ভালোবাসি সুচরিতা— ২৮
একজনকে ফোন দিয়ে অকারণে চুপ করে থাকার ব্যাপারটা ঠিক পছন্দ করেন না যাবের শিকদার। উনার মতে, ফোনের বিল উঠানো এক ধরণের অপ্রাসঙ্গিক ব্যয়। যে মানুষ সেটি করে সে শয়তান। শয়তান মানুষজন আবার উনার দুই চোখের বিষ।
উনি তাড়া দিলেন ব্যস্ত স্বরে,
“হ্যালো, কথা বলছেন না কেন? কাকে চাই?”
জোহরা ততক্ষণে বসা থেকে উঠে দাঁড়িয়েছে। উঠেছে প্রেমাও। ইমন ওর দুই বোনের কর্মকাণ্ডের দিকে তাকিয়ে আছে। এরা ফোন আসাতে এমন উৎসাহিত হয়েছে কোন কারণে? কস্মিনকালেও তো এদের ফোন আসে না এখানে। এরা দাঁড়িয়েছে কেন? মনে হচ্ছে যেন এই মুহূর্তে এদের ডাক পড়বে। এবং দুই জনকে ছুটতে হবে প্রতিযোগিতায়!
ইমন বাঁকা কণ্ঠে ডাকল দুটোকেই, “কিরে? তোরা দাঁড়িয়েছিস কেন? ফোন কি তোদের এসেছে?”
দুই বোন এতক্ষণ জানতো না যে এরা দু’জনেই দাঁড়িয়েছে। খেয়াল করেনি ঠিক। ভাইয়ের কথা কানে যেতেই এদের সমস্ত খেয়াল হলো। চমকে উঠলো দু’জনে। ধরা পড়ে যাওয়া চোরের মতো আঁড়চোখে একে অপরকে দেখল। জোহরা অবাক হলো প্রেমাকে দাঁড়াতে দেখে। প্রেমাও কিঞ্চিৎ হলো বৈকি। তবে কথা না বাড়িয়ে পা এগুলো নিজের ঘরের দিকে। ভাইয়ের কথাটি নিছকই ভুল ধারণা প্রমাণ করতে বলল,
“আমিতো ঘরে যাচ্ছিলাম। ঘুমাতে। আপা কেন দাঁড়িয়েছে আপা জানে।”
ইমন প্রেমার দিকটা পরিষ্কার ব্যাখ্যা পেতেই এবার জোহরার দিকে তাকালো। ওদিকে টেলিফোনের চিন্তা, এদিকে ভাইয়ের দৃষ্টিতে যেন মহা ঝামেলায় পড়ল মেয়েটা।
কথা ঘোরানোর আপ্রাণ চেষ্টা করে ধমকালো প্রেমাকে, “তুই ঘরে যাওয়ার জন্য দাঁড়িয়েছিস? কেন, তুই জানিস না টুইটুবানি যে এখন পায়েস আনতে গিয়েছে আমাদের জন্য? তাছাড়া এই সময় কবেই ঘুমোস তুই?”
দুই বোনের দোষ চাপানোর আপ্রাণ চেষ্টা ইমন চুপ করে তাকিয়ে কেবল দেখছে। একটি কথাও সে বলল না।
ওদিকে যাবের শিকদার পুনরায় ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন, “কথা না বললে ফোন করেছ কেন? রাসকেল কোথাকার।”
টেলিফোন কানে গোঁজা মেজবাহ্ এই অপ্রত্যাশিত ভাষাটি বোধহয় হজম করতে পারল না। চোখ বড়ো বড়ো করে ফেলল। তার পাশে থাকা সিকান্দারও এতক্ষণ মেজবাহ্’র জন্যই কান পেতে ছিলো টেলিফোনে। ভাই বলেছিলো একটু কান পেতে শুনতে। ভাবীর ওখানে টেলিফোন করে আজ আবারও বিপদে পড়েছে। কিন্তু এমন গালি যে ছুঁড়বে ওপাশ থেকে তা ও নিজেও ভাবেনি।
ভড়কে গিয়ে সিকান্দার ভাইয়ের দিকে তাকাল। মেজবাহ্’র মুখ কঠিন হয়ে গিয়েছে। এখুনিই বোধহয় কেলেঙ্কারি একটা ঘটিয়েই ফেলবে। এবং হচ্ছিলো তাই। সেই বুক ফুলিয়ে নিজের পরিচয়টুকু দিতেই যাচ্ছিলো। কিন্তু সিকান্দার তা করতে দিলো না। সে চায় না সবটা ঘেঁটে যাক এই মুহূর্তে। তাই উপায়ন্তর না পেয়ে নিজেই ফোনটা ছিনিয়ে নিলো ভাইয়ের হাত থেকে। মেজবাহ্’র মুখ নিজের এক হাত দিয়ে চেপে ধরে ও উত্তর দিলো,
“আমি, আপনার মেয়ের টিচার।”
যাবের শিকদার টেলিফোনের দিকে একবার তাকালেন। ভুল শুনেছেন কি? আজকাল উনি যেন ভুল শোনেন। নয়ত মেয়ের শিক্ষক এই টেলিফোনে কল করবেই বা কেন? তা-ও আবার এত রাতে?
উনি নিজের মনকে বোঝাতে পুনরায় জিজ্ঞেস করলেন, “কে?”
সিকান্দারের আত্মা যেন লাফাচ্ছে। লোকটার কণ্ঠটা এত গম্ভীর যেকারোরই লাফানোর কথা। তবুও ভাইকে বাঁচাতে এতটুকু ঝুঁকিতো ও নিবেই।
“আমি আপনার কন্যার শিক্ষক বলছি। উনাকে দিবেন দয়া করে। পরীক্ষা আরম্ভ হবে কিন্তু উনার উপস্থিতি নেই বলে ফোন করতে হলো!”
“টিচার? কার টিচার? জোহরার না-কি প্রেমার?” যাবের শিকদার টেলিফোনের ওপাশের মানুষটিকে কেবল প্রশ্ন করেননি, করেছেন মেয়েদের উদ্দেশ্যও। তাই স্বাভাবিক ভাবেই সেই প্রশ্ন ড্রয়িং রুমে উপস্থিত থাকা তিন ভাইবোনের কানে গিয়েই বাজল। ইমন বোনদের কীর্তি রেখে বাবার দিকে তাকাল। তার কাছেও বোধগম্য হলো না বিষয়টা। নিচ থেকেই জিজ্ঞেস করল,
“কার টিচার? টিচার টেলিফোনের নাম্বার পেলো কোথা থেকে?”
টিচারের প্রসঙ্গ উঠতেই যেন প্রেমা হাঁফ ছেড়ে বাঁচল। ঘরে উদ্দেশ্যে রওনা হলেও আর গেলো না। বসে পড়ল আগের জায়গাতেই। কিন্তু জোহরা পারল না। একটা কেলেঙ্কারি হয়ে গিয়েছে ভেবেই তার আত্মা শুকিয়ে গিয়েছে। এ যেন কোনো টিচার নয় তা ওর চেয়ে ভালো আর কে জানবে?
ইমন দ্বিতীয় প্রশ্ন করার আগে জোহরাই উত্তর দিলো,
“আমার টিচার। হ্যাঁ, হ্যাঁ, ভার্সিটিতে দিয়েছিলাম টেলিফোন নাম্বারটা। সেখান থেকেই হয়ত। আমি যাচ্ছি।”
যাচ্ছি- বলে ও আর এক মুহূর্ত অপেক্ষা করল না। দ্রুত সিঁড়ি দিয়ে উপরের দিকে আসতে শুরু করল।
ইমন নিচ থেকেই ওর কথার ফোঁড়ন কাটে, “এত রাতে ফোন করা কোন নিয়মে পড়ে? তাছাড়া ভার্সিটিতে কবে থেকে টেলিফোন নাম্বার নেয়? বাড়িতেতো প্রাতিষ্ঠানিক চিঠি পাঠাতো এতকাল! কবে থেকে এত আধুনিক হলো?”
জোহরার থোড়াই সময় আছে এতকিছু বলবার! ওদিকে প্রলয় শুরু হয়ে গিয়েছে আর ইমন ভাইটা আছে ওর প্রশ্ন নিয়ে।
অল্প কয়েকটা সিঁড়িই। কিন্তু ছুটতে গিয়ে হাঁপিয়ে গিয়েছে মেয়েটা। জোরে জোরে শ্বাস নিচ্ছে উপরে উঠে। যাবের শিকদার একবার মেয়ের দিকে তাকিয়ে টেলিফোনটা এগিয়ে ধরতে ধরতে বললেন,
“এত দৌড়ে আসার তো কোনো প্রয়োজন ছিলো না। নাও, ধরো। এইবার কথা বলো। পরেরবার থেকে যেন টেলিফোনে কল না আসে, খেয়াল রেখো। টেলিফোন বারবার তোমাদের ধরতে আমি দিবো না। মনে থাকবে?”
ভদ্র মেয়ের মতো জোহরা মাথা নাড়ায়। কিন্তু মুখ ফুটে বলে না যে ওর মনে থাকবে। কীভাবে বলবে? মিথ্যে বলতেও তো একটা সাহস দরকার। ওর কি আর সেই সাহস আছে? তবুও এই লোকটার জন্য এতক্ষণ মিথ্যে বলে চালাতে হয়েছে। মানুষটা না জানি ওকে দিয়ে আর কী কী করাবে!
জোহরার বাবার শাসান ফোনের ওপাশে থাকা মেজবাহ্ শুনলো একদম স্পষ্ট। এবং ওর কপালে তাই ভাঁজ পড়েছে তিনেক। এত বড়ো মেয়েকে টেলিফোন ধরার নিষেধাজ্ঞা জারি করাটা যেন কেমন খটকা লাগালো ওর মনে। সুচরিতা তো আর বয়স তিনেকের বাচ্চা নয় যে টেলিফোন ধরলে ভেঙে ফেলবে! তবে এত নিষেধাজ্ঞা কীসের?
জোহরা টেলিফোন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকল যতক্ষণ না বাবা এখান থেকে যাচ্ছে। যাবের শিকদারের ঘুমানোর সময় বলে আর দাঁড়ালেনও না। তাছাড়া একজন বিশ্বাস ভেঙেছে বলে পৃথিবীর সব মানুষকেতো আর তিনি অবিশ্বাস করতে পারেন না৷ এটা অন্যায় হবে। তাছাড়া উনার এই সন্তানগুলোতো জানে বাবার ভয় কীসে। নিশ্চয় এমন কিছু করবে না ওরা। এতটুকু ভরসা করাই যায়।
বাবা যেতেই এক পলক ভাইয়ের দিকে তাকিয়ে টেলিফোন তুলে নিলো জোহরা। আশ্চর্য! আজ ওর কণ্ঠ কাঁপছে অস্বাভাবিক ভাবে। গলা শুকাচ্ছে বারবার। পারিবারিক ভয়ে নয়, জবাবদিহিতার ভয়ে। লোকটা যদি এই মুহূর্তে ওর পরিচয় মেলে ধরে তবে ও কী করবে? অস্বীকার কীভাবে করবে?
সিকান্দার ফোন মেজবাহ্’র কাছে দিয়ে দিয়েছে। গিয়ে বসেছে দূরের একটি চেয়ারে। টেবিলের উপর থাকা খবরের কাগজটি মুখে তুলে ধরে রেখেছে। ভাব এমন যে, পড়ে উল্টে ফেলবে সব। কিন্তু না, ওর কান আসলে এদিকে। ও শুনতে চায় ভাই এত কলাকৌশলের পরেও নিজের নারীর ক্ষেত্রে কেমন আচরণ করবে। অন্য কেউ হলে এতক্ষণ হাড়গোড় ভেঙে ফেলত। এখন কী করবে তা দেখতে চায় সিকান্দার।
মেজবাহ্’র অপেক্ষা আর সহ্য হচ্ছে না। আগ বাড়িয়ে নিজ থেকেই প্রশ্ন ছুঁড়ে ও,
“কী নামে ডাকব? সুচরিতা নাকি মিস জোহরা? কোনটা ডাকলে ভালো হয়?”
মেজবাহ্’র মুখে এই প্রথম উচ্চারিত হওয়া জোহরা শব্দটি যেন কাঁপিয়ে দিলো জোহরার পায়ের জমিন অব্দি। শরীর জুড়ে সাপের মতো ঠান্ডা কিছু এঁকেবেঁকে যেন ছুটল। শিরশির করে উঠল সারা গা। শীতের দমকা হাওয়া গায়ে এসে বারি খেলে যেমন লাগে, ঠিক তেমন।
জোহরার কথা বলার সুযোগ নেই তত। একটু জোরে বললেই সিঁড়ির নিচে থাকা সবাই শুনতে পাবে। কিন্তু না বলেও উপায় কী?
“সুচরিতাই ডাকছি। এই যে, সুচরিতা এতদিনের লুকোচুরিটা কেন ছিলো। এতদিনেরটা না-হয় মানলাম কিন্তু আমার সামনে এসেও কেন এই লুকোচুরিটা করলেন? কীসের জন্য? কীসের এমন বাঁধা নিষেধ ছিলো যে একটিবার আমাকে পরিচয় দেওয়া যায়নি। আমি বারংবার জিজ্ঞেস করার পরেও কেন উত্তর দেওয়া হয়নি? আমি কি তা জানতে পারি?” মেজবাহ্’র কণ্ঠ অন্যান্য দিনের তুলনায় কঠিন। ফোনের এপাশে থেকেও জোহরা তা ঢের টের পাচ্ছে। কঠিন হওয়ারই কথা। লোকটা ওকে যতবার দেখেছে ততবার পরিচয় জিজ্ঞেস করেছে। বিপরীতে ও চুপ ছিলো। তবে দোষের ভাগীদার বেশিতো ও-ই হলো!
ঢোক গিলে জোহরা, “আমি, আসলে…”
মুখের কথা সম্পূর্ণ হয় না। কড়া গলায় ছিনিয়ে নেয় মেজবাহ্। ধমকে উঠে, “আপনি আসলে কী? আমার অগ্নিপরীক্ষা নিতে চেয়েছিলেন? একটা লোককে দুইটা বছর ফোনের বিপরীতে থেকে কতটুকু নাকে দড়ি দিয়ে ঘোরানোর মতো গাধা বানিয়েছেন সেটা দেখতে চেয়েছিলেন? হ্যাঁ? বলুন?”
এতটা জোরেই ধমকায় যে এপাশের জোহরার কানে তীর্যক ভাবে লাগে। কম্পন হয় শরীরে। কম্পন এতটাই দৃশ্যমান যে নিচে বসে থাকা ইমন বুঝতে পারে। নিচ থেকেই তাই ডাকে, “কী হলো? কাঁপলি মনে হয়?”
জোহরা নিজে এই পরীক্ষায় নাজেহাল হয়। হাপুস নয়নে তাকায় ভাইয়ের দিকে। এদিকের রাগটা ঝাড়ে আরেক দিকে, “কেঁপেছি, মন চেয়েছে বলে। ইমন ভাই, তুমি পায়েস খাওতো মন দিয়ে। বার বার ডাকছো কেন? আমিতো কথা বলছি না-কি?”
জোহরার রাগে ঠোঁট উল্টালো ইমন, “আমি আবার কী করলাম!” জোহরা সেটির আর উত্তর দেয় না। ততক্ষণে টুইটুবানি চলে এসেছে পায়েস নিয়ে। উচ্ছ্বাস নিয়ে বাটি ধরিয়ে গিয়েছে প্রেমা ও ইমনের হাতে। এই মুহূর্তের জন্য নিচে থাকা মানুষদের ধ্যান ওর দিকে সরল যেন।
জোহরার রাগান্বিত ধমক মেজবাহ্’র কানে গিয়ে লাগল। অবশেষে, অবশেষে এই মেয়ে কথা বলল! নয়ত এতদিনতো বোবা বনে ছিলো। ওর সাথে নাটক করে গিয়েছিলো। ফিরে গিয়ে একটা টেলিফোনও করেনি। ও কী ভেবেছিলো? ও টেলিফোন না করলে মেজবাহ্ করতে জানে না? মেজবাহ্ মূর্খ? আবার এখন রাগ ঝাড়ছে!
“আমার রাগ নিজের ভাইয়ের উপর দেখাচ্ছেন কেন? এ বেলাতো কণ্ঠ খুব উপরে উঠেছে। আমি যখন বার বার প্রশ্ন করছিলাম আপনি আমার সুচরিতা কি-না, তখন তো মুখে বুলিই ছিলো না। ইচ্ছে করে এমন করেছিলেন তাই না? আমাকে জ্বালানোর জন্য? আমাকে তড়পানোর জন্য এই বুদ্ধি? ঠিক আছে। কয়েকদিনের মধ্যে যদি আপনার সামনে গিয়ে না দাঁড়াচ্ছি তবে শেখের ব্যাটা নিজের নাম বদলে ফেলবে। আমাকে তো চেনেন না আপনি।”
জোহরা কিচ্ছু বলতে পারল না। যেমন হুট করে এই লোকটার ফোন বেজে উঠেছিলো তেমন হুট করেই কেটে দিলো। না কোনো কথা, না কোনো সম্বোধন ছিলো! রাগ হয়েছে সেটা না-হয় ও মানলো তাই বলে এত রাগ? আর সামনে এসে দাঁড়াবে মানে? বাড়িতে চলে আসবে? এসে বাবাকে বলবে ওর কথা? বাবা আচমকা শুনলে কী ভাববে! সহ্য করতে পারবে কি?
বুকের ভেতরে কাঁটার মতো খচখচ করতে শুরু করল। আলগোছে নেমে গেলো সিঁড়ি বেয়ে। ইমন ভাই ধরে ফেলবে বলে মুখটা যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করতে করতে গিয়ে বসল নিজের জায়গায়।
ইমন খাওয়ার মাঝে ঠিক খেয়াল করেছে সবটাই। পায়েস মুখে দিতে দিতে প্রশ্ন ছুঁড়ল,
“টিচার কেবল বলেই গেলো, তোর উত্তর দেখি শুনল না। কী বলল এত?”
জোহরার নতুন মিথ্যে সাজানোর জন্য সময় লাগল। এরপর গুছিয়ে উত্তর দিলো, “ভার্সিটি যাইনি তো অনেকদিন ভেবেছে পড়াশোনা আর করব না। পরীক্ষাও শুরু হবে। তাই ফোন করেছেন বাধ্য হয়ে।”
“সবারতো বাড়িতে টেলিফোন থাকে না। তাদের ক্ষেত্রে কী করে?”
ইমনের যে মনে মনে সন্দেহ জেগেছে তা জোহরা টের পায় ঠিক। কিন্তু নিজেকে ও ঘাঁটায় না। স্বাভাবিক রাখে বেশ।
“সবারটা আমি ভাববো কেন? উনারা ভাববেন। আমার আছে তাই আমাকে ফোন করেছেন।”
“আর যেন না করে। বাবার নিষেধ আছে জানিস না?”
“জানি। কিন্তু একজনের ভুলের দায় কি চিরজীবন আমরাই বয়ে বেড়াবো কিছু না করেও? বাড়িতে টেলিফোন আছে অথচ ধরতে অব্দি দাও না। আমরাতো কিছু করিনি তবুও কেন আমাদের উপর নিষেধাজ্ঞা?” জোহরার কণ্ঠ মলিন শোনালো। ও যেন ক্লান্ত এই নিষেধাজ্ঞায়।
ইমন বোনের হতাশা বুঝল ঠিক। কিন্তু উত্তর দিলো না। উত্তর দিলো টুইটুবানি। পরিস্থিতি হালকা করতেই হাসতে হাসতে বলল,
“নিজের শ্বশুর বাড়িত গিয়া ইচ্ছামতো টেলিফোন কইরেন। কেউ আটকাইবো না। এইখানে তো বিল বেশি উঠবো। এটা টাকা বাঁচানোর উপায়। আব্বার বুদ্ধিতো বুঝেন না। সব টাকা বাঁচানের জন্য করে।”
“তুই চুপ কর। এখন অশুদ্ধ ভাষায় কথা বলছিস কেন? প্রেমাতো বলল, শ্রীমঙ্গলে কোন অভিনেতাকে দেখে নাকি তুই বেশ পটরপটর করে শুদ্ধ ভাষায় কথা বলেছিস? পাকা মেয়ে কোথাকার।” ইমন মুখ গম্ভীর করল কথাটা বলে।
টুইটুবানি এবার বাঁকা চোখে তাকালো। মুখ ভেংচালো, “বলছিই তো। নয়ত মানুষ তো এই পরিবারেরই বদনাম করত!”
“কোন মানুষ আমাদেরকে চেনেরে যে বদনাম করবে? একজনের সামনে শুদ্ধ, আরেকজনের সামনে অশুদ্ধ এ কেমন ছল? নাটক কি তুইও শুরু করবি নাকি?”
“করলেও বা কী?”
“খবরদার, ভুলেও না। আমি কিন্তু এসব পছন্দ করি না।” ইমনের শাসানোতে আবারও মুখ ভেংচি কাটল টুইটুবানি। ইমন ভাইয়ের যে কী পছন্দ ওর জানা আছে। খবরের কাগজ ছাড়া বুঝে কী সে!
টেলিফোন রেখেছে অনেকক্ষণ। ঘরটা চুপচাপ বেশ। মেজবাহ্ কপালে হাত দিয়ে বসে আছে। এত রাগ উঠেছে ওর! টেলিফোনটা না কাটলে মেয়েটাকে আরও কিছু বলে ফেলতো হয়ত। কিন্তু রাগ না করেও বা উপায় আছে? মেয়েটা কি কাজটা ঠিক করেছে ওর সাথে? এটা কি সঠিক ব্যবহার? কোথায় জীবনের প্রথমবার মেজবাহ্ তার ভালোবাসার সুচরিতাকে দেখে বুকে চেপে ধরত, চোখ ভরে দেখত তা-না মেয়েটা কানামাছি খেলেছে ওর সাথে। ওদের প্রথম সাক্ষাৎটা ধাঁধায় নষ্ট করেছে। মেজবাহ্ রাগবে না? ওরতো দুই বছরের অপেক্ষা ছিলো। সেগুলোর কোনো মূল্য নেই?
“ভাই, বাতিটা নিভিয়ে দিবো? হলুদ বাতিতো আলো চোখে লাগলে আরও বিরক্ত লাগবে। নিভিয়ে দিই?”
সিকান্দার বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল। এতক্ষণ উপস্থিত থাকায় সমস্তটাইতো দেখেছে সে। ভাই যে কতটা রেগে আছে তার অভিব্যক্তিতে ঠিক বোঝা যাচ্ছে। একটু হলেও ঘটনা বুঝতে পারছে। ভাই টেলিফোনের সেই প্রেমিকার সন্ধান পেয়েছে। কিন্তু কবে? সিকান্দারকে বলল না কেন? আবার মেয়েটার নামটাও কেমন যেন পরিচিত। সব গোলকধাঁধায় আটকে গিয়েছে।
“বাতি নেভানো লাগবে না।” ধীরস্বরে প্রতিত্তোর করল মেজবাহ্।
“কেন নেভাবো না? একটু নেভাই?”
“না।”
“একটু।”
সিকান্দারের কণ্ঠে দুষ্টুমি স্পষ্ট। মেজবাহ্ কপাল থেকে হাত সরালো। ভ্রু কুঁচকে বলল, “হয়েছে কী? নেভানোর জন্য এত উতলা কেন? নেভা তাহলে।”
মেজবাহ্ তাকিয়ে থাকল। সিকান্দার অনুমতি পেতেই লাফিয়ে গিয়ে আলো নেভালো। চারপাশ অন্ধকার হতেই গুনগুন শোনা গেলো ওর কণ্ঠে,
“তুমি দিও না গো বাসর ঘরের বাত্তি নিভাইয়া
আমি বন্ধ ঘরে অন্ধকারে যাবো মরিয়া…”
সিকান্দার এই মহা অসভ্য গানটি শুনতেই মেজবাহ্ বুঝে ফেলল কেন আলো নেভানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলো ছেলেটা। এত্ত বেশরম! এমন একটা গান এভাবে গাইলো! মানুষ লুকিয়ে সিডি শুনে এই গানের অথচ এ শেখ বাড়িতে দাঁড়িয়ে এই গান গাইলো! কত্ত বদমাশ হয়েছে!
মেজবাহ্ অন্ধকার হাতড়ে টেবিল থেকে কলমদানিটা ছুঁড়ে মারল সিকান্দারকে নিশানা করে। লাগলেও তা সিকান্দারের গায়ে। ও আর্তনাদ করে উঠল।
আলো জ্বালিয়ে দিলো সাথে সাথে। মেজবাহ্ দাঁড়িয়ে পড়েছে বসে থেকে। এবার বোধহয় তেড়ে যাবে। সিকান্দার প্রতিটা পদক্ষেপ চেনে। তাই এক মুহূর্ত আর দাঁড়াল না ও। দৌড়াতে দৌড়াতে বলল,
“ভাই আক্কাস দেওয়ানের গান, যেই সুন্দর সুর। শুনলেই মনটা চাঙ্গা হয়ে যায়। শুনবেন।”
মেজবাহ্ আর কথা বাড়ায় না। এই ছেলেটা বড্ড ফাজিল হয়েছে। ওর সাথে এখন কথা বাড়ালেই সমস্যা। সিকান্দার ততক্ষণে ঘরের বাহিরে চলে গিয়েছে। মেজবাহ্ জানে, ছেলেটা মেজবাহ্’কে কখনো দুশ্চিন্তায় থাকতে দিতে চায় না। তাই এইসব ফাজলামো করে। এমন মানুষ পাওয়া ওর জীবনে আশীর্বাদস্বরূপ। এত মাটির মানুষ হয় না আসলে।
…
ধানমন্ডির লেকের পাশটায় শুটিং হচ্ছে নতুন সিনেমার। টুইটুবানি আজ সেখানে আমন্ত্রিত। স্বয়ং হাসান সাহেব তাকে আমন্ত্রণ করেছে। কথোপকথন বেড়ে আমন্ত্রণে চলে গিয়েছে কি-না আলাপ।
টুইটুবানি স্নান করেছে আজ অনেকক্ষণ লাগিয়ে। আজ যে ওর শুটিং যাওয়ার কথা তা কাউকে জানায়নি। আপাদেরও না। কিন্তু এখানেই পড়েছে বিপাকে। ওর যা ভালো শাড়ি আছে তা ওর ভালো লাগছে না। শাড়িগুলো দেখলেই যেন ফুটে উঠছে কাজের লোকের বিশেষণটি। যদিও শিকদার বাড়িতে ওকে পুরোনো কাপড় দেওয়া হয় না। তবুও আজকে ওর মনে যেন কেন এই ভাবনার উদয় হলো। কেন যেন মনে হলো, ওর এই কাপড়ে আসলে আভিজাত্য নেই। নতুনত্ব নেই। এইগুলোর কোথাও যেন ওর হীনমন্যতার ছাপ রয়েছে। ওর পরিচয় লুকিয়ে রয়েছে।
টুইটুবানি অনেক ভেবে সিদ্ধান্ত নিলো মেঝো আপার কাছে যাওয়ার। মেঝো আপার অনেক সুন্দর সুন্দর শাড়ি রয়েছে। ঐ যে কদিন আগে একটা কালো টাঙ্গাইল শাড়ি এনে দিলো ইমন, সেটিই নাহয় চেয়ে নিবে।
আর অপেক্ষা করল না সে। দুপুর বাড়ছে। দ্রুতই তৈরি হতে হবে।
জোহরা বিছানায় উপুর হয়ে শুয়ে আছে। মাত্রই ফিরেছে ভার্সিটি থেকে। পরনের পোশাক বদলায়নি। অক্টোবরে অন্যান্য সময় একটু শীত শীত পড়ে কিন্তু এবার শীতের নামই নেই। এত গরমে পড়ালেখা করতে যেতে কার ইচ্ছে করে?
টুইটুবানি দরজায় দাঁড়ালো। মনে মনে একটু সংকোচ হচ্ছে। এই বাড়ির মেয়েদের থেকে কাপড়চোপড় নিয়ে ও কখনো পরেনি। আজ কীভাবে চাইবে? কিন্তু পরক্ষণেই শুটিংয়ের কথা মনে হতেই সংকোচ ভেঙে পড়ল। ও ডাকল জোহরাকে,
“আপা, আসি?”
জোহরা উপুড় অবস্থাতেই অনুমতি দিলো, “আয়।”
টুইটুবানি এলো, অস্বস্তি ঝাড়তেই হয়ত মিছিমিছি তাড়া দিয়ে বলল, “আপা, আপনের ঐ কালো শাড়িডা আছে না? আমারে একটু দিবেন? আমি একটু পরমু।”
“নিয়ে নে। আলমারিতেই তো আছে। তুই-ই তো গুছিয়ে রেখেছিলি।”
আপা জিজ্ঞেস করলে টুইটুবানি হয়ত উত্তর দিতে পারতো না। কিন্তু জিজ্ঞেস না করাতে যেন ওর অপরাধবোধ অনুভব হলো। আপারা ওকে কত বিশ্বাস করে অথচ ও না জানিয়ে যাবে। এটা অন্যায় না?
টুইটুবানি অপরাধবোধ নিয়ে শাড়িটা বের করল। আলমারি আটকে আবার তাকালো আপার দিকে। আপা আগের মতোই আছে। নড়েচড়েনি। তাকায়ওনি।
টুইটুবানি আগ বাড়িয়ে বলল, “আপনের ঐ একটা কালা রঙের ঘড়ি আছে না? ঐটা নিবো?”
“নে। যেটা লাগবে নিয়ে নে। এক জোড়া স্বর্ণের ঝুমকো আছে। এই শাড়িটার সাথে মানাবে। শোকেসে দেখ। ওটা নিয়ে পর।”
টুইটুবানি আঁতকে উঠে। স্বর্ণের দুল ও পরবে! পাগল হলো না-কি আপা? পরক্ষণেই নিজের তখনকার ভাবনার জন্য লজ্জা হয়। ইশ তখন ভেবেছিলো ওর শাড়িগুলো সব কমদামি। ও বাড়ির কাজের লোক যে, তাই সেইরকম শাড়িই ও পায়। কিন্তু এখন আপার আহ্লাদে ওর মন যেন ছোটো হলো।
“না না, আপা। সোনাদানা আমি পরি না। ডর করে। হারাই যদি ফেলি!”
টুইটুবানির আর্তনাদে এবার জোহরা ঘুরল। মুখের উপর থেকে সরালো চুল। কপাল কুঁচকে বলল, “হারালে হারাবে! তাই বলে পরব না?”
“আপনে পরেন। আমি এসবে নাই।”
“চুপচাপ নিয়ে যা। যেটার সাথে যেটা মানাবে সেটাতো পরতে হবেই। পাউডারও মাখতে পারিস আমার। কিচ্ছু বলব না।” কথা শেষ করে এক গাল হাসল জোহরা।
টুইটুবানির ইচ্ছে হলো আপাকে বলে দিতে ও কোথায় যাচ্ছে। কিন্তু পরক্ষণেই মনে পড়ল ইমন ভাই জানলে খবর আছে। ইমনের ভাইয়ের ভয়ে ও চেয়েও বলতে পারল না। তবে আপার কথা অক্ষরে অক্ষরে পালন করল। স্বর্ণের দুলগুলোও আজ পরতে ইচ্ছে হলো। এই বেশভূষায় অন্তত ওকে ওখানের সবাই ধনীতো ভাববে!
রিকশা এসে থামলো ধানমন্ডির লেকের কাছটায়। শুটিং হবে বলে জায়গাটা আটকানো। সাধারণ মানুষ ঢুকতে দিচ্ছে না।
টুইটুবানি আজ বেশ সুন্দর করে সেজেছে। কালো শাড়িতে যে ওকে এত্ত সুন্দর লাগবে তা ও কখনো ভাবেনি। সত্যি সত্যি মনে হচ্ছে ওর আব্বা যাবের শিকদার। শিকদার বাড়িরই কন্যা সে।
টুইটুবানি শুটিং স্পটে যেতে নিলেই বাঁধ সাধলো একটা বয়স্ক লোক, “না না আপনি যেতে পারবেন না। সাধারণ মানুষ আসা নিষেধ।”
লোকটাকে টুইটুবানি চেনে না যদিও কিন্তু ওর রাগ হলো। ও সাধারণ মানুষ না মোটেও। হাসান সাহেব স্বয়ং তাকে আমন্ত্রণ করেছেন!
“আমাকে হাসান সাহেব বলেছেন আসতে।”
টুইটুবানির কাঠখোট্টা উত্তরে লোকটা একবার আপাদমস্তক ওরে দেখল। এরপর দূরে থাকা হাসান সাহেবকে চ্যাঁচিয়ে ডাকল,
“স্যার, আপনি কি কাউরে আসতে বলছেন?”
হাসান সাহেব একটি বড়ো ছাতার নিচে বসে ছিলো। পরনে শুটিং এর পোশাক। বিস্ময়কর ভাবে সে-ও আজ কালো পরেছে। টুইটুবানি হাভাতের মতো তাকিয়ে রইল।
হাসান সাহেব দূর থেকে হাত নাড়াল, “হ্যাঁ, আমার পরিচিত। আসে দিন কামাল ভাই।”
লোকটার বাঁকা চোখে তাকানো থামলো না যদিও তবে তিনি টুইটুবানিকে প্রবেশ করতে দিলো। টুইটুবানির অহংকার আর কে দেখে! বুক ফুলিয়ে সে এগিয়ে গেলো। নিজেকে আজ এত বড়ো মনে হচ্ছে ওর!
হাসান সাহেব চেয়ার এগিয়ে দিলো ওকে।
“বসুন। আপনি আসবেন আমি ভাবিনি টুইটুবানি শিকদার।”
মেয়েটার হাসি হাসি মুখটা থমথমে হয়ে গেলো শিকদার শব্দটি শুনেই। ও তো শিকদার না। ও টুইটুবানি খাতুন। আগে ছিলো নাম রিনা খাতুন। আব্বা ওকে এই নামটা দিয়েছিলো। কিন্তু শিকদারটুকু যে দেননি!
ব্যাপক ভাবনার দোলাচলে বিব্রত টুইটুবানি হাসান সাহেবকে শুধরেও দিলো না আজ। নামটা ও বুক ফুলিয়ে শুধরে দেয় কিন্তু পদবি শুধরাতে ওর গায়ে লাগছে। থাকুক কিছু ভুল, আহামরি কোনো ক্ষতিতো হবে না।
ওদের কথার মাঝেই আরেকটি স্বর ভেসে এলো। বিস্ময়াভিভূত স্বর, “টুইটুবানি না? তুমি এখানে?”
চলবে…
-মম সাহা
Share On:
TAGS: ভালোবাসি সুচরিতা, মম সাহা
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
ভালোবাসি সুচরিতা পর্ব ২৪
-
ভালোবাসি সুচরিতা পর্ব ২৬
-
ভালোবাসি সুচরিতা পর্ব ১৩
-
আসবো ফিরে আবারো পর্ব ৪৮
-
আসবো ফিরে আবারো পর্ব ৪০
-
ভালোবাসি সুচরিতা পর্ব ২৩
-
ভালোবাসি সুচরিতা পর্ব ১২
-
ভালোবাসি সুচরিতা পর্ব ২০
-
ভালোবাসি সুচরিতা পর্ব ৯
-
আসবো ফিরে আবারো পর্ব ৪৯