#আমার_আলাদিন
#পরিচ্ছেদ২#
জাবিন_ফোরকান#
পর্বসংখ্যা৫
শীতের দুপুরের ওম কম। আরামদায়ক আলোটা অপার্থিব অনুভূতির জাগরণ ঘটাচ্ছে। নিজ স্থানে দাঁড়িয়ে তখনো অপলক চেয়ে আছে ইরাম। কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা পুরুষটা তার স্বপ্ন নাকি বাস্তব বুঝে উঠতে মস্তিষ্ক বেগ পোহাচ্ছে। বাতাসের ঝাঁপটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাতে এলোমেলো হয়ে উড়ছে চুল। ইরাম চেয়েই আছে, দৃষ্টি ফেরাতেই পারছেনা। আচ্ছা, এটাই কি তবে সেই ভালোবাসা যার কথা মানুষ বলে বেড়ায়? এমন আবেগ ইরাম আদৌ কোনোদিন অনুভব করেছিল? কারও আগমনে এতটা আপ্লুত হয়েছিল আর কখনো?
সানগ্লাসটা খুলে পকেটে ভরল সাইবান। তার গভীর কালো চোখদুটোতে প্রথমবারের মতো ইরাম কোনো আবেগের দেখা পেলনা। তাতে কেমন একটা শীতলতা। প্রাণোচ্ছ্বলতা নেই একদমই। আগে তাকে দেখলেই সাইবানের চোখ দুটোতে যেন হাজার তারার মেলা বসতো। জ্বলজ্বল করত জহরতের মতো। আজ সেটা নেই। তার চেহারা, বেশভূষা এমনকি চাহনিতেও বিশদ পরিবর্তন। যেন তিন মাস নয়, সাইবানের বয়স বেড়ে গিয়েছে কয়েক বছর। তারুণ্যের টগবগে উত্তেজনাটা ফিকে হয়ে গেছে। এই পরিবর্তনটা ইরামের মনকে ঘায়েল করল। অজান্তেই চোখ নামিয়ে নিল সে। সামনে দাঁড়ানো মানুষটাকে বলার মতো শব্দ খুঁজে পেলনা।
“দেখে মনে হচ্ছে ভালো আছেন।”
কিছুক্ষণ আগে করা প্রশ্নটার উত্তর নিজে থেকেই দিল সাইবান। ইরামের সামনে দাঁড়ালনা আর। একপ্রকার উপেক্ষা করেই লম্বা পা ফেলে হেঁটে চলে গেল বিল্ডিংয়ের ভেতরে। পাশ কাটিয়ে যাওয়ার সময় তার শরীর থেকে ভেসে আসা বিশেষ সুবাসটা ইরামের অস্তিত্বে দোলা দিয়ে গেল আরও একবার। নাহ। এবার তার সত্যিই বিশ্বাস হয়েছে। আলাদিন ফিরে এসেছে!
বাসার ভেতরের পরিস্থিতি উৎসবমুখরই বলা চলে। মুরুব্বি এবং গুরুগম্ভীর পুরুষেরা রাজনীতি আর শেয়ারবাজার নিয়ে আলাপ আলোচনা করছেন। সবথেকে মুখিয়ে আছেন পাশের ফ্ল্যাটের মনসুর ভাই। তিনি রসিয়ে রসিয়ে সবাইকে গল্প শোনাচ্ছেন। কীভাবে বিপদের সময় প্রতিবেশীর পাশে প্রতিবেশীদের থাকা উচিত সেসব। সমাজে যত কটু দৃষ্টিতেই দেখা হোক না কেন, দাওয়াত আর আতিথেয়তার বেলায় বাঙালি এক পা না বরং দশ পায়ে খাড়া থাকে। ভেতরের রুমের দরজা থেকে উঁকি দিয়ে গল্প শুনতে শুনতে মিটিমিটি হাসছে রাবিয়া। যারা আড়ালে ইরামের সমালোচনা করে বেড়ায়, তারাই আজ দাওয়াত রক্ষায় হাজির। বাঙালি পারেও বটে। ইহান হুজুরের দেরি দেখে তাকে ফোন করতে মোবাইল বের করে সরে এসেছিল। দরজা দিয়ে রাবিয়াকে উঁকি দিতে দেখে ভ্রু কুঁচকে ফেলল সে।
“এই চার ফুটের চমচম! সিসিটিভি অন্যদিকে ঘোরান। এখানে সব মুরুব্বি, আপনার দাদুর বয়সী।”
ইহানকে দেখেই রাবিয়ার মেজাজ বিগড়ে গেল। কোমরে হাত চেপে শাসাল,
“আমার সিসিটিভি। জনে, বনে, জঙ্গলে, অলিতে, গলিতে যেখানে ইচ্ছা লাগাব। তাতে তোমার কী? লম্ব্বু!”
“টেকনিক্যালি স্পিকিং, লম্বু ডাকটা কিন্তু অপমান না।”
চুলে আঙুল চালিয়ে ঝকঝকে দাঁত দেখিয়ে ভাব নিল ইহান। তাতে রাবিয়ার চেহারায় তীব্র বিতৃষ্ণা ফুটল।
“লম্বা তো তালগাছও হয়! তালগাছেরও এত ভাব নেই যত ভাব তোমার ওই লিকলিকে শরীরে গানপাউডারের মতো ভরা!”
“অ্যাডমিশনে ফেল মারা রাবেয়া আবার আমাকে ভাবের কথা বলে!”
এমন অপমান মারাত্মক গায়ে লাগল রাবিয়ার। সে সত্যিই তেড়ে গিয়ে ইহানের পিঠ বরাবর দুটো কিল বসাত যদি না বাসায় এত মেহমান থাকত। রাগটাকে ভবিষ্যতের জন্য তুলে রেখে সে দরজার প্রান্ত আঁকড়ে ধরে গজগজ করল,
“টিকটিকির বাচ্চা! আমিও দেখব, তুমি অ্যাডমিশনে কী উল্টাও! যখন প্রশ্নপত্র তোমাকে ছ্যাঁকা দিয়ে ব্যাঁকা করে ফেলবে তখন বুঝবে পড়াশোনার সঙ্গে ব্রেকআপের ঠেলা! আর আমার নাম রাবিয়া! নট রাবেয়া, অশিক্ষিত কোথাকার! রাবি….!”
বলতে বলতে হঠাৎ থমকে গেল রাবিয়া। তার চোখ দুটো গোল গোল ফুটবলের আকৃতি ধারণ করল। ইহান তার অভিব্যক্তিতে হঠাৎ পরিবর্তনে অবাক হলো। রাবিয়া তাকে পেরিয়ে পিছনের কোনো একটা দিকে তাকিয়ে আছে। ইহানও তার দৃষ্টি লক্ষ্য করে তাকাল। পরক্ষণেই একই বিস্ময় তাকেও গ্রাস করল। বাসার খোলা দরজায় দাঁড়িয়ে আছে সাইবান। এই সামাজিক দাওয়াতে সবার মাঝে তাকে দেখাচ্ছে বেমানান। কালো স্যুট প্যান্টের অভিজাত বেশভূষা এবং বিশেষ করে লম্বা চুলের কারণে তার দিকে অন্যভাবে নজর পড়ে যাচ্ছে। বসার ঘরেও নীরবতা নেমে এসেছে। সকলেই ফ্যালফ্যাল করে তাকিয়ে অপ্রত্যাশিত পুরুষটাকে দেখছে।
“হলি মলি ফাইন শিইইইট!”
ফিসফিসানি কানে যেতেই কেঁপে উঠল ইহান। ঘোর থেকে বেরিয়ে ঝট করে ফিরে তাকাল রাবিয়ার দিকে। মেয়েটা চকচকে চোখে সাইবানকেই দেখছে। তার স্পষ্ট আগ্রহী চোখজোড়া সাইবানকে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ইহানের কেমন যেন লাগল। বুকে একটা খচখচানি হলো। যেটা সে রাগ হিসাবে ধরে নিয়ে রাবিয়ার কপালে জোরসে টোকা দিল। লাফিয়ে উঠল রাবিয়া। চোখে আগুন নিয়ে তাকাল ইহানের দিকে। ইহানও পাল্টা আগুনে দৃষ্টিতে চেয়ে বলল,
“লালা সামলান। এক বাচ্চার বাপ!”
হতবাক হয়ে গেল রাবিয়া। এইমাত্র দেখা সুদর্শন তরুণের সঙ্গে এক বাচ্চার বাবা হওয়ার সমীকরণটা মেলাতে গিয়ে ইহানের টোকার ব্যথা বেমালুম ভুলে গেল। বাসার ভেতরের পিনপতন নীরবতা এবং বাকি সকলের তাজ্জব পর্যবেক্ষণে অবশ্য সাইবানের খেয়াল নেই। সে একদৃষ্টে চেয়ে আছে খানিকটা দূরে পাটিতে বসে থাকা কায়সানের কোলের দিকে। সেখানেই বসে আছে ইযান। ছোট্ট শরীরে পাঞ্জাবি জড়ানো। এক ছোট্ট পুরুষের মতো দেখতে লাগছে বাচ্চাটাকে। সদ্য ওঠা কয়েকটা দাঁত দিয়ে প্লাস্টিকের খেলনা গাড়ি কামড়ে যাচ্ছে। সাইবানকে সে এখনো খেয়াল করেনি। নিষ্পলক ইযানকে দেখে গেল সাইবান। মনে হলো, কত হাজার বছর এই শিশুকে দেখা হয়নি তার! পরিবর্তন? গায়ে গতরে বেড়েছে ইযান। ইরামের চেহারা যতটা ভেঙে এসেছে, ততটা বেড়েছে ইযানের জেল্লা। স্পষ্ট, ছেলের উপর সবটা উজাড় করে দিয়েছে জন্মদাত্রী। হুট করে ইযানের হাত ফসকে খেলনা গাড়িটা নিচে পড়ে গেল। সেটাকে তুলতে গিয়েই মাথা ঘুরিয়ে তাকাল ইযান। তার চোখ পড়ল সরাসরি সাইবানের উপর।
শ্বাসরুদ্ধ হয়ে চেয়ে রইল সাইবান। তিন মাস। ৯০ দিন। ২১৬০ ঘণ্টা। ১,২৯,৬০০ মিনিট। ইযান কি তাকে মনে রেখেছে? বাচ্চারা তো খুব সহজে ভুলে যায়। সব ভুলে যায়! জলজ্যান্ত মানুষকেও! কিন্তু তার ধারণাকে চূর্ণবিচূর্ণ করে ইযান তৎক্ষণাৎ কায়সানের কোল থেকে মেঝেতে ঝাঁপিয়ে পড়ল। হামাগুড়ি দিতে দিতে উদ্ভ্রান্ত হয়ে এগিয়ে এলো। যেন সময়ের সাথে দৌঁড়পাল্লায় নেমেছে সে। দুই হাত বাড়িয়ে ধরে চিৎকার দিয়ে ডাকল,
“বাব্বা! বাব্বা!”
নীরবতা ভেঙে চুরমার হয়ে গেল। প্রতিটা দেয়ালে দেয়ালে বুঝি প্রতিধ্বনিত হলো মধুর ডাকটা। সাইবানের হাঁটু ভেঙে এলো প্রায়। দাঁড়িয়ে থাকার জোর ক্রমশ হারিয়ে ফেলছে সে। শরীর কাঁপতে শুরু করেছে উপলব্ধিতে। নাহ্। ইযান ভোলেনি! বাচ্চারা হয়ত মানুষ ভুলে যায়। কিন্তু বাবা? বাবাকে ভোলা সম্ভব? বাচ্চারা তো আর স্বার্থপর মানুষ নয়! নিষ্পাপ, বড্ড নিষ্পাপ তারা। স্বার্থ দেখে কাউকে ভালোবাসেনা তারা।
তাড়াহুড়োয় হামাগুড়ি দিতে দিতে ইযান হুমড়ি খেয়ে মেঝেতে পড়ল। চেঁচিয়ে ডাকতে থাকল,
“বাব্বা!”
আর সহ্য করা গেলনা সাইবানের পক্ষে। ঝড়ের গতিতে ছুটতে গিয়ে নিজের পা হড়কে মেঝেতে ধপাস করে হাঁটু গেড়ে বসে পড়ল সে। শক্ত মেঝের বিপরীতে পায়ে বেশ ব্যথা লাগলেও পরোয়া করলনা। দুহাত বাড়িয়ে ইযানের ছোট্ট শরীরটাকে তুলে ধরল। অবশেষে! সে পেরেছে! সেদিন তার পা জড়িয়ে ধরে কান্নার পরেও ছেলেটাকে বুকে জড়িয়ে নিতে পারেনি সে। কিন্ত আজ, আজ কোনো বাঁধা মানলনা। ইযানকে বুকে তুলে এমনভাবে জাপটে ধরল যেন তার প্রাণপাখি ছটফট করছে। ছোট্ট হাতে সাইবানের গলা জড়িয়ে ধরল ইযান। অজান্তেই চোখ ভিজে টপটপ করে অশ্রু গড়াতে লাগল সাইবানের। মুখ গুঁজে দিল সে নিষ্পাপ বাচ্চাটার কাঁধে। কম্পিত হলো তার বিশাল শরীর, আবেগের তাড়নায়। যে বিশালতার মাঝে লেপ্টে আছে এক অংশ পবিত্র উষ্ণতা।
“বাবা চলে এসেছি। বাবা চলে এসেছি, আব্বু।”
ভাঙা কন্ঠে ফিসফিস করল সাইবান। তার বাক্যের বিপরীতে ইযান আদুরে গলায় বারংবার বাব্বা, বাব্বা স্বরে ডেকে চলল। বাবা – ছেলের এমন আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো সকলে। প্রসারিত নয়ন মেলে দেখল এক অনাকাঙ্ক্ষিত অথচ অনন্য আবেগে মোড়া মিলনের দৃশ্য। কারো কারো চোখে জল জমল, কেন তারা নিজেরাও জানেনা। কারো আবার গুঞ্জন উঠল তুঙ্গে। কে এই লোক? বাচ্চার বাবা? কায়সানও মূর্তির মতো বসে অপলক চোখে দেখে যাচ্ছে গোটা দৃশ্য। কিন্তু আশেপাশের কোনোকিছুর প্রতি বিন্দুমাত্র মনোযোগ নেই সাইবানের। সে ব্যাস্ত ছেলেকে নিয়ে। ওখানেই মেঝেতে আসুন করে বসে ইযানের পাঁজরের দুপাশে হাত রেখে মুখের সামনে তুলে ধরল সে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখল কতটা বদলেছে তার ছেলে। ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটল সাইবানের। ঝুঁকে ইযানের পেটে মুখ ঘষে কাতুকুতু দিয়ে বলল,
“ভালোই মোটকু হয়েছিস দেখি! এবার আরও বেশি পোটলা পোটলা লাগছে।”
“অ্যাই…বা!”
প্রতিবাদী হলো ইযানও। পিতাকে কাছে পাওয়ায় সহজাত শত্রুতার পুনরাবৃত্তি ঘটল। ধড়াম করে পা তুলে লাথি বসিয়ে দিল সাইবানের কাঁধে। ভ্রু কুঁচকে সাইবান বলল,
“তবে রে! বাপকে লাথির জোর দেখাস? মামা, তুই সেয়ানা হলে আমিও সেয়ানার বাপ! ভুলে গেছিস? মনে করিয়ে দেব?”
ইযানের শরীরে বিশেষ কাতুকুতু নেই। একটা জায়গাতেই দূর্বল সে। পায়ের পাতা। পা তুলে নরম ত্বকে আঙুল চালিয়ে কাতুকুতু দেয়া শুরু করল সাইবান। তার কোলে লাফিয়ে লাফিয়ে হাসতে লাগল ইযান। হাজার চেষ্টা করেও পিতার কবল থেকে মুক্ত হতে পারলনা বেচারা। হাসতে হাসতে ফোলা গাল দুটো লাল হয়ে উঠল।
এমন সময়ে দরজার কাছে এসে দাঁড়াল ইরাম। গভীর নয়নে দেখল বাসার ভেতরের দৃশ্য। এত লোক, এত উপস্থিতির মাঝেও নিজেদের আপন জগতে ব্যাস্ত থাকা পিতা পুত্রের উপর থেকে চোখ ফেরাতে পারলনা সে। মনে হলো, ওই দৃশ্যে সে নিজেও বাইরের কেউ হিসাবে গণ্য হবে। তাই অদূর থেকে প্রাণভরে দেখল ছেলের মুখের হাসি। ইযান এতদিন হাসেনি তা নয়, কিন্তু কোথাও একটা যেন সবসময়ই শূন্যতা ছিল। আজকের ভরাট হাসির সঙ্গে সেই হাসির তুলনা হয়না। দরজার চৌকাঠে দাঁড়িয়ে ইরাম প্রথমবারের মতো অনুভব করল, নিজের ছেলের কাছেই লড়াইটা হেরে গিয়েছে সে। বাজেভাবে হেরে গিয়েছে।
হুজুর এসে পড়েছেন। মিলাদ শুরু হচ্ছে। সাইবান ওযু করে পরিপাটি হয়ে ইহানের কাছ থেকে ধার করা একটা টুপি নিয়ে বসল পাটিতে। তখন থেকে এখন অবধি আশেপাশের সবাই তাকে বেশ সূক্ষ্ম নজরে দেখে যাচ্ছে। সেই নজরকে বিশেষ পাত্তা না দিয়ে ইযানকে কাছে টেনে নিজের কোলে বসাল সে। হুজুর দোয়া কালাম পড়ছেন। সেসবেই আপাতত মনোযোগ দিল বাকিরা। সাইবানের একপাশে বসেছে ইহান। অন্যপাশে দুটো বাচ্চা ছেলে। খুব সম্ভবত অন্য ফ্ল্যাটের বাচ্চা। তাদের মধ্যে একজন তর সইতে না পেরে ঝুঁকে জিজ্ঞেস করেই বসল,
“আংকেল, আংকেল! আপনি ইযানের কী হন?”
দ্বিধা করলনা সাইবান। মোলায়েম হেসে উত্তর করল,
“বাবা হই।”
ছেলেটার চোখে বুঝি তারার ঝিলিক খেলে গেল। ইযানেরও বাবা আছে, এই তথ্যটা তার কাছে নতুন। পাশের বাচ্চা ছেলের দিকে ফিরে সে রসিয়ে রসিয়ে কী যেন বলতে শুরু করল। সাইবান মাথা দুলিয়ে মিলাদে মনোযোগ দিল। কোলে বসে ইযান সানন্দে তার বৃদ্ধাঙ্গুল কামড়ে যাচ্ছে। নতুন দাঁতের খোঁচায় ব্যথা পেলেও সাইবান বাঁধা দিলনা ছেলেকে। নাড়ির টান, সন্তানকে কাছে পাওয়ার বাসনা বুঝি এটাই!
মিলাদ শেষে সবার মাঝে খেজুর আর মিষ্টি বিলানো হলো। বাচ্চারা সেসব নিয়ে রীতিমত কাড়াকাড়ি লাগিয়ে দিচ্ছে। এইতো, পাশেই ছোটখাট একটা যুদ্ধ চলছে। সবাই আনন্দ নিয়ে দেখছে। এর মধ্যেও সাইবান সাবধানে ইযানকে আগলে রাখল। কিছুক্ষণ বাদেই দুপুরের খাবার পরিবেশন করা হলো। মেয়েরা পুরুষদের সামনে আসছেনা। ইহান আর কায়সানই দায়িত্ব নিয়ে সবাইকে পরিবেশন করছে। সাইবান কোলে বাচ্চা থাকায় সাহায্য করতে পারলনা বিশেষ। সে বাকি বাচ্চাদের টুকটাক খাবার বেড়ে দিল। তার প্লেটটা সামনে আসতেই ইযান জোরসে থাবা বসিয়ে দিল। এক্ষুণি খাবার চাই তার, এক্ষুণি! তার লম্ফঝম্ফ দেখে বহুদিন আগের হোটেলের চুঁইঝাল কান্ডের কথা মনে পড়ে গেল সাইবানের। দ্রুত ছেলেকে টেনে সরিয়ে আনল,
“সবুর বাবা সবুর। প্লেটটাও গিলে ফেলবেন নাহয়!”
“খাম…বাব্বা! বাব্বা খাম!”
—বাবা খাব। এই বাক্যটাই বলেছে ইযান। পুরোপুরি উচ্চারণ করতে না পারলেও সাইবান ঠিকই বুঝে ফেলল। কীভাবে বুঝল? আশ্চর্য্য! এই বুঝি পিতামাতার ক্ষমতা! ঝোল ছাড়া পোলাও মাখিয়ে নরম করে ইযানের মুখের সামনে ধরল সাইবান। জিভ বের করে তার আঙুল শুদ্ধ চেটেপুটে গিলে ফেলল ইযান। নাহ, ছেলের ভালোই ক্ষুধা পেয়েছে। নিজে খাওয়ার পাশাপাশি তাই ইযানকেও একটু একটু করে খাইয়ে দিল সাইবান। মুরগির রোস্টের ঝোলটা মিষ্টি। সেটা দিয়ে পোলাও মাখিয়ে খাওয়াতেই ইযানের মুখ বেয়ে লালা গড়াতে লাগল আরও খাওয়ার জন্য। মুচকি হাসল সাইবান। খাওয়ার মাঝে মাঝে টিস্যু দিয়ে ছেলের মুখ মুছে দিতে লাগল সে। আশেপাশের মানুষজন বেশ উদগ্রীব হয়ে তাকে দেখলেও প্রশ্ন করার সাহস পেলনা কেন যেন। বহুক্ষণ বাদে সেই সাহসটা দেখালেন পাশের ফ্ল্যাটের মনসুর। কৌতূহল দমাতে পারেননি তিনি। বলে বসলেন,
“আপনি বাচ্চার বাবা নাকি?”
সাইবান চোখ তুলে তাকাল। তারপর আবার ইযানের দিকে মনোযোগ ফিরিয়ে পাল্টা বলল,
“দেখে কী মনে হয়?”
“বাবা মনে হয়।”
“তাহলে জিজ্ঞেস করলেন কেন?”
“না মানে…আপনি কয় নাম্বার?”
এই প্রশ্নটায় থমকাল সাইবান। চোখে চরম শীতলতা নেমে এলো তার। তীক্ষ্ণ দৃষ্টিতে মনসুরের দিকে তাকিয়ে সে জানাল,
“সাইবান আলাদিন। ইযানের বাবা আর ইরাম কিবরিয়ার স্বামী। পুরো পরিচয়ের কোথাও কোনো নাম্বার নেই।”
“কিন্তু আমি শুনেছিলাম উনি ডিভো…!”
সাইবানের হিমশীতল হুমকিমাখা চাহনিতে মাঝপথেই থেমে গেলেন মনসুর। মাথা হেলিয়ে নিজের খাওয়ায় মনোযোগ দিলেন। তবে সাইবানের পরিচয় ততক্ষণে অনেকেরই কৌতূহলের উদ্রেক ঘটিয়ে ফেলেছে। বেশ প্রভাবশালী দেখতে এক মুরুব্বি বলে উঠলেন,
“ইরাম আমার বাসায় উঠেছে তিনমাস। তখন তো শুনেছিলাম পরিবার নেই, একাই থাকবে ছেলেকে নিয়ে। কোর্টে কাস্টাডির কেইস চলছে। হঠাৎ তুমি এলে?”
ইনি তাহলে বাড়িওয়ালা। সাইবান তেমন বিচলিত না হয়ে একদম স্বাভাবিকভাবে উত্তর করল,
“পরিবারে মাঝেমধ্যে মনোমালিন্যের ঘটনা ঘটে থাকে। আমাদের বাধ্যবাধকতা ছিল কিছু। চিন্তা করবেন না। আমি একদিনের জন্য হঠাৎ উদয় হইনি। আমার স্ত্রী সন্তানকে নিজের বাসায় নিয়ে যেতে এসেছি। কিছুদিন বাদে ওদের নিয়ে চলে যাব আমি।”
শান্তভাবে কথাগুলো বলে পুনরায় ইযানকে খাওয়ানোর দিকে মনোযোগ দিল সাইবান। যেন কিছুই হয়নি। তার আচরণ এবং ভূষণ দেখে বাড়িওয়ালা আবারও শুধিয়ে বসলেন,
“তা কী করো তুমি?”
“বিজনেস অ্যান্ড মিউজিক।”
এর বেশি ব্যাখ্যা দিলনা সাইবান। বাকিরাও খুব বেশি ঘাঁটালনা তাকে আর। রান্নাঘরে দাঁড়িয়ে সবকিছু সামলাতে থাকা ইরামের কানে তার প্রত্যেকটা কথাই গেল। থম মেরে দাঁড়িয়ে থাকল সে। বাসায় নিয়ে যেতে এসেছে মানে?
বিকাল পেরিয়ে সন্ধ্যা হতে চলেছে। দাওয়াতের পর্ব শেষ। মেহমানরা সবাই বাড়িতে ফিরে গিয়েছে। রহস্যজনকভাবে মিলাদ শেষ হওয়ার পরপরই ইহান কোচিংয়ের বাহানা দিয়ে সটকে পড়েছে। ইরাম আন্দাজ করে নিয়েছে, সাইবানের সঙ্গে গোপন আঁতাত আছে ওই ছেলের! এজন্যই এত সহজে সব খবরাখবর, বাসার ঠিকানা পর্যন্ত পেয়ে গিয়েছে। ইহান বড় বোনের ক্রোধাগ্নি থেকে বাঁচতে আগেভাগেই পালিয়েছে। প্লেট – বাটি সব ধুয়েমুছে রাখছে ইরাম। এতকিছু বাসায় ছিলনা তাই প্রতিবেশীদের কাছ থেকে ধার এনেছে। শুকিয়ে বক্সে ভরে আবার পৌঁছে দিয়ে আসবে আজকের ভেতরেই। মনটা কেমন উশখুশ করছে তার। সাইবানের হঠাৎ আগমনে খুশি হলেও নতুন এক চিন্তা তাকে ঘিরে ধরেছে। আচমকা পিছন থেকে তাকে জড়িয়ে ধরল কেউ। কানের কাছে খিলখিলে কন্ঠে বলল,
“তোমার হাসবেন্ড এত্ত হ্যান্ডসাম আগে বলোনি তো আপু!”
রাবিয়ার স্পর্শ চিনতে ভুল হয়নি। ইরাম তাই ভয় পায়নি। কিন্তু কথাটা শুনে অবাক হলো। রাবিয়া তাকে ছেড়ে লাফিয়ে সামনে গিয়ে জানাল,
“ইউ আর লাকি! নো নো, হি ইয লাকি! ইউ বোথ আর লাকি! কিন্ত না, এক মিনিট। তোমার না তোমার শয়তান জামাইয়ের সাথে ঝগড়া? ওই ছেলে তাহলে মিচকে শয়তান? হায়রে পুরুষ! চেহারা ভালো হলে স্বভাবটা খারাপ হতেই হবে! শালা!”
রাবিয়া নিজের মনে মনে গল্প সাজিয়ে ফেলেছে বুঝে ইরাম শুধরে দিতে যাবে কিন্তু সম্ভব হলোনা। এর আগেই রান্নাঘরে তৃতীয় ব্যক্তির আগমন ঘটল। ধীরপায়ে হেঁটে এলো কায়সান। রাবিয়াকে চোখ রাঙানি দিতেই মেয়েটা চুপসে গেল। গলা খাঁকারি দিয়ে পুনরায় নিজের কোমল রূপে ফিরে কায়সান ইরামের দিকে তাকাল,
“আমি তাহলে এখন আসছি ইরাম। পরে কথা হবে। আর রাবিয়া, লাফঝাঁপ কম করবি।”
ইরাম কায়সানের দিকে ফিরল। কী বলবে বুঝতে পারলনা। চুপ করে রইল। তার অভিব্যক্তি লক্ষ্য করে কায়সান নিজে থেকেই এগিয়ে এলো। ইতস্তত করে শেষমেষ একটা হাত রাখল ইরামের কাঁধে। নরম গলায় বলল,
“চিন্তা করোনা। সব ঠিক হবে। আই অ্যাম জাস্ট ওয়ান ফোনকল অ্যাওয়ে। ওকে?”
ইরাম মাথা দোলাল। কায়সানের এই বন্ধুসুলভ আচরণ তার বেশ পছন্দ। সে চাইলেই এখন সাইবানের ব্যাপারে জিজ্ঞেস করতে পারতো। সে এখানে কী করছে, ইরাম এখন কী ভাবছে, ভবিষ্যৎ কী হবে এই ধরণের প্রশ্ন করতে পারতো। কিন্ত করেনি। নীরব আস্থা রেখেছে ইরামের উপর। নিজে থেকে না বললে কায়সান কখনোই তাকে কিছু জিজ্ঞেস করেনা। সেদিন যখন বাসায় চোর এসেছিল, তখনো এক ঘণ্টার মধ্যে কায়সান পৌঁছে গিয়েছিল। একেবারে সব তদারকি করে তারপর রাতে ফিরেছিল। শেষ একবার ইরামের দিকে আশ্বাসস্বরূপ চেয়ে কায়সান চলে গেল। রাবিয়াও ভাইয়ের পিছনে হাঁটা দিল দরজা লাগাতে। একা রান্নাঘরে দাঁড়িয়ে ইরাম ভাবনায় ডুবে গেল। কী করা উচিত তার? দোটানায় ভুগছে।
চুলায় চা বসাল ইরাম। রাবিয়া কফি খায় তাই ইনস্ট্যান্ট কফির প্যাকেট আছে। গরম পানিতে সেই পাউডার ঢেলে কফি বানিয়ে নিল। নিজের জন্য এককাপ চা। ধীরে ধীরে হেঁটে সে রুমের দিকে চলে গেল। অস্বস্তি হচ্ছে তার। এতদিন পরে বলে? নাকি অন্য কারণে জানেনা। নিজের অস্বস্তি জোর করে ঝেড়ে ভেতরে ঢুকল সে। ইযান সেই সকাল থেকে বিষদ কর্মকান্ডে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে। বিছানার মাঝখানে পরম শান্তিতে নিদ্রায় আচ্ছন্ন সে। দুই পাশে ছোট দুটো কোলবালিশ দিয়ে রাখা হয়েছে। ইরাম কয়েক পলক ছেলেকে দেখল। তারপর আশেপাশে তাকাল। রুমের কোথাও সাইবান নেই। বারান্দার দিকে ছায়ার প্রতিফলন দেখে ইরামের বুঝতে বাকি রইলনা। সে হেঁটে বারান্দায় চলে গেল।
সাইবান রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। স্যুট খুলে ফেলেছে। এখন শুধু কালো শার্ট আর টাই পরনে। দুহাত প্যান্টের পকেটে গোঁজা। দৃষ্টি আবদ্ধ সুদূর দিগন্তে যেখানে ধীরে ধীরে অস্ত যাচ্ছে সূর্য। সাইবানের পরিবর্তনটা নতুন করে আবারও আবিষ্কার করল ইরাম। দাঁড়িয়ে থাকার ভঙ্গিমা, চাহুনি সবটাই আলাদা। কেমন নিষ্প্রাণ। এই পরিবর্তনের জন্য সেই তো দায়ী! চোখ নামিয়ে ফেলল ইরাম অপরাধবোধে। চুপচাপ এগিয়ে কফির মগটা রেলিংয়ের উপর রাখল। সাইবান চোখ নামিয়ে তাকাল ঠিকই, কিন্তু ধরলনা। ইরাম এক হাত দুরত্বে দাঁড়িয়ে নিজের চায়ের কাপে চুমুক দিল। কোনো কথা খুঁজে পেলনা। কী বলা যায়? কী জিজ্ঞেস করবে? কেমন ছিল, কোথায় ছিল এসব জানতে চাওয়ার অধিকার কি তার আর আছে?
“তালাকনামা পাঠালেনা কেন?”
অনেক ভেবেচিন্তে অবশেষে এই প্রশ্নে স্থির হলো ইরাম। দীর্ঘক্ষণ নীরব থাকল সাইবান। একটা সময় ইরাম ধরে নিল, জবাব বোধ হয় আসবেনা। কিন্ত এলো। তার দিকে না তাকিয়ে জবাব দিল সাইবান,
“যেন আপনি মুক্তি না পান। স্বার্থপরেরা মুক্তির যোগ্য নয়।”
চমকে উঠল ইরাম। একটুর জন্য হাত থেকে চায়ের কাপটা পড়ে গেলনা। সেটা রেলিংয়ের উপর রেখে দিয়ে সাইবানের দিকে সরাসরি তাকাল সে।
“মানে? তুমি নিজেই বলেছিলে ডিভোর্স চাই তোমার।”
”হুম। বলেছিলাম। এখন আর চাইনা।”
“কেন?”
ইরাম হতবিহ্বল হয়ে পড়েছে। তার বিপরীতে সাইবান শান্ত। অতিরিক্ত শান্ত। উত্তর এলোনা। ইরাম অধৈর্য্য হলো। আবারও শুধাল,
“আর দুপুরে সবাইকে ওভাবে বললে যে? আমাদের নিয়ে যাবে মানে? কোথায়?”
এবার সাইবান মাথা ঘুরিয়ে ইরামের চোখের দিকে তাকাল। অস্তমিত সূর্যের কমলাভ আলো তার গভীর কালো মণিতে প্রতিফলিত নিভু নিভু শিখার ন্যায়। ঠোঁটজোড়া ফাঁক হলো তার। সুগভীর কন্ঠ হাজারও আবেগ নিয়ে আছড়ে পড়ল বুঝি ইরামের কানে,
“কবর অবধি কবুল বলেছি। আপনি বলুন, ঘরে ফিরবেন নাকি কবরে?”
এবার ইরামের শব্দ হারানোর পালা। এতকিছুর পরেও? এত যন্ত্রণা, এত বিরহ পেরিয়েও এই ছেলে তাকে এই কথা বলতে পারল? এই আহ্বান জানাতে পারল? তার কি জীবনের ভয় নেই? ইরাম সমস্ত শরীরে কাঁপুনি অনুভব করল। রেলিং আঁকড়ে ধরল শক্তভাবে নিজের ভারসাম্য রক্ষায়। প্রতিবারের মতো এবার তার আলাদিন তাকে ধরতে এলোনা। ঢাল হয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করলনা। ইরাম একাই সামলাল নিজেকে। তার নয়ন হার মেনেছে। আবেগের ফোঁটা জমতে শুরু করেছে এক এক করে। চোখ তুলে দেখল সে সাইবানকে। হৃদস্পন্দন সীমা ছাড়াল। রীতিমত ফিসফিস করে উচ্চারণ করল,
“এতকিছুর পরেও….তুমি আবারও একই ভুল করতে চাইছ?”
“অনিচ্ছায় যখন বিষপান করে ফেলেছি, এবার স্বেচ্ছায় করলেও কিছু যায় আসেনা।”
সূক্ষ্ম হাসল সাইবান। পরিহাসের হাসি। পুনরায় দিগন্তের দিকে ফিরে তাকিয়ে বলল,
“ডি জে আলাদিন সবসময়ই ইউনিক। সবাই তো ভালোবাসার সংসার বাঁধে, আমি নাহয় ঘৃণার সংসার বাঁধব?”
“ঘৃণার সংসার?”
অস্ফুট স্বরে উচ্চারণ করল ইরাম। দুবাহুতে নিজেকে জড়িয়ে ধরল। হঠাৎ করেই শীতটা ভীষণ গায়ে লাগছে। সাইবানের হাসিটা বিস্তৃত হলো। ঠোঁটের ফাঁকে ঝকঝকে মুক্তোর মতো দাঁতগুলো দেখা গেল। কিন্তু এই হাসিতে কোনো আনন্দ নেই। আছে চাপা হাহাকার।
“এই পৃথিবীতে কত সংসার আছে! স্বামী স্ত্রীর সবাই কি সবাইকে ভালোবাসে? এই যেমন আপনি আমাকে ভালোবাসেন না। কিন্তু তাই বলে কি তারা সংসার করেনা? করে। সন্তানের ভালোর জন্য, সুন্দর ভবিষ্যতের জন্য। আমিও ধরে নেব আমার কপালে তেমন সংসারই জুটেছে। আপনার জগৎটা যেমন শুধু ইযানের, তেমন আমার জগৎটাও হবে শুধু পোটলার। ব্যাস, আর কী চাই?”
একটু থেমে একটা মিথ্যা কথা বলল সাইবান,
“আপনাকে ছাড়া বাঁচতে পারলেও পোটলাকে ছাড়া আমি বাঁচবনা। আপনি যেমন ওর জন্য স্বার্থপরতার খেলা খেলেছেন, তেমন আমিও ওর জন্য সংসার সংসার খেলব। ক্ষতি কি তাতে?”
ইরাম বুঝল, সাইবানের প্রথম কথাটা খুব সম্ভবত মিথ্যা। তবুও সে নিজেকে দমাতে পারলনা। মনে হলো বুকের ভেতরটা চুরমার হয়ে গিয়েছে। ভাঙতে ভাঙতে আর কত ভাঙা যায়? ইরামের জানা নেই। তার চোখ বেয়ে একফোঁটা অশ্রু গড়িয়ে নামল নিঃশব্দে। গাল পেরিয়ে কামিজের কলারের ভেতর আড়াল হয়ে গেল। সাইবান তাকালনা। নিজের লম্বা চুলে আঙুল বুলিয়ে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। নিজেকে নিয়ন্ত্রণের জন্য নাকি? বোঝা গেলনা। গলা খাঁকারি দিয়ে হিমশীতল গলায় সাইবান পুনরায় বলল,
“ওই বাড়িতে ফিরতে না চাইলে আমি আলাদা বাসা নেব। আপনি আর পোটলা আমার সাথে থাকবেন। এদিকটা যত তাড়াতাড়ি সম্ভব গুছিয়ে নিন।”
এটুকুই। সাইবান আর দাঁড়ালনা। বারান্দা থেকে হনহন করে হেঁটে বেরিয়ে গেল। কফির মগটা ওভাবেই পড়ে রইল অবহেলায়। যেমনটা দাঁড়িয়ে রইল ইরাম। সাইবান চলে যেতেই ধপাস করে মেঝেতে বসে পড়ল সে। চোখ ভেঙে কান্না ঝরতে চাইছে। অথচ পারছেনা। জীবনের যাঁতাকলে পিষে ইরাম অনেকখানি নির্মম হয়ে উঠেছে। শুধু আহাম্মকের মতো বসে থাকল সে। একটা সময়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামল। সূর্য উধাও হয়ে রাতের আঁধারে ঢেকে গেল পৃথিবী। কনকনে শীতল বায়ু ছুরির মতো কেটে গেল শরীরজুড়ে। তবুও ইরাম নড়লনা। হাঁটু জড়িয়ে ওভাবেই বারান্দার কোণায় বসে রইল।
এবার আলাদিন তাকে সত্যিই ঘৃণা করতে শুরু করেছে। ঘৃণা।
রাত।
রাবিয়া এসে দুই তিনবার ডেকে যাওয়ার পর ইরামের হুশ হলো। বারান্দা ছেড়ে ভেতরে এসে খাবার গরম করে নিল। ইযানকে নিয়ে সাইবান বাইরে হাঁটতে গিয়েছে। সে কখন এলো ইরামের খোঁজ নেয়া হলোনা। সে পুরোটা সময় চুপচাপ রাবিয়ার রুমে বসে থাকল। রাবিয়াও তার হঠাৎ মন খারাপ দেখে বিশেষ ঘাটায়নি। দুধ পাম্প করা ছিল, সেটাই ইযানকে খাইয়ে দিল সাইবান। সারাদিনের ক্লান্তিতে ইযান বেশিক্ষণ জেগে থাকলনা। নয়টার দিকেই ঘুমিয়ে পড়ল। ইরাম আরও অনেক পরে যখন নিজের বেডরুমে গেল, তখন দেখল বাবা ছেলে দুজনই বিছানায় শুয়ে আছে। সাইবান শার্ট খুলে ফেলেছে। শুধু প্যান্ট পরনে। ওভাবেই চিৎ হয়ে শুয়েছে। ইযান তার বুকের উপর পরম শান্তিতে উপুড় হয়ে ঘুমাচ্ছে। মোটা কম্বল টেনে ছেলেকে দুবাহুর উষ্ণতায় জড়িয়ে রেখেছে সাইবান। তার চোখজোড়াও বন্ধ। ঘুমাচ্ছে নাকি বোঝা গেলনা। ইরাম তাদের বিরক্ত করলনা। কিন্ত এখানে থাকতেও পারবেনা সে। বিছানাটা মাঝারি আকৃতির। তিনজন শুতে গেলে গায়ে ঘেঁষাঘেঁষি করতে হবে। সেটা বিষয় না। বিষয় হলো, বিকালের কথোপকথন।ইরামের মনে হচ্ছে সেগুলো শোনার পরেই সাইবানের কাছাকাছি যাওয়াটা হবে অন্যায়। তাই সে হাত বাড়িয়ে আস্তে একটা বালিশ বের করে দরজা চাপিয়ে রাবিয়ার রুমে চলে গেল। রাবিয়া মাত্র পড়াশোনা করতে বসেছে। তার নাকি রাত বিরাতে পড়া মাথায় ঢোকে। সকালে না। ইরামকে দেখে অবাক হলো সে।
“আজকে তোমার সাথে শুই রাবিয়া? ওই ঘরে, কুচুপু আর ওর বাবা থাকুক।”
বলল ইরাম। রাবিয়া অবাক হলো। আলাদা রুমে থাকতে চাইছে বুঝে ইরামকে মানা করলনা সে।
“হুম। ঘুমাও। তবে তার আগে খেয়ে নাও। দুপুরেও ঠিকমত কিছু খাওনি।”
“ক্ষুধা নেই।”
এটুকুই জানাল ইরাম। তারপর চুপচাপ রাবিয়ার বিছানার এক কোণে পাশ ফিরে শুয়ে পড়ল। চোখ বুঁজে পড়ে থাকল। ঘৃণার সংসার? সেই ঘৃণার সংসার বলতে কি তবে সাইবান এটাকেই বুঝিয়েছে? একই ছাদের তলায় অপরিচিতের মতো বসবাস? তাদের শুধু একটাই মেলবন্ধন থাকবে। ইযান! এমন সম্পর্কে যাওয়াটা কি ইরামের আদৌ উচিত হবে? তার হাতে কি অন্য কোনো উপায় আছে? নতুন করে দোটানায় পড়ে গেল সে। একদিকে ইযানের খুশি, অন্যদিকে নিজের অপরাধবোধ। আগে হলে চোখ বন্ধ করে ইযানের খুশিকেই বেছে নিত সে। কিন্তু এখন? এখন কী করবে? সাইবানের কথায় স্পষ্ট, এই বিয়ে সে ভাঙবেনা। এমন দোটানায়ই কি সে ইরামকে ফেলতে চেয়েছে? এটাই তবে তার আলাদিনের দেয়া স্বার্থপরতার শাস্তি? ইরামের বোধগম্য হলোনা। আর ভাবতে পারছেনা সে। একটুখানি বিরতি চাই তার। লড়তে লড়তে হাঁপিয়ে গিয়েছে। বড্ড হাঁপিয়ে গিয়েছে সে। আর কোনো সিদ্ধান্তই তার নিতে ইচ্ছা হচ্ছেনা।
সারাদিনের অক্লান্ত পরিশ্রম এবং আবেগের চড়াই উৎরাইয়ের কারণে ইরাম ভোররাতের দিকে ঘুমিয়ে পড়ল। কখন রাবিয়া নিঃশব্দে তার গায়ে কম্বল টেনে দিল টের পেলনা। তবে ঘুম তার ভাগ্যে নেই। বেশ সকাল সকাল তার ফোন বাজতে লাগল। রাবিয়া তখনো পড়াশোনা করছিল আর কফি খাচ্ছিল। ইরাম টের না পেলেও সে ফোন দেখে তাকে জাগিয়ে তুলল।
“আপু। তোমার ফোন।”
মিটমিট করে তাকাল ইরাম। প্রথমেই চোখ পড়ল রাবিয়ার টেবিলের উপরে রাখা ঘড়ির দিকে। সাড়ে পাঁচটা বাজে মাত্র। এই সকালে ফোন দেয়ার মতো কেউ নেই তার। অবাক হয়ে ভ্রু কুঁচকে ফোন হাতে নিল সে। কলার আইডির নামটা দেখে আচমকাই তার সমস্ত ঘুম উধাও হয়ে গেল। কারণ মানুষটা ইমারজেন্সি না হলে অসময়ে কল দেয়ার মতন কেউ না। তড়াক করে বিছানায় উঠে বসে ফোন রিসিভ করল সে,
“হ্যালো। সুগন্ধা?”
ওপাশ থেকে সুগন্ধার ফোঁপানির শব্দ ভেসে এলো। কিছু একটা বলল সে, কিন্ত কান্নার কারণে বোঝা গেলনা কী বলেছে। ইরাম আঁতকে উঠল। বিছানা ছেড়ে লাফিয়ে উঠে পায়চারি শুরু করল। রাবিয়া চাপা আতঙ্ক নিয়ে তাকে দেখছে। ইরাম দ্রুত গলায় শুধাল,
“কান্না বন্ধ করো, প্লীজ সুগন্ধা! পরিষ্কার করে বলো, কী হয়েছে?”
“আ…আম্মা..আম্মাজান…”
আবারও ফুঁপিয়ে উঠল সুগন্ধা। তবে এবার ইরামকে নিরাশ হতে হলোনা। কেউ সুগন্ধার হাত থেকে ফোন কেড়ে নিজের কানে চাপল। পুরুষালী কন্ঠ ভেসে এলো,
“আপু?”
“রাহাত!”
হতভম্ব হয়ে গেল ইরাম। রাহাত ওখানে কী করছে? ভয়টা তরতর করে বাড়ল তার। শীতের মাঝেও ঘামতে লাগল সে। তার সমস্ত ভীতিকে সত্যি প্রমাণিত করে রাহাত সরাসরি বলল,
“খালামণি গতকাল রাতে স্ট্রোক করেছে।”
—চলবে—
🍒নোট:
আপনারা জানেন, আমি একটা ব্যস্ত পর্যায়ের ভেতর দিয়ে যাচ্ছি। এছাড়াও আর কিছুদিনের মধ্যেই আমার ফাইনাল পরীক্ষা শুরু হবে। কাজ, পড়াশোনা, লিখালিখি সবকিছু একসাথে সামাল দিতে আমি হিমশিম খাচ্ছি। তাই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। অনেক কথাই এই কারণে রাখতে পারিনি। আমায় ক্ষমা করবেন। আপনাদের অপেক্ষায় রাখতে চাইনা। কিন্ত আমার হাতে বর্তমানে বিশেষ উপায়ও নেই। তাই আমি সপ্তাহে একদিন করে আলাদিন ২ এর নতুন পর্ব দেব। দিনটা হলো মঙ্গলবার। প্রতি সপ্তাহের মঙ্গলবার আপনারা গল্পের নতুন পর্ব পাবেন ইনশাআল্লাহ। বাকিদিন অপেক্ষা করবেন না প্লীজ। আমাকে একটু মার্জনা করবেন আর কিছুদিন। পরিশেষে অনেক অনেক ভালোবাসা আর শ্রদ্ধা রইল আপনাদের প্রতি, যারা আমার প্রতিটা পদক্ষেপে শুরু থেকে আমার পাশে আছেন। আমার জন্য দোয়া রাখবেন। যেন আমি ব্যস্ততা কাটিয়ে পরীক্ষা শেষে আবারও আপনাদের মাঝে পুরোদস্তুর নিয়মিত হয়ে ফিরতে পারি।♥️
Share On:
TAGS: আমার আলাদিন, জাবিন ফোরকান
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
আমার আলাদিন পর্ব ৩১
-
আমার আলাদিন পর্ব ৮
-
আমার আলাদিন পর্ব ৩৯
-
আমার আলাদিন পর্ব ৫৭
-
আমার আলাদিন পর্ব ৬৭(প্রথমাংশ+শেষাংশ)
-
আমার আলাদিন গল্পের লিংক সিজন ২
-
আমার আলাদিন পর্ব ৪৫
-
আমার আলাদিন পর্ব ১৬
-
আমার আলাদিন পর্ব ১৮
-
আমার আলাদিন পর্ব ৪১