ্জক খাঁচাটা নিয়ে এগিয়ে আসার আগেই আলতা নিজে হাঁটুতে ভর দিয়ে তুরতুরিয়ে এগিয়ে গিয়ে দুহাতে খাঁচাটা আঁকড়ে ধরতে চাইল। রঞ্জক তৎক্ষণাৎ খাঁচাটা উঁচুতে তুলে নিল। আলতাও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে খাঁচাটা নেওয়ার চেষ্টা করতে লাগল। রঞ্জক কিছুক্ষণ তার ব্যর্থ প্রচেষ্টা পর্যবেক্ষণ করল। মেয়েটা কি না উচ্চতায় তার বুক পর্যন্ত হয়েও তার হাত থেকে খাঁচাটা নেওয়ার আশায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে!
আলতার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। যতবারই লাফিয়ে লাফিয়ে খাঁচাটা ধরার চেষ্টা করল, ততবারই তার ঠোঁটের ফাঁক গলে হাপরের মতো শব্দ বেরিয়ে এল। চিকন ফ্রেমের চশমার আড়ালে থাকা রঞ্জকের ধূসর চোখজোড়া পুরোটা সময় স্থির হয়ে রইল আলতার মুখের ওপর।
“বাঁদরের মতো লাফিয়ে ক্লান্ত হয়ে গেলে নিজের কাঁধের ওপর লেগে থাকা ময়লাগুলো এবার পরিষ্কার করতে পারো।”
আলতা তবুও লাফানো থামাল না। অদ্ভুত এক জেদ চেপে বসেছে তার মনে। রঞ্জকও অপেক্ষা করতে লাগল তার ক্লান্ত হয়ে পড়ার। কিন্তু মেয়েটার থামার কোনো লক্ষণই নেই। একপর্যায়ে আলতা অজান্তেই রঞ্জকের শার্টের বুকের অংশ খামচে ধরে পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে খাঁচাটার নাগাল পাওয়ার চেষ্টা করতে লাগল।
“এই মেয়ে, কোথায় হাত দিয়েছ? হাত সরাও বলছি।”
আলতার ছটফটানি থেমে গেল। ঝটকা দিয়ে রঞ্জকের শার্ট থেকে হাত সরিয়ে নিয়ে হাঁপাতে লাগল সে।
“ব্যস, ক্লান্ত হয়ে গেছ? এবার যা বললাম, তা করো। আমার মাইসোফোবিয়া আছে। নোংরা জিনিস সহ্য হয় না। তোমাকে যে কীভাবে সহ্য করছি, তা আমি আর আমার আল্লাহই জানেন।”
টলমলে চোখে আলতা তাকাল রঞ্জকের দিকে। রঞ্জক ঠোঁট দুটো বাঁকিয়ে শার্টের ওপর থেকে ধুলো ঝাড়ার ভঙ্গিতে ঝাড়তে ঝাড়তে বিড়বিড় করল, “মাইসোফোবিয়া মানে অপরিচ্ছন্নতা নিয়ে অসহ্য রকমের সমস্যা। যদিও আমার সমস্যাটা একটু অন্যরকম। ধুলোবালি, ময়লা—এগুলো দাঁতে দাঁত চেপে সহ্য করতে পারলেও নোংরা মানুষের সংস্পর্শ আমার মোটেও সহ্য হয় না।”
তীব্র অপমানে আলতা দৃষ্টি নামিয়ে নিল। রঞ্জক টিস্যুর বক্সটা তুলে তার দিকে এগিয়ে দিল।
“নিজেকে পরিষ্কার করো। তারপর জুবাকে দিচ্ছি।”
রাগে আলতার শরীর কাঁপলেও সে হাত বাড়িয়ে টিস্যুর বক্সটা নিয়ে একসঙ্গে বেশ কয়েকটি টিস্যু বের করে নিজের কাঁধের ওপর জোরে জোরে ঘষতে শুরু করল। মুহূর্তেই লাল হয়ে উঠল তার ফর্সা ত্বক। যদিও সেই লালচে আভা রঞ্জকের চোখে কদাচিৎ ধরা পড়ল না।
তবু তাকে এভাবে ক্ষিপ্রগতিতে ঘষাঘষি করতে দেখে শান্ত গলায় বলল, “আমি তোমার কাঁধে লেগে থাকা নোংরা পরিষ্কার করতে বলেছি, নিজের শরীরের চামড়া তুলে ফেলতে—”
রঞ্জক নিজের কথা শেষ করতে পারল না। তার আগেই আলতা নোংরা টিস্যুগুলো সজোরে তার মুখের ওপর ছুড়ে মারল। আচমকা ঘটে যাওয়া ঘটনায় বিমূঢ় হয়ে পড়ল রঞ্জক। এই ফাঁকে আলতা তার হাত থেকে জুবার খাঁচাটা ছোঁ মেরে নিয়ে নিল।
রঞ্জক কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। তারপর রাগী চোখে আলতার খোঁজে এদিক-ওদিক তাকাতেই দেখল, মেয়েটা সোফার পেছনে গিয়ে বসে পড়েছে। সে ধুপধাপ পায়ে এগিয়ে গেল সেদিকে। কিন্তু মেয়েটাকে খাঁচাটা বুকের সঙ্গে আঁকড়ে ধরে থাকতে দেখে আর কিছুই বলে উঠতে পারল না।
নিঃশব্দে পিছিয়ে গিয়ে একটা ডাস্টপ্যান আর ঝাড়ু নিয়ে মেঝেতে পড়ে থাকা টিস্যুগুলো পরিষ্কার করে ফেলল। তারপর নিজেকে পরিষ্কার করতে চলে গেল শাওয়ার নিতে।
রঞ্জক বেডরুমে গিয়ে দরজা লাগিয়ে দিতেই আলতা ত্রস্ত হাতে জুবার খাঁচাটা খুলে দিল। মুক্ত হওয়ামাত্রই পাখিটা আলতার কোলে নেমে এল। এত দিন পর নিজের পাখিটাকে কাছে পেয়ে আলতা দুই হাতের তালুতে তাকে আঁকড়ে ধরে বুকের সঙ্গে মিশিয়ে ফুঁপিয়ে উঠল।
আলতার কান্নার শব্দে অবুঝ পাখিটাও করুণ স্বরে চেঁচিয়ে উঠল, “আলতা কাঁদে! আলতা কাঁদে!”
আলতার কান্নার বেগ আরও বেড়ে গেল। পাখিটাও তার সঙ্গে গুঙিয়ে উঠল।
ঘড়ির টিকটিক শব্দ জানান দিচ্ছে, এখন বেলা সাড়ে নয়টা। অনবরত ফোনের শব্দে ঘুম ভেঙে গেল রঞ্জকের। মাত্র ঘণ্টাখানেক আগেই তার চোখে ঘুম নেমেছিল। এরই মধ্যে ঘুমে বিঘ্ন ঘটায় মেজাজ চরম খারাপ হলো। কপালে গাঢ় ভাঁজ ফেলে ফোনটা হাতড়ে এনে কলার আইডি না দেখেই কল রিসিভ করে কানের কাছে ধরল সে।
পরক্ষণেই ওপাশ থেকে ধারার উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এল, “আরএম, আলতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজে ফেলেছি। মেয়েটা কোথাও নেই।”
কথাটা শুনে ধড়ফড়িয়ে উঠে বসল রঞ্জক। একমুহূর্তের জন্য আলতা বাড়িতে নেই শুনে তার হৃৎস্পন্দন বেড়ে গেল। দ্রুত বেডরুমের দরজা খুলে ড্রয়িংরুমে এসে দেখল, মেয়েটা এখনো সোফার পেছনে গুটিশুটি মেরে বসে আছে। রঞ্জককে দেখে আরও কিছুটা আড়ষ্ট হয়ে গেল সে। জুবাও আলতার কোলের মধ্যে সম্পূর্ণভাবে লুকিয়ে পড়ল।
রঞ্জক অন্যদিকে সরে গিয়ে নিজের ঘাড়ে হাত বুলাতে বুলাতে বলল, “কোথায় আর যাবে? ভালো করে খুঁজে দেখ। আশপাশেই কোথাও আছে হয়তো।”
“তুই শুনতে পাসনি? আমি বলেছি, পুরো বাড়ি খোঁজা শেষ। মেয়েটা কোত্থাও নেই। নেই মানে নেই।”
রঞ্জক অপ্রস্তুত হয়ে পড়ল। মেকি রাগ দেখিয়ে বলল, “না থাকলে আমি কী করব? কল রাখ, আমি এখন ঘুমাব।”
রঞ্জক কল কেটে দিতেই যাচ্ছিল, ঠিক তখনই ফোনের ওপাশ থেকে ফারিশের চিৎকার ভেসে এল, “রাতের বেলা আমি আলতাকে মেজো ভাইয়ার ঘরের সামনে ঘুরঘুর করতে দেখেছি। তুই ভাইয়াকে ভালোভাবে জিজ্ঞেস কর। আমি ৯৯% সিওর, ভাইয়া জানে মেয়েটা কোথায় আছে।”
সেই সঙ্গে আরিজ মাহতাবিরের কণ্ঠও শোনা গেল, “তুমি শান্ত হও, ফারিশ। এখন একে অপরকে দোষারোপ করার সময় নয়। আগে আলতাকে খুঁজে বের করতে হবে।”
এরপর আর কিছুই শুনতে পেল না রঞ্জক। ধারা কলটা কেটে দিয়েছে। রঞ্জক বুঝতে পারল, বাড়িজুড়ে হুলুস্থুল লেগে গেছে। সবাই মিলে একযোগে মেয়েটাকে খুঁজে চলেছে। কেউ হয়তো কল্পনাও করতে পারছে না, রঞ্জক মেয়েটাকে নিজের ঘরে ঢুকতে দিয়েছে। শুধু ঢুকতেই দেয়নি, একপ্রকার বাধ্যই করেছে তার ঘরে আসতে।
কী হবে, সবাই যদি জেনে যায় মেয়েটা রঞ্জকের ঘরে? রঞ্জক বউকে মানে না, অথচ একই ঘরে থাকে! উফ, যা-তা একটা ব্যাপার হয়ে যাবে। রঞ্জক আর ভাবতে পারল না। বড় বড় পা ফেলে আলতার সামনে গিয়ে দাঁড়াল।
“এই মেয়ে, এই! কয়টা বাজে, হ্যাঁ? তোমার কলেজে যাওয়ার সময় হয়ে গেছে, সেই খবর আছে? আমাকে ডাকোনি কেন?”
আলতা নিজের হাঁটু জড়িয়ে ধরে বলল, “আমি আজকে কলেজে যাব না। আমি জুবার সঙ্গেই থাকব।”
কথাটা শুনে রঞ্জকের রাগ উবে গেলেও সে গলা পরিষ্কার করে বলল, “ফাঁকিবাজি একদম চলবে না। যাও, কলেজে যাও।”
“তাহলে আপনি আমাকে জুবাকে নিয়ে যেতে দিন।”
“একদম না।”
“দিন না।”
“বললাম তো, না। যাও, জুবাকে খাঁচায় ঢুকিয়ে রেখে ঘর থেকে বের হও।”
“না, আমি জুবাকে রেখে যাব না।”
রঞ্জক পড়ল মহা মুশকিলে। মেয়েটা তার ঘরের এক কোণে পড়ে থাকলে তার কোনো আপত্তি নেই। কিন্তু লোকে কী বলবে? তার চরিত্রের তো বারোটা বেজে যাবে। সেদিন নিজের চরিত্র নিয়ে কত বড়াই করেছিল। তার সেই বড় বড় কথার কী হবে?
“দেখো, হাতে সময় নেই। জুবাকে রেখে বিদায় হও। কলেজ থেকে ফিরে আবার এসো না হয়।”
“আমি যেতে চাই না। আমি জুবার সঙ্গেই থাকতে চাই।”
রঞ্জক এবার উপায় না পেয়ে সোফার পাশে থাকা টেবিলটার দিকে এগিয়ে গেল। ড্রয়ার খুলে হাতে গ্লাভস পরতে পরতে আলতার দিকে তাকিয়ে দেখল, মেয়েটার ভয়ার্ত চোখের দৃষ্টি তার ওপরেই নিবদ্ধ। কেমন যেন হাসি পেল তার। তবুও নিজেকে সংযত রেখে বলল, “তুমি নিশ্চয়ই চাইবে না, আমি তোমাকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করি?”
আলতা ডানে-বাঁয়ে মাথা নাড়ল। রঞ্জক ড্রয়ার বন্ধ করে সোজা হয়ে দাঁড়াল।
“তাহলে ভালোয় ভালোয় জুবাকে রেখে ঘর থেকে বের হও।”
আলতা বুঝতে পারল, এই মুহূর্তে রঞ্জক আর কোনোভাবেই তাকে এই ঘরে থাকতে দেবে না। তাই বুকে পাথর চেপে জুবাকে খাঁচায় ঢুকিয়ে দিল। জুবা খুব চেঁচামেচি করতে লাগল। পাখিটাও যে তাকে ছাড়তে চাইছে না, তা বেশ স্পষ্ট।
আলতা জুবাকে রেখে রঞ্জকের দিকে হেঁটে গেল। রঞ্জক দরজার দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই আলতা বলে উঠল, “আমাকে লেন্স পরিয়ে দিন।”
থেমে গেল রঞ্জকের পা। ঘুরে তাকাল আলতার দিকে।
আলতা যোগ করল, “সময় নেই। কলেজে যাওয়ার জন্য তৈরি হয়ে আবার আসতে পারব না।”
রঞ্জক তাকিয়ে রইল আলতার চোখের দিকে। এখনো অস্বাভাবিক রকম ফুলে আছে চোখজোড়া। এই অবস্থায় সে কীভাবে আবার লেন্স পরিয়ে দেবে? সত্যি সত্যিই মেয়েটার চোখ নষ্ট করে ফেলার পরিকল্পনা নেই যে তার। সে অন্যদিকে তাকিয়ে বলে দিল, “আজ পরতে হবে না।”
“কেন?”
“কারণ আজ তুমি কলেজে যাবে না।”
“একটু আগেই তো কলেজে যেতে বলছিলেন। হঠাৎ কী হলো?”
“তোমার চোখের এই অবস্থা নিয়ে লেন্স পরা ঠিক হবে না। তাই আজ কলেজেও যেতে হবে না। মনে রেখো, লেন্স ছাড়া কলেজে যাওয়া তোমার জন্য নিষিদ্ধ।”
“ত-তাহলে আমি জুবার সঙ্গে থাকি না?”
“এখানে থেকে কী করবে, শুনি? আমার সঙ্গে ঝগড়া করবে?”
আলতা আঙুল কচলাতে কচলাতে বলল, “আমি আর একটা কথাও বলব না। শুধু থাকতে দিন আরও কিছুক্ষণ।”
“বাইরে সবাই তোমাকে খুঁজছে।” বলেই রঞ্জক দরজার দিকে এগোতে লাগল। আলতাও বুঝে গেল, কেন রঞ্জক হঠাৎ তাকে বের করে দিতে চাইছে।
“আ-আমি আবার কখন আসব?”
“রাতে সবাই ঘুমিয়ে গেলে তারপর এসো।”
“কিন্তু আপনি তো তখন নিজের প্রেমিকার সঙ্গে দেখা করতে যান।”
কথাটা শুনে রঞ্জক তীক্ষ্ণ চোখে তাকাতেই আলতা মিইয়ে গেল।
“আমি শুধু বলতে চেয়েছি, আপনি তখন বাড়িতে থাকেন না।”
“আজকে থাকব।”
“আপনার প্রেমিকা রাগ করবে না?”
রঞ্জক আবারও তাকাল। আলতা মিনমিনিয়ে বলল, “আমি তো শুধু জানতে চাইছিলাম।”
“জানতে চেয়ো না। আল্লাহর ওয়াস্তে মুখটা বন্ধ রাখো।”
মনে মনে প্রচণ্ড ক্ষোভ জমলেও আলতা মাথা হেলিয়ে সায় দিল। দরজা খুলে রঞ্জক বাইরে তাকাতেই থমকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে ধারা, ফারিশ আর আরিজ মাহতাবির। এমন সময় আলতাও রঞ্জকের পেছন থেকে এগিয়ে দরজার কাছে চলে এল।
“এসব কী, আরএম? আলতা এতক্ষণ তোর ঘরে ছিল?” ধারা জোর করে হেসে প্রশ্নটা করল।
রঞ্জক আলতাকে আলতো করে ধারার দিকে ঠেলে দিয়ে বলল, “হ্যাঁ, জুবার সঙ্গে দেখা করতে এসেছিল।”
“তখন ফোনে বললি না কেন?”
“ভুলে গিয়েছিলাম।” বলেই দরজা লাগিয়ে দিতে চাইল রঞ্জক। কিন্তু ফারিশ তাতে বাধা দিল।
“ওর চোখের এই অবস্থা কেন, ভাইয়া? কী করেছ তুমি ওর সাথে?”
রঞ্জকের চাউনি কঠোর হয়ে উঠল।
“কী করেছি, তা কি তোর কাছে জবাবদিহি করতে হবে?”
“হবে। কারণ তুমি ওকে স্ত্রী হিসেবে মেনে নাওনি। তাই আমাদের সবার কাছে তোমাকে জবাবদিহি করতে হবে।”
“যদি না করি তো?”
“তাহলে আমরা ধরেই নেব, তুমি ওকে বউ হিসেবে মেনে নিয়েছ। আর সেই ধারণা থেকেই পেপার-পত্রিকায় ছাপিয়ে দেব, তোমার বিয়ে হয়ে গেছে। আর তোমার বউয়ের নাম আলতা।”
ফারিশের কথা বলার ধরন শুনে রঞ্জকের চোয়াল শক্ত হয়ে উঠল। তাদের দুজনের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার পূর্বাভাস পেতেই আরিজ মাহতাবির হস্তক্ষেপ করলেন।
“রঞ্জক, তুমি নিজের অবস্থান পরিষ্কার করো। তুমি কি কোনোভাবে বউমাকে মেনে না নিয়েও ওর স্বামী হওয়ার সুবিধা ভোগ করতে চাইছ?”
“সুবিধা? কোন ধরনের সুবিধার কথা বলছ?”
“তুমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছ, রঞ্জক। তাই না বোঝার ভান কোরো না।”
রঞ্জকের মেজাজ গরম হয়ে উঠল। নিজের ঘাড় চেপে ধরে দাঁত কিড়মিড়িয়ে বলল, “আমাকে নিজের মতো ক্যারেক্টার ঢিলা মনে কোরো না। আমি ওকে মেনে নিইনি মানে নিইনি। না ঘরের ভেতরে, আর না ঘরের বাইরে।”
চলবে…
Share On:
TAGS: কালারব্লাইন্ড, সোফিয়া সাফা
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৫২
-
কালারব্লাইন্ড পর্ব ১৬
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৪৫ (এর বর্ধিতাংশ)
-
কালারব্লাইন্ড পর্ব ৫(ক+খ)
-
কালারব্লাইন্ড পর্ব ১৪
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৭৫
-
কালারব্লাইন্ড পর্ব ১৮
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৫১
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৭১
-
কালারব্লাইন্ড পর্ব ৬