নদীর ওপারে সুখ পর্ব ১৪
#সিমরান_মিমি
#পর্ব_১৪
•
অপূর্ব শিকদার — নামটা নিভি’র জীবনে অনিচ্ছাসত্ত্বেও মিলেমিশে একাকার হয়ে গেছে। জুড়বে নাই বা কেন? বিগত দু বছরের অভ্যাস। টানা তিন বার অর্থাৎ গত পনেরো বছর ধরে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান হচ্ছেন মশিউর শিকদার৷ তার একমাত্র পুত্র অপূর্ব। পারিবারিক রাজনীতি, ঝুট-ঝামেলা, মারামারি -কাটাকাটির সঙ্গে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে পড়া এই পঁচিশ বছরের পুরুষকে এলাকার সকলে ভয় পায়। তাকে দেখলে তটস্থ হয়ে চলাফেরা করে। অথচ, এই ভয়ংকর লোকটা নিভি’র বেলায় বরাবর’ই শান্ত।
গত দু বছর ধরে পেছনে পড়েছে। নবম শ্রেণিতে থাকাকালীন জন্ম নিবন্ধন কাগজ সংশোধন করতে নিভি একবার ইউনিয়ন পরিষদে গিয়েছিলো। সেদিন সেখানে তুমুল ঝামেলা। কোনো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে শালিস বসেছিলো পরিষদ চত্বরে। এতো এতো জনমানুষের মধ্যে অপূর্ব শিকদার সেদিন থমকে গিয়েছিলো। নিভি’র সুশ্রী, মায়াবী মুখ, শান্ত ভঙ্গিমা, ভীতু কদম তাকে ভেতর থেকে স্থির করে দিয়েছিলো। এরপর থেকেই বাউন্ডুলে জীবনে কিছুটা গতিপথ ফিরে পায়। সারাদিনের সকল ঝুট-ঝামেলাকে পিছনে ফেলে রোজ সকালে স্কুলে যাওয়া এবং আসার পথে দলবল নিয়ে দাঁড়িয়ে থাকতো অপূর্ব। তবে কখনো বিরক্ত করেনি। দূর থেকে চেয়ে দেখতো৷ এলাকার কোনো ছেলে যেনো বিরক্ত করতে না পারে, সেজন্য কড়া হুশিয়ারি জারি করেছিলো। কখনো সখনো চলার পথে নিভি’র থেকে দুরত্ব রেখে হেঁটেছে। প্রেয়সী ভীত হবে, অসস্তি বোধ করবে ভেবে দলবলকে ছেড়ে পিছু নিয়েছে। মাঝেমধ্যে একাকী সময় গুণতো। নির্দেশনা হিসেবে কয়েক মাস পর পর মনে করিয়ে বলতো,
“ আর তো মাত্র ক’টা দিন। তোমার এইচএসসি টা শেষ হলেই ঘরে তুলবো। ”
নিভি এসব শুনতো। অপূর্ব’র অনুভূতিও বুঝতো। কিন্তু কখনো, কোনোদিন টু শব্দ করেনি। চুপ করে, মাথা নিচু করে দ্রুত পায়ে এগিয়ে যেতো। মায়ের দশা বোঝার পর থেকেই প্রেমে বেজায় আপত্তি। তার ভয় হয়। স্কুল, কলেজের সকলে জানতো অপূর্ব শিকদারের সঙ্গে নিভি’র ঘনিষ্ঠ প্রেম। শীঘ্রই বিয়েও হবে। এ নিয়ে সম্মুখে হাসি-ঠাট্টাও করতো। তবে বরাবরই এসব এড়িয়ে চলেছে নিভি। নিজে থেকে না বাধা দিয়েছে, আর না তো সম্মতি জানিয়েছে। এদিকে ক্যান্সারে আক্রান্ত সায়মাকেও কখনো জানায়নি অপূর্বের ব্যাপারে। ভেবেছিলো, মা তাকে নিয়ে চিন্তিত হবে। অপূর্ব শিকদার এলাকায় সন্ত্রাসী এবং ভয়ংকর যুবক হিসেবেই পরিচিত। সে পেছনে লেগেছে একি কম ভয়ের কথা! কিন্তু বাস্তবিক অর্থে কখনোই নিভি’র ভয় লাগতো না। লোকটা তাকে জোর করেনি, কথা বলতে বাধ্য করেনি, কখনো উত্যক্ত বা বিরক্ত করেনি — শুধু দূর থেকে দেখেছে। ভালোবাসা উপলব্ধি করেছে। কিশোরী নিভি’র মনে ধীরে ধীরে সুক্ষ্ম আবেগের জন্ম নেয়। এতো রাগী মানুষ তার সম্মুখে এলে শান্ত হয়ে যায়, চোখ নামিয়ে কথা বলে — এগুলো ভাবলেই আলাদা ভালোলাগা তৈরি হতো। তবে সে কখনো এসব স্বীকার করেনি। খুব একটা ভাবেও নি। মাকে নিয়েই সাজিয়েছিলো পুরো জগৎ।
সায়মার ক্যান্সার কালীন একেবারে চিকিৎসা হয়নি এ কথা ভুল। সরাসরি কারোর সাহায্য না নিলেও চেয়ারম্যানের পাইয়ে দেওয়া সরকারি অনুদান, চিকিৎসা সে শেষ দিকে গ্রহণ করেছে। এসবের পেছনে যে অপূর্বই ছিলো তা নিভি জানে। কিন্তু কখনো স্বীকার করেনি। কিশোরীর মনে অপূর্ব শিকদারের প্রতি ক্ষীণ আবেগ তৈরি হলেও পারিবারিক অশান্তি, মায়ের অসুস্থতা, সাংসারিক টানাপোড়েনে তা দৃঢ় হয়নি। মায়ের মৃত্যুর পর আশ্রয়ের অভাবে পাঁচ-ছয় দিন ছটফট করলেও অপূর্বের কথা মাথায় আসেনি। মনেও হয়নি, শিকদার বাড়ি তার আশ্রয় হতে পারে। শুনেছিলো, গত দু মাস ধরে অপূর্ব এলাকায় নেই। জেলে রয়েছে। তারপর শুনেছে, কোনো এক ঝামেলায় গা ঢাকা দিতে সে এলাকা ছেড়েছে। হয়তো এ জন্যই সায়মার মৃত্যুতে তাকে জানাজায়ও দেখা যায়নি।
নিভি ভারী একটা নিঃশ্বাস ফেললো। চাচা আশ্রয় দেয়নি শুনে নিশ্চয়ই অনেক হাঙ্গামা করেছে অপূর্ব। এবার কি তবে তাকে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করবে? করলেও বা নিভি’র কি করা উচিত? সরাসরি বারণ করবে, নাকি ভাগ্যের উপর ছেড়ে দিয়ে স্থায়ী আশ্রয় খুঁজবে। ফরিদা মুখ বাকিয়ে তাকিয়ে আছেন। নিভি মায়ের কবর ছেড়ে উঠে দাঁড়ালো। শান্ত স্বরে বললো,
“ অপূর্ব শিকদারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, চাচী। সে শুধুই একপাক্ষিক ভাবে আমায় পছন্দ করে। তাই চরিত্র নিয়ে কথা বলবেন না। ”
নিভি চলে যেতেই আবারো মুখ বাঁকালো ফরিদা। সে কি ঘাঁসে মুখ দিয়ে চলে? নিশ্চয়ই বাপ -বেটিতে কোনো পরিকল্পনা এঁটেছে। নাহলে দুদিনেই দলবল সহ কেউ ফিরে আসে? এসব পরিকল্পনা সে কখনোই সফল হতে দেবে না। ফরিদা বেঁচে থাকতে নিভি কি করে চেয়ারম্যান বাড়ির বউ হয়, তা সে দেখে নেবে।
আজগর রহমান নিভি’র মামা-মামী এবং অন্যদের বারান্দায় বসতে দিলেন। রান্নাঘরে জামালের স্ত্রী চা বানাচ্ছেন। ভয়ে আত্মা কাঁপছে তার। এই বুঝি শাশুড়ী এসে চিৎকার চেঁচামেচি করা শুরু করেন। কিন্তু ফরিদা এমন কিছুই করলেন না৷ তিনি হাত ধুয়ে শাড়ির আঁচলে মুছলেন। এরপর মাথায় ঘোমটা টেনে মিথ্যে একটা হাসি ফুটিয়ে চা-বিস্কিটের ট্রে হাতে নিলেন। সঙ্গে মৃদু ধমক দিয়ে পুত্রবধুকে বললেন,
“ শুধু চা- বিস্কুটে হয়? তাড়াতাড়ি ডিম পোঁচ করো। আর নুডুলস বওয়াও। ”
রুবাইয়া খানিক চমকালো। তাড়াহুড়ো দেখিয়ে বললো,
“ জি জি, করতেছি। ”
চায়ের ট্রে নিয়ে ফরিদা বারান্দায় গেলেন। লম্বা একটা সালাম টেনে হাসিমুখে প্রত্যেকের হাতে চায়ের কাপ ধরিয়ে দিলেন। বললেন,
“ এতো দূর থেইকা আইছেন। দুই-তিন দিন আমার বাড়ি বেড়াইতে হবে। তার আগে যাইতেই পারবেন না। ”
নিভি ঢোক গিলে চাচার দিকে তাকালো। আজগর রহমানের মুখ ফ্যাকাসে হয়ে গেছে। স্ত্রীর মিষ্টি আচরণ তিনি নিতে পারছেন না। বখতিয়ার চেয়েছিলেন আগে বোনের কবর দেখবেন। কিন্তু আজগর রহমানের আতিথেয়তা অবজ্ঞা করতে পারলেন না। এদিকে দীর্ঘ যাত্রার ফলে সিনিওরা’র হাঁটুতে ব্যথা উঠেছে। তিনি পা মেলে শুয়ে পড়েছেন বিছানায়।
চা নাস্তা খাওয়ার এক পর্যায়ে মুখ খুললেন ফরিদা। সকলকে চমকে দিয়ে নিভি’র মামাদের উদ্দেশ্যে বললেন,
“ ভাগ্নী তো দুই দিনও কাছে রাখলেন না। এর মধ্যেই বিয়া দেওয়ার লাইগা বাড়িতে নিয়া আসলেন? অবশ্য সবাই কি আর ওর চাচার মতো! মা মরলে বাপ হয় তালঈ, আর আপনেরা তো মামা। ”
ইখতিয়ার মাহমুদ চমকে গেলেন। “ কার বিয়ে? ”
“ ক্যান, আমগো নিভি’র। এইজন্যই তো আপনেরা সবাই আসছেন। আতাউর ভাই’ ও বাড়িত আইছে — যে কিনা বউ মরার সময়েও আসে নাই। আরে বোঝেন না, মাইয়া পালা লাগবে বইলা আসে নাই। এখন যেই দেখছে চেয়ারম্যানের পোলা নিভিরে বিয়া করতে চায়, গ্রামে তার একটা দাপট থাকবে, এই কারনে দৌঁড়াইয়া আসছে মাইয়া বিয়া দেতে। ”
শেষ কথাটা ফরিদা হেসে হেসেই বললেন, যেনো দোষ না হয়। কিন্তু তার কথাগুলো শুনে ইতোমধ্যেই প্রত্যেকের মুখের রঙ বদলেছে। বখতিয়ারের চোখেমুখে স্পষ্ট রাগ। তিনি চিবুক শক্ত করে নিভিকে দেখলেন। বললেন,
“ আতাউরের সঙ্গে কি তোমার কথা হয়েছে নিভি? তুমি কি এ জন্যই পিরোজপুরে আসতে চেয়েছিলে? ”
“ মা মারা যাওয়ার পর থেকে আব্বার সঙ্গে এখনো কথা হয়নি। আমি এ বিষয়ে কিছুই জানি না মামা। ”
নিভি সরাসরি স্বীকারোক্তি জানালো। এই মুহুর্তে চুপ থাকলে ঝামেলা বাড়বে। মামা’রা রেগে যাবে তার উপর। ইখতিয়ারের চোখেমুখের দিকে তাকানো যাচ্ছে না। রেগে লাল হয়ে গেছে। সে আজগর রহমানের দিকে তাকালো। হুশিয়ারি দিয়ে শান্ত কন্ঠে বললো,
“ বোনের কবর দেখতে এসেছি, দু এক দিন থাকবো। আপনার ভাইকে বলবেন, এর মধ্যে যেনো আমার চোখের সামনে না আসে। খোদার কসম! সায়মার পাশে শুইয়ে দিয়ে তবেই ঢাকায় ফিরবো। ”
আজগর কি বলবেন ভেবে পেলেন না। দোষ তো আতাউরের’ই। তবুও ভাই হিসেবে ঝামেলা টুকু সামলানোর কিঞ্চিৎ চেষ্টা করে বললেন,
“ ওর কথা মনেও আইনেন না। শয়তান হইয়া গেছে। রক্ত দেইখা পরিচয় দেওয়া লাগে, না হইলে…….. ”
“ আহহা! তোমরা রেগে কেন যাচ্ছো? চেয়ারম্যানের ছেলে যদি নিভি’কে বিয়ে করতেই চায়, তবে মন্দ কি? দেখতে শুনতে ভালো হলে বিয়েটা দিয়ে দাও। এমনিতেও তো আজ হোক, কাল হোক বিয়ে করতে হবে। এক্ষেত্রে চেনাজানা হলে তো ভালোই। ”
গুরুগম্ভীর পরিবেশটা হঠাৎ বারুদের মতো জ্বলে উঠলো জ্যোতি মাহমুদের কথায়। অন্যকেউ উত্তর দেওয়ার পূর্বেই তেতে উঠলেন ফরিদা। বললেন,
“ ক্যান, ক্যান! মাইয়া দুইদিন পাইলাই কষ্ট হইয়া গেছে? আমরা তো সারাজীবন পালছি, এখন দুইডা বছর লেহাপড়াও করাইতেও পারবেন না? চেয়ারম্যানের পোলাডা গুন্ডা, নেশা করে। এমন একটা পোলার কাছে মাইয়াডা দিয়া যাইবেন? ”
“ এতোটুকু মেয়ে! আমাদের অনামিকার’ই তো বিয়ে হয়নি, নিভিকে কি দিবো? ”
সেঁজুতি জা’ এর কথার বিরোধীতা করলো। বখতিয়ার ঠান্ডা মাথায় ভাবলেন। তিনি ঝামেলার আশংকা করছেন। এখানে থাকা যাবে না বেশিক্ষণ। কাল সকালেই রওনা দিতে হবে নিভি’কে নিয়ে। আজগরের উদ্দেশ্যে বললেন,
“ আপনার ভাইকে বলে দেবেন, মেয়ের বিয়ে নিয়ে না ভাবতে। ওসব আমরা সামলে নেবো। ”
নিভি’র বিয়ের ব্যাপারে এতোটা আলোচনা হয়েছে এ ব্যাপারে সিনিওরা কিছু জানলেনই না। তিনি বিশ্রাম নিচ্ছেন। অন্যদিকে লিখন অনুপস্থিত। রহমান বাড়িতে ঢোকার পরেই নেটওয়ার্ক সমস্যা দেখা দিচ্ছে। অফিসের ঝামেলা নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে সে পুকুরপাড়ে বেরিয়েছে। সঙ্গে ছটফটে পান্না থাকায় এতো দ্রুত বাড়িতে ঢুকতে পারলো না। যার কারনে সেও জানলো না নিভির বিয়ে।
হিমাদ্রি আঁড়চোখে নিভিকে একবার দেখে নিলো। মেয়েটার মুখে ভয়,লজ্জা বা অসস্তির কোনো ছাপ নেই। এইটুকু হাটুর বয়সী মেয়ের বিয়ের আলোচনা চলছে, কোথায় সে ভয় পেয়ে চিৎকার করে কাঁদবে। বলবে, বিয়ে করতে চায় না। তা না করে সে নিরব। মাথা নত করে সকলের কথা চুপচাপ শুনছে। ব্যাপারটা হিমাদ্রির কাছে বিরক্তিকর ঠেকলো। এতটুক মেয়ের বিয়েতে আগ্রহ ভেবে কিঞ্চিৎ মেজাজও খারাপ হলো।
_________
দুপুরের খাবার খেতে খেতে সাড়ে তিনটা বেজে গেলো। আজগর রহমান মেহমান দেখে ছেলেকে বাজারে পাঠিয়েছেন। মুরগী, বড় পাঙ্গাশ মাছ, ডাল এবং বেগুন রান্না করেছেন রুবাইয়া। এতোসব গোজগাজ করতেই সূর্য পশ্চিমে গিয়ে ঠেকেছে। খাবার পূর্বে চৌধূরী বাড়ির প্রত্যেকে সায়মার কবর জিয়ারত করেছেন। সিনিওরা মাহমুদ কিছুক্ষণ হতভম্ব হয়ে চেয়ে ছিলেন। তিনি কাঁদেননি। মনে হচ্ছিলো, এই তো সেদিন আদরের মেয়েকে কোলে নিয়ে ঘুম পাড়িয়েছেন৷ সে মেয়ে কি করে আজ কবরের বাসিন্দা হবে? নিশ্চয়ই এ ভ্রম! জমিদার বাড়ির প্রত্যেকটা কোনায় সায়মার ছোটাছুটির ছাঁপ। মেয়ে তার সেখানেই আছে। এই এক টুকরো মাটির নিচে কিছুতেই ওমন সুশ্রী মুখ ঘুমিয়ে থাকতে পারে না।
ইখতিয়ার এবং বখতিয়ার মাহমুদ সকলে চলে যাওয়ার পরেও বোনের কবর ধরে কিছুক্ষণ বসে ছিলেন। নিভি এসেই পাশের বেলী গাছে পানি দিয়েছে — যার কারনে মাটি এখনো সিক্ত। তারা সেই ভেঁজা কাঁদা মাটি ছুঁয়ে ছুঁয়ে অনুভব করলেন বোনকে। আহ! যাকে কাঁধে নিয়ে সারা জমিদার বাড়ি চষে বেড়িয়েছে, সেই বোন আজ মাটির নিচে। ক্যান্সারে তার আহ্লাদী শরীর একটু একটু করে ক্ষয়ে গেছে।
ইখতিয়ার আশপাশ’টা দেখে বোনের কবরের দিকে তাকালেন। জায়গা’টা নিচু। বর্ষাকালে একটু বৃষ্টিতেই পানি জমে যাবে৷ তিনি আজগর রহমানের সঙ্গে কথা বলেছেন। জায়গাটা চারপাশ থেকে উঁচু করবেন। একটু ইট বাধিয়ে প্রাচীর বানিয়ে দিয়ে, তার মধ্যে বাগান করবেন। কিন্তু তাতে কি এসে যায়? বখতিয়ার খুব একটা আগ্রহ দেখালেন না। বেঁচে থাকতে যার শরীর ক্ষয়েছে, তার কবরের মাটি ক্ষয়ে গেলে আর কতটুকুই না যন্ত্রণা হবে!
হিমাদ্রি দুপুরের খাবার খেতে পারেনি । এই মোটা মোটা ভাত সে গিলতে পারেনা। আঁটি’র মতো ঠেকে। গরমে অধৈর্য হয়ে সে উঠোনে বেরোলো। বাইরে স্নিগ্ধ বাতাস। বিশেষ করে বিকেলের দিকে গ্রামে বেশি শীত লাগে৷ হিমশীতল বাতাস পরাণ জুড়িয়ে দেয়। সে ধীর পায়ে পেছনে এগোয়। সায়মা’র কবর দেখা যাচ্ছে। দুপুরে সকলের সঙ্গে একবার দেখলেও এই মুহুর্তে হিমাদ্রির বুকের ভেতরটা চিনচিন করে উঠলো। চোখের সামনে ভেসে উঠলো লম্বা বিনুনি দুটো। তাদের দুজনের বয়সের পার্থক্য ছিলো পাঁচ। সায়মাও তো তখন বাচ্চা’ই ছিলো। কিন্তু হিমাদ্রির কাছে কখনো তা মনে হয়নি। না পারলেও সারাক্ষণ কোলে নিয়ে ঘোরা, এটা সেটা তুলে খাওয়ানো, মা বকলে সামনে এসে ঢাল হয়ে দাঁড়ানো ফুপি কি মায়ের চেয়ে কোনো অংশে কম ছিলো? সেই মমতা হঠাৎ হারিয়ে গেলো। সায়মা যে বছর বাড়ি থেকে পালালো, তখন হিমাদ্রির এগারো বছর। প্রেম-প্রণয় না বুঝলেও দাদা – বাবা’র রাগ দেখে বুঝেছিলো, ফুপি ভয়ংকর অপরাধ করেছে। সে এখন ক্ষমার অযোগ্য। ধীরে ধীরে দাদা মারা গেলো, সবাই মিলে চলে আসলো ঢাকায়, আর এভাবেই চাপা পড়ে গেলো জমিদার বাড়ির স্মৃতি। হিমাদ্রির দৃষ্টি এলোমেলো হয়ে উঠলো। হয়তো ফুপির প্রতি বিস্তর আবেগ নেই, তবুও স্মৃতি গুলো কি কম! মানুষটা এভাবে হারিয়ে গেলো!
•
আতাউর রহমান তাসের ঘরের পেছনে ঘাপটি মেরে বসে আছেন। তার চোখেমুখে ভয়। কিছুক্ষণ পূর্বেই আজগর ফোন করে শাসিয়েছে। বলেছে, সায়মার ভাইয়েরা এসেছে বাড়িতে। এখন কোনোভাবে তাকে পেলে মেরে ফেলবে। এসব কথা কি বলে বোঝাতে হবে আতাউরকে? সে কি চৌধুরীদের চেনে না? সেবার কি মারটাই না মেরেছিলো পেয়াদাদের দিয়ে! তবুও তো সঙ্গে সায়মা ছিলো। আর এই বার তো সে অন্যায়ের সীমা ছেড়ে গেছে। দ্বিতীয় বিয়ে, স্ত্রীর চিকিৎসা না করা, মারা যাওয়ার পর জানাজায় না এসে এখন মেয়ে বিয়ে দিতে আসা কি কম দোষের। ইখতিয়ার মাহমুদ তাকে পেলে তো চিবিয়ে খাবেন। আতাউর ভয়ে ভয়ে দুপুরের ভাত খেতে বাড়িতে গেলেন না। হোটেলেই খেয়ে নিলেন। তবুও দুশ্চিন্তার অন্ত নেই।
দুদিন ধরে মেয়ে বিয়ে করার জন্য অপূর্ব শিকদার ফোনের পর ফোন লাগিয়েছে। অধৈর্য হয়ে যখন স্বার্থের খোঁজ পেয়েছে আতাউর, তখন গ্রামে ফিরেছে। কিন্তু বিয়ের কথা এ অবধি মেয়েকে বলার সাহস পায়নি। ভেবেছিলো আর এক সপ্তাহ পর গিয়ে হাত-পা ধরে, ক্ষমা চেয়ে নিয়ে আসবে। কিন্তু সেসব কিছুই হলো না। বরং নিভি তো গোষ্ঠী সুদ্ধ নিয়ে হাজির। কিন্তু বিয়ের কথা সে জানলো কিভাবে? তবে কি অপূর্ব তার ফোন নাম্বার খুঁজে পেয়েছিলো? আতাউর এসব প্রশ্নের উত্তর না পেয়ে ভাবতে থাকে।
•
“ সময় দিয়েছি, আমাকে ছেড়ে যাওয়ার অধিকার দেইনি। আমাকে না জানিয়ে তুমি ঢাকা কেনো গেলে, নিভি? হন্নে হয়ে খুঁজেছি! ”
নিভি চমকে পিছু তাকালো। সম্মুখে অপূর্ব শিকদার দাঁড়িয়ে আছে। দ্রুতগতিতে নিঃশ্বাস নিচ্ছে যেনো তার অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে। চোখ দুটো টকটকে লাল। নিভি ঘাবড়ে গেলো। মায়ের অনুপস্থিতি ভীষণ ভাবে পীড়া দিচ্ছিলো বলেই খালপাড়ে এসেছে। এখানে বাঁশঝাড়ের গোড়ায় ঠান্ডা বাতাস। সে অপূর্ব’র কথার উত্তর দিলো না। হঠাৎ পেছন থেকে গুরুগম্ভীর আওয়াজে হিমাদ্রি বলে উঠলো,
“ কোন অধিকারের কথা হচ্ছে? ”
নিভি আতংকিত হয়ে আশেপাশে তাকালো। এ কদিনে হিমাদ্রিকে তার চেনা হয়ে গেছে। লোকটা যত্রতত্র চরিত্রে দাগ লাগিয়ে দেয়। অন্যদিকে অপূর্ব’র ভয়ংকর রুপের কথাও তার অজানা নয়। কোনো রকম ঝামেলা হলে তার পরিণতি কতদুর এগোবে, তা ভেবেই সে রুদ্ধশ্বাস ফেললো।
“ এই লোকটা কে, নিভি? ”
অপূর্ব সূচালো দৃষ্টিতে হিমাদ্রিকে দেখে প্রশ্ন ছুড়লো। নিভি পড়ে গেলো বেকায়দায়। এখন যে বাড়ির দিকে চলে যাবে সেই উপায়ও নেই। ভাঙা ভাঙা শব্দে বলল,
“ আমার মামাতো ভাই! ”
অপূর্ব কি ভাবলো বোঝা গেলো না। তবে তার মনোযোগ এখন সম্পূর্ণ নিভিতে। দুপুরে খেতে বসেছিলো মাত্র। এরমধ্যেই রতনের কল আসে। জানায়, নিভি এসেছে ঢাকা থেকে। এরপর সে পাগলের মতো ছুটে আসে। ভাগ্য সান্নিধ্যে না থাকায় মাঝপথে বাইক থেমে যায়, তেল নেই। তারপর
হাঁপাতে হাঁপাতে ছুটে আসতে হয়েছে। অপূর্ব চোখ বন্ধ করে উত্তেজনা দমালো। কন্ঠ নরম করে বললো,
“ নিভি, তুমি জানো তো – আমি এলাকায় ছিলাম না। এজন্য কিছু জানতেও পারিনি। তবে একদম চিন্তা করবে না। রাতে বাবা আসবে। দু-দিনের মধ্যে তোমায় ঘরে তুলে আনবো। আশ্রয়ের জন্য কারোর দ্বারে দ্বারে ঘুরতে হবে না। ”
শেষ কথাটা অপূর্ব হিমাদ্রির দিকে তাকিয়ে বললো। যেনো টোন কেটেছে। হিমাদ্রিকে অগ্রাহ্য করে ছেলেটা নিভি’র সঙ্গে কথা বলছে দেখে সে মুখ বাঁকিয়ে মৃদু হাসলো। ভ্রুঁ উঁচিয়ে নিভিকে প্রশ্ন ছুড়ে বললো,
“ এই ছেলেটাকে বিয়ে করছো নাকি? ”
“ তেমন কোনো ব্যাপার না ভাইয়া। ”
অপূর্ব কিঞ্চিৎ অবাক হলো। কিছু বলবে তার পূর্বেই নিভি বড়বড় পা ফেলে বাড়ির ভেতরের দিকে এগিয়ে গেলো। দুজনেই মাথাভাঙা! এদের নিরব যুদ্ধের মাঝে দাঁড়িয়ে সম্মানের জলাঞ্জলি সে দিতে পারবে না। যা হয় হোক।
নিভি চলে যেতেই হিমাদ্রি দু পা এগিয়ে অপূর্বর সামনে দাঁড়ালো। ছেলেটা আর চেয়ে বয়স চার বছরের ছোটো। সম্ভবত পঁচিশ বছরের হবে। অথচ বাইরে থেকেই বোঝা যাচ্ছে রক্ত গরম। ভেতরটা টগবগ টগবগ করে ফুটছে। সে সোজা হয়ে দাঁড়িয়ে বুকে হাত বাঁধলো। যাবতীয় কিছু অগ্রাহ্য করে বললো,
“ চোখ লাল কেন, নেশা করো? ”
এমন প্রশ্নে অপূর্ব বিভ্রান্ত হলো। এ আবার কোন মুছিবত! নিভির তো চারকুলে কেউই ছিলো না। এখন এতোসব আত্মীয় তার হজম হচ্ছে না। অনেক বুঝিয়ে আতাউর রহমানকে রাজি করেছে। এখন আবার নতুন অভিভাবক! বিরক্তিতে তার মুখ তেঁতো হয়ে এলো। হিমাদ্রির বাঁচনভঙ্গি তার পছন্দ হচ্ছে না। এভাবে এতো ইগো, এটিটিউট নিয়ে এর পূর্বে কেউ তার সঙ্গে কথা বলেনি। অথচ হিমাদ্রি বলছে। অন্যসময় হলে মাথা’টা নামিয়ে দিতো। তবে এই মুহুর্তে তা সম্ভব নয়। নিভি’কে আপোষে নিজের করতে হবে। এরজন্য যদি তাকে আরো শান্ত থাকতে হয়, তবে তাও থাকবে। সে হিমাদ্রির প্রশ্ন এড়িয়ে চুপচাপ এগিয়ে গেলো। পকেট থেকে ফোন বের করে কল দিলো একজনকে। বললো,
“ পূবের মোড়ে বাইক পড়ে আছে। তেল নাই। দ্রুত গ্যারেজে নিয়ে যা। ”
_____________
মাগরিবের আজান দিয়েছে কিছুক্ষণ পূর্বে। নিভি নামাজ শেষ করে ধীর পায়ে ভেতর ঘরে ঢুকলো। তারা চাচাদের বাড়িতেই আছে। উপজেলায় আবাসিক হোটেলে যাওয়া হয়নি। যদিওবা ইখতিয়ার মাহমুদ চেয়েছিলেন, কিন্তু আজগর রহমানের আতিথেয়তা অগ্রাহ্য করতে পারেননি। এমনিতেই ভোর হতে হতেই তারা রওনা দেবে।
নিভি ভাবুক পায়ে বারান্দার দিকে এলো। জীবন টা এমন কেন? গ্রামে থাকতে মনে হয়েছে ঢাকায় গেলে যেকোনো ভাবে জীবন চালিয়ে নেওয়া যাবে। আবার ঢাকায় থাকাকালীন মনে হয়েছে, এর চেয়ে গ্রাম ভালো। সেখানে থাকলে টিউশন সহজেই পেয়ে যাবে। অথচ বাস্তবিক ভাবে কোনো কিছুই তার কাছে আপোষে ধরা দিলো না। গ্রামে এসে আশ্রয় খোঁজা তো দূর, বরং নতুন করে ঝামেলায় পড়েছে।
“ নিভি, এদিকে এসো। ”
এটা বড় মামার কন্ঠস্বর। তিনি গম্ভীর কন্ঠে ভাগ্নীকে ডাকছেন। শুনে সামান্য ভীত হলো নিভি। কিছুক্ষণ পূর্বেই হিমাদ্রিকে কথা বলতে দেখেছে। নিশ্চয়ই পেট পাতলা লোকটা বিকেলের ঘটনা কিছুই লুকায়নি। বরং বাড়িয়ে চাড়িয়ে, রঙচঙ মিশিয়ে বলেছে।
নিভি’র ভাবনা ভুল হলো না। হিমাদ্রি সত্যিই বিকেলের ঘটনা বাড়ির সকলকে বলেছে। বারান্দায় ঢুকতেই বড় মামা প্রশ্ন ছুড়লেন,
“ চেয়ারম্যানের ছেলে বিকেলে এসেছিলো তোমার কাছে? ”
“ জি!”
“ আমাকে বলোনি কেন? ”
নিভি কটমট করে হিমাদ্রিকে দেখলো। এরপর দৃষ্টি নত করে বললো,
“ ভাইয়া সাথে ছিলো। আমি জানতাম উনি আপনাদের বলবে, তাই আর নিজে থেকে কিছু বলিনি। ”
লিখনের মুখভঙ্গি গম্ভীর। ঝড় আসার পূর্ব মুহুর্তের ন্যায় শান্ত। কিছুক্ষণ পূর্বে হিমাদ্রি সকল ঘটনা বলেছে। সে ছেলে সন্ধ্যার পর প্রস্তাব নিয়ে আসবে, একথাও জানিয়েছে। পুরো ঘটনায় নিভির যে সম্মতি আছে, সে কথাও আন্দাজ করে হিমাদ্রি সকলকে বলেছে। বিশেষ করে এই ব্যাপারটাই রাগিয়ে দিয়েছে লিখনকে। সে ক্ষিপ্ত হয়ে সকল কিছু শুনতে লাগলো।
এতোকিছুর মধ্যে সন্তুষ্ট নন সিনিওরা। তার হাত-পা আতংকে কাঁপছে। ফরিদা বেগম বলেছে অপূর্ব শিকদার সন্ত্রাসী। চোখ বন্ধ করে মানুষ কেঁটে ফেলে। নেশা করে, মেয়ে নিয়ে পড়ে থাকে ক্লাবে। এমন একজন গুন্ডা তার আদরের নাতনীর পেছনে লেগেছে, ভাবতেই জ্ঞান হারানোর উপক্রম।
ইখতিয়ার মাহমুদও ছেলের মতো ভার হয়ে আছেন। নিভি’র নিরবতা তাকে কষ্ট দিচ্ছে। আঠারো বছর পূর্বের সেই সায়মার বোকামীর কথা মনে পড়ছে বারবার। তিনি আফসোস করে উঠলেন। জিজ্ঞেস করলেন,
“ তুমি কেনো সেই ছেলেকে বারণ করোনি? তবে কি এই বিয়েতে তুমিও রাজি? সম্পর্ক আছে তোমাদের? ”
নিভি বাকরুদ্ধ হয়ে হিমাদ্রির দিকে তাকালো। লোকটা ফোনে ব্যস্ত। পারিপার্শ্বিক কোনো ঘটনাতে তার মনোযোগ নেই। অথচ, তাকে সবার সামনে দোষী বানিয়েই ছাড়লো। সকলের সম্মুখে নিভি লজ্জিত হলো। বললো,
“ এমন কিছুই সত্যি নয়। আমি……. ”
কথা সম্পূর্ণ করার পূর্বেই সিনিওরা মাহমুদ আর্তচিৎকার করে উঠলেন। তার হাত পা কাঁপছে। আতংকিত হয়ে চিৎকার করে বলে উঠলেন,
“ আমি কোনো সম্পর্ক মানি না। সায়মার মতো আমি আমার নাতনীর জীবন কিছুতেই ধ্বংস করতে দেবো না। নিভি’র বিয়ে আমি হিমাদ্রির সঙ্গে দেবো। হিমাদ্রি ছাড়া আর কারোর উপর ভরসা করতে পারবো না। ”
চলবে?
এই উপন্যাসের আসল ভিলেন কে জানেন? — সিনিওরা মাহমুদ। অপূর্ব শিকদারের উচিত তাকে বিবাহ করা।
#বার্তা: পেইজে এক হাজার পোস্ট আপ্লোড করা উপলক্ষে আজ একটু বড় করে পর্ব দিলাম।
#নদীর_ওপারে_সুখ
#সিমরান_মিমি
#বোনাস_পর্ব
•
খোলা দরজা দিয়ে বারান্দার ভেতরে হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকছে। দু দিকের জানালা দুটোর’ই কপাট আটকানো নেই। এক পশলা হিমশীতল হাওয়া নিভি’র বক্ষ ছুঁয়ে গেলো। মাথার ওড়না উড়ে কিছুটা নিচে সরলো। সে তৎক্ষণাৎ তা আটকে পুণরায় টেনে নিলো। হৃৎপিন্ড ধরাস ধরাস করে লাফাচ্ছে। উপস্থিত প্রত্যেকের চোখেমুখে স্তব্ধতা। জ্যোতি মাহমুদ একপ্রকার আতংকিত হয়ে একবার স্বামী এবং অন্যবার শাশুড়ী’র দিকে তাকালেন। বললেন,
“ এসব কি বলছেন, মা? ”
বখতিয়ার, ইখতিয়ার দুজনেই হতভম্ব। তারাও মুহুর্তটাকে বিশ্বাস করে উঠতে পারছেন না। নিভি’র পাংশুটে, ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেললেন। বললেন,
“ নিভি’র বিয়ে নিয়ে এতো তাড়াতাড়ি কিছুই ভাবছি না মা। আগে গ্রাজুয়েশন কম্পিলিট করুক, তারপর দেখছি। ”
লিখন আজ যেনো নিজের মধ্যে নেই। একের পর এক ধাক্কা ক্রমশ বাকরুদ্ধ করে দিচ্ছে তাকে। কিছু বলার জন্য কন্ঠ মেলতে পারছে না। সে ফ্যালফ্যাল করে চেয়ে রইলো। নিভি’কে সে অসম্ভব ভালোবাসে, তাকে ছাড়া বেঁচে থাকতে পারবে না — এমন কিছুই নয়। দীর্ঘ বছরের অভিজ্ঞতায় এতো এতো মেয়ের মধ্যে মেয়েটার সরলতা, স্নিগ্ধতা তাকে অল্প কদিনেই বশ করে ফেলেছে। জীবন কাটাতে যেহেতু একজন মেয়ে লাগবেই, সেক্ষেত্রে নিভি কেন নয় — এই প্রশ্নের উত্তরেই সে নিভি’কে নিজের করে চেয়েছে। তবে তা হুট করে নয়। ভেবেছিলো, ধীরে ধীরে অনুভব করবে। নিভি’কে অনুভব করাবে এবং একটা পর্যায়ে গিয়ে বাড়ির সকলের অনুমতি নিয়ে তাকে নিজের করে নেবে। কিন্তু ঘটনাগুলো এতো দ্রুত ঘটছে যে সে কিছু বুঝে উঠতেই পারছে না।
“ এইটা হইলে তো আমগো আর কোনো চিন্তাই নাই। খারাপ কি, মাইয়াটা সারাজীবনই আপনাগো কোলে থাকলো। আবার কার কাছে বিয়া দিয়ে সারা জীবন ভুগবেন? পোলা তো আপনাগো ঘরেই আছে। ”
ফরিদা বেগম গালের একপাশে পান ঢুকিয়ে কথাটা বললেন। সিনিওরা বেগমের প্রস্তাব তার পছন্দ হয়েছে। কিন্তু এসব অযৌক্তিক দাবি হিমাদ্রির পছন্দ হচ্ছে না। তার চোয়াল শক্ত হয়ে গেছে। চোখেমুখে কাঠিন্যতা ছড়িয়ে বেশ কিছুক্ষণ পূর্বেই ফোন পকেটে পুড়েছে। কেউ যখন তেমন ভাবে আপত্তি জানাচ্ছে না, তখন সে নিজেই বলে উঠলো,
“ এগুলো কোন ধরণের মশকরা সিনিওরা? আমার অপছন্দ, এমন কোনো প্রস্তাব তুমি করবে না। ”
“ কেন? আমার নাতনী কি দেখতে অসুন্দর? শুনতে খারাপ, অভদ্র? তাহলে তোমার এতো আপত্তি কিসের? আর কতকাল বিয়ে না করে থাকবে? ”
এতোক্ষণ সম্ভবত হিমাদ্রির উত্তরের জন্যই অপেক্ষা করছিলেন সিনিওরা। নাতির উত্তর পেতেই পালটা প্রশ্ন ছুড়লেন। হিমাদ্রিও কম যায় না। সে তৎক্ষনাৎ খাট ছেড়ে উঠে দাঁড়ালো। ফোঁসফোঁস করে বললো,
“এই হাটুর বয়সী মেয়েকে আমি কোন দুঃখে আবার বিয়ে করতে যাবো? আশ্চর্য! ”
“ বড় কাউকেও তো করছো না। আর হাটুর বয়সী কাকে বলছো দাদুভাই? আমার যখন বিয়ে হয়, তখন তোমার দাদুর বয়স বত্রিশ। আমি তখন মাত্র ম্যাট্রিক দিয়েছি। ”
সিনিওরা পালটা যুক্তি দিলেন। যা শুনে হিমাদ্রির মেজাজ গরম হয়। সে একবার আজগর রহমান ও তার স্ত্রীর দিকে তাকায়। এরপর নিজেকে সংযত করে কোনো উত্তর না দিয়ে চুপচাপ বেরিয়ে যায় বাড়ি থেকে। বখতিয়ার সেদিকে তাকিয়ে ছোট্ট একটা নিঃশ্বাস নিলো। ছেলেটা যদি একটু বিয়েতে মত দিতো, তবে তার জীবনের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যেতো। অন্যদিকে তিনি নিজেও চান না হিমাদ্রি নিভিকে বিয়ে করুক। মেয়েটা ছোট্ট, এদিকে তার ছেলের তুখোড় বদমেজাজ। আদরের বোনের একমাত্র মেয়ের সাংসারিক ঝামেলা একই বাড়িতে বসে তিনি হজম করতে পারবেন না৷ সিনিওরা ক্ষিপ্ত হয়েছেন হিমাদ্রির প্রতি। এভাবে মুখের উপর সরাসরি প্রস্তাব নাকচ করে দেওয়ায় তিনি অসন্তুষ্ট। আদরের নাতি’র থেকে এই আচরণ কিছুতেই মেনে নিতে পারছেন না। অভিমানে কিছুক্ষণ পর পর ফোঁসফোঁস করছেন। বখতিয়ার উঠে দাঁড়িয়ে মাকে পাশে বসালেন। সান্ত্বনা দিয়ে বললেন,
“ একটু শান্ত হও। আমরা তো সায়মা’কে দেখতে এসেছি। বিয়ের ব্যাপার না হয় বাড়িতে গিয়ে আলোচনা করা যাবে। আপাতত চেয়ারম্যানের দিকটা সামলাই। ”
___________
গ্রামের দিকে সময়ের পূর্বে রাত বাড়ে। একটুতেই নিস্তব্ধতা গ্রাস করে। মানুষের শরীরে ঘুমের অলসতা হামি দেয়। ফরিদা পুকুরপাড়ে বসে প্লেট ধুচ্ছেন। এগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যেই রাতের খাবার দেবেন সবাইকে। ঘড়ির কাঁটা প্রায় আটটায় এসে পড়েছে। ঘাটের কাছে ছোট্ট টর্চ লাইট হাতে উদগ্রীব হয়ে দাঁড়িয়ে আছে আজগর। স্ত্রীর কুটকৌশল কিছুই তার মাথায় ঢুকছে না। ফরিদা পুণরায় ফিসফিস করে স্বামীকে শুধালেন,
“খবরদার! চেয়ারম্যানের পোলার লগে যেনো নিভি’র বিয়া না হয়। তুমি সারাক্ষণ তাগো আটকাইবা। নাইলে কপালে শনি আছে। ”
“ চেয়ারম্যানের পোলার লগে নিভি’র বিয়া হইলে তোমার এতো কি সমস্যা? তুমি কি বিয়ার পর খাওয়াবা? ”
স্বামীর ত্যাড়া কথা শুনে ফরিদার মেজাজ চটলো। দ্রুত পায়ে ঘাট পেরিয়ে উঠে এলো কুলে। রেগে ক্ষিপ্ত হয়ে ঠেস মারলো স্বামীর বুকে। দাঁতে দাঁত চেপে বললো,
“ একটু মাথায় বুদ্ধি নাই! আকাইম্মা ব্যাডা! বাপটায় আমারে এই মঈষ টার লগে বিয়া দিছে!! “
পরক্ষণেই থেমে গেলেন। আশেপাশে তাকিয়ে ফিসফিস করে বললেন,
“ তোমার বড় ভাই কি হুদাই গ্রামে আইছে? হেয় যখন আইছে, তখন শয়তানি বুদ্ধি ঠিকই পাতাইয়া আইছে। জমি’র দাম সাড়ে পাঁচলাখ। সারা বাড়ি টাকা দিছো আড়াই লাখ। তার আবার কোনো পেরমান নাই। যদি অস্বীকার করে,যে টাকা পয়সা কিচ্ছু দিই নাই? তখন কি করবা? এমনিতে শহরে আছে বউ নিয়া, থাকুক। গ্রামে ধার-দেনা আছে এইজন্য খুব একটা আয় না। এহন যদি মাইয়ার বিয়া চেয়ারম্যানের পোলার লগে হয়, তখন দাপটের ঠ্যালায় টিকতে পারবা? বউ-পোলা সব লইয়া বাড়িত আইবে। জায়গাটুক লইয়া টান মারবে। তখন কিচ্ছু করতে পারবা না। এইডা একটু মাথায় ঢুকাও। ”
আজগর রহমান বেশ ভাবলেন। সত্যিই তো! বড় ভাই যে কোন পর্যায়ের বেইমান, তা তিনি হাঁড়ে হাঁড়ে জানেন। দূরে আছে, ভালো আছে। বাড়িতে এসে একবার ঠায় নিলে তার জীবনে অশান্তি। দেখা গেলো, জমিও দিলো না। আবার টাকাও দিলো না। তখন?
তিনি তৎক্ষনাৎ মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। বললেন,
“ বিয়া কিভাবে ভাঙমু? ”
“তোমার কিছু করা লাগবে না। যা করার আর কওয়ার তা আমি নিভি’র নানির লগে কইছি। তুমি খালি আরেকবার ওর মামাগো মনে করাইয়া দেবা। ”
•
ফরিদা পুকুরপাড়ে বসেই লোকজনের আওয়াজ পেলেন। উঠোনের দিকে ছোট ছোট বেশ কয়েকটা লাইট। কেউ কি বাড়িতে এসেছে? তিনি তৎক্ষণাৎ স্বামীকে সামনে যেতে বললেন। এরপর নিজেও প্লেট গুলো কোমড়ে ঠেকিয়ে এগিয়ে গেলেন ঘরের দিকে।
বারান্দায় পাঁচ – ছয়জন লোক চেয়ারে বসেছেন। এদের মধ্যে মতিউর শিকদার, অপূর্ব সহ আরো দুজন পুরুষ এবং একজন মহিলা আছেন। চৌধুরী বাড়ির মহিলারা তাদের দেখে ভেতর ঘরে বসেছেন। এই মুহুর্তে বারান্দায় আছেন লিখন এবং তার বাবা-চাচা। তবে হিমাদ্রি সেখানে উপস্থিত নেই। তার মেজাজ এখনো গরম। সিনিওরার প্রস্তাব পুরো ঘেটে দিয়েছে। এই মুহুর্তে এই মেয়ের বিয়ে হলো কি, হলো না — এ নিয়ে কোনো কৌতূহল নেই।
আজগর রহমান বিনয়ের সঙ্গে সবাইকে বসতে বলে কুশল বিনিময় করলো। এলাকার চেয়ারম্যান, তাদের কি অসম্মানিত করা যায়? স্ত্রী এবং পুত্রবধুকে বলেছেন চা-নাস্তা বানাতে। মতিউর শিকদার তাড়াহুড়ো দেখে মৃদু হাসলেন। হাত নাড়িয়ে বললেন,
“ এতো ব্যস্ত হইয়ো না আজগর! মেহমান দারি কত করতে পারবা। এখন আগে কথা শোনো। ”
“ জি বলেন? ”
মতিউর শিকদার বখতিয়ার মাহমুদ এবং ইখতিয়ারকে দেখে জিজ্ঞেস করলেন,
“ এনারা কি নিভি’র মামা বাড়ির লোক? ”
“ জি! ”
মতিউর তাদের সালাম দিলো। সঙ্গে বিনয় নিয়ে বললো,
“ ভালো সময়ে আপনারা উপস্থিত আছেন। এসব বিষয়ে শুধু চাচা থাকলে তো হয় না, মামাদেরও থাকা উচিত। ”
“কোন বিষয়ে?” — লিখন কপাল কুঁচকে ত্যাড়া কন্ঠে প্রশ্ন ছুড়লো। সঙ্গে সঙ্গে তাকে ইশারায় থামতে বললেন বখতিয়ার। মতিউর পুণরায় ভণিতা না করেই বললেন,
“ আতাউরের সঙ্গে আগেই আলাপ হয়েছে। মেয়েটাকে আমার ছেলে পছন্দ করে। এখন মা নাই, বাপেও বিয়া করছে। আশ্রয়ে এতো সমস্যা! তাই একসাথে বিয়া কইরা আমার ছেলে ঘরে তুলতে চায়। এজন্যই আসলাম। আমরা বেশি দেরি করতে চাই না। দু-তিন দিনের মধ্যেই একটা মীমাংসায় আসতে চাই। ”
লিখন পুণরায় তেঁতে উঠলো।
“ আপনার মাথায় কি সমস্যা? নিভি’র বয়স কত জানেন? এতো অল্প বয়সে ওকে আমরা বিয়ে দেবো না। ও লেখাপড়া করবে। বুঝতে পেরেছেন? ”
ছেলেটার কথাবার্তা মতিউরের ভালো লাগছে না। এদিকে অপূর্ব দাঁতে দাঁত চেপে বসে আছে। এতো এতো অধিকার সে নিতে পারছে না। এতোবছর তো একটা কাক পক্ষীও ছিলো না। অথচ এখন আশেপাশে অভিভাবকের অভাব নেই। মতিউর অপ্রয়োজনীয় হাসলো। বললো,
“ মেয়েদের বিয়ের ব্যাপারে তুমি কি বুঝবা বাবা? পনেরো বছরেই মেয়েরা বিয়ার লায়েক হয়। এসব নিয়া এতো ভাইবো না। আমার ছেলের বয়স ও অনেক বেশি না। মাত্র পঁচিশ চলে। একটু নাহয় টোনাটুনির সংসার হইলো ”
ইখতিয়ার মাহমুদ এতোক্ষণে নড়েচড়ে বসলেন। তীর্যক দৃষ্টি ফেলে জিজ্ঞেস করলেন,
“ নিভি’র বাবা কে? ”
“কেনো, আতাউর! ” — মতিউর শিকদার চমকে উত্তর দিলেন।
“ সে বিয়েতে মত দিয়েছে? ”
“ হ্যাঁ। ”
“ তাকে ডাকেন। আমি একটু তাকে দেখবো। ”
ইখতিয়ারের শান্ত প্রশ্নে মতিউর বিভ্রান্ত হলেন। এতো পারিবারিক কুটকৌশল তো তার ভালো লাগছে না। বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, বিয়ে হবে, বউ নিয়া যাবে — এতো টুকুই। তিনি এ পর্যায় আওয়াজ বড় করলেন। আজগরের উদ্দেশ্যে বললেন,
“ আজগর মেয়েরে ডাকো। আংটি পড়াবো। ”
ইখতিয়ার বসা থেকে উঠে দাঁড়ালেন। ভেতরের ঘরে নিভি আছে। তিনি হনহন পায়ে ভেতরে ঢুকলেন। নিভি’র উদ্দেশ্যে বললেন,
“ চেয়ারম্যান বাড়ি থেকে লোক এসেছে, দেখেছো নিশ্চয়ই? ”
“জি, মামা। ”
“ বিয়ে করতে চাও? ”
সরাসরি এমন প্রশ্নে নিভি ভড়াকালো। সে কি করে এতো বড় সিদ্ধান্ত নিবে? আপাতত লেখাপড়া এবং ছোট্ট একটা আশ্রয় ছাড়া আর তো কোনো স্বপ্ন দেখেনি। তার নিরবতা পেয়ে ইখতিয়ার সস্তি পেলেন। পরক্ষণেই ক্ষিপ্ত কন্ঠে হুশিয়ারি দিয়ে জানালেন,
“ সামনে গিয়ে বলবে — তুমি বিয়ে করতে চাও না। খবরদার! মায়ের মতো একদম পাকনামি করবে না। হাত-পা বেঁধে ঢাকায় নিয়ে যাবো। ”
মামার হুশিয়ারিতে নিভি ভয় পেলো না। বরং আশ্বস্ত হলো। মামাদের আশ্রয় যে একেবারেই নড়বড়ে হবে না, তা বুঝতে পারলো। সে এগিয়ে গেলো বারান্দায়। সবার সম্মুখে দাঁড়িয়ে দৃষ্টি নত করে সিদ্ধান্ত জানালো। বললো,
“ আমি এখন পড়তে চাই। আর তাছাড়াও, আমার ব্যাপারে মামা’রা যা সিদ্ধান্ত নিবে, সেটাই চূড়ান্ত। এসব ব্যাপারে আমার আলাদা কোনো মতামত নেই। ”
অপূর্ব রেগে গেছে। ক্ষিপ্ত হয়ে বসার চেয়ারটা ছুড়ে মারলো উঠোনে। বললো,
“ তুমি এমনটা করতে পারো না নিভি। দু বছর ধরে তোমার অপেক্ষায় আছি। আজ এই সময় এসে তুমি ফিরিয়ে দিচ্ছো, এটা আমি মানবো না। জোর করে হলেও আমি তোমাকে বিয়ে করবো। আমাকে ছেড়ে তুমি কিভাবে গ্রাম ছেড়ে যাও, তা দেখে নেবো। ”
ছেলে লাগাতার হুমকি দিচ্ছে। রাত – বিরেতে এমন হাঙ্গামা মতিউর শিকদারের ক্যারিয়ারে বিরুপ প্রভাব ফেলবে বলে, তিনি ছেলেকে জোর করে নিয়ে রহমান বাড়ি থেকে বের হয়ে গেলেন। তবে এতো সহজে কাউকে ছাড়বেন না। একমাত্র ছেলের আশাহত চাহনি, তিনি কিছুতেই মানবেন না।
___________
ইখতিয়ার মাহমুদ মহাখুশি। এতো অল্প দিনের পরিচয়ে নিভি জীবনের এতোবড় সিদ্ধান্ত মামাদের উপর ছেড়ে দিয়েছে, শুনে তার প্রাণ জুড়িয়ে গেছে। বিগত সতেরো বছর পূর্বে বোনের দেওয়া আঘাত একটু একটু করে মুছে যাচ্ছে।
সিনিওরা মাহমুদও বেজায় খুশি। তিনি নাতনীকে কোলের কাছে নিলেন। মাথায় হাত বুলিয়ে সকলের অগোচরে ফিসফিস করে বললেন,
“ আমি জানতাম তুমি অনেক বুদ্ধিমতী। এখন শুধু নানুর প্রস্তাব টা ভেবে দেখিও। ”
মুহুর্তেই শোয়া থেকে উঠে বসলো নিভি। পাশেই নিশ্চিন্তে শুয়ে আছে অনামিকা। নিভি’র ঘাবড়ানো মুখ দেখে সে ইশারা করলো। বললো,
“ এতো হাইপার হচ্ছো কেন? দাদুমনি এরকম ভুলভাল বকে থাকে। কখন কি বলে খেয়াল থাকে না। দেখবে, সকালের মধ্যে সব ভুলে গেছে।
নিভি সন্তুষ্ট হলো। কিন্তু মাথার ভেতরে একটা প্রশ্ন ঘুণেপোকার মতো ঘুরছে। অথচ যাকে নিয়ে প্রশ্ন, এই মুহুর্তে তাকে নিয়ে আলাপ -আলোচনা করাই সন্দেহজনক। তবুও নিজেকে সংযত রাখতে পারছে না। সন্ধ্যায় বিয়ের প্রসঙ্গ ওঠায় হিমাদ্রি আবার শব্দটা বলেছিলো। কিন্তু এর মানে কি? নিভি সামলাতে পারলো না। অনামিকার দিকে ফিরে নিচু আওয়াজে বললো,
“ আপু, সন্ধ্যায় হিমাদ্রি ভাইয়া বলেছিলো – উনি আবারো বিয়ে করবে না। এর মানে কি? উনি কি আগেই একবার বিয়ে করেছিলেন? কই, ভাবীকে তো বাড়িতে দেখলাম না। ”
অনামিকা এক মুহুর্তের জন্য থমকালো। হিমাদ্রি তো আজ সুস্থই ছিলো। তবে নিধি’র কথা কেনো তুলেছে সে। তবে কি এবার সত্যিই ডাক্তার দেখাতে হবে?
নিভি এখনো কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। আবছা আলোয় তার বড় বড় চোখ দুটো সুগভীর দিঘীর ন্যায় লাগছে। অনামিকা মৃদু হাসলো। খানিকটা এড়িয়ে গিয়ে জবাব দিলো,
“ আরে তেমন কিছু না। ভাইয়া ঠিকমতো না ঘুমালে হ্যালুসিনেশন করতো। তখন ওর মনে হতো নিধি নামক একটা মেয়েকে বিয়ে করেছে। গত রাতে নিশ্চয়ই ঘুমাতে পারেনি, তাই এসব বলেছে। ওসব ভুলে যাও! ”
নিভি ভুলতে পারলো না। বরং তার সন্দেহ গাঢ় হলো। এর আগে লিখন ও একবার বলেছিলো হিমাদ্রির মানসিক সমস্যা। সেদিন অনামিকা রেগে গিয়ে অস্বীকার করেছিলো। আজ সে নিজেই আবার হ্যালুসিনেশনের কথা স্বীকার করলো। অর্থাৎ লোকটা সত্যিই পাগল। হিমাদ্রি মাহমুদের মানসিক সমস্যা আছে। এজন্যই সে রেগে যায়, হুটহাট ভুলভাল বকে। নিভি ভীত হলো। পূর্বের স্মৃতি ভেবে আতংকে মুখ নীল হয়ে এলো। এরকম একটা পাগল লোককে সে কতকিছু বলেছে, রাগিয়ে দিয়েছে। এখনো যে তাকে তুলে আঁছাড় মারেনি এইতো সৌভাগ্য!
চলবে?
কিচ্ছু বলবো না। রিয়াক্ট, কমেন্টসের কথাও বলবো না। এসব বললে আপনাদের ভীষণ যন্ত্রণা হয়। আর আমি আপনাদের যন্ত্রণা দিতে চাই না। আপনারা কোনো পর্বে তেরো-চৌদ্দ হাজার রিয়াক্ট দিন, আবার কোনো টাতে তিন হাজার রিয়াক্ট দিন। আমি কিচ্ছু বলবো না। দিনশেষে আপনারাই হর্তাকর্তা!
Share On:
TAGS: নদীর ওপারে সুখ, সিমরান মিমি
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
নদীর ওপারে সুখ পর্ব ৭
-
নদীর ওপারে সুখ পর্ব ১৩
-
নদীর ওপারে সুখ পর্ব ১
-
নদীর ওপারে সুখ পর্ব ৯
-
নদীর ওপারে সুখ পর্ব ৩
-
নদীর ওপারে সুখ পর্ব ৮
-
নদীর ওপারে সুখ পর্ব ৫
-
নদীর ওপারে সুখ গল্পের লিংক
-
নদীর ওপারে সুখ পর্ব ২
-
নদীর ওপারে সুখ পর্ব ৪