Golpo romantic golpo কালারব্লাইন্ড চটি গল্প

কালারব্লাইন্ড পর্ব ২০


কালারব্লাইন্ড — ২০#সোফিয়া_সাফা

“কী রে শ্রেয়ান, আমার বোন তোকে চেনে না বলার পরেও তুই আবার ওকে ডিস্টার্ব করতে চলে এসেছিস?”

ফারিশের কথায় শ্রেয়ান ভ্রূ কুঁচকে একবার আশপাশে চোখ বুলিয়ে নিল। যেন এখানে উপস্থিত কাউকে খুঁজছে। অতঃপর নির্বিকার ভঙ্গিতে বলল, “তোর বোন এখানে আছে? কই, দেখতে পাচ্ছি না তো।”

শ্রেয়ানের কথার ধরনে ফারিশের চোয়াল শক্ত হয়ে এল। তবুও নিজেকে সংযত রেখে আলতার দিকে ইশারা করে বলল, “তোর স্মৃতিশক্তি দেখছি বেশ দুর্বল। তোকে না সেদিন বললাম, ও আমার কাজিন হয়?”

“ওহ্! তাই বল। আমি তো ভাবলাম তুই তোর চাচাতো বোনের কথা বলছিস। কী যেন নাম? ওহ্ হ্যাঁ, তাঁরা। সেই জন্যই তো জিজ্ঞেস করেছিলাম, ও তোর কেমন কাজিন হয়। সেদিন যদি পরিষ্কার করে বলতি, তাহলে মনে রাখতে সুবিধা হতো।”

শ্রেয়ানের মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। ফারিশের দিকে তাকিয়ে বলল, “সিরিয়াসলি? তোর কাছে আমাকে ব্যাখ্যা করতে হবে? শোন, ওর থেকে দূরে থাকার জন্য ও আমার কিছু একটা হয়, এটুকু জানাই যথেষ্ট হওয়া উচিত।”

“দূরে আছি না তো কি কাছে চলে গেছি? তাছাড়াও আমি আমার বোনের কাছে এসেছি। তোর কাজিনের কছে নয়।”

“আলতা চলো এখান থেকে।” ফারিশের আকস্মিক কথায় আলতা কিছুটা হকচকিয়ে গেল। শ্রেয়ানের সঙ্গে তার দ্বন্দ্বটা ঠিক কী নিয়ে, সেটাই সে বুঝে উঠতে পারছে না। দুজনের কথার মাঝে নিজেকে যেন অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে পড়া কোনো এক পক্ষ মনে হচ্ছে তার।

এরই মধ্যে আলতা অনুভব করল, শায়েরী সামনে দৃষ্টি স্থির রেখেই তার হাত ধরেছে। এদিকে আলতাকে ঠায় বসে থাকতে দেখে ফারিশ খপ করে তার অন্য হাতটা ধরে ফেলল। আচমকা এই টানাপোড়েনে কেঁপে উঠল আলতা। নিজের বাহুতে চেপে বসা ফারিশের হাতটার দিকে তাকাতেই ছেলেটা তাকে এক টানে দাঁড় করিয়ে দিল।

“লেটস গো উইথ মি।”

আলতাকে নিজের সঙ্গে টেনে নিয়ে যেতে উদ্যত হলো ফারিশ। কিন্তু শায়েরীর ধরে রাখা হাতের টানে তার গতি রুদ্ধ হয়ে গেল। মুহূর্তেই রাগে চোখমুখ শক্ত হয়ে উঠল ফারিশের। শায়েরীর দিকে তাকিয়ে খ্যাঁকিয়ে উঠল,

“হাত ছাড়ো ওর!”

শায়েরী যেন কথাটা শুনতেই পেল না। নিষ্প্রভ ভঙ্গিতে বসে রইল নিজের জায়গায়। ফারিশ বিরক্তিতে আলতার হাত থেকে শায়েরীর হাতটা ছাড়ানোর চেষ্টা করল। সেই তাড়াহুড়োর মধ্যেই অসতর্কভাবে তার হাতের স্পর্শ লেগে গেল শায়েরীর হাতে।

মেয়েটার হাত ছাড়াতে সক্ষম হলেও ব্যাপারটা লক্ষ্য করে শ্রেয়ানের চোখেমুখের অভিব্যক্তি বদলে গেল। এতক্ষণকার উদাসীনতা উধাও হয়ে দৃষ্টিতে নেমে এল কঠোরতা। এক মুহূর্তও দেরি না করে টেবিলের অন্যপাশ ঘুরে দ্রুত এগিয়ে এল সে। তাকে ত্রস্ত পায়ে এগিয়ে আসতে দেখে আলতাকে নিজের আড়ালে লুকিয়ে ফেলল ফারিশ।

“তুই কোন সাহসে আমার বোনকে টাচ করলি?” শ্রেয়ানের কণ্ঠে রাগের চেয়ে শীতলতাই যেন বেশি। অথচ সেই শীতলতার আড়ালেই স্পষ্ট হয়ে উঠেছে তার ক্ষোভ।

ফারিশ অবশ্য বিন্দুমাত্র বিচলিত হলো না। বরং ঠোঁটের কোণে তাচ্ছিল্যের আভাস ফুটিয়ে পাল্টা বলল,
“তোর বোন আমার বোনকে টাচ করল কেন?”

শ্রেয়ান কিয়ৎক্ষণ ফারিশের দিকে তাকিয়ে থেকে নিজের কপালে হাত বুলিয়ে নিল।
“তুই কাজটা ঠিক করিসনি। আলতা আমার বোনের ফ্রেন্ড হয়। তার ওপর ওরা দুজনেই মেয়ে। একে অপরকে স্পর্শ করতেই পারে। কিন্তু তুই পারিস না।”

“মেয়ে হোক কিংবা ছেলে, তোদের দুজনের রক্তই তো এক। ও টাচ করা মানেই ঘুরেফিরে তোর টাচের সমান হয়ে যায়।” ফারিশের যুক্তি শুনে শ্রেয়ানের চোয়াল আরও শক্ত হয়ে উঠল।
দুজনের চোখাচোখিতে এমন এক তীব্র সংঘাত তৈরি হলো যে, ক্যাফেটেরিয়ার আশপাশের পরিবেশটাও কেমন যেন থমথমে হয়ে এল।

“শুধুমাত্র আমার বোন আর আলতা এখানে আছে বলে তোর চেহারাটা এখনো ঠিকঠাক আছে।” শ্রেয়ানের নিচু স্বরে ছোড়া হুমকিটুকু শুনে ফারিশও গলার স্বর নামিয়ে আনল।
ভ্রূ উঁচিয়ে বলল, “আলতা? তুই ওকেও পরোয়া করিস দেখছি।”

শ্রেয়ান মাথাটা সামান্য একপাশে কাত করে আলতার দিকে তাকাল। মেয়েটার গোলগোল কালো চোখ দুটো তখন তার দিকেই স্থির। চোখজুড়ে স্পষ্ট প্রশ্ন, অথচ সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় সে নেই।
কেমন যেন পাংশুটে হয়ে গেল শ্রেয়ানের মুখ। দৃষ্টি সরিয়ে নিয়ে দু-পা পিছিয়ে গেল সে। তারপর সংযত কণ্ঠে বলল, “আলতাকে এসব থেকে দূরে রাখ।”

“তুই দূরে থাক ওর থেকে। সেটাই তোর জন্য ভালো হবে।”

ফারিশের কথায় শ্রেয়ান জেদের বশে মৃদু হাসল।
“আমি জানি না, ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক। কিন্তু তুই এটা জেনে রাখ, আমি ওকে কখনো শত্রুর নজরে দেখি না।”

“ওকে কোনো নজরেই দেখতে আসিস না, শ্রেয়ান।”

“যদি ও নিজেই আমার নজরে থাকতে চায়, সেক্ষেত্রে তুই আমাকে আটকাতে পারবি না।”

“ও তোর মতো একটা শয়তানের নজরে থাকতে চাইবে? দেখ, এতটাও ওভারকনফিডেন্ট হয়ে যাস না। মেয়েটা তোকে চেনে পর্যন্ত না।”

শ্রেয়ান নিজের কোমরে একহাত রেখে মাথাটা আবারও আলতার দিকে কাত করল। ঠোঁটের কোণে ফুটে উঠল আত্মবিশ্বাসী হাসি।
“হেই কালারফুল… ওপস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেডি, তোমার কাজিনকে বলে দাও না যে আমরা অপরিচিত নই। প্রথমদিকে তুমি আমাকে চিনতে না পারলেও গতকাল ঠিকই চিনতে পেরেছো।”

শ্রেয়ানের এমন আত্মবিশ্বাসী আচরণে ফারিশের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। অজান্তেই একধরনের অস্বস্তি এসে ভর করল মনে। সে পাশ ফিরে পেছনে তাকিয়ে আলতাকে প্রশ্ন করল,
“তোমরা কি সত্যিই পূর্বপরিচিত?”

আলতা আমতা আমতা করে তাকাল। একদিকে ফারিশ, অন্যদিকে শ্রেয়ান। দুজনের দৃষ্টিই এখন তার ওপর নিবদ্ধ। ভয়ে শুকনো ঢোক গিলল মেয়েটা। কী বলবে, কী বলা উচিত, কিছুই যেন মাথায় আসছে না।

ষোড়শীর নীরবতা দীর্ঘ হতে দেখে শ্রেয়ানের ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। সে হনহনিয়ে আলতার দিকে কয়েক পা এগিয়ে যেতেই ফারিশ ক্ষিপ্রগতিতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাকে। ঝাঁজালো কণ্ঠে বলল,
“শান্তিচুক্তিতে আছি বলে এই ভাবিস না যে তুই যা ইচ্ছা তাই করবি আর আমি তোকে কিছুই বলব না। প্রসঙ্গ যদি আমার বোনকে নিয়ে হয়, তাহলে আমি যেকোনো চুক্তি বাতিল করতে প্রস্তুত।”

আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কয়েকজন ছেলেপেলে পরিস্থিতির অবনতি আঁচ করে এগিয়ে আসতে চাইল। কিন্তু শ্রেয়ানের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে মাঝপথেই থেমে গেল তারা।

শ্রেয়ান দাঁতে দাঁত চেপে নিজের রাগ সামলে নিল। ফারিশের দিকে তাকিয়ে যথাসম্ভব স্বাভাবিক কণ্ঠে বলল,
“ও হয়তো ঘাবড়ে গিয়ে কিছু বলতে পারছে না। তুই ওর নীরবতাকে ‘নেগেটিভ’ ধরে নিতে পারিস না।”

ফারিশও এবার নিজেকে সংযত করল। শ্রেয়ানের দিকে আর মনোযোগ না দিয়ে আলতার দিকে পুরোপুরি ঘুরে দাঁড়াল।

“তুমি ওকে চেনো কী না, সেটা পরিষ্কার করো আলতা।”

শ্রেয়ান মনে মনে আশা করেছিল, এবার হয়তো আলতা তাকে নিরাশ করবে না। অন্তত এটুকু বলবে যে তাদের আগে দেখা হয়েছিল। কিন্তু তার প্রত্যাশার সম্পূর্ণ বিপরীতটাই ঘটল। আলতা নিচু চোখে ডানে-বাঁয়ে মাথা নাড়ল। শরীরী ভঙ্গিতে স্পষ্ট জানিয়ে দিল, সে তাকে চেনে না।
শ্রেয়ানের মাথার ভেতরটা রাগে দপদপ করে উঠল। চোখের সামনে মেয়েটার নীরব অসম্মতির দৃশ্যটা যেন বারবার ভেসে উঠতে লাগল।

ফারিশ চওড়া হেসে আলতার হাতটা মুঠোয় পুরে তাকে নিয়ে বেরিয়ে গেল ক্যাফেটেরিয়া থেকে।
তাদের চলে যাওয়ার পরও কিছুক্ষণ ক্যাফেটেরিয়ার পরিবেশ থমথমে হয়ে রইল। ধীরে ধীরে কৌতূহলী ভিড়টা পাতলা হতে শুরু করল। এতক্ষণ টেবিলে বসে থাকা শায়েরী নীরব চোখে পুরো ঘটনাটা দেখল। ঋতু আর কোয়েল তখনও দম আটকে বসে আছে যেন।

শ্রেয়ান একবার বোনের দিকে তাকাল। কিছু একটা বলতে চাইল হয়তো। কিন্তু শায়েরী তাকে সেই সুযোগটুকুও দিল না। চেয়ার ঠেলে সশব্দে উঠে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়াল।
শ্রেয়ান কয়েক সেকেন্ড বোনের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে তার পেছন পেছন বেরিয়ে গেল।

রাতেরবেলা।
ইরার ঘরে বসে প্রতিদিনের মতোই পড়াশোনায় ব্যস্ত ছিল আলতা। টেবিলের ওপর বই-খাতা সাজানো। পুরোটা সময় পড়াশোনায় ব্যস্ত থাকার পর হঠাৎ ফারিশ বলে উঠল, “শোনো আলতা, ওই শায়েরী নামের মেয়েটার সাথে আর কথা বলবে না।”

কথাটা কানে যেতেই খাতায় লিখতে থাকা আলতার হাত থেমে গেল। কলমের নিবটা স্থির হয়ে রইল কাগজের ওপর। মুখ তুলে তাকাল না সে। বরং কয়েক মুহূর্ত খাতার দিকে তাকিয়ে থেকে মনে মনে কথাটা বোঝার চেষ্টা করল।

কলেজের সেই ঘটনার পর থেকেই ফারিশকে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাইছিল আলতা। শ্রেয়ানের সঙ্গে তার শত্রুতার কারণ কী? শায়েরীরই বা কী দোষ? অথচ লোকটা তাকে পাঠ্যবইয়ের বাইরে অন্য কোনো প্রসঙ্গ তোলার সুযোগই দিচ্ছিল না। আর এখন তো নিজেই শায়েরীর সঙ্গে কথা বলতে নিষেধ করে বসল!

আলতা ধীরস্বরে প্রশ্ন তুলল, “কিন্তু কেন ভাইয়া?”

“আমি বলেছি তাই। আমি আশা করব, তুমি আমার কথার মান রেখে আমার উপদেশটা মেনে চলবে।”

এবার আলতা চোখ তুলে তাকাল। তার কালো চোখজোড়ায় একরাশ প্রশ্ন জমে থাকতে দেখে ফারিশের দৃষ্টি কিছুটা নরম হয়ে এল। হঠাৎ খেয়াল হলো, সে এখনো কন্ট্যাক্ট লেন্স খোলেনি।

কণ্ঠের স্বর খানিকটা বদলে গেল ফারিশের।
“তোমাকে কি কোনোভাবে মেজো ভাইয়া ওগুলো চোখে পরতে ফোর্স করছে?”

আলতা আবারও খাতার ওপর দৃষ্টি নামিয়ে ডানে-বাঁয়ে মাথা নাড়ল।
“আমি নিজের ইচ্ছাতেই এগুলো ব্যবহার করছি।”

ফারিশ আর কিছু বলল না। আলতা যদি স্বেচ্ছায় লেন্স ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে তার কী-ই বা বলার থাকতে পারে?

কিছুক্ষণ নীরব থাকার পর আলতা বলল,
“ভাইয়া, আপনার শায়েরীর ভাইয়ের সঙ্গে শত্রুতা থাকতেই পারে। কিন্তু শায়েরীর সঙ্গে তো নেই। ক্লাসের একজনও যেখানে আমার সঙ্গে কথা বলে না, সেখানে শায়েরী আমাকে বন্ধু বানিয়েছে। ওর সঙ্গে কথা না বললে আমি একা হয়ে পড়ব।”

একথা শুনে ফারিশের দৃষ্টি কঠোর হলো। তাকে নিশ্চুপ থাকতে দেখে আলতাই ঠোঁট নাড়ল, “তারপরও আপনি মানা করলে আমি ওর সাথে কথা বলবো না।”

“হ্যাঁ, সেটাই ভালো হবে। আমি চাই না শ্রেয়ান ওর বোনের বাহানায় তোমাকে বিরক্ত করার সুযোগ পেয়ে যাক।”

আলতার জানতে ইচ্ছা করল ফারিশের সাথে শ্রেয়ানের শত্রুতাটা কী নিয়ে। কিন্তু আপাতত মুখ ফুটে জিজ্ঞেস করতে পারছে না। তদুপরি ফারিশ নিশ্চয়ই এমনি এমনি কথা বলতে নিষেধ করছে না। হয়তো শ্রেয়ান আসলেই ভালো ছেলে নয়। আর সে কারণেই ফারিশের সঙ্গে তার এত শত্রুতা।


ঘড়ির কাঁটায় তখন রাত এগারোটা। মাহতাবির ক্যাসেলের চতুর্থ তলার হলওয়েটা একেবারে নিঝুম। এই ফ্লোরের তিনটি পৃথক ইউনিটে থাকে ইভান, ফারিশ ও রঞ্জক। হলওয়ের একটি নির্দিষ্ট প্রান্তে রঞ্জকের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে ছিল আলতা।

এ নিয়ে তিনবার এখানে এসে ফিরে গেছে সে। মোদ্দাকথা, রাতের ডিনার শেষ হওয়ার পর থেকেই মেয়েটার আনাগোনা চলছে এই দরজার সামনে। একবার আসে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর আবার ফিরে যায়।

ঠিক এমন সময় ফোনের স্ক্রিনে দৃষ্টি আটকে রেখে হলওয়ে ধরে আনমনে হেঁটে আসছিল ফারিশ। চোখ তুলে এদিক ওদিক তাকাতেই আলতাকে দেখতে পেয়ে আচমকা থমকে গেল সে।

মেয়েটার অস্থির ভঙ্গি তাকে যতটা না অবাক করল, তার চেয়েও বেশি বিস্মিত করল রঞ্জকের দরজার সামনে তার উপস্থিতি।

“আলতা?”
আচমকা পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই ধড়ফড়িয়ে পেছনে ফিরল আলতা। ফারিশকে দেখে মুহূর্তেই আড়ষ্ট হয়ে গেল সে। এদিকে ফারিশ ফোনটা পকেটে রেখে তার দিকে এগিয়ে এল।

“তুমি এখানে কী করছ?”

আলতার চোখের পাতা কয়েকবার কেঁপে উঠল। দুই হাতের আঙুল কচলাতে কচলাতে আমতা আমতা করে বলল,
“আ-আমি আসলে, ইয়ে মানে—”

মেয়েটার এমন অপ্রস্তুত অবস্থা দেখে ফারিশের নিজেরও কেমন অস্বস্তি লাগল।

“জ-জুবা, হ্যাঁ আমি জুবার সাথে দেখা করতে এসেছি।”

আলতার জবাবে ফারিশের ভ্রু কুঁচকে গেল। অদ্ভুত দৃষ্টিতে রঞ্জকের বন্ধ দরজাটার দিকে একবার তাকিয়ে আবার আলতার দিকে ফিরল সে।

“মেজো ভাইয়া সেদিন তোমার সঙ্গে যা করল, তারপরও তোমার মনে হয় সে তোমাকে জুবার সঙ্গে দেখা করতে দেবে?”

আলতা দ্রুত এলোমেলো বেগে মাথা নাড়ল।
“হ্যাঁ, মানে না। আমারও মনে হয় না দেখা করতে দেবে। আমি বরং নিজের ঘরে চলে যাই।”

কথাটা শেষ করেই সেখান থেকে সরে পড়তে উদ্যত হলো সে।
রঞ্জকের অদ্ভুত শর্তের কথা ফারিশকে জানানোর কোনো ইচ্ছেই নেই ষোড়শীর। লোকটা কন্ট্যাক্ট লেন্স পরার বিনিময়ে তাকে জুবার সঙ্গে দেখা করতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে; এ কথা জানাজানি হলে নতুন করে কী বিপত্তি বাধবে, কে জানে! ফারিশ কেমন প্রতিক্রিয়া দেখাবে, সেটাও একটা প্রশ্ন। তবে আলতা সেসব নিয়ে অতোটা চিন্তিত নয়।
তার আপাতত একটাই লক্ষ্য—যেভাবেই হোক রঞ্জকের ঘর থেকে জুবাকে উদ্ধার করা। এরপর লোকটার ঘরের সামনে আসা তো দূরের কথা, ছায়াও মাড়াবে না সে।

ফারিশ শান্ত চোখে দাঁড়িয়ে থেকে আলতার প্রস্থান দেখল। কিন্তু সে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার প্রায় আধঘণ্টা পর আবারও সেই চতুর্থ তলার হলওয়েতে ফিরে এল আলতা। এবার আর দরজার সামনে দাঁড়িয়ে থেকে ফিরে যাওয়ার পরিকল্পনা নেই তার।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে করতে একসময় দরজার পাশেই বসে পড়ল মেয়েটা। প্রথমদিকে জেগে থাকার যথেষ্ট চেষ্টা করেছিল। কিন্তু রাত যত গভীর হলো, ঘুমের সঙ্গে লড়াই করাটাও তত কঠিন হয়ে পড়ল। চোখের পাতায় যেন কেউ পাথর বেঁধে দিয়েছে। বারবার চোখ খুলে রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত আর পেরে উঠল না।

ভোর চারটা।
আজ রাতে দ্য ফল্টে ফাইট করতে গিয়েছিল রঞ্জক। দীর্ঘ সময়ের ক্লান্তি শরীরজুড়ে। এক হাতের মুঠোয় হ্যান্ড র‍্যাপ ধরে নিজের ঘরের দরজার সামনে এসে দাঁড়াতেই চোখ পড়ল দরজার পাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা একটা অবয়বে।

কয়েক মুহূর্ত বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল রঞ্জক। তারপর ধীরে ধীরে মেয়েটার দিকে ঝুঁকে এল। ষোড়শীর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে কেমন যেন অবিশ্বাস্য একটা অনুভূতি হলো। মেয়েটা কি সত্যিই তার অপেক্ষায় সারারাত এখানে বসে ছিল?

“এই ঘুমকাতুরে মেয়ে, এই!”

রঞ্জকের একডাকেই চমকে উঠল আলতা। ঘুমজড়ানো চোখ মেলে সামনে তাকাতেই চোখে পড়ল পুরুষালী গম্ভীর মুখটা। পরক্ষণেই চোখজুড়ে তীক্ষ্ণ জ্বালাপোড়া অনুভব করল সে। ঘুমের ঘোরে অভ্যাসবশত চোখ কচলাতে যাচ্ছিল, তখনই মনে পড়ল চোখে এখনো কন্ট্যাক্ট লেন্স পরা!
সেই মুহূর্তে চোখের অস্বস্তির সঙ্গে যোগ হলো রঞ্জকের প্রতি জমে থাকা একরাশ বিরক্তি। এতক্ষণ কোথায় ছিল লোকটা?

আলতা চোখ কুঁচকে রঞ্জকের দিকে তাকাল।
“আপনার এখন আসার সময় হলো? কী করছিলেন, হ্যাঁ? এতক্ষণ বাড়ির বাইরে ঠিক কোন কাজে ব্যস্ত ছিলেন?”

আলতার এমন প্রশ্নে রঞ্জক সোজা হয়ে দাঁড়াল। হাতের মুঠোয় থাকা হ্যান্ড র‍্যাপটা আলগোছে পকেটে গুঁজে নিয়ে অন্যদিকে তাকাল সে।

“তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছ?”

থতমত খেয়ে গেল আলতা। কৈফিয়ত কোথায় চাইছে সে?
“আমি কোনো কৈফিয়ত-টৈফিয়ত চাইনি।”

“তাহলে জিজ্ঞেস করলে কেন কোথায় ছিলাম? আমি যেখানে খুশি সেখানে থাকি, তাতে তোমার কী?”

“আমার অনেক কিছু! এই যে আপনি দেরি করে ফিরলেন, আমি লেন্স পরা অবস্থাতেই ঘুমিয়ে গেলাম। এখন মনে হচ্ছে চোখে কেউ মরিচ বাটা লাগিয়ে দিয়েছে! আর সেই মরিচ বাটা লাগিয়ে দেওয়া ব্যক্তিটি কে জানেন? সেই ব্যক্তিটি হলেন গিয়ে আপনি!”

কথার গতি বাড়তে লাগল আলতার। চোখের অস্বস্তিতে বারবার চোখের পাতা কাঁপছে, অথচ রাগের চোটে সেদিকেও খেয়াল নেই তার।

“আপনিই তো বলেছিলেন, চোখে লেন্স পরার জন্য কিংবা খোলার জন্য আপনার কাছে আসতে। এটা জানার পরেও যে লেন্স পরে ঘুমানো যাবে না, তারপরও আপনি সারারাত বাইরে কাটিয়ে ভোরবেলা এসে জিজ্ঞেস করছেন আমার তাতে কী? খুব ভালো! আপনি যখন আমার চোখ নষ্ট করার পরিকল্পনা করেই ফেলেছেন, তাহলে এই সমস্ত নাটক করার কী প্রয়োজন? নিন, আঙুল ঢুকিয়ে চোখদুটো নষ্ট করে ফেলুন।”

এক নিশ্বাসে এতগুলো কথা উগড়ে দিয়ে হাঁপাতে লাগল মেয়েটা। অন্যদিকে রঞ্জক পুরোপুরি হতবিহ্বল। কয়েক মুহূর্ত সে আলতার মুখের দিকে তাকিয়ে রইল। এইমাত্র কী হলো? সে কি স্বপ্ন দেখছে? নাকি বাস্তবেই মেয়েটা তাকে এতোগুলো কথা শুনিয়ে দিল? বুঝতে পারছে না।

আলতা উঠে দাঁড়াতেই রঞ্জকের দিকে তাকিয়ে ঝাঁজালো কণ্ঠে বলল,
“দাঁড়িয়ে আছেন কেন? নষ্ট করে ফেলুন আমার চোখ! এমনিতেও ভীষণ জ্বালাপোড়া করছে।”

রঞ্জক এবার ভালো করে আলতার মুখের দিকে তাকাল। লক্ষ্য করল আলতার চোখজোড়া মারাত্মক ফুলে গেছে; দৃষ্টিতে পানি জমে আছে। মুহূর্তেই রঞ্জক বুঝতে পারল এসব স্বপ্ন নয়। বাস্তবেই আলতা তার সামনে দাঁড়িয়ে আছে এবং বাস্তবেই তার চোখের এই অবস্থা হয়েছে।
সে হাত বাড়িয়ে আলতার চিবুক ধরে চোখ দুটো ভালো করে দেখতে চাইল। কিন্তু মাঝপথেই হাত থেমে গেল। বাইরে থেকে ফিরে এখনো ফ্রেশ হয়নি সে। হাতে জীবাণু লেগে থাকতে পারে। এই অবস্থায় চোখে হাত দিলে সংক্রমণের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না।

রঞ্জকের হাত মাঝপথে থেমে যেতে দেখে আলতা শাড়ির আঁচলে চোখের কোণে জমে থাকা পানি মুছে নিল। তারপর তাচ্ছিল্যের সুরে বলল,
“হ্যাঁ, হাতে দস্তানা পরে নিন আগে। নইলে নোংরা হয়ে যাবে না আপনার হাত?”

রঞ্জক তার কথার কোনো জবাব দিল না। বরং দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। পেছনে না তাকিয়েই বলল,
“ভেতরে এসো।”

আলতা অবশ্য সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকল না। দরজার সামনেই দাঁড়িয়ে রইল। রঞ্জক বেডরুমের দরজার কাছে গিয়ে থামল। তারপর পেছন ফিরে বলল,
“জুবার সঙ্গে দেখা করবে না?”

কথাটা শুনতেই আলতার মুখের অভিব্যক্তি বদলে গেল। এতক্ষণকার বিরক্তি ছাপিয়ে চোখেমুখে ফুটে উঠল জুবার সঙ্গে দেখা করার আকুলতা। আর এক মুহূর্তও অপেক্ষা না করে দরজার চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকে পড়ল সে।

কিন্তু চোখের সামনের দৃশ্য ক্রমশ ঝাপসা হয়ে আসায় কোন দিকে যেতে হবে, তা বুঝে উঠতে পারল না। হাত বাড়িয়ে আশপাশের আসবাবপত্রের অবস্থান আন্দাজ করতে করতে টালমাটাল পায়ে এগিয়ে যেতে লাগল।
আলতার এমন অবস্থা দেখে রঞ্জক নিজের ঘাড়ে হাত বুলিয়ে নিল। দেরি করে বাড়ি ফেরার কারণে নিজের ওপরই বিরক্তি জমল তার।

“দাঁড়াও!” রঞ্জকের কণ্ঠে থেমে গেল আলতা।

“ওখানেই দাঁড়িয়ে থাকো। আমি ফ্রেশ হয়ে এক্ষুণি আসছি।” বলেই ওয়াশ রুমের দিকে চলে গেল রঞ্জক।

এদিকে রঞ্জকের অনুপস্থিতিকে সুবর্ণ সুযোগ মনে হলো আলতার। এই ফাঁকে আলতা ঠিক করল সে জুবাকে নিয়ে পালিয়ে যাবে। চোখে ঝাপসা দেখলেও অনুমানের ওপর ভরসা করে বেডরুমের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সে।

কিন্তু কয়েক পা এগোতেই বিপত্তি ঘটল।
সোফার সঙ্গে পা আটকে ভারসাম্য হারিয়ে সোজা ফ্লোরের ওপর আছড়ে পড়ল আলতা।

“আহ্!”

ওয়াশরুমে দাঁড়িয়ে হাত ধুচ্ছিল রঞ্জক। আচমকা কিছু একটা পড়ে যাওয়ার বিকট শব্দের পরপরই আলতার আর্তনাদ কানে আসতেই দ্রুত বেরিয়ে এল সে।
ড্রয়িংরুমে এসে আলতাকে মেঝেতে হাঁটু চেপে ধরে বসে থাকতে দেখে রঞ্জকের মুখের ভাব বদলে গেল।

“তোমাকে না বলেছিলাম জায়গা থেকে না নড়তে? তারপরও কেন ছোটাছুটি করতে গেলে?”

আলতা কোনো উত্তর দিল না। মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাঁটু চেপে বসে রইল। চোখের অস্বস্তির ওপর নতুন করে হাঁটুর ব্যথা যোগ হয়েছে।

রঞ্জক দ্রুত হাত মুছে গ্লাভস পরে তার সামনে বসে পড়ল।

“দেখি, কোথায় লেগেছে।” বলতে বলতেই রঞ্জক আলতার পা ধরতে উদ্যত হতেই ষোড়শী ছিটকে দূরে সরে গেল।

“আপনাকে দেখতে হবে না।”

রঞ্জক চোখ তুলে তাকালো মেয়েটার দিকে। কয়েক মুহূর্ত চুপ থেকে আচমকাই আলতার পা ধরে নিজের দিকে টেনে আনল।

“ছাড়ুন! আমার পা ছাড়ুন বলছি!”

রঞ্জক চতুষ্পদী প্রাণীর মতো দুহাতে দুপাশের ফ্লোরে ভর দিয়ে আলতার মুখের ওপর ঝুঁকে পড়ল। আতঙ্কে শরীর কাঁপতে লাগল আলতার। চোখের সামনে ঝাপসা দৃশ্য, তার ওপর রঞ্জকের এমন একগুঁয়ে আচরণ—সব মিলিয়ে মেয়েটার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম।

রঞ্জক এবার আলতার চোখের দিকে তাকিয়ে ঠোঁট গোল করে আলতোভাবে ফুঁ দিতে লাগল। সম্ভবত চোখের অস্বস্তি কমানোর জন্যই এমনটা করল সে।
কিন্তু তাতে আলতার বিরক্তি কমার বদলে বেড়ে গেল। লোকটার মুখনিঃসৃত গরম বাতাসে চোখের অস্বস্তি যেন আরও বাড়ল তরতর করে। সে চোখ শক্ত করে বন্ধ করে চেঁচিয়ে উঠল,
“কী করছেনটা কী আপনি? আপনার মুখের গরম বাতাসে আমার চোখের জ্বালাপোড়া কমার বদলে উল্টো বেড়ে গেল! সরুন বলছি। আজব তো! আপনি আবার হঠাৎ এত ভালো মানুষি দেখাতে আসছেন কেন?”

রঞ্জকের মুখের গড়ন শক্ত হয়ে উঠল। আচমকা আলতার বাহু ধরে তাকে সোজা করে বসিয়ে চিবুক আঁকড়ে ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, “দেখি, চোখ খোলো।”

আলতা আরও শক্ত করে চোখ বুজে ফেলল। চিবুকের কাছে থাকা রঞ্জকের হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে সন্ত্রস্ত কণ্ঠে বলল,
“আপনি কি সত্যিই আমার চোখ নষ্ট করে ফেলতে চাইছেন নাকি?”

রঞ্জক নিজের রাগ সামলে দাঁতে দাঁত পিষে বলল,
“আমাকে কি তোমার পাগল মনে হয়? চোখ মেলো। আমি লেন্স খুলে দিচ্ছি। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, ওগুলো রিমুভ করা দরকার।”

আলতা তবুও চোখ খুলল না। বরং রঞ্জকের হাতটা আরও শক্ত করে আঁকড়ে ধরল। রঞ্জক চাইলেই জোরাজুরি করতে পারতো। কিন্তু জোর করে চোখ খুলতে গেলে মেয়েটা ব্যথা পাবে সেটা নিশ্চিত। তাই কয়েক মুহূর্ত ভেবে সে অন্য একটা উপায় বের করল।

“ঠিক আছে, আমাকে বিশ্বাস না হলে ধারাকে কল দিচ্ছি। ভেবে দেখো, এই সাতসকালে ধারাকে ডেকে আনতে হলে কিন্তু আজকে আর জুবার সঙ্গে দেখা করতে পারবে না তুমি।”

আলতার ছটফটানি থেমে গেল। ঢোক গিলে গলা ভিজিয়ে সজোরে চেপে ধরল রঞ্জকের হাতটা। তারপর পিটপিট চোখে চাইলো তার দিকে। ঝাপসা চোখে রঞ্জকের গম্ভীর মুখটা এতোটা কাছে দেখে নিঃশ্বাস আটকে এলো তার।

লেন্স রিমুভার ব্যবহার করে অত্যন্ত সাবধানে আলতার চোখ থেকে লেন্স দুটো খুলে দিল রঞ্জক। পুরোটা সময় মেয়েটা অজান্তেই তার হাতের ওপর নিজের নখ দাবিয়ে দিয়েছে বেশ কয়েকবার। অথচ রঞ্জক একবারের জন্যও হাত সরিয়ে নেয়নি; এমনকি মুখে ব্যাথার ছাপটুকুও ফুটতে দেয়নি।

লেন্স খোলা শেষ হলে ভেজা টিস্যু দিয়ে আলতার চোখের চারপাশটা আলতো করে মুছে দিল সে।

“হয়েছে, এবার সরুন আমার ওপর থেকে। মানুষ তো নন আপনি, যেন আস্ত একটা জলহস্তি! আমার দম বেরিয়ে যাচ্ছে।”

আলতার অভিযোগ শুনে রঞ্জক নিজের অবস্থানের দিকে একবার তাকাল। আসলেই কি সে জলহস্তির মতো ভারী? অথচ সে তো মেয়েটার ওপর একেবারেই ভর দেয়নি। কেবল আলগাভাবে ঝুঁকে ছিল। এমনকি তাদের শরীরও পরস্পরকে স্পর্শ করছে না।

রঞ্জক চাপা গলায় বলল,
“তোমার কি মনে হচ্ছে না, আজকে তুমি একটু বেশিই বকবক করছ?”

তার কথা শুনে আলতার ভ্রূ কুঁচকে গেল।
“আমি কোথায় বেশি কথা বললাম? আপনি সরে গেলেই তো হয়।”

রঞ্জক শেষ পর্যন্ত তার ওপর থেকে সরে গেল। বিড়বিড়িয়ে বলল, “ভেরি গুড! বিয়ের ছাব্বিশ দিন মুখে কুলুপ এঁটে থাকতে সক্ষম হয়েছো। ওয়েল ডান।”

আলতা থমকে গেল। কথাটার অর্থ যেন ঠিক বুঝে উঠতে পারল না। রঞ্জক উঠে দাঁড়িয়ে তার দিকে আড়চোখে তাকিয়ে ফের বিড়বিড়াল,
“বাসর রাতে যেভাবে মুখ বুজে ন্যাকা সেজে ছিলে, মনে হচ্ছিল ভাজা মাছ উলটে খেতেও জানো না। আর এখন তোমার কথা শুনে মনে হচ্ছে মাছ তোমার ভীষণ প্রিয়! তোমার চেয়ে ভালো মাছ বেছে আর কেউ খেতে পারে না।”

এমন ব্যঙ্গাত্মক কথাগুলো শুনে আলতার মুখটা মুহূর্তেই চুপসে গেল। এতক্ষণকার বিরক্তি যেন কোথায় মিলিয়ে গেল। মেয়েটার বদলে যাওয়া অভিব্যক্তি লক্ষ্য করে রঞ্জক আবারও খোঁচা দিল।

“কী হলো? চুপ হয়ে গেলে কেন? গলায় কাঁটা আটকে গেল নাকি?”

আলতা মাথা নিচু করে একভাবে বসে রইল। কোনো প্রত্যুত্তর করল না। মেয়েটার এমন নীরবতা দেখে রঞ্জকের ঠোঁটের বাঁকে ফুটে ওঠা তাচ্ছিল্যের হাসিটুকু কর্পূরের মতো উবে গেল।

সে আর কথা না বাড়িয়ে দীর্ঘ পদক্ষেপে এগিয়ে গিয়ে একটা ফার্স্ট এইড বক্স নিয়ে এল। তারপর আবার বসে পড়ল আলতার সামনে।

আলতার পা পরীক্ষা করার জন্য হাত বাড়াতেই মেয়েটা বলে উঠল,
“আপনি আমাকে যতটা না ঘৃণা করেন, আমি আপনাকে তার চেয়েও বেশি ঘৃণা করি। তাই এই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানেই হয় না। এক কাজ করুন, আপনি তালাকনামা নিয়ে আসুন। আমি সই করে দিচ্ছি। বিনিময়ে শুধু জুবাকে ফিরিয়ে দিলেই হবে।”

কথাটা শুনে রঞ্জকের দৃষ্টি অকস্মাৎ তীক্ষ্ণ হয়ে উঠল। চশমার আড়ালে থাকা তার ধূসর চোখের সেই জ্বলন্ত দৃষ্টি সম্পর্কে আলতা অবগত হলো না। কারণ সে তার দিকে না তাকিয়েই প্রস্তাবটি রেখেছে।

রঞ্জক কোনো জবাব না দিয়ে ফার্স্ট এইড বক্স খুলতে লাগল। তার উত্তর না পেয়ে আলতা ফের বলল, “আপনি হয়তো আপনার বাবার চাপে পড়ে আমাকে তালাক দিতে পারছেন না। যা আপনাকে অশান্তি দিচ্ছে। আপনি তালাকনামা আনলে আমি সই দিয়ে দেবো। আপনার বাবা জানতেও পারবে না।”

রঞ্জক মুখ তুলে তাকাল। তার দৃষ্টিতে এমন এক শীতলতা, যা দেখে অন্য যে কেউ হয়তো দ্বিতীয়বার কথা বলার সাহস পেত না। কিন্তু আলতা তখনো নিজের খেয়ালে মগ্ন।

কিছুক্ষণ পর আবার ফার্স্ট এইড বক্সে চোখ নামিয়ে রঞ্জক ঠোঁট নেড়ে বলল,
“তারপর? তারপর কি তাদের কাছে ফিরে যাওয়ার প্ল্যান করেছ, যারা তোমাকে সামান্য কিছু টাকার লোভে একটা বৃদ্ধ লোকের কাছে বিক্রি করে দিতে চেয়েছিল?”

“আমি কোথায় যাবো সেটা না জানলেও আপনি কোথায় যাবেন সেটা আমি খুব ভালো করে জানি।”

রঞ্জকের হাত থেমে গেল। এইদফায় সেও আলতার ভঙ্গিতে তার দিকে না তাকিয়েই বিড়বিড়াল, “কী জানো তুমি?”

“এটাই যে আমাকে তালাক দিয়ে আপনি আপনার প্রেমিকার কাছে যাবেন। আর তাকে বিয়ে করে ঘরে তুলবেন।”

রঞ্জক চমকে তাকাল আলতার দিকে। আলতাও এবার চোখে চোখ রাখল তার। দৃষ্টি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। চারপাশ কিছুটা ঝাপসা দেখালেও রঞ্জকের মুখের অভিব্যক্তির আকস্মিক পরিবর্তনটুকু ধরা পড়ল তার চোখে। তবুও সে থামল না।

“যার সঙ্গে আপনি সারাটা রাত কাটিয়ে এসেছেন। যার কাছে আপনাকে দেওয়ার মতো এমন কিছু আছে, যা আমি আপনার স্ত্রী হয়েও দিতে অক্ষম।”

আলতার কথাটা শেষ হতেই রঞ্জকের মুখের রং বদলে গেল। এতক্ষণকার গম্ভীর মুখশ্রীতে এবার লালিমা ছড়িয়ে পড়েছে। তার চোখের দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে উঠল।
আর আলতা?
সে তখনো নির্বিকারভাবে রঞ্জকের দিকে তাকিয়ে। যেন নিজের বলা কথাগুলোর ভয়াবহতা সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই।

চলবে…

শব্দসংখ্যা: ৩৫০০+

(আজকের পর্বটায় একটু বেশি বেশি রেসপন্স করবেন পাঠক। একটানা অনেকগুলো পর্ব লিখে ফেলতে চাই। রিচেক করার সময় পাইনি। কোথাও ভুলত্রুটি নজরে এলে ধরিয়ে দিবেন।)

Share On:

TAGS: ,



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 

0 Responses

Leave a Reply