Golpo কষ্টের গল্প নদীর ওপারে সুখ

নদীর ওপারে সুখ পর্ব ১৬


#নদীর_ওপারে_সুখ

#সিমরান_মিমি

#পর্ব_১৬

•

“ অবশেষে আপনার জ্ঞান ফিরলো। এখন কেমন লাগছে? ”

অস্পষ্ট কেবিন ধীরে ধীরে স্পষ্ট হয়ে এলো। বেডের পাশে স্টিলের শিকে স্যালাইন ঝুলছে। বাম দিকে আরো একটা বেড। সেখানে শুয়ে আছে অপরিচিত রোগী। সাদা পর্দা ফাক করে কিছুক্ষণ পরপর নার্স ঢুকছে ভেতরে। হাতে লম্বা প্রেসক্রিপশন। অনামিকা ব্যান্ডেজ বাঁধা হাত তুলে কপাল চেপে ধরলো। ভ্রুঁ’র উপরাংশ গোল গোল হয়ে ফুলে গেছে। যন্ত্রণায় এক চোখ মেলে রাখা যাচ্ছে না। বেডের পাশে সোজা হয়ে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি সম্ভবত ডক্টর। তবে পড়নে ফরমাল পোশাক। তিনি প্রেসক্রিপশন তুলে নার্সকে দেখিয়ে বললেন,

“ আধ ঘন্টা পর এটা পুশ করবেন। ”

নার্স পেশাদারি ভঙ্গিতে সম্মতি জানালেন। দুহাতের কনুই পর্যন্ত ব্যান্ডেজে বাঁধা। পায়েও কাঁচ ঢুকেছে ছোটো ছোটো৷ যন্ত্রণায় অনামিকার শরীর বিষিয়ে উঠলো। চোখমুখ কুঁচকে বসার চেষ্টা করতেই ভদ্রলোক পুণরায় শুধালেন,

“ মিস অনামিকা, আপনার ফ্যামিলি’র কাউকে এখনো ইনফর্ম করিনি। কল করবো? ”

কয়েক মুহুর্তে’র জন্য বিভ্রান্ত হলো অনামিকা। ডাক্তার তার নাম জানে জেনে আশ্চর্য হলো। তাকে এখানে কে এনেছে, তারা কোথায়, একথা জিজ্ঞেস করবে এমন সময়ে মস্তিষ্ক তুমুলভাবে বাঁধা দিলো। নিভি কোথায়? কেমন আছে মেয়েটা? প্রশ্নদুটো কড়াভাবে ধাক্কা দিলো স্মৃতিতে। সে তৎক্ষণাৎ বেড থেকে নামার চেষ্টা করলো। কিছুটা ছন্নছাড়া হয়ে প্রশ্ন করলো,

“ নিভি কোথায়? আমাকে এখানে কে এনেছে? আমার বোন ছিলো পেছনে। ওর কি অবস্থা? ”

“রিলাক্স অনামিকা, আপনি শান্ত হয়ে বসুন। আপনার বোন ঠিক আছে। ”

“কোথায় ও? ”

ডক্টর একটু ভাবলেন। এরপর ধীর কন্ঠে বললেন,

“ আপনার বোনকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। চোট একটু বেশি। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে যাবে। ”

অনামিকা স্তব্ধ হয়ে বসে রইলো। সে ভাবছে। কিভাবে কি হয়ে গেলো! সামান্য একটু ভুলের কারনে এতোটা বেকায়দায় পড়তে হবে, কখনোই ভাবেনি। ডক্টর আর নিস্তব্ধতা দেখে পকেট থেকে ফোন এবং স্কুটির চাবি বের করে বেডে রাখলো। বললো,

“ আপনার ফোন। ফ্যামিলিকে কল করুন। স্কুটি’টা গ্যারেজে পাঠিয়েছি। সকালের মধ্যে পৌঁছে যাবে আশা করছি। ”

তিনি অনামিকা’কে কিছু জিজ্ঞেস করার সময় দিলেন না। এর মধ্যেই পেশাদারী ভঙ্গিতে অন্য রোগী দেখতে চলে গেলেন। একরাশ অনুমান, আফসোস এবং অপরাধবোধ নিয়ে বেডে বসে রইলো অনামিকা।

•

নিভি বাচ্চাদের মতো ছটফট করে কাঁদছে। যন্ত্রণায় প্রাণ ওষ্ঠাগত। তার কপাল ফেটেছে। সেখানে সেলাই লেগেছে তিনটা। কনুইয়ের নিচের চামড়া পিচঢালা রাস্তায় ঘর্ষণ লেগে থেতলে গেছে। ওষুধ লাগানোতে স্থানটুকু অসহনীয় ভাবে জ্বলছে। এছাড়াও পায়ে গুরুতর আঘাত পেয়েছে। যার কারনে ডান পায়ের গোঁড়ালির হাঁড় ফেটে গেছে। ডক্টর বলেছে সুস্থ হতে সময় লাগবে। কিন্তু ভেতরের হাঁড় ফেটে যাওয়ায় ব্যথানাশক ওষুধের মেয়াদ কমার সঙ্গে সঙ্গে আত্মা উড়ে যাওয়ার মতো যন্ত্রণা হচ্ছে। সিনিওরা মাহমুদের বুকে গুটিশুটি পাকিয়ে সে হু হু করে কাঁদছে।

কেবিনের ডানপাশে আরেকটা বেড। সেখানেই আনা হয়েছে অনামিকা’কে। অপরাধ বোধে সে মাথা তুলতে পারছে না। চুপ করে বসে আছে দৃষ্টি নত করে। জ্যোতি মাহমুদ মেয়ের পাশে বসে গম্ভীর হয়ে আছেন। সিনিওরা একবার অনামিকা’কে বলেছিলেন – সে কেনো নিভি’কে স্কুটিতে উঠাতে গেলো। নিভির কি অভ্যাস আছে?

এতেই ঘোর আপত্তি জ্যোতি মাহমুদের। এক্সিডেন্ট করেছে দুজনই। নিভি’র জায়গায় বেশি আহত তো অনামিকাও হতে পারতো? সিনিওরা দাদী হয়ে নাতনীদের মধ্যে এমন পার্থক্য কি করে করছেন?

তবে দূর্ঘটনা নিয়ে বখতিয়ার এবং ইখতিয়ার কিছুই বলেন নি। পুরোটা সময় চেয়ে ছিলেন নিষ্পলক। লিখন উপস্থিত নেই। তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। বোনের এক্সিডেন্টের কথা শুনে ক্লাস ছেড়ে হস্পিটালে ছুটে এসেছে হিমাদ্রি। তবে সেও এখন নিশ্চুপ। সকালে অনামিকা’কে দেখতে আসার কথা। এটা জেনেও সে কাউকে কিছু না বলে বাইরে বেরিয়েছে, তা সে মেনে নিতে পারছে না৷ জ্যোতি মাহমুদ হাজার বার পার্লারের কথা বললেও হিমাদ্রি বিশ্বাস করবেনা। কারন সে জানে, এটা অজুহাত। পাত্রপক্ষ আসবে এমন মুহুর্তে কেনো অনামিকা বেরিয়েছে এই প্রশ্ন সে একাকী জিজ্ঞেস করবে।

•

“আসসালামু আলাইকুম। ”

দরজার সামনে পুরুষালী কন্ঠের সালাম পাওয়া গেলো। এটা পরিচিত কন্ঠস্বর। ইখতিয়ার মাহমুদ ডক্টরকে দেখেই গম্ভীর মুখশ্রীতে হাসি ফুটালেন। সৌজন্যতা নিয়ে হেসে বললেন,

“ ওয়ালাইকুম আসসালাম, নিষীথ। এসো, এসো। ”

অনামিকা বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে দেখলো। “নিষীথ নামটা তার পরিচিত। গতরাতে চুড়ান্ত হওয়া পাত্রের নাম এটা। কিছুক্ষণ আগে এই ডক্টরই তার চেক আপ করেছে। তবে কি ইনিই সে। অসস্তিতে সে গুমরে উঠলো। পরিবারের বাকিদের মুখভঙ্গি দেখে বোঝাই যাচ্ছে তারা পরিচিত। শুধু সেই চেনে না। কারন পাত্রের ছবি অনামিকা দেখেনি। তবুও ভেতরে ভেতরে দ্বিধা কাজ করলো। ফিসফিস করে মায়ের উদ্দেশ্যে বললো,

“ ইনি কি পরিচিত কেউ? “

জ্যোতি মেয়ের ইঙ্গিত বুঝলেন। বললেন,

“ এই সেই পাত্র। ওনাদের গাড়ির সামনেই এক্সিডেন্ট করেছিস। ভাগ্যিস তারা বাড়ি অবধি আসেনি। নাহলে কি অপমানিতই হতাম। ”

অনামিকা চুপ করে গেলো। এজন্যই ডক্টর তার নাম জানে। ইশশ! কি লজ্জার কথা। অপরিচিত একজন মানুষ, যার সঙ্গে দেখা না করার এতো বাহানা করলো। অবশেষে তার হাতেই চিকিৎসা নিতে হলো। ডক্টর নিষীথ একবার অনামিকা’র দিকে তাকালো। এরপর নিভি’র কাছে গিয়ে বিনয়ী ভঙ্গিতে বললো,

“ খুব বেশি যন্ত্রণা হচ্ছে? ”

এই মুহুর্তে নিভি’ র কাছে যন্ত্রণা’টাই মূল। পারিপার্শ্বিক এতো আত্মীয়তা, ভণিতা তার মাথায় ঢুকছে না। তার ব্যথা হচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মায়ের বুকের সঙ্গে মিশে শুয়ে থাকতে ইচ্ছে করছে। সে ডাক্তারের সামনে বড় হওয়ার ভান করলো না। মাথা নাড়িয়ে বললো,

“ হুম। ”

নিভি ভেবেছিলো ডাক্তার ব্যথার ওষুধ দেবে। কয়েক সেকেন্ডে তার যন্ত্রণা কমিয়ে দেবে। কিন্তু তিনি তেমন কিছুই করলেন না। শুধু বললেন,

“ একটু সহ্য করো। ঠিক হয়ে যাবে। ”

ডক্টর নিষীথ আরেকবার অনামিকার নত মুখের দিকে তাকালেন। কিন্তু বাড়ির এতো সদস্যদের মধ্যে তিনি কিছু জিজ্ঞেস করলেন না। পেশাদার দের মতো খোঁজ নিয়ে পুণরায় চলে এসেছেন অন্য রোগীদের দেখতে।

বখতিয়ার মাহমুদ পাত্র’কে একদিন অবলোকন করে চুড়ান্ত মত দিয়ে দিয়েছেন। মেয়ে জামাই হিসেবে এই ছেলেকেই তিনি পছন্দ করেছেন। এমন ভদ্র, ম্যাচিয়্যুর, ব্যক্তিত্বসম্পন্ন পাত্রের টাকা -পয়সা একটু কম হলেই বা কি ক্ষতি।

__________

বারান্দার জানালা খুলে পর্দা সরিয়ে রাখা হয়েছে। বিছানার পাশের জানালাটাও হা করে খোলা। যার কারনে খোলা জায়গা পেয়ে শীতের বাতাস হুরহুর করে রুমে ঢুকছে। নিভি পায়ের নিচে দুটো বালিশ দিয়ে আঁধশোয়া হয়ে শুলো। বেলা এগারোটা। কিছুক্ষণ পূর্বেই তারা হস্পিটাল থেকে বাড়িতে এসেছে। অনামিকার সেখানে থাকার প্রয়োজন না হলেও নিভি’কে থাকতে হয়েছে প্রায় দুদিন। এরপর সে অতিষ্ঠ হয়ে উঠলো। মামাকে বারবার অনুরোধ করার পর অবশেষে তিনদিনের দিন বাড়ি আসতে পেরেছে।

সে হাঁটতে পারে না। বাথরুমে যেতে হলেও অন্য আরেকজনের সাহায্য লাগে৷ অনামিকার হাতে ব্যথা। পুরো সময়টাতে তার ঢাল হয়ে ছিলো সেঁজুতি। খাবার থেকে শুরু করে ওষুধ’টা পর্যন্ত তিনি যত্ন করে খাওয়ান। কিন্তু নিভি’র লজ্জা লাগে। বিশেষ করে গোসলের সময় সে অস্বস্তিতে পড়ে যায়।

টানা তিনদিন পর বাড়িতে ফিরেছে লিখন। বিধ্বস্ত হয়ে, মুখে মারের চিহ্ন নিয়ে সে চোরের মতো ঘরে ঢুকলো। ইখতিয়ার মাহমুদ রেগে ছেলের সঙ্গে কথা বলেন না। বখতিয়ার নিজেও ভাইপো’র ছন্নছাড়া জীবন নিয়ে বিরক্ত। এরকম প্রায়শই হয়। তাই জানতে চাইলেন না। সেঁজুতি ছেলেকে দেখে অভিমানে মুখ সরিয়ে নিলেও পরমুহূর্তেই চিন্তিত হন। মুখে এসব কিসের দাগ, কিভাবে পড়েছে বারবার জিজ্ঞেস করলেও কোনো উত্তর পাননি।

নিভি এক্সিডেন্ট করেছে একথা লিখনের অজানা। বাড়ি ফিরে সে যখন জানলো তখন কয়েক মুহুর্তে’র জন্য নিস্তব্ধ হয়ে যায়। দূর্ঘটনার দিন অনামিকা বেশ কয়েকবার ফোন দিয়েছিলো। কিন্তু রিসিভড করার অবস্থায় সে ছিলো না। ফলস্বরূপ কেটে দিয়ে ফোন বন্ধ করে রেখেছিলো।

হঠাৎ টুং করে নোটিফিকেশনের আওয়াজ আসে। মেসেজ এসেছে। স্ক্রিনের উপর জ্বলজ্বল করছে “ চাঁদনী ” নাম। লিখন বিরক্তিতে চোখ বন্ধ করে ফেলে। এরপর বাধ্য হয়ে মেসেজ পড়ে।

“ আমি কিন্তু সুইসাইড করবো, লিখন। “

আবারো সেই হুমকি পূর্ণ মেসেজ। ক্ষোভে চোয়াল শক্ত হয়ে যায় লিখনের। নেহাত সে বাধ্য, নাহলে এই যন্ত্রণা কখনোই সে দিনের পর দিন সহ্য করতো না। পুণরায় একটা ভিডিও আসলো। সেই একই ফুটেজ। দেখে ফোনটাকে ছুঁড়ে মারলো বিছানায়। দীর্ঘক্ষণ নিশ্চুপ হয়ে বসে নিজেকে সামলালো। এখন অবধি নিভি’কে দেখা হয়নি। তার দেখা উচিত অসুস্থ মেয়েটাকে। একবার খোলামেলা কথা বলা উচিত। জীবনের সবচেয়ে ভয়ংকর ফাঁদে সে পড়ে গেছে। একটা ভুল সিদ্ধান্ত নিলে জীবন শেষ।

“ আসবো? ”

খোলা দরজা। লিখনকে দাঁড়িয়ে থাকতে দেখে নিভি ওড়না মাথায় টানলো। হাত দিয়ে কম্বল কোমড় পর্যন্ত টেনে মৃদু কন্ঠে বললো,

“ জি ভাইয়া, আসুন। “

বাড়ির প্রত্যেকেই কিছুক্ষণ পর পর নিভির সঙ্গে আড্ডা দিতে আসছে। যেনো সে একাকী বসে কষ্ট না পায়৷ এইতো কিছুক্ষণ পূর্বেও এ ঘরে অনামিকা ছিলো। একটা কল আসায় সে চলে গেছে নিজের রুমে। প্রথম দিনের মতো নিভি লিখনকে দেখে ঘাবড়ালো না। বরং তাকে দেখতে এসেছে ভেবে বিনয়ী হাসলো। চেয়ার দেখিয়ে বললো,

“ বসুন ভাইয়া। ”

“ এখন কেমন লাগছে? ”

“ ভালো। ”

লিখনের ঠোঁটের নিচে কালো দাগ৷ যেনো কেউ ঘুষি মেরেছে। নিভি কিঞ্চিৎ চমকালো। বললো,

“ আপনি কি অসুস্থ? এ দুদিনে হস্পিটালেও দেখিনি। ”

“ তেমন কিছু না। বাইকে এক্সিডেন্ট করেছিলাম। ”

লিখন এড়িয়ে গেলো। তার কথা অবিশ্বাস করলো না নিভি। বরং একই সঙ্গে তারা তিনজন এক্সিডেন্ট করেছে ভেবে একটু হেসে ফেললো। সে সচারাচর হাসে না। পান্না, অনামিকা এবং সিনিওরা ছাড়া কারোর সঙ্গে তেমন আলাপ ও করেনা। লিখন মন্ত্রমুগ্ধের মতো নিভি’র হাসি দেখলো। শব্দ নেই, ঝংকার নেই, শুধু ঠোঁট টা বেঁকে গেলো। চোখদুটো উজ্জ্বল হয়ে গেলো। এক মুহুর্তে’র জন্য তার মনে হলো, এ পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি নিভি’র।

“ একটা কথা বলবো? “

“ জি, বলুন। ”

“ অপূর্ব শিকদারকে সত্যিই তোমার কখনো ভালো লাগেনি? ”

নিভি ভেবেছিলো এক্সিডেন্ট নিয়ে প্রশ্ন করবে৷ কিন্তু প্রায় দশদিন পর অপূর্বর নাম তোলায় সে একটু আতংকিত হলো। গ্রামের ভয়ংকর পরিস্থিতির কথা স্মরণে এলো। এসব প্রশ্ন অনর্থক। নিভি তবুও নিজেকে সামলালো। স্বাভাবিক ভাবে বললো,

“ সে আমার সঙ্গে কখনো অভদ্রতা করেনি। তাকে অপছন্দ না ঠিকই, তবে পছন্দও করিনা৷ “

“ দাদু বললো তোমার বিয়ে হিমাদ্রি ভাইয়ের সঙ্গে দিতে চায়। তুমি রাজি নও কেন? ”

হঠাৎ লিখন এরকম প্রশ্ন কেন করছে তা নিভি বুঝতে পারলো না। তার ভালো লাগছে না। বিরক্ত লাগছে। যতটুকু স্বাভাবিক হয়ে কথা বলার চেষ্টা করছিলো, ধীরে ধীরে তা অস্বস্তিতে রুপ নিচ্ছে।

“ এগুলো কি ধরণের প্রশ্ন ভাইয়া? নানু এমন ভুলভাল বলে, এটা আপনিও জানেন। বাড়ির সবাই তো বারণ করলো এ নিয়ে আলোচনা করতে। ”

নিভির কন্ঠে স্পষ্ট রাগ। তা দেখে লিখনের মুখে হাসি ফুটলো। সে দ্রুত শান্ত করতে উদ্যত করলো। বললো,

“ আচ্ছা, আচ্ছা, শান্ত হও। আমি তো শুধু তোমার সঙ্গে কথা বলছি। আচ্ছা, বলোই না। হিমাদ্রি ভাইকে তোমার কেমন লাগে? ”

“ আপনি যান। আমার মাথা ব্যথা করছে। ঘুমাবো। ”

“ নিভি, রেগে যাচ্ছো কেনো? আচ্ছা, বাদ দাও। শেষ একটা প্রশ্নের উত্তর দাও। এরপর চলে যাবো, প্রমিস। ”

নিভি লিখনের দিকে তাকালোই না৷ অন্যদিকে চেয়ে একপ্রকার অবজ্ঞা করে বললো,

“ দ্রুত বলুন। ”

“ হিমাদ্রি ভাইকে তোমার অপছন্দ তা আমি জানি। আচ্ছা, কখনো যদি দাদু ভাইয়ার জায়গায় আমাকে নিয়ে প্রস্তাব দেয় — তবে তোমার মতামত কি হবে? আমায় বিয়ে করবে? ”

আশ্চর্যে মাথা শূণ্য হয়ে গেলো নিভি’র। কন্ঠ আটকে গেছে। কি বলবে বুঝে উঠতে পারছে না। সে নিষ্পলক তাকিয়ে রইলো। পরক্ষণেই কন্ঠে কঠোরতা এনে বললো,

“ আপনি দ্বিতীয়বার এ ধরণের ফালতু প্রশ্ন আমাকে করবেন না। আমাকে কোনো প্রশ্নই করবেন না। আপনার অদ্ভুত আচরণ আমার ভালো লাগে না, ভাইয়া। কেউ শোনার আগে চলে যান। ”

লিখন উঠে দাঁড়ালো। সে নিভির অসস্তি বুঝতে পারলো। এভাবে এতো তাড়াতাড়ি এই প্রশ্ন করা উচিত হয়নি ভেবে চলে যেতে চাইলো। কিন্তু তার হাতে তো সময় কম। যা করার দ্রুত করতে হবে। তাই পুণরায় দরজার সামনে দাঁড়িয়ে ধীর কন্ঠে প্রস্তাব রাখলো। বললো,

“ নিভি, আমি তোমায় অস্বস্তিতে ফেলতে চাইনি। সময় দিতে চেয়েছিলাম। কিন্তু অপূর্ব শিকদারের হুমকি, দাদুর হিমাদ্রিকে নিয়ে করা প্রস্তাব দেখে চুপ থাকতে পারলাম না। আমি জানি, ওদের কাউকেই তোমার পছন্দ নয়। তাই যেনো, বাড়ির কেউ তোমার উপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পারে — সেজন্য জানালাম। তুমি একদম ভয় পেয়োনা। সবসময় জানবে, আমি তোমার পাশে আছি। কেউ জোর করতে পারবেনা। ”

নিভি হতভম্ব হয়ে গেলো। কি হচ্ছে তার সঙ্গে। কেনো প্রতিটা জায়গায় সবসময় চরিত্রের উপরই দাগ পড়ে? এতে তার কি দোষ? এ বাড়িতে সেঁজুতি একটু তাকে ভালো চোখে দেখছিলো। এখন লিখনের এই ব্যবহার দেখলে তিনিও পালটে যাবেন৷ জ্যোতির মতো তিনিও অপছন্দ করবেন, দায়ী করবেন? নিভি’র সুখ কেনো কারো সহ্য হয়না। সে আতংকিত হলো। ভৎসনা করে বললো,

“ এ বাড়িতে কেউ আমার উপর জোর খাটাচ্ছে না। বরং আপনিই ভুলভাল বকছেন। প্লিজ, আমার সাথে কথা বলবেন না এসব নিয়ে। আমাকে একটু শান্তিমতো থাকতে দিন। ”

নিভি’র আতংকিত আচরণ লিখনের কাছে অস্বাভাবিক লাগলো না। অল্প বয়সী মেয়ে, আশ্রয়হীন হয়ে এ বাড়িতে এসেছে। মাত্র পনেরো-বিশ দিনের মধ্যে এতো এতো ঘটনা ওর মনের মধ্যে চাপ ফেলবে, ভয় সৃষ্টি করবে এটা স্বাভাবিক৷ সে শুধু আপাতত জানিয়ে রাখতে চেয়েছে। যেনো, কখনো কেউ জোর খাটালে নিভি তাকে মনে রাখে — এতটুকুই সে চায়।

__________

“ মেয়েটা’কে বিরক্ত করছিস কেন? ”

লিখন চমকে পিছু তাকালো। পকেটে হাত দিয়ে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে হিমাদ্রি। দেখে তার অভিব্যক্তি ঠিক বোঝা যাবে না। রাগ, ক্ষোভ, ঘৃণা খুব সহজে প্রকাশ করে না সে। একই ভঙ্গিমায় গম্ভীর হয়ে তাকিয়ে থাকে। লিখন সরাসরি অস্বীকার করলো। ফোনের বেশ কিছু ম্যাসেজ ডিলিট করে একপ্রকার না বোঝার স্বরে বললো,

“ আমি ঠিক বুঝলাম না। কাকে বিরক্ত করেছি? ”

দু- পা এগিয়ে লিখনের রুমে প্রবেশ করলো হিমাদ্রি। আশেপাশটা সূচালো দৃষ্টিতে দেখে বললো,

“ ফ্যাক্টরিতে যাস না৷ বাড়িতেও ছিলি না। মুখে মারের স্পষ্ট দাগ। দুদিন ধরে নিখোঁজ ছিলি। সারাক্ষণ কিছু একটা নিয়ে ভাবিস৷ কি হয়েছে তোর? ”

“ কিছু না ভাই। বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম। এক্সিডেন্ট করেছি, তাই আঘাত লেগেছে। ”

হিমাদ্রি বিশ্বাস করলো কি-না বোঝা গেলো না। তবে লিখনের উত্তরের পর সে চুপ করে রইলো। প্রায় দীর্ঘক্ষণ পর সতর্ক করে বললো,

“ ও বাইরের কেউ নয়। বাড়ির মেয়ে। এটা মাথায় রাখিস। বাইরে খেয়াল খুশি মতো যাই করিস না কেন — ওকে আর বিরক্ত করবি না। ”

“ তোমার এতো টান লাগছে কেন? ওকে নিধি ভেবো না, ও নিভি। দাদু’র ভুলভাল কথা ভুলে যাও। নিভি এমনিতেও তোমায় পছন্দ করেনা। ”

চলবে?

(আজ ভীষণ কষ্ট করে লিখেছি। একটুও মন বসছিলো না। মনের উপর জোর খাটিয়ে আর লিখবো না। এতে কাহিনি সাজানো সুন্দর হয় না, এলোমেলো লাগে। ছোট দিয়েছি বলে আপনারা মন খারাপ করবেন না। ধারাবাহিক উপন্যাস একটু একটু করে ধৈর্য নিয়ে পড়ুন। এতে ভালো লাগবে।) ❤️❤️

এডিট : সরি, সরি, সরি! ভুলে বাজারের লিস্ট চলে গেছে 😩🙊

Share On:

TAGS: ,



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 

0 Responses

Leave a Reply