Golpo কষ্টের গল্প নদীর ওপারে সুখ

নদীর ওপারে সুখ পর্ব ১০


#নদীর_ওপারে_সুখ
#সিমরান_মিমি
#পর্ব_১০

•
অনামিকা ছাদের দরজা খুলে কোনোদিকে না তাকিয়েই বাঁ দিকে গেলো। সেখানে মোটা রশি বেঁধে রেখেছেন জ্যোতি মাহমুদ। সময়ে অসময়ে প্রয়োজন হলে পুরু কাঁথা-বালিশ রোদে দেন। আজ রশি পুরোটাই ফাঁকা। কোথাও শাড়ির ‘শ’ ও নেই। অনামিকা আশ্চর্য হয়ে আশেপাশে খুঁজলো।

“কি করছিস? ”

লিখনের গুরুগম্ভীর প্রশ্নে সে খানিক চমকালো। পিছু ঘুরে বললো,

“ তুমি ছাদেই ছিলে? ”

“ হ্যাঁ, তোর পেছনে। দেখতে পাস নি? ”

“ আসলেই আমি খেয়াল করিনি। ”

লিখন নিজেও একটু আশ্চর্য হলো। খানিকটা অবিশ্বাসের রেশ ধরেই জিজ্ঞেস করলো,

“ তুই আমাকে খেয়াল করিসনি? একথা কি করে বিশ্বাস করবো অনামী? ”

অনামিকা লিখনের কথায় ভিন্ন ইঙ্গিত খুঁজে পেলো। সে অপ্রস্তুত হয়ে আশেপাশে তাকিয়ে বাহানা খুঁজতেই লিখন পুণরায় নিজেকে শুধরে নিলো। বললো,

“ তোর চোখ দুটো তো বড় বড়। তাই ভাবছিলাম, ওই চোখের আড়াল কি করে হলাম? ”

রাতের আঁধার নেমেছে। অনামিকা আজ লিখনকে পেয়েও ছাদে দাঁড়িয়ে রইলো না। তার অসস্তি হচ্ছে। কথার ইঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছে ভিন্ন কিছু। তবে কি লিখন বুঝে ফেললো অনামিকার কাছে সে গুরুত্বপূর্ণ? ভাবতেই বুকে কম্পন শুরু হলো। মেয়েটা এক মুহুর্তও দাঁড়ালো না।

“ আমার এসাইনমেন্ট লিখতে হবে লিখন ভাই ” — এই বলে অনামিকা দ্রুত নিচে নেমে এলো।

হিমাদ্রি’র রুমের দরজা খোলা। অনামিকা একটা দীর্ঘশ্বাস ফেললো। নিশ্চয়ই তার ভাই অপেক্ষা করছে শাড়ি ভাঁজ দেওয়ার জন্য। অথচ ছাদে কোনো শাড়ি’ই নেই। কেনো যে আবার আগের মতো অস্থির হয়ে যাচ্ছে, তা ভেবে পায় না অনামিকা। হিমাদ্রি তো সুস্থ হয়েই গেছিলো। তবে কি আবারো ডক্টরের সঙ্গে কথা বলতে হবে?

অনামিকা ধীর পায়ে ভাইয়ের রুমে ঢুকলো। হিমাদ্রি ছটফট করছে। বিছানায় শুয়ে এদিক -ওদিক করে ঘুমানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে।

“ ভাইয়া? ”

“ হুম। শাড়ি এনেছিস? ”

অনামিকা মলিন কন্ঠে জবাব দিলো — “ ছাদে কোনো শাড়ি নেই। ”

“ নেই কেনো? ”

“ তুমি কি আবারো হ্যালুসিনেশন করছো? “

হিমাদ্রি দু চোখ কুচকে উঠে দাঁড়ালো। নিশ্চিত হতে জিজ্ঞেস করলো,

“ কেন, শাড়ি কি শুকাতে দেইনি? ”

অনামিকা হতাশ হলো। এগিয়ে গিয়ে ওয়ারড্রব খুলে একেক করে দেখতে লাগলো। কোথাও একটা শাড়ি নেই। থাকবেই বা কিভাবে? জ্যোতি মাহমুদ নিজ হাতে স্মৃতি গুলো মুছে ফেলেছেন। অনামিকা বিছানার আশপাশ খুঁজতে লাগলো। ঘুমের ওষুধ পড়ে আছে অবহেলায়। হিমাদ্রি খায়নি। অবশ্য তার স্বাভাবিক ভাবেই ঘুম আসে। তবে মাঝেমধ্যে পুরোনো স্মৃতি গুলো পীড়া দেয়। শরীর খারাপ হয়, হ্যালুসিনেশন করে। এ সময়গুলোতে হিমাদ্রি ছোট্ট বাচ্চা হয়ে যায়। একটু আহ্লাদ, একটু যত্নে সমুদ্রের উথাল ঢেউয়ের মতো নুইয়ে পড়ে। অনামিকা ঘুমের ওষুধ ভাঙলো। ভাইয়ের হাতে দিয়ে মলিন কন্ঠে বললো,

“ ভাইয়া, খেয়ে একটু ঘুমিয়ে পড়ো। মাথা যন্ত্রণা ঠিক হয়ে যাবে। আমি মাথা টিপে দিচ্ছি। ”

প্রায় দশ পনেরো মিনিট বড় ভাইয়ের কাছে থেকে, সে ঘুমিয়ে যাওয়ার পর অনামিকা নিজের রুমে চলে এলো।


নিভি পড়ছে। দুহাতে মাথার দুপাশ চেপে মনে করার চেষ্টা করছে। কি আশ্চর্য! সামান্য কয়েকটা দাগ মস্তিষ্ককে এতোটা ভুলিয়ে দিতে পারে? পুরাতন বইয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আন্ডারলাইন করা ছিলো। একবার ধরতেই গেঁথে যেতো মাথায়। অথচ নতুন বইগুলো একদম অচেনা। পড়া তথ্যগুলো মনে রাখা যাচ্ছে না।

“ নিভি, এলাম। ”

অনামিকা দরজায় দাঁড়িয়ে আছে। অনুমতি না নিয়ে সে ঢুকলো না। এহেন কাজে ভীষণ লজ্জা পেলো নিভি। চেয়ার ছেড়ে দরজার কাছে গেলো। বললো,

“অনুমতি নিচ্ছেন কেন, আপু? আপনার যখন খুশি এ ঘরে ঢুকে পড়বেন। ”

অনামিকা মৃদু হাসলো। রুমে ঢুকে আশপাশ’টা দেখে বললো,

“বাহ! সুন্দর দেখাচ্ছে তো। ”

নিভি বিনয়ী হাসলো।

“ ছোট চাচ্চু বলেছিলো, তোমার টিউশন লাগবেই। নাহলে চড়ুই পাখির মতো লাফাবে। সেজন্যই খুঁজছিলাম। একটা পেয়েও গেছি। করাবে? ”

টিউশনের কথা শুনে নিভি যতটা না খুশি হলো, তার চেয়েও বেশি ঘাবড়ে গেলো। গ্রামে বাচ্চাদের পড়ালেও, শহরে পড়ানোর অভিজ্ঞতা একদমই নেই। তার মনের ভেতর তোলপাড় শুরু হলো। সে কি আদৌ পড়াতে পারবে, নাকি অপমানিত হয়ে চলে আসতে হবে। ভেতরের এই অস্থিরতা সে অনামিকার সামনে তুলে ধরলো না। আত্মবিশ্বাসী হয়ে বললো,

“জি পারবো। স্টুডেন্ট কোন ক্লাসের? ”

“ আমার ডিপার্টমেন্ট ফ্রেন্ড, ওর ভাইয়ের মেয়ের জন্য টিউটর খুঁজছে। মেয়েটা সেভেনে পড়ে। তুমি যদি পড়াতে চাও, তবে কাল বিকালে আমরা গিয়ে দেখে আসবো। ”

“ জি! ”

অনামিকা মাথা নাড়ালো। বেশ কিছুক্ষণ ভেবে সে আবারো কথা বলে উঠলো। শর্ত রেখে বললো,

“ নিভি, ওরা জানে তুমি আমার ফুপাতো বোন। তাই প্লিজ মান রাখার চেষ্টা করবে। জানি তুমি সাহায্য নিতে পছন্দ করো না, কিন্তু তারপরেও আমার একথা তোমাকে শুনতে হবে। কাল সকালে আমার সঙ্গে শপিং এ যাবে। বেশ কিছু ড্রেস আর স্কিনকেয়ার প্রডাক্ট কিনে দেবো। সেগুলো তোমাকে নিতে হবে। না নিলে তোমার টিউশন খোঁজার দায়িত্বে আমি নেই। নিজ দায়িত্বে খুঁজে নিও। আর যদি আমার কথা শোনো, তবে প্রচুর টিউশন অফার এনে দেবো। রাজি? ”

নিভি কয়েক সেকেন্ডের জন্য চুপ রইলো। সে অবুঝ নয়। অনামিকার ইঙ্গিত তার কাছে পরিস্কার। এতে অবশ্য দোষের কিছু নেই। নিভি’র এই সাদামাটা পোশাক, জীবন সত্যিই অনামিকা মাহমুদ চৌধুরীর সঙ্গে বেমানান। সে আর আপত্তি জানালো না। মৃদু স্বরে বললো,

“জি আপু, যাবো। ”

•
অনামিকার বয়স তেইশ। হিসেব অনুযায়ী সে নিভির চেয়ে ঠিক ছয় বছরের বড়। দেখতে লম্বা, ফর্সা, গোলগাল মুখ — ঠিক যেনো ফুটন্ত টিউলিপ। তার চলাফেরা, আচার-আচরণ প্রত্যেকটাতেই রয়েছে আভিজাত্যের ছোঁয়া। মেয়েটা মানুষ হিসেবেও মন্দ নয়। এই যেমন অপরিচিত নিভি’কে নিমিষেই আপন করে নিয়েছে। তার ছোটোবড়ো সুবিধা অসুবিধা গুলো খেয়াল রাখছে। আবার বাড়াবাড়িও করছে না। চির পরিচিত কাজিন শ্রেণির মতো হাসি-মজা খুনশুটিও সে করছে না। যেটুকু প্রয়োজন, ততটুকুতেই বিস্তর মনোযোগ। সেদিন বড় ভাইকে অপমান করার পর নিভির প্রতি তার মন যেমন বিষন্ন হয়েছিলো, আবার ক্ষমা চাওয়ার পরেই ভেতরের গম্ভীরতা টুকুকে ঝেড়ে পুরোদমে খেয়াল রেখেছে।

নিভি নতুন ড্রেসের শেষাংশ দুহাতে ধরে সামান্য টানলো। তার অসস্তি হচ্ছে। তবে পোশাক গুলো একেবারে অশ্লীল নয়, মানানসই। অনামিকা ভার্সিটি থেকে আসার পথে তার জন্য বেশ কয়েকটা লং কূর্তি এনেছে। সঙ্গে কিছু প্রসাধনী। নিভি আয়নায় নিজেকে আরেকবার আগাগোড়া দেখে নিলো। ওড়না ভালো করে টেনে একটা সেফটিপিনও গেঁথে নিলো। নাহ, মোটামুটি ভালোই লাগছে।

ঘড়ির কাঁটায় বেলা চারটা। বাড়ি খুব একটা দূরে নয় বলেই দুপুরের খাবার খেয়ে জিরিয়ে নিয়েছিলো। কিন্তু এবার বের হতে হবে। অনামিকা তৈরি হয়ে নিভি’কে ডাকলো। যেতে -আসতে মোটামুটি বিশ-পঁচিশ মিনিটের মতো লাগবে, আর সে বাড়িতে বসতে ত্রিশ মিনিট। সবমিলিয়ে সন্ধ্যার পূর্বেই ফিরে আসবে এই পরিকল্পনা করে বের হলো দুজন।


“ তুমিই অনামিকা? আবির্ভাবের মুখে অনেকবার তোমার কথা শুনেছি। ”

অসস্তিতে মিইয়ে পড়লো অনামিকা। বিনয়ী হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তাদের সম্মুখে দশ-বারো রকমের নাস্তা আরো বেশি করে অসস্তিতে ফেলছে। এখানে এসেছিলো নিভি’র টিউশনের ব্যাপারে কথা বলতে। কিন্তু পরিবেশ সম্পুর্ণ ভিন্ন। তাদের আয়োজন এমনকি কথাবার্তা দেখে বোধগম্য হচ্ছে, এরা মূলত অনামিকা’কে দেখার জন্যই অপেক্ষা করছিলো।

আবির্ভাব ড্রয়িংরুমের এক কোনে বুকে হাত বেঁধে তাকিয়ে আছে। সামনে বসে আছেন তার মা, ফুপু এবং ভাবী। তাদের আতিথেয়তা দেখে মনে হচ্ছে যেনো নতুন কুটুম বাড়ি। অনামিকার আসতে সমস্যা হয়েছে কি-না, তার বাড়ির সবাই ভালো আছে কি-না, এমনকি শরীর কেমন যাচ্ছে এ নিয়ে নানা প্রশ্ন। এদিকে পাশেই গুটিশুটি মুখ নিয়ে নিভি বসে আছে। গত রাতে প্রায় দু ঘন্টা অনামিকার ফোনে সে সপ্তম শ্রেণির ম্যাথ দেখে এসেছে। কিছু জিজ্ঞেস করলে যেনো আটকে না যায়, সে নিয়ে নিদারুণ প্রস্তুতিও শেষ করেছে। অথচ এখানে সম্পূর্ণ ভিন্নরুপ। পড়ানোর বিষয়ে কেউ কোনো কথাই বলছে না। অনামিকা কেশে উঠলো। আবির্ভাবের দিকে তাকিয়ে চোখ গরম করে বললো,

“ স্টুডেন্ট কোথায়, নিভি একবার কথা বলে নিক। ”

হুশ ফিরে পেলো আবির্ভাব। বাড়ির সকলকে সচেতন করে বললো,

“ হ্যাঁ, নুহাকে ডেকে আনো৷ নতুন মিসের সঙ্গে একটু কথা বলুক। ”

আবির্ভাবের ভাবী বাঁধা দিয়ে দিলেন। বললেন,

“ আরেহ না। দরকার নেই। মিসকে আমাদের পছন্দ হয়েছে। এখন রোজ পড়াতে আসলেই হবে। তাছাড়াও নুহা ঘুমিয়েছে। জাগানোর প্রয়োজন নেই। ”

স্টুডেন্ট ঘুমাচ্ছে – একথা শুনে অনামিকার মেজাজ গরম হলো। বুঝতে দেরি হলো না তাদের উদ্দেশ্য। বলা বাহুল্য, সেই প্রথম বর্ষ থেকেই টের পেয়েছে আবির্ভাব তাকে পছন্দ করতো। কিন্তু সাহস নিয়ে প্রস্তাব পাঠায়নি কখনো। এ বাড়িতে আসবে, এটা কখনো কল্পনায়ও ভাবেনি৷ শুধুমাত্র নিভি’র জন্য এসেছে। অথচ আসার পর থেকেই তাদের অদ্ভুত আচরণ তার মেজাজ বিগড়ে দিচ্ছে। অনামিকা হঠাৎ দাঁড়িয়ে পড়লো। আবির্ভাবের মায়ের উদ্দেশ্যে বললো,

“ আন্টি, তাহলে আমরা আজ চলি। নুহা যেহেতু ঘুমাচ্ছে, তাই টিউশন নিয়ে আর কিইবা বলবো। নিভি’কে তো দেখলেনই। যদি ভালো লাগে, তবে আমাকে পড়ানোর সময় জানিয়ে দেবেন। আজ আসি। ”

নিভি’ হাত চেপে ধরে অনামিকা বাড়ির বাইরে বের হলো। ভেতরে তীব্র রাগ হলেও তা সামনে প্রকাশ করলো না। ধীর সুস্থে বললো,

“ নিভি, গিয়ে স্কুটিতে বসো। আমি আসছি। “

আবির্ভাব ভীত মুখে অনামিকার কাছে এলো। সে ভয় পাওয়ার ভান করছে। অথচ চোখেমুখে বিস্তর হাসি খেলা করছে। বললো,

“ আরেকটু বসতে পারতে। মায়ের ভালো লাগতো তাতে। “

সেধে সেধে রাগ তাতিয়ে দেওয়ার মতো কথা। অনামিকা চোয়াল শক্ত করে ফেললো। তেঁতো মুখে বললো,

“ তুমি আসলেই কি আমাকে নুহার টিউশনের জন্য ডেকেছো? নাকি অন্য কোনো কারনে! ”

“ আর কি কারন হবে? ”

“ দেখো আবির্ভাব, আমি বোকা না। তোমার ফ্যামিলির এসব কাজে আমি প্রচন্ড আনকম্ফোর্টেবল ছিলাম। এগুলো অবাঞ্ছিত আদিখ্যেতা ছাড়া আর কিছুই নয়। ”

আবির্ভাব কিছু মনে করলো না। বরং মৃদু হাসলো। অনামিকাকে স্বাভাবিক করার উদ্দেশ্যে বললো,

“ আরে এমন কিছু নয়৷ তুমি বেশিই ভাবছো। আমার বংশ একটু বেশিই অতিথিপরায়ণ। তাছাড়া, তুমি আমার ফ্রেন্ড, জমিদারের নাতনি এসব জেনেই তাদের আলাদা আগ্রহ ছিলো তোমার প্রতি। এজন্যই! আচ্ছা, তোমার তো এই জমিদারি ট্রিটমেন্টে খুশি হওয়ার কথা। খুশি হওনি? বিরক্তিতে চোখ দুটো ছোট ছোট করে ফেললো অনামিকা। বললো,

“ আদৌ কি ভাইয়ের মেয়ের জন্য টিউটর খুঁজছিলে? যদি এমনটা হয়, তবে আমাকে জানিয়ে দিও। আসছি। ”

অনামিকা ধুপধাপ পা ফেলে স্কুটিতে গিয়ে বসলো। এর কয়েক সেকেন্ডের মধ্যেই ত্যাগ করলো সে স্থান।


সন্ধ্যা পরবর্তী সময়। মাগরিবের আজান ইতোমধ্যেই দিয়ে ফেলেছে। আবির্ভাব দের বাড়িতে আজ একটু বেশি সময়ই ব্যয় করে ফেলেছে অনামিকা’রা। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা ছয়টা। নিভি’র নামাজ বাদ পড়েছে। সে অস্থিরতায় ছুটতে ছুটতে ড্রয়িংরুমে ঢুকলো। মুহুর্তেই সম্মুখে দাঁড়ালো হিমাদ্রি মাহমুদ। লম্বা-চওড়া পুরুষটা সামনে দাঁড়াতেই ঢাকা পড়ে গেলো নিভি। অসস্তি বোধ করে ওখানেই থেমে গেলো। দুহাতে জামার দু-প্রান্ত শক্ত করে ধরলো। তার আতংক বাড়ছে। হিমাদ্রির সূচালো দৃষ্টি তার পোশাকের দিকে। তবে কি এক্ষুণি অপমান করবে? জানতে চাইবে এ পোশাক সে কোথায় পেয়েছে? নাকি তাচ্ছিল্য করে বলবে, “বাড়ির দয়ায় এক দিনেই বেশভূষা পালটে ফেলেছো? এজন্যই তো এসেছিলে। ”

কিন্তু হিমাদ্রি এমন কিছুই করলো না। গম্ভীর মুখে কয়েক সেকেন্ড দেখে চোখ ঘুরিয়ে নিলো। বিরক্তিতে কপালে ভাঁজ ফেলে হনহন করে বেরিয়ে গেলো বাইরে। যেনো নিভি’র মুখ অপয়া। তাকে দেখে ফেলেছে বলে বিরাট অনর্থ হয়ে যাবে, সেই দুশ্চিন্তায় সে বিরক্ত। কয়েক সেকেন্ডের মধ্যে স্বভাব সুলভ নিভিও ঠোঁট বাঁকিয়ে ভেঙচি মারলো। সকলের অগোচরে, নিরবে। কিন্তু মুহুর্তেই ধরা পড়ে গেলো লিখনের কাছে। লোকটা সিঁড়ির শেষ প্রান্তে দাঁড়িয়ে নিভিকেই দেখছে। আচমকা ভেংচি মারায় সে হতভম্ব হয়ে গেলো। আশ্চর্য হওয়ার ভান ধরে বললো,

“ তুমি ভেংচিও মারতে জানো? আমি তো জানতাম, নিভি শুধু লজ্জায় মাথা নুইয়ে থাকতে জানে। ”

অনামিকা স্কুটি গ্যারেজে ঢুকিয়ে ড্রয়িংরুমে ঢুকলো। লিখনের এহেন নাটকীয় কথা শুনে কৌতূহলী হলো।

“ কাকে ভেংচি মেরেছে নিভি? ”

“ কাউকে না আপু। উনি বাড়িয়ে বলছেন। ”

নিভি সরাসরি অস্বীকার করলো। তা দেখে লিখন অবাক হলো না। বরং সে নিজেও এড়িয়ে গেলো ব্যাপারটা। পুণরায় মুগ্ধ হওয়ার ভান ধরে আগাগোড়া দেখে নিলো নিভি’কে। গায়ের কূর্তি’টা দারুণ মানিয়েছে ফর্সা শরীরে। মেয়েটা অনামিকার থেকে প্রায় তিন ইঞ্চি খাটো — পাঁচ ফিট এক। গায়ের ওজনও আহামরি বেশি নয়, পাতলা মাঝারি গড়নের। এ দুদিনে তার মুখে বিষন্ন ভাব দেখা গেলেও, এই মুহুর্তে তা কিঞ্চিৎ কমেছে। ঠোঁটের সামান্য লিপস্টিক পুরো মুখের সৌন্দর্যের পরিপূর্ণতা দিয়েছে। লিখন স্বভাব সুলভ চঞ্চল। মেয়েদের প্রশংসা করতে তার ভালো লাগে। তাদের বিরক্ত করতে, জ্বালাতে, পেছন পেছন ঘোরাতে আনন্দ সীমাহীন। কিন্তু নিভি’র বেলায় সেই অনুভূতি জাগে না। দেখে মায়া লাগে। স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে শতবর্ষ কাটিয়ে দেওয়ার প্রয়াস জাগে। মনে হয়, এ এক হরিণী সাবক। একে ছলনার মাধ্যমে শিকার নয় — বরং দুহাতে আগলে, যত্ন দিয়ে লালন করা উচিত।

“ তোমাকে একদম পদ্মফুলের মতো লাগছে। ”

অনামিকা থমকে দাঁড়ালো। বুকের ভেতরে হৃৎপিন্ড ওঠানামা করছে। সে তাকিয়ে দেখলো, নিভি ইতোমধ্যে দোতলায়। সিঁড়ির মাঝামাঝি সেই দাঁড়িয়ে। তবে লিখন কথাটা কাকে বললো? কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করেই বসলো।

“ কি বললে! ”

আনমনা লিখন হুশ ফিরে পেলো। সম্পূর্ণ’টা অস্বীকার করে বললো,

“ কই, কিছু বলিনি তো। ”

সে চলে গেলো অবলীলায়। কিন্তু অনামিকা নড়তে পারলো না। প্রশংসাটুকু কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। পদ্মরঙা ড্রেস তো সে পড়েছে, তবে কি লিখন তাকেই পদ্মফুলের সঙ্গে তুলনা করলো? ভেবে ভেবে নিঃশ্বাস ঘন হয়ে এলো।

সময় তো কম কাটেনি। কতগুলো বছর দেখতে দেখতে পেরিয়ে গেছে। অথচ বয়ঃসন্ধিকালের সেই অনুভূতি এখনো দৃঢ়। লিখন মাহমুদ বরাবরই সূদর্শন। বয়সে চার বছরের বড় হওয়ায় স্কুল-কলেজ, এমনকি ভার্সিটিতে পড়ার ক্ষেত্রেও ভারসাম্য থাকতো। সে যখন নবম শ্রেণিতে পড়ে, লিখন তখন এইচএসসি দিবে। প্রতিষ্ঠানের সিনিয়র ব্যাচ। প্রায় সময়েই অনামিকাকে বাইকের পেছনে বসিয়ে স্কুলে নিয়ে আসতো – যেতো। কখনো কোনো বখাটে ছেলেদের দ্বারা উত্যক্ত হলে প্রাচীর হয়ে দাঁড়াতো লিখন। ভাইবোনের মধ্যে এ সম্পর্ক স্বাভাবিক হলেও, পিঠ পেছনে বান্ধবীরা নানা ভাবে ইঙ্গিত দিয়েছে। ধীরে ধীরে অনামিকার কি যেনো হয়ে গেলো। তারও ভালো লাগতে শুরু করলো লিখনকে। কিন্তু অত্যন্ত চাপা স্বভাবের হওয়ায় সে একথা আজ অবধি প্রকাশ করেনি। এমনকি কোনো ইঙ্গিতও দেয়নি। কিন্তু ইদানীং লিখনের থেকে সন্দেহজনক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে কি সেও বুঝে ফেলেছে সত্যটা? নাকি নিজে থেকেই অনুভূতি প্রকাশ করার চেষ্টা করছে। এমনটা হলে অনামিকা মরে যাবে। লজ্জায় লিখন মাহমুদের সামনে কখনোই দাঁড়াতে পারবেনা। মনের মধ্যকার গুপ্ত অনুভূতিটুকুকে সযত্নে রাখা যতটা সহজ, প্রকাশ করা তার চেয়েও অধিকতর কঠিন।

আবির্ভাবের ফোনকল এলো রাত সাড়ে আটটায়। সে জানালো নুহাকে নিভিই পড়াবে। সপ্তাহে তিনদিন, ইংরেজি, ম্যাথ। তবে তাদের মধ্যে স্যালারি নিয়ে কোনো আলোচনা হলো না। হওয়াটাও অসস্তিকর। অনামিকা জানে, তারা অযৌক্তিক মূল্য নিশ্চয়ই দেবে না।

•
নিভি যত ভাবেই পড়ায় মনোযোগ বসানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সফল হচ্ছে না। মস্তিষ্কে বিকেলের ঘটনাগুলো ক্রমশ ঘুরপাক খাচ্ছে। সে বাচ্চা নয়। যৌবনের সূচনায় পদার্পণ করেছে। এই বয়সে আবেগ, অনুভূতি অত্যন্ত জোড়ালো হয়। খন্দকার বাড়ির সকলের আচরণ দেখেই সে পুরোটা বুঝে ফেলেছে। আজ টিউশনের দিকটা মূখ্য ছিলো না। মূলত অনামিকা আপুকে ও বাড়ির বড়রা দেখেছে। তবে কি বিয়ে ঘটিত কোনো ব্যাপার? আবির্ভাব খন্দকার আর অনামিকার মধ্যে কি কোনো প্রেমঘটিত সম্পর্ক আছে? কিন্তু তা হলে কেনোই বা সে বাড়িতে গেলো তারা? এখন সামনে যদি এই দুই পরিবারের মধ্যে কোনো আত্মীয়তা হয়, তবে নিভি তো ভীষণ ভাবে চাপে পড়ে যাবে। অনামিকা আপুর শশুরবাড়িতে বাচ্চা পড়িয়ে মাস শেষে টাকা নেওয়া নিতান্তই অসস্তিকর। তবে কি টিউশন টা বারণ করে দেবে?

এ কথা মস্তিষ্কে আসতেই নিভির মন বাঁধা দিলো। না, সে ভুল ভাবছে। সম্ভবত বিষয়টা এক পাক্ষিক। অনামিকা এর কিছুই জানেনা। জানলে, ওই সময়ে তার চোখেমুখে রাগের বিচরণ দেখা যেতো না। নিভি সিদ্ধান্ত নিলো। সে আপাতত ও বাড়িতে পড়াবে। এরপর কোনোরকম ভিন্ন আলোচনা দেখলেই টুপ করে ছেড়ে দেবে টিউশন।


আজ আকাশে চাঁদ নেই। তবে অসংখ্য উজ্জ্বল তারার ছড়াছড়ি। এদের মধ্যে একটা তারাঁ একদম একা। রোজ যেখানে চাঁদ ওঠে, ঠিক সেখানটাতে অবস্থান করছে। হিমাদ্রি অনেকক্ষণ চেয়ে চেয়ে দেখলো। ওভারব্রিজের এ পাশটা একটু ফাঁকা, জনমানব কম। সে প্রায়শই এখানে আসে। সুউচ্চ ব্রিজে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে রাস্তার ওপাশ টা দেখে। ব্রিজের ঠিক বাঁ দিকে, কিছু ঢালু অংশে ছোট্ট টিনের ঘর। তার সামনেই মাটির দুটো চুলা। সেগুলোর ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। একজন ভদ্রমহিলা, বয়স আনুমানিক ত্রিশ — তিনি চিতই পিঠাগুলো উল্টেপাল্টে দিলেন। তার পাশে দাঁড়িয়ে ক্রেতাদের কাছে পিঠা বিক্রি করছেন পয়ত্রিশোর্ধ যুবক। ইনি মহিলার স্বামী। হিমাদ্রি রোজ তাদের দেখে। নিত্যদিন তাদের সংসারের সুখ গুলো দূর থেকে উপভোগ করে। সে খেয়াল করেছে, যখনই ক্রেতা একটু কম থাকে — মেয়েটা জিরায়। পুরুষ লোকটি নিজ হাতে পিঠার ছাঁচে আটার গোলা দিয়ে মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীকে দেখে। কখনো কখনো ভালোবেসে নিজ হাতে গরম পিঠা ভেঙে ফুঁ দিয়ে খাইয়ে দেয়। কি সুন্দর সংসার! হিমাদ্রির আফসোস হয়।আবার ভালোও লাগে। আবেশে সে দুচোখ বন্ধ করে নেয়। মুহুর্ত খানিক পরেই তার চোয়াল শক্ত হয়ে ওঠে৷ ভদ্রমহিলার পাশে নতুন আরেক যুবক। আশেপাশে স্বামী উপস্থিত নেই। সেই সুযোগে চরিত্রহীন মহিলা চুম্বন করে প্রেমিক’কে। ক্ষোভে আত্মা ফেঁটে পড়ে হিমাদ্রির। এরইমধ্যে সে দেখে স্বামী নামক পুরুষটি ফিরে এসেছে। তার হাতে রক্তাক্ত, ধারালো ছুরি। এটা দিয়ে নিজ স্ত্রী ও তার প্রেমিককে কু/পিয়ে কু/পিয়ে হ/ত্যা করেছে। কি বিভৎস দৃশ্য! সহ্য করতে না পেরে হিমাদ্রি পুলিশকে কল দেয়। বলে,

“ ইনস্পেকটর, এখানে দুটো খুন হয়েছে। তাদের সুখের সংসার ছিলো। অথচ, তারা এখন আর বেঁচে নেই। ”

পুলিশ এলো। খুনের জায়গাটুকু ঘুরে ফিরে দেখে হিমাদ্রি’কে এরেস্ট করলো। তার হাতে রক্তমাখা, ধাঁরালো ছুরি। পাশেই স্বামী নামক সেই খুনী লোকটি কাঁদছে। বলছে,

“ এই লোক আমার বউরে মেরে ফেলছে। এর ফাঁসি দেন। ”

হিমাদ্রি অবাক হয়। হতভম্ব হয়ে চেয়ে থাকে। সে তো দাঁড়িয়ে ছিলো ব্রিজের উপর। নিজ চোখে খুন হতে দেখেছে। তাহলে এই রক্তমাখা ছুরি তার হাতে কি করে এলো? তবে কি খুন সেই’ই করেছে?

চলবে?

আসসালামু আলাইকুম পাঠক। গতকাল পর্ব না দেওয়ার জন্য আমি দুঃখিত। সত্যিকার অর্থে #৮ম_পর্বে আপনাদের রেসপন্স দেখে আমি সীমাহীন খুশি ছিলাম। সেই আনন্দের রেশ নিয়ে #৯ম_পর্বে প্রায় ৪০০+ শব্দ বাড়িয়ে দিয়েছিলাম উপহার হিসেবে। কিন্তু হুট করেই দেখলাম আগের পর্বের তুলনায় নবম পর্বের রেসপন্স কম। তখন আমি ধারাবাহিকতা হারিয়ে ফেলি। হয়তো বলবেন, রিচের উপর নির্ভর করে লেখালেখি করা উচিত নয়। কিন্তু আমার ক্ষেত্রে তা ভিন্ন। আপনাদের রেসপন্স কমে আসলে আমি ভাবুক হয়ে পড়ি। নানা ভুল খুঁজতে থাকি লেখায়। মনে হয়, নিশ্চয়ই লেখা ভালো হচ্ছে না, গোছালো হচ্ছে না, এজন্য আপনারা কম পাঠক পড়ছেন। এসব ভেবে পরবর্তীতে অস্থিরতা কাজ করে এবং মনোযোগ বসাতে পারি না। মূলত এটাই কারন।

তাই আপনাদের কাছে অনুরোধ — প্রয়োজনে ভুল ধরিয়ে দিবেন তবুও রেসপন্স কমাবেন না। আপনাদের উৎসাহ না পেলে আমি লেখায় আগ্রহ পাই না। তাই বেশি বেশি কমেন্টস করুন!❤️❤️❤️

Share On:

TAGS: ,



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 

0 Responses

Leave a Reply