Golpo কষ্টের গল্প নদীর ওপারে সুখ

নদীর ওপারে সুখ পর্ব ১৫+বোনাস


#নদীর_ওপারে_সুখ

#সিমরান_মিমি

#পর্ব_১৫

নভেম্বরের মাঝামাঝি। প্রতিবছর এ সময়টাতে শীতের মাত্রা তীব্র থাকে। বিশেষ করে ডিসেম্বরে। কিন্তু এ বছর ঠান্ডার দেখা নেই। ভোররাতে একটু গায়ে লাগলেও, সারাদিন কৃত্রিম পাখা চালিয়ে রাখার মতো আবহাওয়া। তবে গ্রামের দিকে অন্যরুপ। গতরাতে সারারাত ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে। আর তাতেই শীত পড়েছে ভয়াবহ। ঢাকা থেকে আসার পথে কেউই শীতের পোশাক আনেনি। মাত্র দুদিনের যাত্রা, এতোসব কেই -বা বোঝাই করে আনে?

সারারাতের বৃষ্টিতে রহমান বাড়ির উঠোনে কাঁদা জমেছে। পান্না বাবার কোলে করে নামলো। দুহাতে ঝাপটে সে ইখতিয়ারের বুকের সঙ্গে মিশে গেছে। তার শীত করছে ভীষণ। তাই কোনোভাবেই আর অনামিকার সঙ্গে যাবেনা। সে বাবার বুকের সঙ্গে লেগে ঢাকা অবধি যাবে।

গতরাতের ঝামেলা খুব বেশি প্রখর না হলেও বখতিয়ার মাহমুদ নিভিকে নিয়ে চিন্তিত। স্থানীয় সন্ত্রাসী ছেলেপেলে, তার উপর রাজনৈতিক ক্ষমতাবান। যে কোনো সময় আক্রমণ করেই ফেলতে পারে। তিনি ভাগ্নী এবং পরিবারকে নিয়ে একদমই ঝুঁকি নিতে পারবেন না। সেজন্যই ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়েছেন চা খেয়ে। নিভি গাড়িতে ওঠার পূর্বে আরেকবার মায়ের কবরের কাছে গেলো। গতকাল আরো দুটো বেলী গাছ লাগিয়ে দিয়েছে সে। সঙ্গে নয়নতারা’র চারাও আছে। রুবাইয়াকে অনেক অনুরোধ করে বলেছে, “ একটু পানি দিয়ো সময় করে। ”

নিভি জানে এবার আর গাছগুলোর অযত্ন হবেনা। বড়মামা টাকা দিয়েছে চাচাকে। কবর বাঁধানো, দুদিন পর এতিম ডেকে খাওয়ানোর জন্য। এমনকি গাছগুলোর যত্ন নিতেও বলেছে। টাকাওয়ালা কুটুম সকলেরই পছন্দ। চাচীও তাই যত্নের ত্রুটি রাখলেন না। নিজ স্বার্থের জন্যই হয়তো। নিভি এখন আর এতোকিছু ভাবে না। জীবনকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেলো রাস্তায়। চারদিকে তখনো কুয়াশার আস্তরণ। দূরের দৃশ্য স্পষ্ট নয়। ড্রাইভিং সিটে হিমাদ্রি বসে আছে। বিরক্ত মুখে তার আসার অপেক্ষা করছে। সকলের গাড়িতে ওঠা শেষ। নিভি আর দেরি করলো না। গতদিনের ন্যায় ধীর পায়ে অনামিকার পাশের সিটে বসলো।

•

পরপর দুটো গাড়ি ভোরবেলাতেই বেরিয়ে গেলো রহমান বাড়ি ছেড়ে। গ্রামের মোড় ঘুরে উপজেলায় ঢোকার পূর্বে নিরিবিলি এক স্থান। দুপাশে জঙ্গল, তার মাঝখান দিয়ে বয়ে চলেছে রাস্তা। হঠাৎ সামনের গাড়িটা থেমে গেলো। বড় বড় দুটো গাছের গুড়ি। বখতিয়ার মাহমুদ হতভম্ব হয়ে নেমে এলেন বাইরে। হিমাদ্রি বাবা’কে বাইরে বের হতে দেখে গাড়ি থামালো। একে একে লিখন, ইখতিয়ার এবং ড্রাইভার বের হলো। উদ্দেশ্য গাছের গুড়ি সরানো। হঠাৎ রাস্তার দুপাশ থেকে বেশ কয়েকজন যুবক বেরিয়ে এলো। সামনের দিক থেকে বাইকে চরে এলো আরো চারজন। সর্বমোট এগারো জন যুবক। প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র। তাদের সকলের মধ্যেখানে অপূর্ব শিকদার’কে দেখে নিভি আতংকে নীল হয়ে গেলো। অবুঝের মতো দরজা ঠেলে বেরিয়ে যেতেই হাত ধরে ভেতরে টেনে নিলো অনামিকা। ক্ষিপ্ত হয়ে ধমক দিয়ে বললো,

“ চালাকি বের করে দেবো। চুপচাপ গাড়ির মধ্যে থাকো। ”

অনামিকা নিজেও আতংকিত। কি হবে তা ভেবেই জান যায় অবস্থা। বাড়ির অন্যান্য মহিলাদের অবস্থাও একই।

“আপনারা ভবিষ্যতে আমার আত্মীয় হবেন। তাই আমি কোনো ঝামেলা চাই না। নিভি’কে দিয়ে চুপচাপ চলে যান। ”

অপূর্ব শিকদারের শান্ত প্রস্তাব সরাসরি নাকচ করলো ইখতিয়ার। ক্ষুদ্ধ স্বরে বললো,

“ তোমার মাথা খারাপ? তোমার মতো একটা সন্ত্রাসী’র হাতে আমার ওইটুকু ভাগ্নীকে তুলে দিয়ে যাবো? ”

“ হ্যাঁ, যাবেন। শুধু তুলে না, চাইলে বিয়েতেও থাকতে পারেন। তাতে আমার আপত্তি নাই। কিন্তু নিভিকে গ্রামের বাইরে নিয়ে গেলে আমার ভীষণ আপত্তি। আমি তা মানবো না আংকেল। ”

অপূর্ব ক্রমশ চিবিয়ে চিবিয়ে কথা বলছে। তার সঙ্গের ছেলেগুলোও অস্ত্র হাতে তৈরি। সম্ভবত অনুমতির অপেক্ষা করছে। বখতিয়ার ভেবে দেখলো এদের সঙ্গে ঝামেলা করা সম্ভব নয়। উলটো ক্ষতি হবে। তাই বুঝিয়ে বলতে শুরু করলেন,

“ দেখো অপূর্ব, তুমি জেদ করছো। নিভি তোমায় পছন্দ করে না। ও পড়তে চায়, তাই আমরা নিয়ে যাচ্ছি। অযথা জেদ না করে রাস্তা ছাড়ো। ”

“ ও পড়তে চায় ভালো কথা। আমিও ওকে বিয়ের পর পড়াবো। কিন্তু সেটা ঢাকায় বসে নয়, ও আমার কাছে থেকে পড়বে। ”

লিখন নিজেকে সামলাতে পারছে না। এমনিতেই রক্ত গরম। তার উপর নিভিকে নিয়ে এতো টানাটানি। তার মেজাজ বিগড়ে গেলো। চেঁচিয়ে আঙুল তুলে অপুর্বর উদ্দেশ্যে বললো,

“ আরে, তোর লজ্জা করে না? ঐটুকু একটা মেয়ে বারবার রিজেক্ট করছে, তারপরেও নির্লজ্জের মতো তার পেছনে পড়ে আছিস? গ্রামে কি মেয়ের অভাব! ”

অপূর্ব রেগে কতক্ষণ মাথা নাড়ালো। এরপর হঠাৎ’ই হাতের বড় রামদা’টা লিখনের গলায় ধরলো। দাঁতে দাঁত চেপে সকলের উদ্দেশ্যে বললো,

“ এই বা*ঞ্চু*দ*রে সামনে থেকে সরান। মাথা কিন্তু নামাইয়া ফেলবো। ”

এরপর বাকি ছেলেদের উদ্দেশ্যে হুকুম দিয়ে বলল,

“ নিভি কোন গাড়িতে আছে দেখ তো। ”

“ এইই অসভ্যের দল! একদম গাড়ির দিকে আসবে না। ”

ইখতিয়ার মধ্যিখানে বাঁধা হয়ে দাঁড়ালেন। অপূর্ব রেগেমেগে একটা ইট ছুড়ে মারলো সামনের গাড়ির কাচে। তচনচ হয়ে ভেঙে গেলো তা। হিমাদ্রি গাড়ি থেকে বেরিয়ে বুকে হাত বেধে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। কিছুক্ষণ পর পর মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে সামনের ঘটনা পরোখ করে দেখছে। লিখনের গলায় এখনো রামদা ধরা। সম্ভবত কেটেও গেছে। একটু নড়লেই হয়তো ধারালো অস্ত্র গলাটাকেই নামিয়ে দেবে। হিমাদ্রি স্বল্প কেশে গলা পরিস্কার করলো। গম্ভীর আওয়াজে বললো,

“ ওর গলায় রামদা ধরে কি প্রমাণ করতে চাচ্ছো? তুমি ভীষণ নিষ্ঠুর, চাইলেই খু/ন করে ফেলতে পারো – এটা। এমনটা করলে নিভি তোমায় বিয়ে করতে রাজি হবে? ”

হিমাদ্রির চোখেমুখে তাচ্ছিল্যের হাসি খেলা করছে। অপূর্ব তা দেখে বিভ্রান্ত হলো। পূর্বের মতোই জেদ ধরে বললো,

“ আমি তো কোনো ঝামেলায় যেতে চাইনি। সরাসরি বিয়ে করতে চেয়েছি। এতো জটিলতা আপনারা করলেন। চুপচাপ নিভি’কে দিয়ে দিন, তাহলে ছেড়ে দেবো। নইলে দুটো খুন তো অন্ততপক্ষে করবোই। ”

অপূর্বের দেওয়া হুমকি নিছক কোনো গায়ের জোর নয়। নির্বাচন এলে তার নিষ্ঠুরতার গল্প শোনে নিভি। তাই নিমিষেই সে ঘাবড়ে গেলো। তার জন্য বাড়ির সকলের এমন ভয়াবহ অবস্থা, আর সে গাড়ির মধ্যে লুকিয়ে থাকবে? এরচেয়ে সামনে গিয়ে বুঝিয়ে দুটো কথা বললেও তো হয়। নিভি অনামিকার কথাকে অবজ্ঞা করেই বেরিয়ে পড়লো। ত্রস্ত পায়ে গায়ের ওড়না খামচে ধরে কদম বাড়ালো। অনেকটা দূরত্ব নিয়ে দাঁড়িয়ে করুণ কন্ঠে বললো,

“ আপনি কেন আমার উপর এতো জোর খাটাচ্ছেন অপূর্ব ভাই? বললাম তো, আপনাকে বিয়ে করবো না। ”

“ কেন নিভি, আমাকে বিয়ে কেনো করবে না? তাহলে কাকে করবে? ”

“ আমি এখন কাউকেই বিয়ে করবো না। আপনি আপনার দলবল নিয়ে প্লিজ চলে যান৷ আমাদের যেতে দিন। ”

“ বেশ যাবো৷ কিন্তু তুমি আমার সঙ্গে যাবে। এক্ষুণি, এসো। ”

মুহুর্তেই দু-পা সরে পেছনে এলো নিভি। বললো,

“ পাগলামি কেনো করছেন? আমি কেন যাবো আপনার সঙ্গে? আমি বিয়ে করবো না আপনাকে? ”

“ আগে বলো নি কেন? কুত্তার মতো দু বছর পেছনে ছুটেছি। সেসব দেখে মজা নিচ্ছিলে? চেয়ারম্যানের ছেলে তোমার পেছনে ঘোরে — এটা ভেবে তৃপ্তি পাচ্ছিলে? আমি তো আদ্যোপান্ত গুন্ডা। তখনই কেনো বলোনি বিয়ে করবে না? কেনো??? ”

অপূর্বর চিৎকারে নিভি ঘাবড়ে গেলো। কাঁপা কন্ঠে বললো,

“ আমি কখনো হ্যাঁ বলিনি। আপনি নিজের মতো করে ভেবে নিলে আমার কি দোষ? ”

অপূর্ব হেসে ফেললো। তাচ্ছিল্যের সেই হাসি। দুপাশে অনবরত মাথা নাড়িয়ে বললো,

“ না না না, এটা বলোনা। তুমি তখন এমনভাবে সবটা মেনে নিয়েছিলে যে না ভাবার কোনো কারনই আমার কাছে ছিলো না। মেইন কথা হলো, তোমার তখন এই বড়লোক, বড়লোক আত্মীয় ছিলো না। চারকুলে সব পর। চেয়ারম্যানের ছেলে পেছনে লেগেছে তখন সেটা সৌভাগ্য ছিলো। অপশন হিসেবে ঝুলিয়ে রেখেছিলে। কিন্তু এখন এতো সেতো অভিভাবকের মধ্যে আমি হয়েছি সন্ত্রাসী। তোমার ভবিষ্যত তো ঝাঁকানাকা। চাইলেই বড় ঘর দেখে বিয়ে করতে পারো। তাই এই সন্ত্রাসীটাকে পাত্তাই দিচ্ছো না। এটাই তো, বলো বলো। ”

আজ অপূর্ব’র অঙ্গভঙ্গি স্বাভাবিক নয়। নিভি রীতিমতো ভয় পাচ্ছে। একে বোঝানো তার সাধ্যে নেই। এক্ষুণি গাড়িতে ঢোকা প্রয়োজন। মামা’রা বারবার তাগিদ দিচ্ছে। নিভি দ্রুত পায়ে গাড়ির দিকে এগোলো। কাছাকাছি যেতেই হিমাদ্রি আফসোস করে উঠলো। সকলের অগোচরে হেসে বললো,

“ ছেলেটাকে এভাবে ঝুলিয়ে রেখেছিলে? বাহ! চরিত্রের তো দফারফা করে ছেড়েছো! ”

এক মুহুর্তের জন্য চোয়াল শক্ত হয়ে এলো নিভি’র। পরক্ষণেই হিমাদ্রিকে দেখে আরো দু-পা সরে গেলো। এ লোকের তো মাথায় সমস্যা। ভুলভাল বকছে বলে নিজেকে সান্ত্বনা দিয়ে গাড়িতে ঢুকলো।

পুলিশের গাড়ির সাইরেন বাজছে। অপূর্ব সচকিত হয়ে পেছনে ঘুরলো। এতো ভোরে গ্রামে পুলিশ আসার কথা না। সে চোয়াল শক্ত করে নিভি’র গাড়ির দিকে তাকালো। সামনের রাস্তা থেকে আরো দুটো গাড়ি এগিয়ে আসছে। এটা মতিউর শিকদারের। কিন্তু অপূর্ব তো তাকে কিছুই জানায়নি। তাহলে সে কি করে এখানে এলো?

পুলিশ এসে সরাসরি ঝামেলা করেনি অপূর্ব’র দলবলের সঙ্গে। তারা বোঝাচ্ছে। থানায় গিয়ে নিশ্চিন্তে কথা বলার পরামর্শ দিচ্ছে। এর কারনও স্পষ্ট। বাইরের মানুষের জন্য তারা স্থানীয় ক্ষমতাসীন দলের সঙ্গে লাগতে যাবেনা৷ আবার সবকিছু দেখেও থানায় বসে থাকা যাবে না বলেই মতিউর শিকদারকে জানিয়ে এসেছে। চেয়ারম্যান তার ছেলেকে ঠিকই বোঝাতে পারবেন, ভেবেই প্রথম ফোন থানা থেকে তাকে করা হয়েছে। মতিউর শিকদার ছেলের হাত থেকে রামদা টেনে নিয়ে মাটিতে ফেললেন। এরপর ছেলের হাত ধরে গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বললেন,

“ আপনারা যান। সমস্যা করবেনা আর। ”

একে একে জায়গা খালি হলো। পুলিশ ছেলেদের দিয়েই গাছের গুড়ি পাশে সরিয়ে দিলো। এরপর সৌজন্যতা নিয়ে হেঁসে চলে গেলো থানায়। পুরো ঘটনা হিমাদ্রি ভীষণভাবে উপভোগ করলো। গ্রামের দিকে আইন-শৃঙ্গলার উন্নতি দেখে সে আশ্চর্য হলো।

এতোক্ষণের ঘটনায় কারোর মাথাতেই পুলিশের কথা আসেনি। তাই হঠাৎ পুলিশ দেখে প্রত্যেকে অবাক’ই হলেন। কেউ তো কল ও করেনি পুরো ঘটনার সময়। বখতিয়ার প্রশ্ন ছুড়লেন,

“পুলিশ কে ডেকেছে? ”

“ আমি। ঝামেলা হবে আন্দাজ করেছিলাম। ”

সিনিওরা ভয়ে সিটিয়ে ছিলেন এতোক্ষণ। হঠাৎ চোখজোড়া চকচক করে উঠলো। তিনি আনন্দিত হয়ে উত্তেজিত কন্ঠে বললেন,

“ দেখেছো? আমি বলেছিলাম না – আমার নাতনীর খেয়াল একমাত্র হিমাদ্রিই রাখতে পারবে। মিললো তো?”

বিরক্তিতে চোখমুখ বিকৃত করে ফেললো হিমাদ্রি। গুরুগম্ভীর কন্ঠে হুমকি দিয়ে বললো,

“ চুপ থাকো! আর একটা বাজে কথা বললে তোমার নাতনীকে নিজ হাতে অপূর্ব শিকদারের কাছে তুলে দেবো। ”

হিমাদ্রির শাসনে মুখশ্রীতে গাঢ় অভিমান জমলো সিনিওরার। তিনি চুপ করে গেলেন। প্রত্যেকে গাড়িতে উঠে বসে পড়েছেন ইতোমধ্যে। তবে আতংক কাটছে না। জ্যোতি মাহমুদ বারবার আশংকা করছেন। ভয়ার্ত মুখে বললেন,

“ এতো পুরো ডাকাতের এলাকা। জানি না কপালে কি আছে? পরবর্তীতে আরো কত ঝামেলা পোহাতে হয় কে জানে? ”

•

ধারালো রামদা’য় গলার চামড়া কেটে গেছে লিখনের। ভীষণ জ্বলছে। অনামিকা ফার্স্ট এইড বক্স বের করে লিখনের হাতে দিলো। তার হাত রীতিমতো ভয়ে কাঁপছে। পুলিশ না আসলে আজ কি থেকে কি হয়ে যেতো — ভাবতেই হাত পা হিম হয়ে এলো। না চাইতেও রাগ গিয়ে পড়লো নিভি’র উপর। কিঞ্চিৎ ধমক মেরে বললো,

“ তুমি শুরুতেই কেনো এই সন্ত্রাসী টাকে না বলো নি? ”

মাথা নামিয়ে ফেললো নিভি। এমনিতেই অপরাধবোধে ভুগছে। তবুও নিজের পক্ষে বলার চেষ্টা করলো।

“ উনি আমায় কখনো কিছু জিজ্ঞেসই করেনি। নিজের মতো করে বলে গেছেন। ওনাকে তো চিনি, তাই ভয় হতো। মায়ের তখন ক্যান্সার, চারকুলে কেউ নেই। আমি না করলে এভাবেই রেগে যেতো। জোর করে তুলে নিয়ে যেতো। কে বাঁচাতো আমায়? ”

অনামিকার মন খারাপ হয়ে গেলো আবার। নিভি বারবার চোখ মুছছে দেখে খারাপ লাগলো। সে একহাতে টেনে নিলো বুকে। ঘাড়ে হাত বুলিয়ে বললো,

“ আচ্ছা, যা হয়েছে ভুলে যাও। আর ভয় পেতে হবে না। সন্ত্রাসী’টা তোমার নাগাল খুঁজেই পাবে না। ”

______________

চৌধুরী’রা গ্রাম থেকে ঢাকায় এসেছে আজ সাতদিন। এরমধ্যে বাকিদের জীবনযাত্রা স্বাভাবিক হলেও অনামিকা’র দিনগুলো অসহনীয় হয়ে পড়েছে। এ যেনো অলৌকিক কোনো ঘটনা। বিগত সাত দিনে এ যাবৎ তার চারখানা বিয়ের প্রস্তাব এসেছে। সিনিওরা মাহমুদ তো হেসেই কুটিকুটি। নাতনীকে কোলের কাছে বসিয়ে ফিসফিস করে বললেন,

“ নভেম্বর হলো বিয়ের মাস। এ মাসের বাতাসে বিয়ের গন্ধ থাকে। শহরের হাওয়া তো দূষিত, তাই এ ক-বছর গায়ে লাগেনি। তুমি গ্রামে গিয়ে ভালো বাতাস লাগিয়েছো, বলেই বিয়ের ফুল ফুটেছে। তোমার উচিত ছিলো আরো চার বছর আগে গ্রামে যাওয়া। ”

অনামিকা চোখ-নাক কুঁচকে দাদীর কথা শুনলো। সে অতিষ্ঠ। এমনিতেই হঠাৎ উড়ে এসে জুড়ে বসা বিপদ। তারমধ্যে সিনিওরার নিত্যনতুন দার্শনিক কথাবার্তা। সে ভেঙচি কাটলো। বললো,

“ একশোটা প্রস্তাব এলেও আমি বিয়ে করবো না। এ বাড়িতেই থাকবো। ”

“ আজীবন কুমারী থাকবা? “

অনামিকা ভাবলো। লজ্জালু হেসে ভাবুক কন্ঠে বললো,

“ উহু, তা জানি না। তবে আমি এ বাড়িতেই থাকবো। ”

“কেন? বিয়ের পর ঘরজামাই থাকবা জামাই নিয়া? এমন কাপুরুষ জামাইয়ের হাতে আমি আমার নাতনী দেবো না। ”

এসব নিয়ে খুব একটা ভাবলো না অনামিকা। সে জানে কি করে এ বাড়িতে থাকবে। আবার বিয়ে নিয়েও খুব একটা চাপ নিচ্ছে না৷ বরং সারাক্ষণ উদগ্রীব হয়ে লিখনের গম্ভীর মুখশ্রী দেখছে। লোকটা চুপচাপ হয়ে গেছে। নিশ্চয়ই অনামিকার বিয়ের কথা শুনে আতংকে আছে। কিভাবে বিয়ে ভাঙবে, কিভাবে নিজে থেকে প্রস্তাব জানাবে — এ নিয়েই সম্ভবত সবসময় ভাবুক থাকে। সেজন্যই পুরোটা তার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আছে অনামিকা। যা করার লিখন করুক, সে একদম চিল। সে শুধু বসে বসে করুন মুখ দেখবে, আর মজা পাবে।

সিনিওরা মাহমুদ চালতা’র কাঁচা টুকরো মুখে নিলেন। টুকটাক শাক, আচার রহমান বাড়ি থেকে দেওয়া হয়েছে। তারাও আর না করেনি। যত যাই হোক, মেয়ের কবর তো সেখানেই ফেলে এসেছে। তিনি কামড় দিতে পারলেন না। ভীষণ টক। জিহবা দিয়ে স্বাদ অনুভব করে পুণরায় বললেন,

“ তোমার বিয়ে দেওয়ার পর নিভি আর হিমাদ্রি দাদুভাইয়ের বিয়ে দিবো। এরপর লিখন দাদুভাইয়ের সাথে আরেকটা মেয়ের। ”

নিভি পড়ছে। সন্ধ্যায় নিজের ঘর ছেড়ে সে নানুর কাছে আসে বই নিয়ে। এখানে অনামিকা, পান্না, লিখন সকলেই আড্ডা দেয়। পড়ার ফাঁকে ফাঁকে সেও এসব উপভোগ করে। হঠাৎ অনামিকার বিয়ের ফাঁকে তার কথা শুনে সে চমকালো, থমকালো। দাঁতে দাঁত চেপে বই বন্ধ করে অনামিকার উদ্দেশ্যে বললো,

“ আপু, তুমি বলেছিলে না নানু সব ভুলে যায়? তাহলে এটা কেনো ভুলছে না। একদম মুখস্থ করে রেখেছে! ”

অনামিকা হেসে ফেললো। মশকরা করে বলেই ফেললো,

“কেনো, খারাপ কি? চলো তুমি, আমি এ বাড়িতেই থেকে যাই আজীবন। ”

নিভি হঠাৎ-ই বুঝে উঠতে পারলো না। তবুও মৃদু হাসলো। দ্বিতীয়বার চৌধুরী বাড়িতে আসার পর সে অনেকটা স্বাভাবিক হয়েছে। বাড়ির সকলের সঙ্গে টুকটাক আলাপ করার চেষ্টা করে শুধু হিমাদ্রি এবং জ্যোতি মাহমুদ ছাড়া। একপ্রকার প্রয়োজন না হলে এ দুজনের সামনেও সে ঘেঁষে না। এড়িয়ে এড়িয়ে চলে। কি দরকার সম্পর্কের তিক্ততা বাড়িয়ে? বিশেষ করে অনামিকার সঙ্গে তার সম্পর্কের উন্নতি হয়েছে। আপনি থেকে তুমিতে চলে এসেছে সম্বোধন। এটা অবশ্য অনামিকা নিজেই কয়েকবার শাসিয়েছিলো বলে পরিবর্তন করেছে।

নিভি বুঝতে না পারলেও সিনিওরা বেগম হাসলেন। অনামিকা’র চুলে আঙুল বুলিয়ে বললেন,

“ এ বাড়িতে তোমার থাকা লাগবে না। তোমার জন্য দাদুর মতো জমিদারের ছেলে আসবে। আমি তার কাছেই বিয়ে দেবো। ”

“ আর আমি? আমাকে বিয়ে দেবে না? ”

পান্না মাত্র ড্রয়িং শেষ করেছে। এতোক্ষণ কথা শুনলেও মনোযোগ ছিলো আঁকায়। তাই কথা বলতে পারেনি। আলোচনার শেষ দিকে এসে মুখ ভার করে প্রশ্ন ছুড়লো। নিভি পড়া রেখে দুষ্টুমি করে বললো,

“ হ্যাঁ, তোমার জন্য তিনজন জামাই বেছে রাখা হয়েছে। আমাদের গ্রামের তারা, তিনজনই পাগল। ”

ফোঁস করে উঠলো পান্না। নাকের পাটাতন ফুলিয়ে রেগে কোমড়ে হাত দিলো। বললো,

“ এজন্যই তোমাকে ভালো লাগে না। হিমাদ্রি ভাইয়াকে বলবো, বিয়ের পর যেনো তোমায় রোজ ছাঁদের সঙ্গে ঝুলিয়ে পেটায়। ”

নিভি এক মুহুর্তের জন্য অপ্রস্তুত হয়ে দাঁড়ালো। বই বন্ধ করে একবার নানু, অন্যবার অনামিকাকে দেখলো। কি আশ্চর্যজনক ব্যাপার! যেখানে পুরো বাড়ির লোকজন নিরব। সেখানে অযৌক্তিক একটা দাবি তুলে অনড় হয়ে বসে আছেন সিনিওরা। সঙ্গে পান্নাও হুটহাট সকলের সম্মুখে মজা নেয়। নিভি ভেবে পায় না কি উত্তর দেবে! হয়তো হিমাদ্রির মতো তারও রেগে যাওয়া উচিত। কিন্তু তা সে পারছে না। লোকটার মতো সে তো পাগল নয়। বাড়ির সবাই যেখানে বারবার বুঝিয়েছে, সিনিওরা অবুঝ। আজ বলে কাল ভুলে যাবেন, তুমি এ নিয়ে ভেবো না। সেখানে সে কিইবা বলতে পারে। কিন্তু প্রত্যহ এই ঘটনাগুলো মনে করিয়ে দেওয়া কি সত্যিই বিরক্তির নয়?

সে বই হাতে কোনো কথা না বলেই বেরিয়ে এলো।

ড্রয়িংরুমে বড়দের আড্ডা বসেছে। সন্ধ্যার নাস্তা এবং কফির সঙ্গে আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে অনামিকার বিয়ে। এ নিয়ে ভীষণ আগ্রহী জ্যোতি মাহমুদ। স্বামী এবং দেবরকে বললেন,

“ পাত্র যেহেতু চারটা। তোমরা আগে ছেলে দেখো, আমাকে দেখাও। যাকে পছন্দ হবে, তাকে বাড়িতে ডেকে অনামিকাকে দেখাবো। হুটহাট সবাইকে তো মেয়ে দেখার জন্য দাওয়াত দিতে পারি না। ”

বখতিয়ার মাথা নেড়ে সম্মতি জানালেন। এরপর কিছুটা ভাবুক হয়ে বললেন,

“ একটা ছেলে আছে, আবির্ভাব মির্জা। ওর বাবা প্রস্তাব দিলো, তারা মেয়ে দেখেছে। এবার আনুষ্ঠানিকতা করে আংটি পড়াতে চায়। কিন্তু তাদের আচরণ দেখে মনে হলো, অনামিকার সঙ্গে ছেলের পরিচয় আগে থেকেই। ”

জ্যোতি মাহমুদ নড়েচড়ে বসলেন। মেয়ের কারো সঙ্গে সম্পর্ক আছে, তিনি তো টের পান নি। অতি আগ্রহী হয়ে জিজ্ঞেস করলেন,

“ ছেলেটা কি করে? দেখতে কেমন? ছবি আছে? ”

“ ছেলের বয়স অল্প। অনামিকার থেকে দু-তিন বছরের বড় হবে। লিখনের কাছাকাছি প্রায়। ছেলেটা বেকার, অনামিকার ব্যাচের-ই। ”

আপত্তি জানালেন ইখতিয়ার। বললেন,

“ বেকার কেনো বলছো? ওর বাবার নিজস্ব ফ্যাক্টরি আছে। সামলাচ্ছে তো। আর আমার মনে হয় বয়সটাকে না দেখে অনামিকার পছন্দকে গুরুত্ব দেওয়া উচিত। ওদের যদি সম্পর্ক থেকেই থাকে, তবে ছেলের বংশ, আচার-আচরণ দেখে রাজি হয়ে যাওয়াই ভালো। আমার আপত্তি নেই। ”

বখতিয়ারও তাতে সম্মতি জানালেন। জ্যোতি মাহমুদ যে খুব একটা আপত্তি করলেন তা নয়। ছেলেমেয়ের পছন্দে তিনি আর বাঁধা দেবেন না। একবার এ কাজ করে একমাত্র ছেলের জীবনটা প্রায় নরক করে দিয়েছেন। তাদের সম্পর্কের মধ্যে এখন যোজন যোজন দূরত্ব। তিনি ছবি দেখতে চাইলেন। ছেলের যাবতীয় ডেটা পূর্বেই মেইল করে দিয়েছেন আবির্ভাবের বাবা। ছবি দেখতেই লিখন চমকে উঠলো। বললো,

“ এই ছেলেটা! ও তো সেদিনও গেটের সামনে ঘুরঘুর করছিলো । আমি উল্টো শাসিয়ে বের করে দিয়েছি। ও তাহলে অনামিকার সঙ্গে দেখা করতে এসেছিলো। আর আমি…….. ”

চলবে?

আমার লেখা বেশকিছু ই-বুক রয়েছে বইটই এপে। আপনারা যারা একবসায় আমার লেখা গল্প পড়তে চান, তারা চাইলে পড়তে পারেন। কমেন্টসবক্সে লিংক দেওয়া হলো।

🗨️

একটা ঘোষণা :

এমনিতেও প্রতি পর্বে ১২০০+ কমেন্টস পড়ে। তবে এই পর্বে যদি আগামীকাল বিকেল তিন টার মধ্যে ২৮০০+ কমেন্টস পড়ে, তবে কাল রাতে বোনাস পর্ব পাবেন। রিয়াক্ট নাহয় একজন একটা করতে পারে, তবে কমেন্টস কিন্তু একজন ১০০ টাও পারবেন। তাই আপনাদের হাতে ছেড়ে দিলাম।

#নদীর_ওপারে_সুখ

#সিমরান_মিমি

#বোনাস_পর্ব

•

আবির্ভাব মির্জা চৌধুরী বাড়িতে এসেছিলো, এ কথা লিখনের মুখ থেকে শুনে বাকিরা প্রায় নিশ্চিত হলো সম্পর্কের বিষয়ে। তারা এই মুহুর্তে বাকি পাত্র তিনজন’কে কম গুরুত্ব দিয়ে আবির্ভাবের দিকে নজর দিলো। ছেলেমেয়ের পরিচয় থাকলেই তো হবে না, বংশীয় আচার-আচরণ যাচাই করতে হবে। টাকাপয়সা কম থাকুক, কিন্তু মর্যাদার দিক থেকে হতে হবে সমান। এ বিষয়ে নিজেদের মধ্যে টুকটাক আলোচনা সেরে বখতিয়ার মাহমুদ ছোট ভাইকে নিয়ে বেরিয়ে গেলেন। হিমাদ্রি ফ্যাক্টরিতে আছে। ভার্সিটি থেকে ফিরে কোনোরকম খেয়েই ছুটেছে। তাকে বিয়ের ব্যাপার’টা জানাতে হবে।

জ্যোতি মাহমুদ শাশুড়ীর ঘরে গেলেন। হাতে নাস্তার ট্রে। মেয়ে তার সন্ধ্যায় রামেন খেতে ভীষণ পছন্দ করে। তাই ঝটপট বানিয়ে নিলো। আহ্লাদ করে বিয়ের বিষয়ে আলোচনা চালানো যাবে বলেই এই আয়োজন। সিনিওরা মাহমুদ শুয়ে পড়েছেন। চোখ বন্ধ করে আহ্লাদী স্বরে তার বিয়ের পরের দিনের কাহিনি শোনাচ্ছেন নাতনীকে। এ কাহিনি অনামিকার জানা৷ কম করে হলেও পাঁচ বার শুনেছে। তবুও সে বাঁধা দিলো না। সিনিওরা স্বামীকে বড্ড ভালোবাসেন। তাকে নিয়ে গল্প করতে পছন্দ করেন। তার এই অনুভূতি গুলোকে অনামিকা নষ্ট করতে চায় না। তাই পাশে শুয়ে চুপ করে ‘হু, হা ’ মেলাতে লাগলো। অনামিকার মাঝেমধ্যে মনে হয়, সে যে লিখনকে পছন্দ করে তা সিনিওরা বুঝতে পারেন। কিন্তু কিছু বলেন না।

জ্যোতি ধীর পায়ে বিছানায় বসলেন। মেয়ের হাতে ঝাল ঝাল রামেনের বাটি তুলে দিয়ে শাশুড়ী’কে বললেন,

“ মা, আপনার জন্য ডালের বড়া এনেছি। খাবেন? ”

সিনিওরা চোখ বন্ধ করেই মাথা নাড়লেন। বললেন,

“ রাখো, পরে খেয়ে নেবো। ”

অনামিকা খেতে আরম্ভ করলো। একপর্যায়ে দ্বিধাগ্রস্ত হয়ে জ্যোতি বললেন,

“ তোর জন্য অনেকগুলো সম্বন্ধ এসেছে। একজন কানাডায় থাকে পরিবার নিয়ে। বিয়ের পর তোকেও নিয়ে যাবে। এজন্য তোর বাবা রাজি না। আরেকজন রাজনীতি বিদ। মেয়রের ভাগিনা। শুনেই তোর চাচা না করে দিয়েছে। আরেকটা ছেলে আছে ডাক্তার। তবে পরিবারে মানুষ কম। অবস্থা মোটামুটি, তাই তোর বাবা-চাচা আরেকটু ভাববে। কিন্তু গতকাল যে ছেলেটা প্রস্তাব পাঠিয়েছে, ওটা মানানসই। ছেলের নাম আবির্ভাব মির্জা। ওর বাবারও আমাদের মতো বিজনেস আছে। সবাই মোটামুটি রাজি। এবার তুই বললে ওদের দেখতে আসতে বলবো। ”

অনামিকা বিস্ফোরিত দৃষ্টিতে মাকে দেখলো। রামেনের বাটি বিছানায় রেখে নিশ্চিত হওয়ার জন্য পুণরায় জিজ্ঞেস করলো,

“ আবির্ভাব! ওর বাবার নাম কি জুবায়ের মির্জা? “

জ্যোতি মাথা নাড়ালেন। মুহুর্তেই চোয়াল শক্ত হয়ে গেলো অনামিকার। ছেলেটা শেষমেশ প্রস্তাব পাঠিয়েই ক্ষান্ত হয়েছে। সেদিন লিখনের ধমকেও কাজ হয়নি, এবার মার খেতে চায়। জ্যোতি মেয়ের অভিব্যক্তি দেখে নিশ্চিত হলেন। কিন্তু সেভাবে কিছুই জিজ্ঞেস করলেন না। যতটুকু বলার তা বলে দিয়েছেন। অপছন্দ হলে অনামিকা নিজেই বারণ করতো। কিন্তু সে তা করলো না। বরং কাজ আছে বলে বাটি হাতে হনহন করে রুমে চলে এলো। দরজা আটকে সরাসরি কল করলো আবির্ভাব’কে।

“ এই তোমার সমস্যা’টা কি? এভাবে পেছনে পড়ে আছো কেন? ”

“ যাহ বাবা! আমি আবার কি করলাম? ”

“ বিয়ের প্রস্তাব পাঠিয়েছো কেন? ”

“ ভালো লেগেছে, তাই। তোমার খারাপ লাগলে না করে দাও। ”

আজ আর আবির্ভাবের মধ্যে অনুরোধ দেখা গেলো না। সে কাঠকাঠ উত্তর দিতে লাগলো। একসময় অতিষ্ঠ হয়ে অনামিকা কল কেটে দেয়। এভাবে হবে না। সে তো বিয়ে করতেই রাজি নয়। তবুও লিখন জ্বলবে ভেবে একটা চুপ থেকেছিলো। কিন্তু এখন তো আরেকজন এসে জুটেছে। তাকে পরিবারের পছন্দও হয়েছে। সব মিলিয়ে ঝামেলা চূড়ান্ত। দ্রুত অসম্মতি জানাতে হবে তাকে। বাবা, চাচা কেউ বাড়িতে নেই। ফিরলেই এ বিষয়ে কথা বলতে হবে।

•

রাত দশটা। টানা দুদিনের বৃষ্টির প্রকোপে শহরের বুকেও শীত নেমে এসেছে। শহরটাকে এখন বর্ষাকাল মনে হয়। আগের সেই ভিড় নেই। ফুটপাতের দোকান গুলো বৃষ্টির কারনে বন্ধ। চৌধুরী বাড়ির ড্রয়িংরুম পরিপূর্ণ। পান্না থেকে শুরু করে প্রত্যেকে সেখানে হাজির। কিছুক্ষণ পরেই রাতের খাবারের সময়। তাই আগেভাগেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেরে ফেলতে হবে।

ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে মাত্রই বাড়ি ফিরেছে হিমাদ্রি। গায়ের শার্টে পানির ফোঁটা। চুলও অনেকটা ভিজে গেছে। তবুও সে রুমে গেলো না। সোফায় বসে রইলো অনড় হয়ে। জ্যোতি মাহমুদ ফ্যালফ্যাল করে তাকিয়ে ছেলের খামখেয়ালি দেখলেন। কিইবা বলেছিলেন তিনি? ড্রয়িং রুমে ঢোকার পর চিন্তিত হয়ে শুধু বলেছেন ঘরে যেতে। মাথা’টা মুছে নিতে, যেনো ঠান্ডা না লাগে। ব্যাস, এটুকুই কাল হয়ে দাঁড়ালো। এখন আর হিমাদ্রি যাবে না। ভিঁজে শার্টে শক্ত হয়ে এভাবেই বসে থাকবে। এ যাবৎ চার পাঁচটা হাঁচি দেওয়ার পরেও সে এক চুল ও সরলো না।

বখতিয়ার ফোঁস করে নিঃশ্বাস ফেললেন। তিনি আর এ নিয়ে ঘাটাতে চান না৷ যার যা ইচ্ছা করুক। আপাতত যে বিষয়ে আলোচনা করতে এসেছে, সেটাই করা যাক। তিনি পাত্রদের ফটোগুলো ফোনে বের করে সামনে ধরলেন। একে একে প্রত্যেকের বিষয়ে যাবতীয় তথ্য দিয়ে বড় ছেলের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন,

“ তোমার কি মত এ বিষয়ে? ”

হিমাদ্রি নড়েচড়ে বসলো। একে একে সবগুলো ছেলের ছবি খুটিয়ে খুটিয়ে দেখে অনামিকার নতজানু মুখের দিকে চাইলো। এরপর প্রথমেই বাদ দিলো একটা ছবি। বললো,

“ মেয়রের ভাগিনা বাদ। বাকিটা তোমাদের ইচ্ছে, খোঁজ নিয়েছো? ”

ইখতিয়ার বললেন,

“ হ্যাঁ, নিয়েছি। তবে আমাদের কাছে দুজনকে একটু মানানসই লেগেছে। আবির্ভাব মির্জা আর ডক্টর নিষীথ

। তবে যাবতীয় দিক বিবেচনা করে আবির্ভাব ছেলেটাকেই বেশি ভালো লেগেছে। ব্যবসায়ী পরিবার। তাছাড়া অনামিকার পরিচিত। ”

হিমাদ্রি তড়িৎ বোনকে দেখলো। কপাল কুঁচকে জিজ্ঞেস করলো,

“ তোর পরিচিত? ”

“ হ্যাঁ। ব্যাচমেট। ” — দাঁতে দাঁত চেপে সম্মতি জানালো অনামিকা। হিমাদ্রি বাকি পাত্র’কে রেখে আবির্ভাব’কে দেখলো। ছেলেটাকে পরিচিত মনে হচ্ছে। সম্ভবত সেদিন গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলো। নিশ্চিত হতে লিখনের দিকে তাকাতেই সে মাথা নাড়ালো। বললো,

“ হুম, এই ছেলেটাই ছিলো। ”

আবির্ভাব মির্জার পরিবার, বংশমর্যাদা নিয়ে আরো কিছুক্ষণ আলোচনা হলো। ইখতিয়ার সকল খবরই নিয়ে এসেছেন। একে একে বাড়ির প্রত্যেকে মত জানালো। বখতিয়ার মাহমুদ দেখলেন হিমাদ্রি নিশ্চুপ। তিনি ছেলের অভিব্যক্তি বুঝে উঠতে পারলেন না। বললেন,

“ ছেলেটাকে তোমার মা, আমি, আমাদের সবারই মোটামুটি পছন্দ হয়েছে। তোমার কি পছন্দ হয়নি? ”

হিমাদ্রি সরাসরি মায়ের দিকে তাকালো।

“এই বিয়েতে তুমি রাজি?”

“হ্যাঁ, ছেলেটা তো ভালোই। ”

জ্যোতি মাহমুদ ভয়ে ভয়ে উত্তর দিলেন। হঠাৎ সকলকে অবাক করে দিয়ে হিমাদ্রি উঠে দাঁড়ালো। বললো,

“ মা যেহেতু রাজি, তাই আমি এ প্রস্তাবে মত দিতে পারলাম না। এ ছেলে বাদ। মায়ের পছন্দের ছেলের সাথে আমি কিছুতেই আমার বোনের বিয়ে দেবো না। ”

জ্যোতি আতংকিত হয়ে ছেলেকে দেখলেন। কাছে এগিয়ে হাত জড়িয়ে করুণ স্বরে বললেন,

“ এসব কি বলছো বাবা? মায়ের উপর রাগ আছে মানলাম। তাই বলে বোনের দিকটা ভাববে না? কেনো করছো এমন? ”

“ তুমি পছন্দ করেছো মানেই এখানে ঝামেলা। আমি চাই না অনামিকা এসব জটিলতায় পড়ুক। তাই বারণ করেছি। ”

ড্রয়িংরুমে উপস্থিত সকলে কয়েক মুহুর্তের জন্য হতভম্ব হয়ে গেলেন। একে অপরের দিকে তাকিয়ে হিমাদ্রিকে কিভাবে সামলাবেন তা বোঝার চেষ্টা করলেন। কিন্তু তার পূর্বেই শেষ পেরেক টা মেরে দিলো অনামিকা। ভাইয়ের সঙ্গে তাল মিলিয়ে সকলের উদ্দেশ্যে বললো,

“ আমি ভাইয়ার সঙ্গে একমত। আবির্ভাব আমার ব্যাচমেট। ও আমাকে পছন্দ করতো ঠিকই, তবে আমার ওকে কোনো কালেই ভালো লাগেনি। ও খারাপ তা বলছি না, মা ওকে পছন্দ করেছে বলে যে বারণ করছি সেটাও না। কিন্তু আবির্ভাব’কে নিয়ে বিয়ে-ভবিষ্যত এসব আমি কল্পনাও করতে পারছি না। তোমরা প্লিজ ওকে নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করবে না। ”

বাড়ির অন্যান্যরা যে যা ভেবেছিলো, তা তাদের মধ্যেই রয়ে গেলো। প্রকাশ আর হলো না। যেখানে অনামিকা’ই নারাজ, সেখানে তাদের এতোকিছু ভাবা বোকামি। বর্তমান পাত্রগুলোর মধ্যে আবির্ভাব’কে পছন্দ সকলের। অনামিকা ভেবেছিলো, তাকে বিয়ে করতে অসম্মতি জানালে আপাতত ব্যাপারটা থেমে যাবে৷ কিন্তু তেমনটা হলো না। বরং তাকে অবাক করে দিয়ে হিমাদ্রি আবারো ফোন হাতে নিলো। তৃতীয় পাত্রের ছবি দেখে বললো,

“ এই ছেলেটা ডক্টর? ”

“ হ্যাঁ, ডক্টর নিষীথ। অর্থোপেডিক্স স্পেশালিস্ট। আমারো লোকটাকে ভালো লেগেছিলো। অনামীর সঙ্গে ভালো মানাবে। ”

লিখন গুরুত্বের সঙ্গে বললো। অনামিকা কয়েক মুহুর্তের জন্য স্তব্ধতায় মুড়িয়ে গেলো। তার বিয়ের জন্য লিখন গুরুত্বের সঙ্গে পাত্র দেখছে, পছন্দ করছে, ভাবতেই মাথাটা ঘুরে এলো। সে আলগোছে পুণরায় সোফায় বসলো। ইখতিয়ার বললেন,

“ হ্যাঁ, ছেলেটা ভালো। ভদ্র পরিবার। তবে আমাদের সঙ্গে মানানসই হবে না। মধ্যবিত্ত, বাবা নেই। মা, ছোটো ভাই আর বোনকে নিয়ে থাকে। সংসারে একা উপার্জন করে। যদিও স্থানীয়, একটা বাড়িও আছে। ”

হিমাদ্রি বোধহয় একটু বিরক্তই হলো। বললো,

“ জমিদার ছাড়া কি মেয়ের বিয়ে দেবে না?

“ না তেমনটা নয়। ”

“ তাহলে? অনামিকা কি লাখ লাখ টাকা খরচ করে?

“না তেমনটাও নয়। আমাদের মেয়ে যুগ অনুযায়ী লক্ষী। বেহুদা খরচ সে করে না। কিন্তু তারপরেও একটা মানানসই তো আছে। ”

“ আমি মনে করি, ছেলে ভালো হলেই হলো। যাই হোক, আমার পছন্দ হয়েছে। বাকিটা তোমরা সিদ্ধান্ত নাও। ”

হিমাদ্রি ধুপধাপ পা ফেলে দোতলায় উঠে গেলো। আর এভাবে থাকা যাচ্ছে না। এমনিতেই ঠান্ডায় সমস্যা। বখতিয়ার মাহমুদ ছোটো ভাইয়ের সঙ্গে আলোচনা করলেন। পাত্রের উপার্জন যে কম তা নয়। শিক্ষিত পরিবার। বাবা ছিলেন প্রফেসর। বড় ছেলে ডাক্তার। ছোট ভাই-বোন দুজনেই পড়ছেন। ভবিষ্যতে তারাও উপার্জন করবে। পুরো পরিবারে সামলানোর জন্য রয়েছে শুধু মা। সাংসারিক ঝামেলা থাকবে না। বিয়ের পর অনামিকা একদম নিরিবিলি। অবশেষে বাড়ির প্রত্যেকে মতামত পরিবর্তন করলেন। জ্যোতি মাহমুদ তো ফিসফিস করে বলেই ফেললেন,

“ হ্যাঁ, হ্যাঁ, এই ছেলেকেই ফাইনাল করো। হিমাদ্রি যখন পছন্দ করেছে, আমারো পছন্দ৷ তোমরা ওদের মেয়ে দেখতে আসতে বলো। ”

•

বাড়ির সকলের পরিবর্তন দেখে অনামিকা হতাশ। এক পাত্র থেকে কোনোমতে কাটিয়ে আসতে না আসতেই নতুন ভাবে ফেসে গেলো। এই ছেলেকে তো আবার হিমাদ্রিরও পছন্দ। আবার লিখন নিজে আলাদা করে খোঁজ নিয়েছে। ঝামেলায় জর্জরিত হয়ে রাতে ঘুমাতে পারলো না অনামিকা। লিখনের এই আগ্রহ তার একটুও ভালো লাগছে না। তবে কি তার ভাবনা ভুল। অনামিকার প্রতি কখনোই তার কোনো অনুভূতি জন্মায়নি? ভেবে হৃদয়’টা হু হু করে উঠলো।

অনামিকা বিয়ে করতে চায় না। এর একমাত্র কারন লিখন। বয়স তেইশ পেরিয়েছে। এখন তো অন্য কোনো অজুহাত দেওয়া যাবে না। বলাও যাবে না, সে গ্রাজুয়েট কম্পিলিট করে বিয়ে করতে চায়। শিক্ষিত পরিবার, নিশ্চয়ই তারাও চাইবে অনামিকা গ্রাজুয়েট কম্পিলিট করুক। যার জন্য বিয়ে করতে চায় না, সেইই তার বিয়েতে অধিক আগ্রহী। এখন যদি গিয়ে বলে বিয়ে করবে না, তখন সরাসরি কারন জানতে চাইবে। এতোগুলো সম্বন্ধ কোনোটাই পছন্দ হচ্ছে না, এর মানে অন্য কোনো পছন্দ নিশ্চয়ই রয়েছে। তখন কি উত্তর দেবে অনামিকা? ভেবে ভেবে অস্থির হয়ে উঠলো।

__________

সহ্যশক্তি তার সীমা পেরিয়ে গেলো। অনামিকা অতিষ্ঠ। লিখনের মনোভাব সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। কাল সারাদিন সে তার বিয়ে নিয়ে আগ্রহ দেখিয়েছে। সেধে সেধে পাত্র পছন্দ করেছে। এক মুহুর্তে’র জন্য অনামিকার মনে হয়েছিলো, সে ভুল। তার অনুভূতি একতরফা। অথচ সকাল হতেই পরিস্থিতি পুরোপুরি উলটো। আজ পাত্রপক্ষ আসবে বাড়িতে। এদিকে লিখনের মুখ ভার। সে দরজা আটকে ভেতরে বসে আছে। কোনো অদৃশ্য কারনে কারোর সঙ্গে কথা বলছে না। কাল রাতে খায়নি, এমনকি সকালেও কিছু মুখে তোলেনি। হুটহাট এই পরিবর্তন গুলো কেন? এই ছোটো ছোটো বিষয়গুলোই তো অনামিকার মনে আশার সঞ্চার করে।

নিভি চুপ করে বসে আছে চেয়ারে। সকাল সকাল অনামিকা তাকে ডেকে এনেছে ঘরে। বলেছে বাইরে যেতে হবে। অথচ কি কারনে যাবে, কোথায় যাবে কিছুই বলেনি। অনেকক্ষণ ধরে তব্দা খেয়ে বসে আছে। আচমকা সে ফোন এবং ওয়ালেট নিলো। নিভি’র উদ্দেশ্যে বললো,

“ চলো। ”

“ কোথায় যাবো আপু? ”

অনামিকা ভাবলো। এরপর ঠোঁট কামড়ে দুষ্টুমি করে বললো,

“ চলো, আজ তোমার মাথায় কাঁঠাল’টা ভেঙেই ফেলি। ”

নিভি ফ্যালফ্যাল করে চেয়ে রইলো। অনামিকার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছে না। তবে সে নিশ্চিত, কোনো ঝামেলা বাঁধবে। যার দায় কম করে হলেও তার উপর পড়বে। নিভি পিছু পিছু ধীর কদমে এগোলো। বারংবার জিজ্ঞেস করলো,

“ আমরা কোথায় যাচ্ছি, আপু? ”

“ পার্লারে। ”

ঘড়ির কাঁটা নয়টা’কে ছাড়িয়েছে। আজ বাইরে বৃষ্টি নেই। সূর্য উদয় হয়েছে কিছুক্ষণ। তার তেজহীন মিষ্টি রোদ দুদিনের বৃষ্টিভেজা প্রকৃতিকে খুব একটা সন্তুষ্ট করতে পারছে না। যার দরুন চাদর পড়তে হলো। রান্নাঘরে হেল্পিং হ্যান্ডের সঙ্গে কাজে ব্যস্ত বাড়ির মহিলারা। কিছুক্ষণ পরেই পাত্রপক্ষ আসবে। অনামিকা যেতে যেতেই হাঁক ছাড়লো।

“ মা, পার্লারে যাচ্ছি। সময়মতো এসে পড়বো। ”

রান্নাঘর থেকে বেরিয়ে মেয়ের নাগাল পেলেন না জ্যোতি। এর পূর্বেই স্কুটি চালিয়ে চলে গেছে অনামিকা৷ নিভি পেছন থেকে তার ঘাড় ধরেছে। এতো স্পিডে এর পূর্বে অনামিকা গাড়ি চালায়নি। ফলস্বরূপ সে একটু ভড়কে গেলো। তাল সামলাতে না পেরে কোমড় চেপে ধরলো। দ্রুতকন্ঠে বললো,

“ আপু, আস্তে চালাও। আমার ভয় করছে। ”

অনামিকা গতি কমালো। পিছু ফিরতে ফিরতে বললো,

“ ভয় পেয়ো না। বাড়ির সামনে থেকে দ্রুত আসার জন্য স্পিড বাড়িয়েছি। ”

“ শুনলাম, পাত্রপক্ষ কিছুক্ষণের মধ্যেই আসবে। তাহলে আমরা এখন পার্লারে কেনো যাচ্ছি? যদি ওরা এসে পড়ে? ”

অনামিকা পাত্তা দিলো না। আবার সে যে পাত্রপক্ষের সামনে যেতে ইচ্ছুক না, সেটাও নিভিকে বললো না। কিছুটা এড়িয়ে গিয়ে বললো,

“ পাত্রের সামনে যাবো বলেই তো পার্লারে যাচ্ছি। চিন্তা করো না। সময়মত ফিরে আসবো। ”

“ যদি না পারি….. বাড়ির সবাই ভীষণ রাগ করবে তো। ”

সকালের ফাঁকা রাস্তা। কিছুক্ষণ পর পর দ্রুতগতিতে গাড়ি চলছে। বৃষ্টির কারনে রাস্তাও কিছুটা ভেঁজা, স্যাঁতসেঁতে, পিচ্ছিল। অনামিকা বেশ অমনোযোগী। বারবার পেছনে তাকিয়ে নিভি’র সঙ্গে কথা বলছে৷ হঠাৎ সম্মুখে একটা কালো গাড়ি এসে গেলো। রাস্তার মোড় থাকায় দু পক্ষই মুহুর্তের মধ্যে ব্যালেন্স হারিয়ে ফেললো। এর মধ্যেই ঘটে গেলো দূর্ঘটনা। কালো গাড়িটার ব্রেক কষলেও অনামিকা সামলাতে পারলো না। স্কুটি’টা গিয়ে সরাসরি আঘাত হানলো গাড়ির সঙ্গে। দুটো গাড়ির কাঁচ ভেঙে তছনছ হয়ে গেলো। নিভি শুরু থেকেই ভয় পাচ্ছিলো। তাড়াহুড়ো করে গাড়িতে ওঠায় ঠিকভাবে বসতে পারেনি। এমনকি তার মাথায় হেলমেটও নেই। আচমকা বীভৎস এই দূর্ঘটনায় তার ছোট্ট শরীরটা ছিটকে পড়লো সামনের দিকে। এরইমধ্যে পেছন থেকে আরেকটা গাড়ি এসে ধাক্কা মারে পেছনে। পরিস্থিতি ভয়াবহ। অনামিকার হাত দুটোতে অজস্র ছোট ছোট কাঁচের টুকরো ঢুকে গেছে। সে নিভু নিভু চোখে তাকিয়ে দেখলো নিভি নেই। মেয়েটার গায়ের ওড়না স্কুটির নিচে পড়ে আছে। কিন্তু শরীরটা নেই। ধীরে ধীরে তার চোখ’টাও ঝাপসা হয়ে এলো। আশেপাশে অজস্র কোলাহল। মানুষের পায়ের আওয়াজ।

চলবে?

বার্তা — পাঠক, এটা একটা কাল্পনিক উপন্যাস। অবশ্য রুপকথা হবে না। বাস্তবতার সঙ্গে টুকটাক মিল থাকবেই। আপনারা ধৈর্য নিয়ে পড়ুন। ওমুক নায়ক হলে পড়বো না, তমুক’কে নায়ক বানাও, এই চরিত্র এমন কেন — এগুলো কেমন হুমকি। উপন্যাসে এখন পর্যন্ত প্রণয় পর্বই এলো না, আর আপনারা নায়ক ভেবে বসে আছেন। একে অপরের সঙ্গে কমেন্টসবক্সে যু/দ্ধ করছেন। কেউ হিমাদ্রির পক্ষে, কেউ লিখন, তো অপূর্ব। এদিকে আমি যদি এদের মধ্যে নায়ক চরিত্র নাই’ই রাখি তখন কি করবেন? 🙂

Share On:

TAGS: ,



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 

0 Responses

Leave a Reply