Golpo আমার আলাদিন আমার আলাদিন সিজন ২ কষ্টের গল্প

আমার আলাদিন সিজন ২ পর্ব ৬(প্রথমাংশ+)


#আমার_আলাদিন

#পরিচ্ছেদ২

#জাবিন_ফোরকান

#পর্বসংখ্যা৬ (প্রথমাংশ)

হাসপাতালের ওয়েটিং লাউঞ্জে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সুগন্ধা। রাহাত এক কোণায় একটা সিট দখল করে বসে আছে। গত ভোররাত চারটা নাগাদ সুগন্ধা দৌঁড়ে আসে মুন্সীবাড়িতে। বলে সামিয়া কেমন যেন করছে। যত শত্রুতা থাকুক বা বনিবনা না থাকুক, দিনশেষে স্বজনের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়া যায়না। ওই বাড়ির অবস্থা যে খারাপ সেটা মোটামুটি জানা থাকায় মিথিলার বারণ সত্ত্বেও রাহাত গা করেনি। অ্যাম্বুলেন্স ডেকে তক্ষুণি সামিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সবাইকেই খবর দেয়া হয়েছে। এখন তারা পৌঁছাতে যেটুকু দেরী।

আদিত্য শার্টের হাতা গোটাতে গোটাতে করিডোর ধরে এগিয়ে এলো। তাকে দেখেই ঝাঁপিয়ে পড়ল সুগন্ধা। আরেকটু হলেই পা হড়কে পড়েই যাচ্ছিল বেচারি। কিন্তু আদিত্য তাকে ধরে সাবধানে পুনরায় চেয়ারে বসিয়ে দিল। নরম গলায় বলার চেষ্টা করল,

“রিল্যাক্স।”

“আম্মা…আম্মাজান! আম্মাজানের কী অবস্থা? ভগবানের দোহাই আমাকে মিথ্যা বলবেন না!”

দুহাত তুলে সুগন্ধার মুখ ধরে ঝরঝর করে ঝরতে থাকা অশ্রু মুছে দিল আদিত্য। বলল,

“তুমি শান্ত হও। ম্যামকে আই সি ইউতে দেয়া হয়েছে। পর্যবেক্ষণ চলছে। জাস্ট ব্রিথ সুগন্ধা, ওকে? কিছু হয়নি এখনো। এভাবে কেঁদে আমার কষ্টটাকে দ্বিগুণ করো না।”

সুগন্ধা চোখে ওড়না চেপে নিজেকে সামলানোর চেষ্টা করতে লাগল। এর মাঝেই দৌঁড়ে এলো সারিকা আর মিসির। সারিকা আই সি ইউর দিকে গেলে মিসির রাহাতের কাছ থেকে কী হয়েছে সব শুনতে লাগল।

আরও প্রায় আধ ঘণ্টা বাদে ঝড়ের গতিতে ছুটে এলো সাইবান। পরনে একটা সাদা শার্ট, বুকের কয়েকটা বোতাম খোলা। বোঝাই যাচ্ছে খবর জানার সঙ্গে সঙ্গে চলে এসেছে। বিশেষ প্রস্তুতির সুযোগ হয়নি। সে একা নয়। তার পিছনে হেঁটে আসছে ইরাম। কোলে ইযান ঘুমাচ্ছে। সাইবানকে দেখে সবাই অবাক হলো। বিস্ফারিত চোখে চেয়ে রইল যেন ভূত দেখেছে! নিজের বিস্ময় সর্বপ্রথম কাটাল মিসির।

“সাইবান! তুমি? দেশে ফিরেছ কবে?”

মিসিরের কথার জবাব না দিয়ে সাইবান পাল্টা প্রশ্ন করতে নিল,

“কোথায়? ব্রো…”

বলতে বলতে হঠাৎ থমকে গেল সে। একটা ঢোক গিলে শুধাল,

“মিসেস মুন্সী কেমন আছে?”

মম, ব্রো সবকিছু বাদ দিয়ে সামিয়াকে মিসেস মুন্সী সম্বোধন করাটা প্রত্যেকের গায়ে লাগল। এ কোন সাইবান ফিরে এসেছে? সে সাইবান হয়েও সাইবান নয়! অদ্ভুত! কিন্তু এমন গুরুতর মুহূর্তে কেউই সেসব নিয়ে কথা কাটাকাটি করার মতো পাষন্ড নয়। তাই সাইবানকে জানানো হলো সামিয়াকে আই সি ইউতে রাখা হয়েছে। সব শুনে আর কিছু বললনা সে। চুপটি করে ওয়েটিং চেয়ারে বসে পড়ল।

আরও প্রায় ঘণ্টাখানেক পর। দায়িত্বরত ডাক্তার জানালেন সামিয়া মাইনর স্ট্রোক করেছেন। তাকে আরও ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। শরীর এমন ভয়াবহ অবস্থার ভেতর দিয়ে যাওয়ার পর ভবিষ্যতে স্ট্রোকের বিরাট ঝুঁকি রেখে দিয়েছে। সেক্ষেত্রে সামিয়াকে যথাসম্ভব শারীরিক ও মানসিক চাপমুক্ত রাখতে হবে। ডাক্তার যখন মিসির, সাইবান আর আদিত্যর সামনে কথাগুলো বলল তখন চুপ করে শুনে যাওয়া ছাড়া কেউই আর কিছু বলতে পারলনা। আদিত্য খুব একটা জানেনা। কিন্তু মিসির আর সাইবান ভালোমত বুঝতে পারল এমন অসুস্থতার কারণ। শুধু বয়স নয়, গত কয়েক মাসের তীব্র মানসিক কষ্ট যে সামিয়াকে এমন পর্যায়ে এনে দাঁড় করিয়েছে তা বুঝতে কারোরই সমস্যা হলোনা। ডাক্তার কথা বলার সময় মিসির শুধু আড়চোখে কয়েকবার সাইবানের দিকে তাকাল। এছাড়া কোনো মন্তব্য সে করলনা।

ওয়েটিং লাউঞ্জে চুপচাপ বসে আছে সারিকা, ইরাম আর সুগন্ধা। রাহাত মাত্রই চলে গিয়েছে। এত মানুষ থাকতে তার আপাতত আর কোনো প্রয়োজন নেই। ভাইকে অবশ্য ধন্যবাদ জানাতে ভুল করেনি ইরাম। রাহাত চুপচাপ মাথা দুলিয়ে চলে গিয়েছে। বলেছে কিছু লাগলে ফোন করতে। তাই এখন তারা তিনজন বসে আছে। অদ্ভুত হলেও সত্য সারিকা ইরামকে দেখেও বিরূপ কোনো আচরণ করছেনা। একপাশে চুপটি করে বসে আছে। তার মুখটা থমথমে। কী ভাবছে বোঝা যাচ্ছেনা। অপরদিকে ইরাম ইযানের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বারবার উঁকিঝুঁকি দিয়ে দেখছে ডাক্তারের সঙ্গে কথা শেষ করে ওরা ফিরে আসছে কিনা। বাহ্যিকভাবে তাকে স্বাভাবিক দেখালেও অন্তরে কালবৈশাখী ঝড় বইছে। মা বাবা নামক ছাউনি মাথার উপর থেকে সরে যাওয়ার দুঃখটা তার চাইতে আর কেই বা ভালো জানে? দ্বিতীয়বার সেই বেদনায় জর্জরিত হতে নারাজ তার হৃদয়। কিছুক্ষণ বাদে করিডোর ধরে এগিয়ে আসতে দেখা গেল সাইবানকে। মাথা নিচু করে চুপচাপ হাঁটছে সে। লম্বাটে মসৃণ চুলগুলো আশেপাশে ছড়িয়ে মুখটা আড়াল করে রেখেছে। সারিকা ডাকল,

“সাই?”

সাইবানের তরফ থেকে জবাব এলোনা। ওভাবেই দেয়ালে হেলান দিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকল সে। আবারও নীরবতা নেমে এলো চারদিকে। সেই নীরবতা কাটিয়ে হঠাৎ উঠে দাঁড়াল এক অপ্রত্যাশিত ব্যক্তি। সুগন্ধা। এতক্ষণ তাকে বিষন্ন দেখালেও বর্তমানে চোখেমুখে চাপা রাগ শোভা পাচ্ছে। সাইবানের সামনে দাঁড়াল সে। নিজের ডান হাতটা বাড়িয়ে দিল। সেই হাতের তালুতে স্বর্ণালী বর্ণে মোড়ানো একটা আংটি দেখা গেল। সাইবান মুখ নামিয়ে জিনিসটার দিকে চেয়ে চোখ পিটপিট করল। সুগন্ধা গম্ভীর গলায় বলল,

“আম্মাজান ভাবছিল উনি মইরা যাবে। বুক খামচাই ধইরা এই জিনিস বাইর কইরা উনি আমার হাতে দিসিল যেন আপনারে বুঝাই দিতে পারি!”

বলেই সে আংটিটা সাইবানের হাতে রেখে দিল। একটা ঢোক গিলল সাইবান। জিজ্ঞেস করল,

“এটা কী?”

“আম্মাজান আমার হাতে দিয়া বলছিল উনি মইরা গেলে আপনারে দিতাম। এইটা নাকি আপনার আম্মার আমানত।”

সুগন্ধার কথা শুনে সাইবান ফ্যালফ্যাল করে হাতে দেয়া সোনার আংটিটার দিকে চেয়ে রইল। পুরাতন হয়ে রং ফিকে হয়ে গেলেও যত্নটা স্পষ্ট। ধপাস করে চেয়ারে বসে পড়ল সাইবান। নিষ্পলক চোখে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগল আংটিটাকে। কেমন অনুভব করছে সে? ব্যাখ্যা দেয়া দায়। তার মায়ের আমানত? তার জন্মদাত্রী!

তার গর্ভধারিণী মা, যে মাকে সে কোনোদিন চোখে দেখেনি। যার ছোঁয়া কোনোদিন অনুভব করেনি। সেই মায়ের আমানত সামলে রেখেছে আরেকজন মা। যে মা পঁচিশ বছর যাবত তার মনে জন্মপরিচয় নিয়ে সামান্যতম সন্দেহের আঁচ লাগতে দেয়নি। ‘মা’ শব্দটা কি সবসময়ই এত জটিল ছিল?

***

দুপুর গড়িয়ে এখন প্রায় বিকাল। আদিত্য সবাইকে জোর করে ধরে বেঁধে হাসপাতালের ক্যান্টিনে নিয়ে গিয়েছে খাওয়ানোর জন্য। শুধু একটামাত্র মানুষকে কেউ টলাতে পারেনি। সাইবান। সুগন্ধা তাকে আংটিটা ধরিয়ে দেয়ার পর থেকে ঐভাবে যে ওয়েটিং লাউঞ্জে ঘাঁটি গেড়ে বসেছে, একবারের জন্যও ওঠেনি। ঘণ্টার পর ঘণ্টা ধরে ওভাবেই বসে আছে। কেউ তাকে ক্লান্ত হতে দেখেনি। না তো দেখেছে অস্বস্তির সামান্যতম শব্দ করতে।

টেবিলে সবার জন্য খাবার নিয়ে এলো আদিত্য আর মিসির। সারিকা মিনমিন করল,

“আমার ক্ষুধা নেই, মিসির। প্লীজ, আমি মমের কাছে যাই।”

সে উঠতে নিলেই তার বাহু ধরে বসিয়ে দিল মিসির। নিজ হাতে প্লেটে খাবার বেড়ে দিয়ে বলল,

“যেতে মানা করছিনা। খেয়ে যাও।”

অগত্যা স্বামীর সঙ্গে বসতে বাধ্য হলো সারিকা। ইরাম ইযানকে আগেই খাইয়ে নিয়েছে। আদিত্য আর সামিয়া দুজনই যেহেতু এই হাসপাতালেই কর্মরত তাই পারিবারিক কিছু সুবিধা পাওয়া গিয়েছে। ব্রেস্ট ফিডিং করিয়ে নিয়েছে সে। ইযান ঢুলছে। বেচারা সকাল থেকে ভেঙে ভেঙে ঘুমাচ্ছে বিধায় ঘুম সম্পূর্ণ হয়নি। ইরাম সুগন্ধার দিকে চেয়ে অনুরোধ করল,

“তুমি ওকে কিছুক্ষণের জন্য রাখতে পারবে?”

সুগন্ধা খুশিই হলো।

“পারমু না মানে! এদিকে দেন! দেখি দেখি দেখি, পোটলাটারে দেখি একবার!”

ইযান তরতর করে সুগন্ধার কোলে গিয়ে খুনসুঁটিতে লিপ্ত হলো। আদিত্যও খাওয়ার পাশাপাশি তাদের দিকে মনোযোগ দিল। সবার মাঝে উঠে দাঁড়াল ইরাম। প্লেট নিয়ে তাতে খাবার বেড়ে নিল। মুরগির বিরিয়ানি আর সালাদ। সেটা নিয়ে সে ক্যান্টিনের বাইরের দিকে হাঁটা দিল। কেউ তাকে জিজ্ঞেস করলনা কোথায় যাচ্ছে। উত্তরটা সবার জানা।

ওয়েটিং লাউঞ্জে চলে এলো ইরাম। কোথাও কেউ নেই। শুধু একটা চেয়ারে বসে আছে সাইবান। তার শিরদাঁড়া সামান্য ঝুলে পড়েছে। ক্লান্তির লক্ষণ। তবুও স্থানত্যাগ করতে নারাজ সে। আংটিটা এখনো হাতে মুঠ করে ধরে আছে। চুল কপালের দুইপাশে ছড়িয়ে চেহারার অভিব্যক্তি সম্পূর্ণ ঢেকে রেখেছে। ইরাম পায়ে পায়ে এগিয়ে গেল। তারপর পাশের চেয়ারে বসে পড়ল। সাইবান তার উপস্থিতি টের পেলেও কোনো প্রতিক্রিয়া করলনা। ইরাম হাত দিয়ে বিরিয়ানি আর সালাদ খানিকটা মাখিয়ে নিল। আগেই স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নিয়েছিল। গ্রাস তুলে সাইবানের ঠোঁটে ধরল সে। নরম কন্ঠে বলল,

“হা করো।”

সাইবান মুখ ফিরিয়ে নিল। কোনো কথা বললনা। কিন্তু তার মুখভঙ্গিতেই স্পষ্ট, খাবেনা সে। ইরামের হাতে তো নয়ই। তবে ইরামও এবার পিছপা হলোনা। হবেনা। পিছপা হতে হতে সে ক্লান্ত। যখনই ভাবে পিছিয়ে গেলে সব সুন্দর থাকবে, তখনি সব ঘেঁটে ঘ হয়ে যায়। আগে নাছোড়বান্দা ছিল তার আলাদিন, এবার আলাদিনের জন্য নাছোড়বান্দা হবে সে। ইরাম সাইবানের কাছে ঘেঁষে বসল। হাতটা তখনো তুলে রেখেছে,

“হাত ব্যথা করছে আমার।”

“তো ধরে রেখেছেন কেন? সামনে থেকে যান, প্লীজ। আমি চাইছিনা আপনাকে উল্টোপাল্টা কিছু বলে ফেলি।”

অতীত হলে ইরাম সরে যেত। এই কথার পর এখানে বসে থাকার কোনো মানে হয়না। কিন্তু সে গেলনা। না তো নিজের হাত সরিয়ে নিল। বরং সুর পাল্টে বলল,

“তুমি না খেলে আমি খেতে পারছিনা।”

“আপনার মুখে তালা মেরে রেখেছি নাকি?”

“সেটা নয়। কিন্ত আমি ওল্ড ফ্যাশনড। ঐযে, কী যেন বলো তুমি? অশিক্ষিত মিলেনিয়াল। তাই স্বামী না খেলে খেতে পারছিনা।”

সাইবান এবার বাধ্য হয়ে ইরামের দিকে ফিরল। তার চোখেমুখে বিরক্তি ফুটে আছে। সেই বিরক্তির মাঝেও অবিশ্বাসের ভাব।

“ক্রিঞ্জ!”

“হ্যাঁ আমি ক্রিঞ্জ। এবার খেয়ে নাও। আমার ক্ষুধা লেগেছে। ব্রেস্ট ফিডিং করাই। বেশিক্ষণ না খেয়ে থাকলে খারাপ লাগে।”

এই কথায় কাজ হলো। গাই গুই করলেও মুখ খুলল সাইবান। ইরামের হাত থেকে খেয়ে নিল। মনে মনে খানিক হাসল ইরাম। মুখে মুখে যত রাগ – অভিমানই দেখাক না কেন ভেতরে ভেতরে সাইবান এখনো পরোয়া করে। তার পরোয়ার উপরে বিষাদের প্রলেপ পড়েছে। সেই প্রলেপটা নিজে থেকে কাটবে না। কাউকে কাটাতে হবে। আর সেই কেউ টা একমাত্র ইরাম।

বেশ সময় নিয়ে ধীরে ধীরে সাইবানকে খাইয়ে দিল সে। বিরিয়ানির দানা শুকিয়ে আঙুলে লেগে গিয়েছে। ইরাম ভ্রু কুঁচকে ফেলল,

“ইযানও খাবার নিয়ে এত নাটক করেনা যতটা তুমি করছ।”

“আমি নাটকবাজ আজকে জানলেন? সহ্য না হলে বিদায় হোন।”

ওয়েটিং লাউঞ্জ দিয়ে হেঁটে যাচ্ছিল কয়েকজন নার্স। তারা সরু চোখে সাইবান আর ইরামকে দেখে কী যেন বলাবলি করল। ইরাম সুযোগ বুঝে বলল,

“ওই দেখেছ? আমি শিওর ওনারা তোমাকে বাচ্চা ভাবছে।”

“আর আপনাকে কলাগাছ ভাবছে।”

“এর মাঝে কলাগাছ এলো কোথা থেকে?”

“জানিনা। আপনাকে অপমান করতে ইচ্ছা হলো তাই বললাম।”

এবার ফিক করে হেসে ফেলল ইরাম। গতকাল সাইবানকে যতটা রুক্ষ মনে হয়েছিল, আজ ঠিক ততটাই সরল মনে হচ্ছে। বিদেশ থেকে পৌরুষ নয় বরং দ্বিগুণ বাচ্চামো নিয়ে ফিরে এসেছে সে। সাইবান তাকে হাসতে দেখে বিড়বিড় করল,

“নির্লজ্জ!”

মুখ ফিরিয়ে নিল সে। ইরাম শেষ গ্রাসটা খানিক জোর করেই সাইবানের মুখে ঠেসে ঢুকিয়ে বলল,

“হ্যাঁ। আমি নির্লজ্জ। আর এই নির্লজ্জের সাথেই তোমার ঘৃণার সংসার করতে হবে।”

গালভর্তি খাবার চিবুতে চিবুতে কটমট করে তাকাল সাইবান। ইরাম খালি প্লেটটা একপাশে রেখে পানির বোতল বাড়িয়ে দিয়ে শুধাল,

“তুমি বলেছিলে না, আমি চাইলে তুমি আমাকে আর কুচুপুকে নিয়ে আলাদা বাসায় থাকবে?”

সাইবান উত্তর করতে পারলনা। যে মস্ত খাবারের পাহাড় ইরাম তার মুখে ঢুকিয়ে দিয়েছে সেটা চিবিয়েই শেষ হচ্ছেনা! না চিবিয়ে গিলতে গেলে গলায় আটকে যাবে। তার অবস্থা দেখে ইরাম নিজে থেকেই বলে উঠল,

“তুমি যেমনটা বলেছ তেমনি হবে। আমরা ঘৃণার সংসার বাঁধব। তবে আলাদাভাবে নয়। ওই বাড়িতেই। যেখানে সবাই থাকবে। খালামণি, খালু, সারিকা, মিসির ভাইয়া, সুগন্ধা, আদিত্য, তুমি, আমি আর আমাদের কুচুপু।”

সাইবান চেবানো থামিয়ে দিল। তার বাম গালটা অস্বাভাবিকভাবে ফুলে রইল। ওই অবস্থায়ই ড্যাবড্যাব করে ইরামকে দেখতে লাগল সে যেন ইউনিকর্ন দেখেছে! ইরাম খানিকটা পানি হাতে ঢেলে প্লেট আর হাত উভয়ই ধুয়ে নিতে নিতে গভীর গলায় জানাল,

“এবার থেকে তুমি এক পা পেছালে আমি দুই পা এগোব, কথা দিলাম আলাদিন।”

—চলবে—

[ জানি আজকের পর্বটা একটু বেশি ছোট হয়ে গিয়েছে। সারাদিন ইলেক্ট্রিসিটি ছিল না। বাসার সব ইলেকট্রিক ডিভাইসে কোনো চার্জ ছিলনা। কয়েক ঘণ্টা আগে এসেছে। তাই যতটুকু পারলাম লিখে দিলাম। রাগ করবেন না কেমন?ভালোবাসি।

Share On:

TAGS: , ,



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 

0 Responses

Leave a Reply