Golpo কষ্টের গল্প নদীর ওপারে সুখ

নদীর ওপারে সুখ পর্ব ১৭


#নদীর_ওপারে_সুখ

#সিমরান_মিমি

#পর্ব_১৭

•

মুহুর্ত অতিক্রম হলো না। এর পূর্বেই আওয়াজ এলো। হিমাদ্রি স্বজোরে লিখনের গাল চেপে ধরে দেয়ালের দিকে ধাক্কা মারলো। দাঁতে দাঁত চেপে তীব্র ক্ষিপ্রতা নিয়ে বললো,

“ নিভি নিধি নয়, তা আমি খুব ভালো করে জানি। খবরদার! দ্বিতীয়বার আমাকে রাগাতে আসবি না। ”

“ সরি, ভাইয়া। সরি! ”

লিখন বুঝতে পারলো সে ভুল কথা বলে ফেলেছে। নিধি’র কথা কখনোই তার মনে করিয়ে দেওয়া উচিত হয়নি। এতে হিমাদ্রির উপর চাপ পরে। সে মাথা ঠিক রাখতে পারেনা৷ উদ্ভ্রান্তের মতো আচরণ করে। বাড়ির সকলে তা জানে, মানে। তবুও রাগের বশে সে এই অভিশপ্ত নাম বলে ফেলেছে। লিখন ব্যথা পাচ্ছে। দেয়ালে ধাক্কা মারার কারনে ঘাড়েও আঘাত লেগেছে। কিন্তু সে কিচ্ছু বললো না। উলটো আঘাত করা তো দূর, প্রতিরোধও করলো না। দুচোখ খিচিয়ে বন্ধ করে শুধু নিজেকে সংযত করলো। বারবার অপরাধীর ন্যায় বললো,

“ সরি, ভাই। সরি! ”

হিমাদ্রি ছেড়ে দিলো। এরপর হিংস্রতা নিয়ে ফোঁসফোঁস করতে করতে বেরিয়ে গেলো রুম থেকে।

ফ্লোরের এক কোণে ফোন পড়ে আছে৷ ধস্তাধস্তি’র সময় লিখনের হাত ফসকে পড়ে যায়। হঠাৎ রিংটোন বেজে উঠলো। রাশেদ কল করছে। টানা এতোগুলো দিন পর তার ফোন পেয়ে লিখন কিংকর্তব্যবিমুঢ় হয়ে গেলো। এ কদিন এতোবার যোগাযোগ করতে চেয়েও সে তা পারেনি। আগুনের লাভা ছড়িয়ে দিয়ে অমানুষ’টা পালিয়ে পালিয়ে থেকেছে। সিম বন্ধ করে দিয়ে পেছনে কলকাঠি নেড়েছে। লিখন একপ্রকার হামলে পড়লো ফোনের উপর। রিসিভড করে বললো,

“জানোয়ারের বা’চ্চা! তোকে আমি জীবনের শেষ অবধি শান্তিতে বাঁচতে দেবো না। এতোদিন ভালোমানুষি দেখেছিস, তাই না। এবার আসল লিখন মাহমুদকে চেন। তোর চাকরি, জীবন সব কেড়ে নেবো। ”

ওপাশ থেকে হাসির আওয়াজ এলো। রাশেদ তাচ্ছিল্য করলো। বললো,

“ আগে নিজের সম্মান তো বাঁচা। তারপর আমাকে দেখে নিস। ”

পরক্ষণেই থেমে গেলো। শান্ত হয়ে অনুরোধ করে বললো,

“লিখন, তোর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই। তাহলে কেন পিছনে লেগেছিস? আমার চাকরিটা ভীষণ প্রয়োজন। সঙ্গে টাকাগুলোও। তোর তো অনেক আছে। আমাকে দিয়ে দে। আমি পেনড্রাইভ তোর হাতে তুলে দিবো। আল্লাহর কসম! একদম বিশ্বাসঘাতকতা করবো না। ”

এগুলো অনুরোধ নয়, হুমকি। ফলস্বরূপ, আরো রেগে গেলো লিখন। তার দূর্বলতাকে কাজে লাগিয়ে এভাবে পেছনে ছুরি মেরেছে রাশেদ। অথচ বছরের পর বছর এই বন্ধুদের পেছনেই লাখ টাকা ঢেলেছে। ভেবে রাগে নিজের শরীরের চামড়া ছিড়ে ফেলতে ইচ্ছে করছে। বিশ্বাসঘাতকতা তীব্র বিষের মতো সারা শরীরে ছড়িয়ে যন্ত্রণা দেয়।

•

অনামিকার ঘরের জানালা দক্ষিণ দিকে। বিকেলে সেখান থেকে অত্যধিক ঠান্ডা হাওয়া ঢোকে। গোসল শেষে অথবা শেষ বিকেলে জানালার সামনে দাঁড়ালে সারা শরীর হিম হয়ে যায়। আবেশে দু-চোখ বন্ধ করে প্রকৃতির উপলব্ধি করা যায়। তবে আজ আর সেখানে দাঁড়ালো না অনামিকা। তার মন ভালো নেই। বিছানায় শুয়ে অলস ভঙ্গিতে জীবনের সমীকরণ মেলাতে সে ব্যস্ত। নিজ মনের আবেগকে কেনো যে নিয়ন্ত্রণ করতে পারছে না তা নিয়ে বিরক্ত। কি হচ্ছে, কি করবে, ভবিষ্যৎ ই বা কি হবে, এসব ভেবে ভেবে সে দীর্ঘশ্বাস ফেললো।

লিখনের প্রতি তার ভালোলাগা কিশোরী বয়সের আবেগ। সে বড্ড দৃঢ় ভাবেই সেই আবেগকে ঝাপটে ধরে এতো বছর কাটিয়েছে। বিগত তেইশ বছরে কখনো অন্য পুরুষের প্রতি ভালো লাগা কাজ করেনি। মনে হয়েছে, এতে লিখনের প্রতি অবিচার করা হবে। আবার লজ্জায়, অস্বস্তিতে এই আবেগের কথা কখনো যে খুলে বলবে সে সাহসও সে করে উঠতে পারেনি। নিজ থেকে একটা ছেলেকে ভালোলাগার কথা কিভাবেই বা জানানো যায়? যদি সে অসম্মতি জানায়, রেগে যায়? তখন কি আত্মসম্মান থাকবে অনামিকার? অপমানে, লজ্জায় ভেঙে গুড়িয়ে যাবে না?

এতোসব ভেবে কিশোরী মনের আবেগকে সম্পূর্ণ ভাবে গোপন করে পুষে রেখেছিলো। কি হবে — তা পুরোপুরি ভাগ্যের উপর অর্পণ করেছিলো। লিখন মাহমুদ যদি তার ভাগ্যে থেকেই থাকে, তবে কোনো না কোনো ভাবে তার হবেই। এজন্য বিবাহের পূর্বে প্রেম করতে হবে না। ঠিক কোনো না কোনো ভাবে সৃষ্টিকর্তা তাকে দিয়ে দেবে৷

কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন। প্রতিটা পদক্ষেপে অনামিকা পথভ্রষ্ট হচ্ছে। কখনো সখনো মনে হচ্ছে লিখন তার অনুভূতি সম্পর্কে জানে, তাকে পছন্দও করে। তবে স্বীকার করেনা। এসব ভেবে মনের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা জাগে। আবার কখনো তার হাব-ভাব, ভঙ্গিমা দেখে আশ্চর্য হয়ে যায় অনামিকা। মনে হয়, তার প্রতি লিখনের কোনোকালেই মায়া ছিলো না। এসব দেখে মনের ভেতরটা ভেঙেচুরে চূর্ণ -বিচূর্ণ হয়ে যায়। বয়স বেড়ে তেইশে পা ফেলেছে। পূর্বের মতো অজুহাত দিয়ে কি এখনো অপেক্ষা করা যায়? গেলেও বা কার জন্য অপেক্ষা করবে সে? এমন একজন, যে জানেই না গোপনে অনামিকা তাকে মন দিয়ে বসেছে।

মনের মধ্যে দুশ্চিন্তার উত্থাল ঢেউ। হিসেব অনুযায়ী, বাবা-মায়ের পছন্দ করা পাত্রের সঙ্গে বিয়ে করা বুদ্ধিমানের কাজ। কিন্তু অনামিকা তা পারবে না। সে তো লিখনের জায়গায় অন্যকাউকে ভাবতেই পারেনা। মনের মধ্যে একজনকে রেখে, অন্যজনকে বিয়ে করে কি করে সংসার করবে? সে অনেক ভাবলো। অবশেষে সিদ্ধান্তও নিলো। এই মুহুর্তে মনের এতো টানাপোড়েনের মধ্যে বিয়ে করা যাবে না। সময় নিতে হবে। পরিবারকে অজুহাত না দিয়ে কথা বলতে হবে পাত্রের সঙ্গে। সেদিন হস্পিটালে কথা বলার পর ডক্টর নিষীথকে ভারী ভদ্র এবং বুদ্ধিমান মনে হয়েছে অনামিকার। তাকে কোনোভাবে বুঝিয়ে বললে নিশ্চয়ই শুনবে। এরপর সে সরাসরি লিখনের সম্মুখে দাঁড়াবে। তার মনের মধ্যে কি আছে তা জানতে চাইবে। জীবনের সব সিদ্ধান্ত এখন তার মতামতের উপরেই নির্ভর করছে। হ্যাঁ, বললে অপেক্ষা। না বললে নিজেকে সামলে নেবে অনামিকা। বেহায়ার মতো আর অপেক্ষা করবে না।

•

ইদানীং খুব দ্রুত সন্ধ্যা হয়। মাগরিবের আজান দেওয়ার সঙ্গে সঙ্গেই অন্ধকার গ্রাস করে পৃথিবীকে। আবছা আলো-আঁধার বোঝা যায় না। হিমাদ্রি নিগুঢ় দৃষ্টিতে বাগানের দিকে চেয়ে রইলো। দীর্ঘদিন সে সন্ধ্যা হতে দেখে না। মুহুর্তে মুহুর্তে আধার কিভাবে আলোকে গ্রাস করে তা জানে না। শহরে অবশ্য এসব দেখার উপায় নেই। এখানে আধার নামার আগেই কৃত্রিম আলো জ্বলে। যার কারনে সন্ধ্যা চেনা যায়না। মনে হয় এ গভীর রাত।

“ হিমাদ্রি, এই শাড়ি’টা পড়ে নেই? ”

তড়িৎ পেছনে ঘুরে তাকালো হিমাদ্রি। ড্রেসিং টেবিলের সামনে শাড়ি হাতে দাঁড়িয়ে আছে নিধি। লম্বাটে ফর্সা মুখ, ঠোঁটে হাসি। সে উদগ্রীব হয়ে উত্তরের অপেক্ষা করছে। হিমাদ্রি বারান্দায় দাঁড়িয়েই ঝট করে দু-চোখ বন্ধ করে ফেললো। তবে নিধি থেমে নেই। সে হাস্যোজ্জ্বল মুখে একই প্রশ্ন করেই যাচ্ছে। ধীরে ধীরে আওয়াজ দ্বিগুণ হচ্ছে। যন্ত্রণায় হিমাদ্রির মস্তিষ্কের শিরা-উপশিরা ছিঁড়ে যাচ্ছে। সে দুহাতে কান চেপে ধরলো। অনবরত উদ্ভ্রান্তের মতো বলতে লাগলো,

“ চলে যাও, চলে যাও। আমার কাছে এসো না। আমার সঙ্গে কথা বলো না। ”

নিধি গেলো না। সে একইভাবে আয়নার সামনে দাঁড়িয়ে রইলো। যন্ত্রণায় দগ্ধ হয়ে একপর্যায়ে ভারসাম্য হারিয়ে ফেললো হিমাদ্রি। মাটির শক্ত ফুলদানি’টা ধরে ছুড়ে মারলো আয়নায়। মুহুর্তেই কাঁচ ভেঙে চূর্ণ – বিচূর্ণ হয়ে গেলো রুম। জ্যোতি মাহমুদ দরজার সামনে দাঁড়িয়ে আঁৎকে উঠলেন। হিমাদ্রির আওয়াজ শুনেই এসেছিলেন। তার পেছনে সেঁজুতিও আছে। তিনি দ্রুত কাচ পেরিয়ে রুমে ঢুকলেন। ছেলের বেহাল অবস্থা দেখে কেঁদে ফেলে বললেন,

“ হিমাদ্রি! বাবা, কোথাও কেউ নেই৷ এদিকে দেখ, পুরো ঘর ফাঁকা। ”

সারা শরীর ঘেমে নেয়ে একাকার। চোখ দুটো লাল হয়ে গেছে বিষাদে। হিমাদ্রি মাথা তুলে মাকে একবার দেখলো। এরপর আচমকাই গম্ভীর হয়ে উঠলো। রুমের ভঙ্গুর অবস্থা দেখে কয়েক মুহুর্তের মধ্যে স্বাভাবিক হয়ে গেলো। শীতল কন্ঠে সতর্ক করে বললো,

“ বের হয়ে যাও, মা। আমার রুমে আসবে না। তোমার মুখে বেইমানি’র ছায়া দেখতে পাই। আমার জীবন ধ্বংসের কারন দেখতে পাই। প্লিজ, আমার সামনে এসোনা। আমি তোমাকে সহ্য করতে পারিনা। ”

জ্যোতি হু হু করে কেঁদে ফেললেন। ছেলেকে ছোঁয়ার চেষ্টা করে বললেন,

“ কেনো এমন করছিস? কত মানুষ এর চেয়ে বেশি আঘাত পায়। তারা তো আবার বাঁচে। তুই কেনো এমন হয়ে যাচ্ছিস বাবা। আমি তোর দুঃখে একসময় মরে যাবো। ”

“ রুম থেকে যাও। ”

সেঁজুতি দ্রুত জা কে ধরে বেরিয়ে গেলো রুমের বাইরে। হিমাদ্রির শরীর আবারো খারাপ হয়েছে। ছেলেটা এমনিতে স্বাভাবিক। শুধু একবার মাথা বিগড়ে গেলে নিজেকে সামলাতে পারে না। অতীত ভেবে যা খুশি করে ফেলে। পরে ভেবে কষ্ট পায়, আফসোস করে। জ্যোতি মাহমুদ এখনো কাঁদছেন। দুঃখে বুক ভেঙে যাচ্ছে। আর্তনাদ করে জা’ এর সঙ্গে বললেন,

“ নিজের হাতে ছেলেটার জীবন’টা ধ্বংস করে দিলাম। আমার হিমাদ্রি কি আর কোনোদিন শান্তিতে ঘুমাতে পারবে না? কি করবো আমি? ওর জন্য বাবার বাড়ি ছেড়েছি আজ চার বছর। পরিচয় টুকুও রাখিনি। তাও কেনো ঠিক হচ্ছে না। ছেলেটা কি পাগল হয়ে গেলো! ”

জ্যোতির আতংকিত আচরণ দেখে সেজুতি তাকে সান্ত্বনা দিলেন। হিমাদ্রিকে নিয়ে তিনি নিজেও চিন্তিত। কিন্তু ভাগ্য কি আর এড়ানো যায়। বললেন,

“ আপা, ভুলভাল কেনো বলছো? আমাদের হিমাদ্রি তো একদম সুস্থ। কি সুন্দর করে ভার্সিটি সামলায়, অফিস সামলায়। শুধু মাঝেমধ্যে অতীত মনে পড়লে ওসব ভেবে কষ্ট পায়। একা ঘরে থাকলে নিধি’কে মনে পড়া তো স্বাভাবিক। এতো বড় একটা ট্রমা! আমার মনে হয়, ওকে এবার বিয়ে করিয়ে দেওয়া উচিত। পারলে রুম’টা পাল্টে দাও। দিনশেষে ঘরে গিয়ে স্ত্রীর মতো কাউকে পেলে ওর আর অতীত মনে পড়বে না। ধীরে ধীরে সংসার, সন্তান হলে সব ভুলে যাবে। বিশ্বাস করো, ও দারুণ থাকবে। ”

চোখজোড়া চকচক করে উঠলো জ্যোতি’র। তিনি দেখতে পেলেন হিমাদ্রির ঘরে খুশির ঝলক। স্ত্রী কে নিয়ে ছেলের খুনশুটি, দুষ্টুমি, প্রাণখোলা হাসি। বিছানার মধ্যিখানে ছোট্ট বাচ্চা — যাকে নিয়ে পুরো বাড়ি মেতে উঠেছে। এক মুহুর্তে’র জন্য তার মুখে খুশির ঝলক দেখা গেলেও পরক্ষণেই তিনি গম্ভীর হয়ে গেলেন। কাতর কন্ঠে বললেন,

“ ও তো আমাকে সহ্যই করতে পারে না। আমার কথা কি শুনবে? ও কি আবার কাউকে বিশ্বাস করে সংসার বাঁধার স্বপ্ন দেখবে? কে রাজি করবে ওকে বিয়েতে? সে বার বিয়ের রাতে যা ঘটলো, তা তে ও কি সুস্থ- স্বাভাবিক ভাবে বিয়েতে বসতে পারবে? ওসব হ্যালুসিনেশন করেই তো ছেলেটা আমার পাগল হয়ে যাবে। “

“ কেনো নেগেটিভ ভাবছো, আপা। অনেক বছর কেটে গেছে। তুমি নিজেই কেন ভুলতে পারছো না? শোনো, আর দেরী করো না। হিমাদ্রিকে এভাবে ছটফট করতে দেখে আমার ভালো লাগছে না। অনামিকার বিয়ের পর ওর বিয়ের ব্যবস্থা করো। ইখতিয়ার, ভাইজান, আম্মা বোঝালে ও নিশ্চয়ই শুনবে। প্রয়োজনে জোর করো। খামখেয়ালি করলেও বিয়ের পর ঠিক হয়ে যাবে। হিমাদ্রির বিয়ের পরপরই আমি লিখনের বিয়ে দেবো। ছেলেটা ছন্নছাড়া হয়ে যাচ্ছে। ওকে এবার সংসারে বাঁধার জন্য একটা মেয়ে প্রয়োজন। ”

_____________

ছোট্ট মুঠোফোন’টা কোলের উপর রেখেই নিভি জমে রইলো। দুশ্চিন্তায় কপালের চামড়ায় কয়েকটা ভাঁজ পড়েছে। মাত্র’ই সে কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছে। তিনি নিভি’কে বেশ পছন্দ করেন। মূলত ঝামেলা বেধেছে টেস্ট এক্সাম নিয়ে। স্যার জানিয়েছেন, আগামী মাসের মধ্যে টেস্ট শুরু হবে। সেখানে উপস্থিত থাকা বাধ্যতামূলক। টেস্টের পরপর’ই ফর্ম ফিল আপ শুরু। এক্সাম না দিলে ফর্ম ফিল আপ করা যাবে না। নিভি অজস্রবার অনুরোধ করেছে, কিছু করা যায় কি-না। কিন্তু সে আশাহত। ঝামেলাগুলো যে এভাবে চারপাশ থেকে আসবে, তা কে জানতো?

এক্সাম দিতে হলে গ্রামে যেতে হবে। সেখানে ওঁৎ পেতে আছে অপূর্ব শিকদার। সে কি এতো দ্রুত নিভি’কে ছেড়ে দেবে? গ্রামের সেদিনের ভয়ংকর ঘটনার পর মামা’রা কি এক্সাম দিতে দিবে? যদি বলে দেয়, এ বছর দিতে হবে না। তাহলে কি করবে সে?

অন্যদিকে পায়ের অবস্থা গুরুতর। এমনিতেই শীতকাল। ব্যথা কমার নাম নেই। এক মুহুর্তের জন্য কষ্ট করে পায়ে ভর ফেললে পরবর্তী দুদিন যন্ত্রণায় ছটফট করতে হয়। পা ফুলে ওঠে। ব্যথায় গায়ে জ্বর বাঁধে। এমন অসুস্থতা নিয়ে সে কি করে পরিক্ষা দেবে?

অপরদিকে লিখন। সে তো অপূর্বর চেয়েও মহা ঝামেলা। তাকে একই বাড়িতে বসে অবহেলা করা যায় না। বারবার দেখা হয়। তার চাহনি এখন আর নিভি’র ভালো লাগে না। অস্বস্তি হয়। কেউ সন্দেহ করছে কি-না এটা ভেবে ভয় জাগে। সব মিলিয়ে মায়ের অনুপস্থিতি ভীষণ বাজে ভাবে নিভি’কে পোড়াচ্ছে। এতো চাপ, দুশ্চিন্তা, ভয়ের মধ্যে কি করে যে সামনে এগোবে — তা ভেবে সে শংকিত।

•

রাত সাড়ে আট’টা। শহরের রাস্তা-ঘাট এখন কোলাহলপূর্ণ। কিছুক্ষণ পর পর বিস্তর জ্যাম বেঁধে যাচ্ছে। অনামিকা রেস্টুরেন্টের তিনতলায় বসে গাড়িগুলো দেখতে লাগলো। অথচ মনের মধ্যে তীব্র অস্বস্তি। টানা পনেরো মিনিট ধরে এখানে বসে আছে। অথচ যার জন্য অপেক্ষা করছে, তার পাত্তা নেই। নিজেকে ছোটো মনে হচ্ছে। এখানে সেধে সেধে আসার সিদ্ধান্ত ভুল হয়েছে — এটা ভেবে গুমরে উঠছে ক্রমশ।

কিন্তু এটা তো সেধে সেধে আসা নয়। ডক্টর নিষীথ এবং তার পরিবার তাকে পছন্দ করেছে। সেদিন বাড়িতে না আসলেও হস্পিটালে দেখে চুড়ান্ত মত জানিয়েছে। এক্সিডেন্টের কারনে একটু ঢিলে হলেও, প্রতিনিয়ত ফোনে খবরাখবর নিয়েছে। এখন অনামিকা প্রায় সুস্থ। আঘাত গুলো শুকিয়ে এসেছে। দু বাড়ির মত অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে আগামী দু-তিন দিনের মধ্যে আনুষ্ঠানিক ভাবে দেখা করবে। আংটি পড়াবে। কিন্তু সে তো বিয়ে করতে চায় না। এজন্যই ডক্টর নিষীথের ফোন নাম্বার জোগাড় করে তার সঙ্গে একাকী দেখা করার প্রস্তাব জানিয়েছে। এতোটুকুই! কিন্তু লোকটা যে এতো অপেক্ষা করাবে তা কি সে জানতো? অনামিকার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। জীবনে কখনো কারোর জন্য এক মিনিট দাঁড়ায়নি। সেখানে গুণে গুণে সতেরো মিনিট হয়ে গেলো!

“ সরি, সরি মিস অনামিকা। আপনি কি বেশি রেগে গেছেন? ”

হঠাৎ- ই কোথা থেকে উদয় হলো নিষীথ মল্লিক। বসতে বসতে তিনি কয়েকবার দুঃখ প্রকাশ করলেন। তাকে দেখেই বোঝা যাচ্ছে সোজা হস্পিটাল থেকে এসেছেন। সেজন্যই অনামিকা আর কিছু বললো না। বিনয়ী ভাবে বললো,

“ আমি কিছু মনে করি নি। বসুন। ”

“ কিন্তু আপনার মুখে স্পষ্ট রাগ। ”

অনামিকা ভড়কে গেলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে পুণরায় বললো,

“ ভুল ভাবছেন। আমি আসলে দেখতেই এমন। ”

“ আচ্ছা, আচ্ছা। ”

ওয়েটার এগিয়ে এলেন। এতোক্ষণ বড্ড জ্বালিয়েছে সে। বারবার শুধিয়েছে, “ আপু কি নিবেন? কি নিবেন? ”

যার জন্য অপেক্ষা করছে, সে আসেনি দেখেও ওয়েটার বারবার জিজ্ঞেস করছিলো দেখে আরো বেশি অস্বস্তিতে পড়েছিলো অনামিকা। নিষীথ আসতেই সে দুটো কফি অর্ডার দিলো।

“ বিয়েতে রাজি নন কেন? ”

নিষীথের সোজাসাপটা প্রশ্ন। কয়েক মুহুর্তের জন্য অনামিকা বিভ্রান্ত হলো। সে তো কিছুই জানায়নি। লোকটা কি করে বুঝে গেলো, এটা ভেবে ভড়কালো।

অস্বীকার করে বললো,

“ হঠাৎ এমনটা মনে হওয়ার কারন বুঝলাম না। আমি কিন্তু এমন কিছুই বলিনি। ”

“তাহলে কি আপনি বিয়েতে রাজি? আমায় পছন্দ হয়েছে? ”

“না, তেমনটাও নয়। ”

“ তাহলে ঠিক কেমন? ”

বড্ড যন্ত্রণাতুর প্রশ্ন। অনামিকা হাঁসফাঁস করে উঠলো। লোকটার প্যাঁচানো প্রশ্নে প্যাঁচে সে হারিয়ে যাচ্ছে। যা বলতে এসেছে তার ধারাবাহিকতাই খুঁজে পাচ্ছে না। সে ধীর ভাবে নিঃশ্বাস নিয়ে কফিতে চুমুক দিলো। নিজেকে শান্ত করে বললো,

“ আপনার কেনো মনে হয়েছে আমি বিয়েতে রাজি না? ”

নিষীথ হাসলো। ভ্রুঁ যুগল খানিক কুচকে মিটিমিটি হেসে বললো,

“ পাত্রপক্ষ আসছে শুনে কোন পাত্রী পার্লারে যাওয়ার কথা বলে বের হয়? ”

প্রশ্নের উত্তরে প্রশ্ন। অনামিকার ভালো লাগলো না। আঁড়চোখে অন্যদিকে তাকিয়ে গম্ভীর হয়ে বললো,

“আমি আসলেই পার্লারে যাচ্ছিলাম। ”

“ কিন্তু হস্পিটালে যেতে হয়েছে। ”

আশ্চর্য হয়ে গেলো অনামিকা। কপালের চামড়ায় কয়েকটা ভাঁজ ফেলে সরাসরি প্রশ্ন করলো। স্পষ্টত রাগ দেখিয়ে বললো,

“ আপনি কি আমাকে নিয়ে মজা করছেন? ”

চলবে?

Share On:

TAGS: ,



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 

0 Responses

Leave a Reply