Golpo romantic golpo ভালোবাসি সুচরিতা

ভালোবাসি সুচরিতা পর্ব ২৭


ভালোবাসি সুচরিতা— ২৭

অফিসের আলাপ-আলোচনায় মেজবাহ্ শেখ থাকছে না আজকাল। না থাকারই কথা। যেখানে তার নামে প্রত্যাখ্যান জারি হয়েছে সে জায়গায় মেজবাহ্ শেখ শ্বাসও ছাড়ে না।

তবে সিকান্দার রয়েছে। কবির শেখই ইচ্ছেকৃত ভাবে সিকান্দারকে নিয়ে আসেন আলোচনাগুলোতে। যেন সে গিয়ে দলের খবর ঠিকঠাক পৌঁছাতে পারে মেজবাহ্’র নিকট। ছেলেটার রাজনীতির প্রতি আবেগ কি-না! তিনি তো বাবা, তিনি সেসব ঢের ভালো করেই জানেন।

সিকান্দার আলোচনার মাঝ পথেই বেরিয়ে এসেছে। আসতে হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ছেলেটা এসে খবর দিয়েছে একজন মেজবাহ্ শেখের সাথে দেখা করতে এসেছে। যেহেতু মেজবাহ্ নেই তাই সিকান্দারই গিয়েছে।

সিঁড়ি বেয়ে নেমে অফিসের ইট বিছানো জায়গাটায় এসে দাঁড়াতেই সিকান্দারের চোখে পড়ল একটি মেয়েকে। সাদার ভেতর কালো অজস্র বৃত্তের সুন্দর একটি শাড়ি পরিহিত একটি মেয়ে। মেয়েটি তার অপরিচিত নয়। বেশ পরিচিত বলেই সে ঠোঁটে হাসি টানল। দু’কদম এগিয়ে গিয়ে আন্তরিক ভঙ্গিতে জিজ্ঞেস করল,

“ভালো আছেন?”

শুক্লার চোখে রোদ চশমা। চলচ্চিত্রের নায়িকার যতটুকু শোভা থাকা উচিত ঠিক ততটুকুই উপচে পড়ছে শুক্লার চেহারায়। লাবণ্যময়ী বেশ মেয়েটা।

সিকান্দারকে যদিও সে আশা করেনি মোটেই তবুও হাসি বজায় রাখল ঠোঁটে। ঘাড় নাড়িয়ে উত্তর দিলো,

“ভালো আছি। আপনি ভালো আছেনতো?”

“জি, ভালো। অফিসে এসে বসতেন। রোদের মাঝে দাঁড়িয়ে রয়েছেন শুধু শুধু।”

“না, না, বসতে আসিনি। আসলে আমি একটু আপনার ভাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম।”

“ভাইতো আজ অফিস আসেনি।”

সিকান্দারের জবাবে কিছুটা কপাল কুঁচকালো শুক্লা। অত্র অঞ্চলের সকলেই জানে এই অফিস মেজবাহ্ শেখের জন্য কী। অথচ সে না-কি আজ আসেইনি! হঠাৎ এমন সিদ্ধান্ত!

“কেন? শরীর ভালোতো?” শুক্লার প্রশ্নে চাপা উদ্বেগটি লুকোয় না সিকান্দারের কাছ থেকে। ও অকপটে হাসে। মাথা নাড়িয়ে উত্তর দেয়,

“সব ভালো। আপনি বাড়ি চলুন। সেখানে দেখা হতে পারে।”

“আমার এতটা সময় নেই আসলে। আপনি বলে দিয়েন, আমি নতুন সিনেমার শুটিং এর জন্য কিছুদিন শহরের বাহিরে যাচ্ছিলামতো তাই ভাবলাম দেখা করে যাই।”

“নতুন সিনেমা! বাহ্! শুভকামনা আপনার জন্য। ভাইকে জানাবো নিশ্চয়। দেখতেও বলব।” সিকান্দারের উৎসাহ দেওয়ার ভঙ্গিতে শুক্লা গাল ভরে হাসল। চোখে কাজল দেওয়াতে আজ ওর হাসিটাও যেন অনন্য মাত্রার সৌন্দর্যতা প্রাপ্ত হয়েছে।

“আপনার ভাই না দেখলেও আপনি দেখবেন কেমন? আজ আসি তবে?”

“চলুন, আমি এগিয়ে দিই।”

“প্রয়োজন নেই, সিকান্দার। আমি যেতে পারব।”

সিকান্দার মাথা নাড়ায়। জোর করে না এগিয়ে দেওয়ার জন্য। শুক্লা ছেলেটার দিকে তাকায়। ছেলেটা একটু অদ্ভুত। মেজবাহ্ শেখের সঙ্গে থাকে বলেই কি লোকটার গুণ পেয়েছে ছেলেটা? কখনো চোখ তুলে কথাও বলে না। পুষ্ট দেহের পুরুষ অথচ শুক্লার সামনে পোষা বিড়ালটির মতো মাথা নামিয়ে রাখে।

“তাহলে আমি থাকবে তো? কে এসেছে বলতে পারবেন তো?” শুক্লার কাজলবর্ণা চোখগুলোর দৃষ্টি সোজা নিক্ষেপ করে আছে সিকান্দারের দিকে। সিকান্দার হয়ত প্রশ্নের অর্থ ধরতে পারল না। তাই সহজ ভঙ্গিতে বলল, “পারব না কেন? আপনি এসেছেন বলব।”

“আমি কে? আপনি তো আমাকে কোনো সম্বোধন করে ডাকেন না তাই নিশ্চিত হয়ে যাচ্ছি বলতে পারবেন কি-না।” শুক্লার কথার অর্থ এবার বোধহয় বুঝতে পারল সিকান্দার। ঠোঁটের ভদ্রতার হাসিটি এখন লাজুক হাসিতে রূপ নিলো। ডান হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল,

“চলচিত্রের অভিনেত্রীদের কী নামে ডাকতে হয় আমি তো আসলে জানি না।”

“আমার যেই নাম সেটি ধরেই ডাকবেন। শুক্লা। মনে থাকবে?”

শুক্লা আহ্লাদে জিজ্ঞেস করে। সিকান্দার মাথা নাড়ায়, “থাকবে।”

“আসি তাহলে?”

“আসুন। যাওয়ার আগে আঁচলটুকু ধরে যাবেন। মাটি লাগছেতো।”

সিকান্দারের কথায় শুক্লার এতক্ষণে খেয়াল হলো। আসলেই মাটি লাগছিলো আঁচলটায়। মাথা নামিয়ে রাখলেও ছেলেটার সবদিকে খেয়াল রয়েছে। এজন্যই সে মেজবাহ্ শেখের এত ঘনিষ্ঠ। এমনি এমনিতো নয়।

শুক্লা আঁচল সামলে নিলো। ধীরে ধীরে বেরিয়ে গেলো অফিসের গেইটটা দিয়ে। সিকান্দারের দিকে একবারও ঘুরে তাকায়নি যদিও তবুও সিকান্দার দাঁড়িয়ে রইল। ভদ্রতার জন্যই হয়ত! মানুষের মনের একেক চাহিদা। চলে দিতে চায় না কিন্তু চলে যাওয়ার দৃশ্য চোখ মেলে দেখে। মনের উপর পৈশাচিক অত্যাচার বৈকি কিছুই না।

…

ঘরের ডানদিকে থাকা জানালাটি খোলা। বাগানের দিকের জানালা। তাকালেই দেখা যায় কতগুলো গাছ। কিছুগুলোতে ফুল ফুটেছে, কিছুতে এসেছে নতুন কুঁড়ি। কিছু কিছু সদ্য পাতা দিয়েছে।

মেজবাহ্ তাকিয়ে আছে সেই বাগানের দিকটায়। সাধারণত সে বাড়িতে থাকে না তত। গাছও তাই দেখা হয় না এত সময় নিয়ে। আজ দেখছে। নিজের বাড়ির বাগানটিকে নতুনই লাগছে। না দেখতে দেখতে অনেককিছু স্মৃতি থেকে এমন ভাবে মুছে যায় যে পরবর্তীতে দেখলে তা নতুনই লাগে।

“আসবো?”

রিনরিনে মেয়েলি কণ্ঠ। কণ্ঠটি শুনেও পিছু ঘুরে না সে। দাঁড়িয়েই থাকে আপন মনে। তবে অনুমতি দেয় প্রবেশের,

“আসুন৷ দরজার পাশে থাকা চেয়ারটায় বসুন।”

রিমঝিম ঘরে আসে। চেয়ারটা দরজার এত কাছে যে বাহির থেকে বেশ সাবলীল দেখা যায় দৃশ্যটি। রিমঝিম দ্বিতীয় প্রশ্নটি করে,

“এখানেই বসতে হবে?”

“অতটুকু অব্দিই আপনার বসার অধিকার। এর বেশি আসার মতো সম্পর্ক আছে আর না সৌন্দর্যতা।”

রিমঝিমের লজ্জা লাগে নিজের করা প্রশ্নটিতে। চট করে সে কেমন প্রশ্ন করে বসল? একটুও বাঁধল না? কী ভাবলো ওকে!

আড়ষ্ট হয়ে গুটিসুটি মেরে বসে থাকে ও।

ঘরটা ডুবে যায় নীরবতায়। অস্বস্তি জেঁকে বসে সেই নীরবতায়। ওদের সম্পর্কটা স্বাভাবিক হলে নিশ্চয় এমন নীরবতা জন্মাতো না। এতটা অস্বস্তিও হতো না বোধহয়।

“সেদিন শ্রীমঙ্গলে আপনি আমার কাছে এসে কী বলছিলেন মনে আছে?” মেজবাহ্ আগের স্থানে বিরাজমান। রিমঝিমের দিকে তাকায়ওনি। তবুও রিমঝিমের গা শিরশির করে উঠেছে। ওর ঢের মনে আছে ও কী বলেছিলো। মনে আছে বলেই ও এ কয়েকদিন লুকিয়ে বেরিয়েছে মেজবাহ্’র কাছ থেকে। কিন্তু আজ কী উত্তর দিবে? দমে আসে আরও।

মেজবাহ্ পুনরায় জিজ্ঞেস করে, “আপনিতো এতিম। এতিমদের বাবা আসে কোথা থেকে?”

“আমি বিভ্রমে পড়ে গিয়েছিলাম। কল্পনা ছিলো।”

“বাবার বয়সী সেই জায়গায় তিনজন ছিলো। একজন ছিলো সিলেটেরই একজন শিল্পপতী তপন কুমার। ধর্ম হলো সনাতনী। তিনি আপনার বাবা হবেন না। আরেকজন ছিলো আজিজুল হক। যিনি কুষ্টিয়ার জেলা প্রশাসক। উনার এক ছেলে। নাম আহাদ হক। তিনি পেশায় ডাক্তার। থাকেন কানাডা। স্ত্রী মারুফা আক্তার। পেশায় প্রফেসর। ছেলে কানাডা থেকে আসায় ঘুরতে এসেছেন। উনার কোনো সন্তান নেই ঐ এক ছেলে ব্যতীত। তাই উনিও হবেন না। আরেকজন ছিলেন যাবের শিকদার। পেশায় উকিল। ঢাকায় ছোটোখাটো উকালতি করেন। তিন মেয়ে, এক ছেলে। ছেলের নাম ইমন, মেয়ে দু’টো জোহরা, প্রেমা আর…”

মেজবাহ্’র মুখের কথা ছিনিয়ে নেয় রিমঝিম। চমকে জিজ্ঞেস করে, “আর?”

“আর টুইটুবানি। এতটুকুই জানলাম। প্রথমজন যেহেতু হবে না তাই পরের দ্বিতীয়জন সম্ভাবনায় আছেন। তার মাঝে জেলা প্রশাসকের কস্মিনকালেও কোনো মেয়ের কথা শোনা যায়নি। রইলেন সেই উকিল। তার ছেলেমেয়ের হিসেবও মিলল। তবে আপনার বাবা আসলে কে?”

মেজবাহ্’র কথা থামতেই পরপর স্বস্তির শ্বাস ফেলে রিমঝিম। নিজের মিথ্যেতে আরও শক্তিশালী ভাবে অটুট থাকার জন্য বলে,

“এতিমের আবার বাবা কোথা থেকে আসবে? তখন বাবা মা নিয়ে ভাবছিলাম বলে ঘোরে চলে গিয়েছিলাম।”

“ঘোর? এতটাই ঘোর যে নিজের বাংলো ছেড়ে আমার কাছে এসে বাবার খোঁজ করেছিলেন?”

মেজবাহ্ না তাকিয়েও রিমঝিমকে যেন প্যাঁচিয়ে ধরেছে। রিমঝিম হাঁসফাঁস করতে লাগল। আমতাআমতা করল। প্রসঙ্গ বদলাতে চাইল, “মানুষ মাত্রই ভুল।”

“হ্যাঁ, ভুল। কিন্তু অন্যায় যেন না হয়। আপনি যদি স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠে এমন বলতেন আমি মেনে নিতাম। কিন্তু জাগ্রত মানুষ এতটা ঘোরে কীভাবে যায় বুঝলাম না।”

“আর বলব না। আমি এখন যাই।”

“যান। তবে বাবার পরিচয় আপনি না জানলেও আমি মেজবাহ্ শেখ ঠিক জেনে ছাড়ব। অপেক্ষা করুন।”

রিমঝিম তাকিয়ে রইল। মেজবাহ্ একটিবার ওর মুখ দর্শন অব্দি করেনি। অথচ ছেলেটার কণ্ঠস্বর তবুও কত দৃঢ় যেন রিমঝিমের সব কথা গুলিয়ে যাচ্ছে। আচ্ছা তাকালো না কেন?

প্রসঙ্গ পাল্টানোর অজুহাতটুকু ছাড়ল না সে। প্রশ্ন ছুঁড়ল, “আমার দিকে তাকালেন না কেন?”

মেজবাহ্’র দৃষ্টি তখনও গাছের দিকে। তবে দাম্ভিক হাসলো সে,

“মেজবাহ্ শেখ হারামের দিকে নজর দেয় না কখনো।” কী দম্ভ সেই কথাটায়! রিমঝিম আর এক মুহূর্ত দাঁড়াল না। ছুটে বেরিয়ে যায় ঘর ছেড়ে। ও জানে ওর জন্য লোকটার অনেককিছু সহ্য করতে হয়েছে। তবুও অপমানে তো লাগে এসব কথা। ও হারাম হয়ে গেলো? এতই খারাপ তবে ও?

…

রাত তখন আনুমানিক এগারোটা। ড্রয়িং রুমে বসে কথোপকথন চলছে সকলের। যাবের শিকদার ঘুমুতে যাচ্ছিলেন সবে। এর মাঝে বেশ শব্দ করেই বেজে উঠল টেলিফোন। সচারাচর এত রাতে টেলিফোন আসে না।

জোহরার আড্ডার সম্পূর্ণ ধ্যান ভেঙে গেলো। মন গিয়ে আটকালো টেলিফোনে। সাথে আরেকজনও বিচলিত হলো। টেলিফোনের বিপরীতে থাকা ব্যক্তিকে নিয়ে দু’জনের মনেই ধারণার উৎপত্তি হলো।

শুক্রবার এখনো শেষ হয়নি। লোকটা কি তবে এখন কল করল? বাবা ধরলে কেলেঙ্কারি ঘটে যাবে না?

যাবের শিকদার সিঁড়ি ভেঙে তুলে নিলো রিসিভার। উনার গম্ভীর স্বর বজায় রেখেই বললেন,

“হ্যালো, যাবের শিকদার বলছি..”

ফোনের ওপাশে চমকালো মেজবাহ্। যাবের শিকদার! নামটা চেনা লাগলো বড্ড! সুচরিতার বাড়িতে এই নামের মানুষটি কেন?

চলবে…

-মম সাহা

Share On:

TAGS: ,



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 

0 Responses

Leave a Reply