কালারব্লাইন্ড পর্ব ২২
#সোফিয়া_সাফা
রঞ্জকের কথা শুনে আরিজ মাহতাবির অপ্রস্তুত ও অস্বস্তিতে পড়ে গেলেন। পরিস্থিতি দ্রুত সামাল দিতে তিনি তাড়ার সুরে বলে উঠলেন,
“তাহলে তো মিটেই গেল, ফারিশ এবার চলো।”
“দাঁড়াও চাচ্চু।” ফারিশ অনড় রইল। একবার আলতার মলিন মুখের দিকে তাকিয়ে সে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল রঞ্জকের দিকে।
“ভাইয়া প্রথম দিন আলতাকে যেভাবে ঘর থেকে বের করে দিয়েছিল, তারপর সেদিন ওর চুল কালো করে দিয়ে চোখের এত বড় ক্ষতি করল। এরপরও কি তোমার মনে হয় না, আজকে ভাইয়ার এভাবে বিনা আপত্তিতে জুবার সঙ্গে দেখা করতে দেওয়াটা ভীষণ সাসপিশাস?”
আরিজ মাহতাবির আর কী বলবেন! ব্যাপারটা তার নিজের কাছেও খুব একটা সুবিধাজনক ঠেকছে না।
“তুই ঠিক কী বলতে চাইছিস, ফারিশ?” রঞ্জকের প্রশ্নের জবাবে ফারিশ বলল, “বলতে আমি কিছুই চাইছি না, ভাইয়া। শুধু জানতে চাইছি, তুমি কেন আলতার পাখিটাকে আটকে রেখেছ? ওকে পাখিটা ফিরিয়ে দিলেই তো হয়।”
“আমি কী করব, আর কী করব না, সেই ব্যাপারে তোর সাজেশন চাইনি। পাখিটা আমার ভালো লেগেছে, তাই নিজের কাছে রেখেছি।” রঞ্জকের নির্লিপ্ত জবাবে ফারিশের বিরক্তি আরও বাড়ল।
“তুমি এভাবে ওর পাখিটা নিজের কাছে রাখতে পারো না। একবার ভেবে দেখো, তোমার মাছগুলোকে কেউ যদি তোমার কাছ থেকে নিয়ে যায়, কেমন লাগবে তোমার? আলতার কাছেও জুবা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ, যতটা তোমার কাছে তোমার মাছগুলো।”
“বললাম তো, জুবাকে আমার ভালো লেগেছে। আমি ওকে ফিরিয়ে দিতে পারব না।”
বিরক্তিতে ফারিশের চোখেমুখে ভাঁজ পড়ল।
“তো? আমি যদি বলি, তোমার মাছগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, তুমি কি সেগুলো আমাকে দিয়ে দেবে?”
“বারবার আমার মাছেদের টানবি না। আমি জুবাকে ফিরিয়ে দিতে পারি, তবে এক শর্তে। এএম যদি নিজে দায়িত্ব নিয়ে আমার ডিভোর্সের ব্যবস্থা করে, তাহলেই।”
কথাটা শুনে আলতা বিষণ্ণ চোখে তাকাল আরিজ মাহতাবিরের দিকে। দৃষ্টিতে যেন একটাই আকুতি—যেকোনো মূল্যে সে জুবাকে ফিরে পেতে চায়। কিন্তু আলতার সেই আকুল দৃষ্টির সামনে পড়ে আরিজ মাহতাবির দ্বিধায় পড়ে গেলেন। হাতঘড়ির দিকে তাকিয়ে অস্বস্তি আড়াল করার চেষ্টা করলেন।
“I have to go. তোমরা ব্রেকফাস্ট করে নিও। আমার দেরি হয়ে যাচ্ছে।” কথাটা বলেই আর দাঁড়ালেন না তিনি। দ্রুত পায়ে সেখান থেকে চলে গেলেন।
আরিজ মাহতাবিরকে চলে যেতে দেখে আলতাসহ উপস্থিত বাকিরাও বুঝতে পারল, ছেলের ডিভোর্সের ব্যবস্থা করতে তিনি কোনোভাবেই রাজি নন। এসবের মাঝে রঞ্জকের ঠোঁটের কোণে ক্ষীণ একটি বাঁক ফুটে উঠলেও সে কাউকে তা দেখার সুযোগ দিল না।
ফারিশ আবারও রঞ্জকের দিকে তাকাল।
“তুমি ডিভোর্সের ব্যবস্থা করো, ভাইয়া। চাচ্চু যাতে বাধা দিতে না পারে, সেই ব্যবস্থা আমি করব।”
রঞ্জকের ভ্রূ কুঁচকে এল। দু-আঙুল দিয়ে কপাল চুলকে নিয়ে বলল, “বাধাটা উনি আসল জায়গাতেই দেবে। সামনে ইলেকশন, আমি এএমকে বিশ্বাস করি না। ডিভোর্স দিতে গেলে উনি নিশ্চয়ই আমার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবেন।” কথাটা শেষ করেই রঞ্জক দরজাটা ফারিশের মুখের ওপর বন্ধ করে দিল।
ফারিশের দৃষ্টি এবার নরম হয়ে এল। সে আলতার দিকে তাকাল। মেয়েটি তখনো মাথা নিচু করে দাঁড়িয়ে। নীরবে চোখের পানি মুছে নিচ্ছে। ফারিশের বুঝতে বাকি রইল না, রঞ্জকই আলতাকে লেন্স পরতে বাধ্য করছে। শুধু তা-ই নয়, প্রতিটি পদক্ষেপে মেয়েটাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলার চেষ্টা করছে।
ভাবনাটা ফারিশের ভেতর এক কঠিন সিদ্ধান্তের জন্ম দিল। মনে মনে স্থির করল, ‘যত দ্রুত সম্ভব আলতার জন্য এমন কাউকে খুঁজে বের করতে হবে, যে ওর অতীত জেনেও ওকে ভালোবেসে বিয়ে করতে রাজি হবে।’
ধারা এবার আলতার দিকে ফিরে কোমল স্বরে বলল,
“যাও, তুমি হাত-মুখ ধুয়ে নাশতা করতে চলে এসো।”
আলতা নীরবে মাথা নেড়ে নিজের ঘরের দিকে চলে এল।
এতক্ষণ কীভাবে নিজেকে সামলে রেখেছিল, সে নিজেও জানে না। কিন্তু এখন রঞ্জক তার গায়ের ওপর বমি করে দিয়েছে—কথাটা মনে হতেই ঘৃণায় তার সমস্ত শরীর শিউরে উঠল। আর এক মুহূর্তও নয়। এখনই গোসল করতে হবে তাকে।
শাওয়ার সেরে ডাইনিং টেবিলে আসতেই আলতা খেয়াল করল, ফারিশ নেই। হয়তো ভার্সিটিতে চলে গেছে। অথচ তাঁরা তো দিব্যি উপস্থিত।
আলতা বেশি কিছু ভাবতে পারল না তার আগেই ধারা বলে উঠল, “আরে আলতা! তোমাকে তো আমি শুধু হাত-মুখ ধুয়ে আসতে বলেছিলাম। তুমি তো দেখছি একেবারে শাওয়ার নিয়েই চলে এলে!”
ধারার কথায় ডাইনিং টেবিলে উপস্থিত সবাই একযোগে তাকাল আলতার দিকে। হঠাৎ এমন মন্তব্যের অর্থ ঠিক বুঝে উঠতে পারল না ষোড়শী। কী বলবে বুঝতে না পেরে সরল দৃষ্টিতে তাকাল ধারার দিকে, যেন তার কাছ থেকেই কোনো ব্যাখ্যা পাওয়ার আশা করছে। চোখের ফোলা ভাব এখনো কমেনি তার। বরং চোখের কার্নিশ ঘেঁষে থাকা লালচে, ফোলা অংশগুলো আরও স্পষ্ট হয়ে উঠেছে।
ধারা চেয়ার টেনে বসে পড়ল। তারপর ঠোঁট টিপে বলল, “ওহ হো! আমি তো ভুলেই গিয়েছিলাম। কিছুক্ষণ আগেই তোমাকে আরএমের ঘর থেকে উদ্ধার করা হয়েছিল। সেই হিসেবে শাওয়ার নেওয়াটাই তো স্বাভাবিক!”
কথাটা কানে যেতেই আলতা হতবিহ্বল হয়ে পড়ল। আরজু বেগম যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারলেন না।
“ও রঞ্জুর ঘরে ছিল?”
ধারা বেশ স্বাভাবিক ভঙ্গিতেই উত্তর দিল,
“হ্যাঁ। আমি, ফারিশ আর চাচ্চু হাতেনাতে ধরেছি ওদের।”
মেয়ের কথার ধরন শুনে সালিহা খাতুন ধমকে উঠলেন,
“এসব কোন ধরনের ভাষা, ধারা? হাতেনাতে ধরার কী আছে? ওরা স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা নয়, বুঝলি? একটু মুখ সামলে কথা বল।”
আলতা ইতস্তত করে হকচকানো কণ্ঠে বলে উঠল,
“আমি তো প্রতিদিন সকালেই গোসল করে ফেলি…।”
ধারা সঙ্গে সঙ্গে তার কথার রেশ ধরে বলল,
“হ্যাঁ, সেটাই তো! আজ অবশেষে বুঝতে পারলাম, সকাল সকাল আমাদের আলতারাণীর শাওয়ার নেওয়ার এত তাড়া থাকে কেন!”
“ধ-ধারা আপু!”
“হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি আলতারাণী। আর লজ্জায় অমন লাল টমেটো হয়ে যেতে হবে না।”
আলতার ইচ্ছে করছিল, এই মুহূর্তে কোথাও অদৃশ্য হয়ে যেতে! কী বলবে সে? কীভাবেই-বা বোঝাবে সবাইকে? লজ্জায় তার চোখ দুটো ভিজে উঠল। বুকের ভেতরটাও কেমন যেন ভারী ভারী হয়ে আসছে। অথচ এই ভুল ধারণাটা ভাঙার মতো কোনো যথোপযুক্ত শব্দই যেন খুঁজে পাচ্ছে না সে।
এরই মধ্যে মালেকা বেগম নিজেকে সামলে নিয়ে বললেন,
“গুঞ্জন আসুক আজ। ও এলেই আমি যত তাড়াতাড়ি সম্ভব ওর আর তাঁরার বিয়ে দিয়ে দেব। রঞ্জকও বলিহারি! একটু সবুর করতে পারছে না। সবকিছুতেই বড় ভাইকে হিংসা করার স্বভাবটা আর গেল না ওর!”
কথাটা শুনে আলতার মুখটা অজান্তেই ছোট হয়ে এল। এত স্পর্শকাতর একটা বিষয় নিয়ে সবাই কেন এভাবে খোলামেলা মন্তব্য করছে, সেটাই তার বোধগম্য হলো না।
তাঁরা খানিকটা বিরক্তির সুরে বলে উঠল,
“থামো না, মা! অবশেষে সে ফিরে আসছে, এটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। তুমি আমার মুড খারাপ করে দিও না তো!”
মালেকা বেগম অবশ্য থামলেন না। তবে এবার গলার স্বর কিছুটা নামিয়ে বললেন,
“রঞ্জকের স্বভাবটা পুরোপুরি ওর বাপের মতো হয়েছে। সেদিন আমি সবকিছু খুলে বলার পরও নিজেকে একটু কন্ট্রোলে রাখতে পারছে না। শুধু মুখেই বলে বেড়ায়, বউ মানে না। অথচ কাজের কাজ ঠিকই আদায় করে নিচ্ছে!”
কথাগুলো শ্রবণগোচর হতেই আলতা আর কারও দিকে মুখ তুলে তাকাতে পারল না। হাতের রুটির টুকরোটা কখন যে গলার কাছে এসে আটকে গেছে, সে নিজেও টের পায়নি। শেষমেশ ঢোক গিলতে না পেরে পানি দিয়ে কোনোমতে নামাতে হলো।
পরিস্থিতি যে ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠছে, তা বুঝতে পেরে ধারা দ্রুত প্রসঙ্গ পাল্টে ফেলল।
“আজ রাতে সব খাবার জিএমের ফেভারিট হবে। আহ্! পুরো দুই মাস পর ভাইটাকে দেখব। ভাবতেই কেমন ইমোশনাল হয়ে পড়ছি!” কথা বলতে বলতেই হাতের উল্টো পিঠ দিয়ে গাল মুছল ধারা।
তার এমন অভিব্যক্তি দেখে তাঁরা হেসে উঠল।
“তোর কাল্পনিক চোখের জল খাবারে ফেলিস না, আপু। লবণ বেশি হয়ে যাবে!”
আলতা লক্ষ্য করল, তাঁরা শব্দ করে হাসছে। মেয়েটাকে এভাবে প্রাণ খুলে হাসতে সে আগে কখনো দেখেনি।
ধারা মুখ ভেঙিয়ে বলল,
“ওই! এবার কিন্তু সত্যিই তোর বিয়ে হয়ে যাবে। একটু অন্তত ভালো বিহেভ কর, যাতে বিদায় দেওয়ার সময় কাল্পনিক জল হলেও ফেলতে পারি!”
“প্রয়োজন পড়বে না, আপু। কারণ আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি একই হবে। তোর মতো আমার জামাইকে ঘরজামাই হয়ে থাকতে হবে না!”
কথাটা শেষ হতেই ডাইনিং টেবিলজুড়ে নেমে এল অস্বস্তিকর নীরবতা।
তাঁরা বুঝতে পারল, খোঁচা দিতে গিয়ে একটু বেশিই বলে ফেলেছে। আলতা আড়চোখে তাকাল ধারার দিকে। এই তো কিছুক্ষণ আগেও যে মেয়েটা হাসি-ঠাট্টায় পুরো টেবিল মাতিয়ে রেখেছিল, তার মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটুকুও যেন মিলিয়ে গেল নিঃশব্দে। তবু ধারা কোনো প্রত্যুত্তর করল না।
সালিহা খাতুন মেয়ের হয়ে প্রতিবাদ করতে চাইলেন বটে, কিন্তু উপযুক্ত কোনো জবাব খুঁজে পেলেন না। আলতার খারাপ লাগলো ধারার জন্য, এতোক্ষণ তাকে নিয়ে এতো আজেবাজে কথা বলা হলেও তার ততোটা গায়ে লাগেনি যতোটা এখন লেগেছে। ধারার মুখের হাসিটুকু মুছে যেতে দেখে মনগহীনে কেমন যেন একটা অচেনা বিষণ্ণতা জমল তার। কেন এমন হলো তা নিজেও বুঝতে পারল না আলতা।
কিছুক্ষণ পর।
আলতা সবেমাত্র ব্রেকফাস্ট সেরে নিজের ঘরে ফিরেছে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। শাড়ির আঁচলটা একটু গুছিয়ে নিয়ে দরজা খুলতেই সামনে গৃহকর্মী তাসলিকে দেখতে পেল সে।
তাসলি প্রথমেই আলতার স্নিগ্ধ মুখখানার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। মেয়েটাকে তার এমনিতেই ভীষণ ভালো লাগে। সেই ভালো লাগার ছাপ তার কথাবার্তা ও বাচনভঙ্গিতেও ফুটে ওঠে।
“কিছু বলবেন?” আলতা ধীর স্বরে জানতে চাইল।
তাসলি নিজের হাতে থাকা একটি বক্স আলতার দিকে এগিয়ে দিয়ে বললেন,
“এটা মেজো সাহেব আপনাকে দিতে বলেছেন।”
জিনিসটা কী, কিংবা কী কাজে লাগবে, তা জানার বিন্দুমাত্র আগ্রহও দেখাল না আলতা। রঞ্জক পাঠিয়েছে শুনতেই তার নাসারন্ধ্র স্ফীত হয়ে উঠল।
“আমি এটা নিতে পারব না। আপনি বরং উনাকে ফিরিয়ে দিয়ে আসুন।”
তাসলির চোখেমুখে ভয়ের ছাপ ফুটে উঠল।
“কেন নেবেন না, সাহেবা?”
“যার-তার দেওয়া জিনিস এখন আর আমি নিই না।”
“এসব কী বলছেন, সাহেবা? উনি তো আপনার স্বামী হন!”
আলতার ভেতরে জমে থাকা রাগটা মুহূর্তেই মাথাচাড়া দিয়ে উঠল। তবু নিজেকে যথাসম্ভব সংযত রেখে বলল,
“উনি যে আমাকে স্ত্রী হিসেবে মানেন না, সেটা কি আপনারা জানেন না?”
তাসলি এবার মাথা নিচু করে নিলেন। কিছুটা ইতস্তত করে বললেন,
“জানি। কিন্তু উনি না মানলেও আপনি তো মানেন, তাই না?”
তাসলির কথায় আলতার চোখে বিস্ময় ফুটে উঠল। মুহূর্তের জন্য সে চুপ করে রইল। তারপর কথাটার তাৎপর্য উপলব্ধি করতেই নিজের ভেতর কেমন একটা বোধ জেগে উঠল।
ঠিকই তো! লোকটা সারাক্ষণ গলা উঁচিয়ে বলে বেড়ায়, সে তাকে স্ত্রী হিসেবে মানে না। অথচ আলতা নিজে কখনো এমন কিছু বলেনি। কিন্তু কেন? তারও তো নিজের অবস্থানটা স্পষ্ট করা প্রয়োজন। প্রথম দিকে নিজের অবস্থান সম্পর্কে সে নিজেই পরিষ্কার ছিল না। কিন্তু এখন? এখন তো সে বেশ ভালো করেই জানে, এই সম্পর্কের মানদণ্ডে তার অবস্থান কোথায়!
“শুনুন খালা, উনি যেমন আমাকে মানেন না, আমিও তেমনি উনাকে মানি না।”
আলতার মুখে এমন কথা শুনে তাসলি রীতিমতো হতবাক হয়ে গেলেন।
“এগুলো বলবেন না, সাহেবা।”
“কেন? কেন বলব না, হ্যাঁ? উনি যখন বলে বেড়ান, তখন তো আপনারা উনাকে কিছুই বলেন না। উনি বললে ভালো লাগে? আর আমি বললে খুব খারাপ শোনায়, তাই না?”
তাসলি ঢোক গিললেন।
“আমরা ওনাকে কী বলতে পারি, সাহেবা? উনি যে ভীষণ রাগী মানুষ! ওনাকে দেখলেই আমার ভয় করে।”
“ঠিক আছে, আপনাদের কিছু বলতে হবে না। কিন্তু আমাকেও এসব বোঝাতে আসবেন না। উনি আমাকে মানেন না, আমিও উনাকে মানি না। শোধবোধ!”
তাসলি একটু থেমে বললেন,
“উনি পুরুষ মানুষ, সাহেবা। উনি বললে সত্যিই অতটা খারাপ শোনায় না। কিন্তু আপনার মুখে কেমন যেন মানাল না কথাটা।”
আলতা এবার থম মেরে গেল। তাসলি হালকা হেসে আবারও বললেন,
“ক্ষমা করবেন, সাহেবা। আমি জানি, আপনাকে আমার এসব বলা সাজে না। তবুও কী জানেন, আপনার মতো আমারও একটা মেয়ে আছে। তাই হয়তো নিজের অজান্তেই এভাবে বলে ফেলি। কিছু মনে করবেন না।”
আলতা দীর্ঘশ্বাস ফেলল। তারপর ঠোঁটে সামান্য হাসি ফুটিয়ে বলল,
“ক্ষমা চাইতে হবে না, খালা। আমরা তাকেই কিছু বলি, যাকে নিজের মনে করি। শুধু একটা অনুরোধ, উনার দেওয়া কোনো কিছু আমাকে নিতে বলবেন না।”
তাসলি এবার হাতে থাকা বক্সটার দিকে তাকিয়ে বললেন,
“সাহেবা, এটার মধ্যে প্রাথমিক চিকিৎসার কিছু সরঞ্জাম আছে। সাহেব নিশ্চয়ই এমনি এমনি পাঠাননি। আপনি কি কোথাও চোট পেয়েছেন?”
আলতা স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে উত্তর দিল,
“হ্যাঁ, পেয়েছি।”
“আপনি যদি নিজের ক্ষতটা আমাকে দেখান, তাহলে আমি সেখানে মলম লাগিয়ে দিয়ে তারপর বক্সটা ওনাকে ফিরিয়ে দিয়ে আসব। এতে আপনাকেও আর এটা রাখতে হবে না, আর আমাকেও সাহেবের কাছে মিথ্যা বলতে হবে না।”
আলতার ঠোঁটে তিক্ততার আভাস ফুটে উঠল।
“উনি আমার এমন একটা জায়গায় ক্ষত তৈরি করেছেন, যেটা এই মলমে সারবে না।”
তাসলি তার কথার অর্থ বুঝতে পারলেন না। বিস্মিত হয়ে প্রশ্ন করলেন,
“কী বললেন, সাহেবা? উনি আপনাকে আঘাত করেছেন নাকি?”
আলতা যেন মুহূর্তেই নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এল। মাথা নেড়ে বলল,
“বাদ দিন। আপনি উনাকে গিয়ে বলবেন, আমার ক্ষত নিয়ে উনাকে ভাবতে হবে না।”
তাসলির মুখটা মুহূর্তেই ফ্যাকাসে হয়ে গেল। তার অভিব্যক্তি দেখেই বোঝা গেল, সাহেবের সামনে গিয়ে এমন কথা বলার সাহস তার নেই।
আলতাও আর তাকে বিব্রত করতে চাইল না।
“থাক, আপনাকে কিছুই বলতে হবে না। আপনি এখন যান এখান থেকে। আর কখনো উনি কিছু দিলে আমার কাছে না এনে সোজা ময়লার ঝুড়িতে ফেলে দেবেন।”
তাসলি আর জোর করার সুযোগ পেলেন না। হাতে থাকা বক্সটা নিয়ে মনস্তাপে ভারাক্রান্ত হয়ে ফিরে গেলেন। রঞ্জককে মিথ্যা বলতে হবে ভেবে তার নিজের কাছেই খারাপ লাগছে। কিন্তু এ ছাড়া উপায়ই-বা কী? সে গিয়ে বলে দেবে আলতা মেডিসিন লাগিয়ে নিয়েছে।
বিকেলবেলা।
আলতা তখন টেবিলে বসে বই পড়ছিল। ইরা স্কুল থেকে ফিরে ঘুমিয়েছে, সেই ঘুম এখনো ভাঙেনি। ফলে আজ আর তার সঙ্গে খেলাধুলার কোনো তোড়জোড়ও নেই। সকালের মতো দুপুরের খাবারের টেবিলেও রঞ্জকের দেখা পায়নি আলতা। লোকটা যে কোথায় থাকে, কোথায় যায়, তা নিয়ে ভাবারও যেন কোনো প্রয়োজন বোধ করে না সে।
এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো।
আলতা অলস পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলতেই সামনে ধারা আর ইরাকে দেখতে পেল।
“মিমু, তুমি সবসময় দরজা লাগিয়ে রাখো কেন গো? আমার না খুব ইচ্ছা করে, হুট করে এসে তোমাকে চমকে দেব। কিন্তু সেটা আর হয়েই উঠছে না!”
ইরার আফসোসভরা কথার জবাবে আলতা তাকে নিজের দিকে টেনে নিল। মিষ্টি করে হেসে বলল,
“বুঝলে, ইরা? আমার না দরজা লাগিয়ে রাখার অভ্যাস হয়ে গেছে। দরজা খুলে রাখলে কেমন যেন অস্বস্তি লাগে।”
ধারা মৃদু হেসে বলল,
“কে এসেছে দেখবে চলো।”
আলতা মনে মনে অনুমান করে নিল, বাড়ির বড় ছেলে ‘গুঞ্জন মাহতাবির’ এসে পড়েছে। ভাবনাটা মাথায় আসতেই তার ভেতরটা কেমন অস্বস্তিতে ভরে উঠল। একটু ইতস্তত করে প্রশ্ন করল,
“আমাকে কি যেতেই হবে?”
ধারা ভ্রূ কুঁচকে কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। তারপর আলতার বাহু আঁকড়ে ধরে বলল,
“এটাও কোনো প্রশ্ন হলো? তোমার একমাত্র ভাসুর এসেছে, আর তুমি যাবে না? ও তো এসেই তোমার কথা জিজ্ঞেস করেছে।”
আলতার অস্বস্তি যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। যেখানে তার স্বামীই তাকে স্ত্রী হিসেবে স্বীকার করে না, সেখানে ভাসুর-টাসুর সম্পর্কের আদৌ কোনো অর্থ আছে কি না, তা নিয়েই তার মনে প্রশ্ন জাগল।
“আমার কথা জিজ্ঞেস করেছেন?”
“বাড়ে! করবে না কেন? ছোট ভাইয়ের বউ বলে কথা। বিয়ের এক মাস পেরিয়ে গেল, অথচ সামনাসামনি দেখাই হলো না। ওর কি একবার তোমাকে দেখতে ইচ্ছে করবে না?”
কথা শেষ করেই ধারা আলতার হাত ধরে হাঁটা শুরু করল।
“চলো তো। গিয়ে নিজের ভাসুরের সঙ্গে পরিচিত হও।”
আলতা আর কিছু বলার সুযোগই পেল না। ধারা তাকে সঙ্গে নিয়ে নিচতলার লিভিং রুমে চলে এল।
দূর থেকেই আলতা দেখতে পেল, সোফায় বসে আছেন একজন অপরিচিত পুরুষ। তার পাশে ফারিশ, ইভান ও আরিজ মাহতাবির উপস্থিত। নিজেদের মধ্যে বেশ জমিয়ে কথা বলছেন তারা। বাড়ির অন্য সদস্যরাও কমবেশি সেখানে আছে। শুধু বরাবরের মতোই অনুপস্থিত রঞ্জক।
আলতা বুঝে পায় না, লোকটা এতটা বিমুখ কেন! বাড়ির সবাই যখন এক জায়গায় উপস্থিত থাকে, তখনও তার দেখা পাওয়া ভার। একই ছাদের নিচে থেকেও মানুষটা যেন আলাদা এক জগতে বাস করে।
ধারার সঙ্গে এগিয়ে গেল আলতা। একেবারে সামনে পৌঁছাতেই ধারা বেশ উৎসাহ নিয়ে পরিচয় করিয়ে দিল,
“এই যে, দেখ! নতুন বউকে নিয়ে এসেছি।”
গুঞ্জন মুখ ফিরিয়ে আলতার দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হলো।
আলতা সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে তাকিয়ে কিছুটা বিস্মিত হলো। বেশ লম্বা-চওড়া গড়নের সুদর্শন একজন মানুষ। চোখজোড়া হালকা বাদামি রঙের। পরনে ভেস্টকোট, কবজিতে দামি ঘড়ি। চুলগুলো খানিকটা লম্বা, অথচ খাড়া খাড়া করে সাজানো। মুখে দাড়ি-গোঁফের লেশমাত্র নেই, একেবারে ক্লিন শেভ করা।
লোকটিকে দেখে এক মুহূর্তের জন্যও মনে হলো না, তিনি রঞ্জকের বড় ভাই। অন্তত আলতার কাছে দুজনের চেহারা কিংবা ব্যক্তিত্বের মধ্যে কোনো মিলই ধরা পড়ল না।
গুঞ্জন একদৃষ্টে তার দিকে তাকিয়ে আছে দেখে আলতা দ্রুত চোখ নামিয়ে নিল। শাড়ির আঁচলটা মুঠোয় শক্ত করে চেপে ধরে মৃদু স্বরে বলল,
“আসসালামু আলাইকুম।”
পাশ থেকে মালেকা বেগম সঙ্গে সঙ্গে ফোড়ন কাটলেন,
“আমি ঠিক শুনলাম তো? তোমার মা তোমাকে সালাম দিতেও শিখিয়েছে? তা, কয়েক দিন আগে যে এসেছিল, তখন নিশ্চয়ই শিখিয়ে গেছে? যাক, আমার কথায় তাহলে ধরেছিল তাকে!”
আলতা এমনিতেই অস্বস্তিতে জড়োসড়ো হয়ে ছিল। মালেকা বেগমের কথায় এবার যেন আরও গুটিয়ে গেল সে। গুঞ্জন ছোট চাচির দিকে মুখ ফেরাতেই মালেকা বেগম বিস্তর হেসে আবারও বলতে শুরু করলেন,
“জানত না তো, রঞ্জকের বউ সালাম দিতে জানত না! বিয়ের পর যেদিন এ বাড়িতে এসেছিল, সেদিন কাউকে একটা সালাম পর্যন্ত দেয়নি। এখনো দিত না। ওই আমিই ওর মাকে বুঝিয়ে বলেছিলাম, মেয়েকে সালাম-কালাম দেওয়া শেখাতে হবে। তা না হলে—”
“মালেকা!” আরিজ মাহতাবিরের ধমকের আকস্মিকতায় মালেকা যেমন ঝাঁকুনি খেয়ে উঠলেন, তেমনি পাশে দাঁড়িয়ে থাকা আলতার শরীরটাও অজান্তেই কেঁপে উঠল।
গুঞ্জন অবশ্য সেসব উপেক্ষা করে বাবার দিকে ফিরে বলল,
“বাবা, তুমি বলেছিলে আরএমের বউ ছোট। তাই বলে এত ছোট? দ্যাটস নট ফেয়ার!”
আরিজ মাহতাবির চোখের ইশারায় ছেলেকে কিছু একটা বোঝালেন। বাবার ইঙ্গিত পেয়ে গুঞ্জন মুহূর্তেই গলার স্বর নামিয়ে আনল। তারপর আলতার দিকে তাকিয়ে বলল,
“দাঁড়িয়ে থাকতে হবে না। বসো।”
অপরিচিত মানুষটির মুখে এমন নরম কণ্ঠস্বর শুনে আলতার গলাটা যেন আরও শুকিয়ে এল। এভাবে কান্না আটকে রাখার কষ্টটা যে কতখানি, তা কাউকে বোঝানোর ভাষা তার জানা নেই। ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরে অন্য পাশের সোফায় ধীরে ধীরে বসে পড়ল সে।
আলতার এমন জড়োসড়ো অবস্থা দেখে ইরাকে সঙ্গে নিয়ে ধারাও আলতার পাশের সোফাতেই বসে পড়ল।
এরই মধ্যে সেখানে এসে হাজির হলো তাঁরা। মেয়েটার মুখে যেন হাসি আর ধরছেই না। তাকে এভাবে হাসিমুখে ঘুরঘুর করতে দেখে ধারা আলতার দিকে ইশারা করে বলল,
“দেখো, দেখো! যার সঙ্গে বিয়ের কথা চলছে, তার সামনে গিয়ে কীভাবে দাঁত বের করে হাসছে! লাজলজ্জা বলতে কিচ্ছু নেই। গুঞ্জনের জায়গায় রঞ্জক হলে এতক্ষণে ওর দাঁত ভেঙে দিত!”
গুঞ্জন এবার দৃষ্টি ফেরাল তাঁরার দিকে। তার তীক্ষ্ণ চাহনিতে মুহূর্তেই মিলিয়ে গেল তাঁরার মুখের হাসি।
“কিছু কি বলার নেই তোর?”
গুঞ্জনের এমন প্রশ্নে তাঁরা খানিকটা থতমত খেয়ে গেল। নিজেকে সামলে নিয়ে পাল্টা প্রশ্ন করল,
“হ্যাঁ, বলো না, কেমন আছো?”
গুঞ্জনের দৃষ্টি আরও সরু হয়ে এল। তারপর ছোট চাচির দিকে তাকিয়ে বলল,
“আগে নিজের মেয়েকে সালাম-কালাম দিতে শেখাও, ছোট চাচি। তারপর না হয় অন্য কাউকে নিয়ে ভাববে। সারাক্ষণ অন্যদের নিয়ে পড়ে থাকলে নিজের মেয়েকে শেখাবে কখন?” কথাটা শুনে তাঁরা যেন নিজের জায়গাতেই জমে গেল। মালেকা বেগমও খানিকটা লজ্জা পেলেন বলেই মনে হলো।
ধারা তো মুখে হাত চাপা দিয়ে হেসেই ফেলল। আলতার অবশ্য হাসি পেল না। সে নিঃশব্দে আগের মতোই বসে রইল।
গুঞ্জন এবার পাশ ফিরে গৃহকর্মী নাবিলকে ডাকল।
“আমাকে গিফটগুলো খুলতে একটু হেল্প করো।”
নাবিল মাথা নেড়ে এগিয়ে এল। তারপর দুজনে মিলে একে একে উপহারগুলোর প্যাকেট খুলতে শুরু করল। বিদেশ থেকে সবার জন্যই নানা রকম উপহার নিয়ে এসেছে গুঞ্জন। সেগুলো একে একে পরিবারের সদস্যদের বুঝিয়ে দিতে লাগল সে।
তাঁরার নজর এড়িয়ে গেল না, উপহারগুলোর মধ্যে বেশ বড়সড় একটি লাল টুকটুকে লাগেজও রয়েছে। সেটার দিকে তাকিয়েই তার মুখে আবারও প্রত্যাশার হাসি ফুটে উঠল। সে নিশ্চিত, লাগেজটা নিশ্চয়ই তার জন্যই এনেছে গুঞ্জন!
“তাঁরা, এদিকে আয়।”
গুঞ্জনের ডাকে সে প্রায় ছুটেই এগিয়ে গেল। কিন্তু তার হাতে বড় লাল লাগেজটা তুলে দেওয়ার পরিবর্তে গুঞ্জন ধরিয়ে দিল অন্য একটি শপিং ব্যাগ।
তাঁরার মুখের হাসিটা ধপ করে ম্লান হয়ে গেল। উপহার হাতে পাওয়ার পরও তাকে দাঁড়িয়ে থাকতে দেখে গুঞ্জন একবার দীর্ঘশ্বাস ফেলল। তারপর বোঝানোর ভঙ্গিতে বলল,
“দেখ, তুই সালাম দিসনি বলে আমি কিন্তু রাগ করিনি। ভাইবোনের মধ্যে এসব চলেই, বুঝলি? আমি শুধু ছোট চাচিকে বোঝাতে চেয়েছি, নতুন বউকেও যেন উনি বাড়ির মেয়ে বলেই মনে করেন। মেয়েটা নিজের বাবা-মা, আত্মীয়স্বজন, পরিচিত সবাইকে ছেড়ে এখানে এসেছে। তাই আমাদের উচিত ওর ভুলত্রুটি না ধরে, ওকে শিখিয়ে-পড়িয়ে নেওয়া। বুঝেছিস?”
তাঁরা যেন গুঞ্জনের কথাগুলো শুনতেই পেল না। তার দৃষ্টি তখনো স্থির হয়ে আছে ওই বড় লাল লাগেজটার ওপর।
তাকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গুঞ্জন ভ্রূ তুলে তাকাল।
“আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? এবার আমার ইরা মামনিটাকেও আসতে দে।”
তাঁরা তড়িঘড়ি মাথা নেড়ে সেখান থেকে সরে গেল।
এরপর একে একে পরিবারের বাকি সদস্যদেরও উপহার বুঝিয়ে দিল গুঞ্জন।
সালিহা খাতুন উষ্ণ হাসিতে বললেন, “তোমার ভাইবোনদের জন্য উপহার নিয়ে আসো, সেটা না হয় বুঝলাম। কিন্তু আমাদের জন্যও কেন এত কিছু নিয়ে আসতে যাও, গুঞ্জন?”
গুঞ্জন সোজা হয়ে বসে মৃদু হেসে উত্তর দিল,
“তোমাদের উপহার দিতে আমার ভালো লাগে, বুঝলে? এটাই সবচেয়ে বড় কারণ।”
এতক্ষণ আলতা নিঃশব্দে বসে ছিল। মনে হচ্ছিল, দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে থাকতে থাকতে সে যেন পাথর হয়ে গেছে। বসার পর থেকে একবারের জন্যও চোখ তুলে চারপাশে তাকায়নি।
হঠাৎ গুঞ্জন নাবিলের উদ্দেশে বলল,
“ওটা নতুন বউয়ের জন্য এনেছি। আমার মনে হয় না ও নিজে ওটা নিয়ে যেতে পারবে। এক কাজ করো, তুমি ওটা ওর ঘরে পৌঁছে দিয়ে এসো।”
নাবিল মাথা নেড়ে বড় লাগেজটা তুলে নিল। তারপর সোজা আলতার ঘরের দিকে চলে গেল।
এদিকে গুঞ্জনের কথায় ধীরে ধীরে মুখ তুলে তাকাল আলতা। একবার চোখ বুলিয়ে নিল তার দিকে। কিন্তু গুঞ্জন ততক্ষণে ফারিশের সঙ্গে কথোপকথনে ব্যস্ত হয়ে পড়েছে।
অন্য দিকে, সবচেয়ে বড় উপহারটা যে আলতার জন্যই আনা হয়েছে, সেটা বুঝতে পেরে তাঁরা নিজের হাতে থাকা শপিং ব্যাগটা শক্ত করে মুঠোয় চেপে ধরল।
চলবে
Share On:
TAGS: কালারব্লাইন্ড, সোফিয়া সাফা
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৭০
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৩৬ (বর্ধিতাংশ)
-
কালারব্লাইন্ড পর্ব ১৮
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৪০
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৪৬
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৪৫ (এর বর্ধিতাংশ)
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৫৩
-
অবাধ্য হৃৎস্পন্দন পর্ব ৫৫
-
কালারব্লাইন্ড পর্ব ৫(ক+খ)
-
কালারব্লাইন্ড পর্ব ১১