নদীর_ওপারে_সুখ#সিমরান_মিমি#পর্ব_০৯
•
পার্সেলের বক্সটি বেশ সুন্দর করে প্যাঁচানো। নিভি আস্তেধীরে খুলে বইগুলো ফ্লোরে নামালো। ইন্টারমিডিয়েটের একাডেমিক বই, গাইড, সাজেশন, সঙ্গে এক ডজন খাতা এবং কলম। পাশে মধ্যম আকৃতির একটা ডায়েরি। তাতে লাইব্রেরি’র নাম লেখা। সম্ভবত এতোগুলো বই ক্রয় করার কারনে উপহার স্বরুপ দেওয়া হয়েছে। নিভি কয়েক সেকেন্ড তাকিয়ে বইগুলো দেখলো। আনন্দে চোখের কোণ চিকচিক করছে। সে অজানা খুশিতে চোখদুটো খিঁচিয়ে নিলো। বিরবির করে বললো,
“ আল্লাহ! আপনার প্রতি অনেক শুকরিয়া। ”
“ সব ঠিকঠাক আছে তো? ”
অনামিকার প্রশ্নে নিভি চোখ মেলে তাকালো। আড়ালে চোখের কোণ মুছে মুখে হাসি ফুটিয়ে বললো,
“ সব ঠিক আছে, আপু। লিখন ভাইয়া কলমটা পর্যন্ত কিনেছেন। ”
লিখনের নামে প্রশংসা শুনে হঠাৎ লেখা থামিয়ে দিলো অনামিকা। আনমনে টেবিলের উপর আঙুল ঘষতে ঘষতে বললো,
“ হ্যাঁ, তোমার লিখন ভাইয়া একটু বেশিই ভালো। তাকে দ্রুত খারাপ বানাতে হবে। নাহলে আমার’ই ক্ষতি। ”
খুব একটা খেয়াল না করায় অনামিকার এই অনর্থক কথাগুলো নিভি বুঝে উঠতে পারলো না। পুণরায় শোনার আকাঙ্খা করে বললো,
“ জি? ”
“ নাহ, কিছুনা। নিভি, তোমার রুম তো তানজিলা খালা পরিস্কার করে দিয়েছে। তুমি বরং জামাকাপড় আর বইগুলো গুছিয়ে ফেলো। ”
“কিন্তু নানু তো বললেন তার সঙ্গে ঘুমাতে। যদি মন খারাপ করেন…. ”
“ আরেহ না। দাদুমনি কিচ্ছু বলবে না। তাছাড়াও দরকার হলে রাতে একসাথে ঘুমাও। ”
নিভি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। জামা-কাপড় নিচতলায় নানুর রুমে রাখা। সে বইগুলো আর সরালো না। অনামিকার ঘরে রেখে ধীরপায়ে নিচতলায় নামলো। সিনিওরা মাহমুদ তার বিয়ের শাড়ি গুলো দেখছেন। পুরোনো আমলের টিনের একটা মাঝারি বাক্স। পুরোটাই রঙ বেরঙের শাড়িতে ভরপুর। প্রাচীন জামদানী, মসলিন শাড়িগুলো সে সময়ে বিয়েতে প্রচলিত ছিলো। নিভি নানুর পিছনে গিয়ে দাঁড়ালো। দেখলো, তিনি ছোট্ট তিন ইঞ্চির লম্বা-চওড়া পিতলের বাক্স বের করলেন। তার মধ্যে কুসুম রঙা একটুকরো কাপড়। নিভি একটু কৌতূহলী হলো। এর পূর্বে সে কখনো মসলিন শাড়ি দেখেনি, শুনেছে। তাই নানুর হাতের কাপড় টা যে শাড়ি তা বুঝতে পারলো না। কয়েক মুহুর্তে’র মধ্যে তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। আশ্চর্যে চোখ দুটো গোল গোল। ওই ওতটুকু বাক্সের মধ্যে থাকা কাপড়ের টুকরো টুকুর ভাজ খুলতে খুলতে চোখের সামনেই তা শাড়ি হয়ে গেলো। সে কৌতূহল দমিয়ে রাখতে পারলো না। বললো,
“ নানু, এটাই কি মসলিন শাড়ি? ”
নাতনীকে দেখে হেসে জবাব দিলেন সিনিওরা৷ “ হ্যাঁ এটাই। ” এরপর লজ্জা পেয়ে বললেন, “ তোমার নানাভাই এই শাড়িটা আমাকে প্রথম রাতে দিয়েছিলো। ”
নিভি লাজুক হাসলো। এরপর ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো প্রাচীন সব শাড়ি। এগুলো সাধারণত সিনিওরা পড়েন না। জমিদার বাড়ির স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন বাক্সে ভরে। এক একটা রঙ পড়ারও তো বয়স থাকে। এখন সেই সময় নেই। ছেলেরা যা দেন, তাই নিয়েই সন্তুষ্ট থাকেন। তবে মাঝেমধ্যে বাক্স খুলে সকল অলংকার, শাড়ি,ফটো এলবাম ছুঁয়ে ছুঁয়ে দেখেন।
সিনিওরা মাহমুদের শাড়ি নেড়েচেড়ে দেখা শেষ। এখন এগুলো আবারো ভাঁজ দিয়ে বাক্সে ভরছেন। নিভি তার পাশে বসেই সাহায্য করছে। একসময় জড়তা নিয়ে বললো,
“লিখন ভাইয়া বই এনে দিয়েছেন। অনামিকা আপু বললেন, মন দিয়ে পড়তে। ”
“ বেশতো। ভালো করে পড়বা। তোমার মাও লেখাপড়ায় ভীষণ ভালো ছিলো। ”
“ আপু বলেছেন, যে ঘরটা আমাকে দেওয়া হয়েছে – ওখানে বইখাতা, জামাকাপড় গুছিয়ে রাখতে। ”
“ ভালো বলেছে। সবকিছু নিজের মতো সাজিয়ে নাও। এরপর পড়া শুরু করবা। একা একা না পড়লে মনোযোগ আসবে না। ”
নিভি’র কেমন লাগলো। যদিওবা পরিচয় মাত্র দুদিনের, কিন্তু দিনশেষে তার নানু তো। বৃদ্ধ মানুষটা আসার পর থেকে বলছেন, তার সঙ্গে থাকার জন্য। এখন যদি চলে যায়, তবে কি নানু রাগ করবে? এদিকে নানু কি সত্যিই তাকে নিয়ে শান্তিতে ঘুমাতে পারছে? এতবছর একা শোবার অভ্যাস। নিভি গতরাতে খেয়াল করেছে, সিনিওরা বারবার নড়ছেন। সম্ভবত হাত-পা স্বাচ্ছন্দ্য মতো মেলে ধরতে পারছেন না। এ নিয়েও তার চিন্তার অবকাশ নেই। অনামিকাও প্রথমে তার সঙ্গে শোবার জন্য জোর করেছিলো। পরে আলাদা রুমে যেতে বারবার উৎসাহ দিয়েছে। এর মানে নিশ্চয়ই তার ঘুমাতে অসুবিধা হচ্ছিলো। কিন্তু সেটা শুরুতে জানায়নি। নিভি চায় না তার জন্য কেউ অসুবিধায় পড়ুক। রুম যেহেতু খালি পড়েই আছে, তাহলে অন্যকে কষ্ট দেওয়ার মানে কি?
এতোকিছু ভাবার পরেও ভেতরটা কেমন করে উঠলো। আমতা-আমতা করে বললো,
“ আমি আপনার সঙ্গেই ঘুমাতাম। কিন্তু রাত জেগে পড়ার অভ্যাস তো, আপনার ঘুমাতে সমস্যা হবে নানু। নাহলে আপনার সঙ্গেই ঘুমাতাম। বিশ্বাস করুন। ”
সিনিওরা হেসে ফেললেন। নিভি দুদিনের জড়তা কিছুটা কাটিয়ে নিয়ে তার হাত ধরে বললো,
“ আপনার হাসি অনেক সুন্দর। একদম মায়ের মতো। মা মারা যাওয়ার কিছুমাস ধরে মাঝেমধ্যেই আমার সঙ্গে হাসতেন। এতো সুন্দর লাগতো। ”
সিনিওরা চেয়ে রইলেন। দুহাতে বুকে জড়িয়ে নিলেন নিভি’কে। নিভি পূণরায় বললো,
“ এ বাড়িতে সবাই’ই আমায় ভালোবাসে। কিন্তু দিনশেষে কেনো যেনো আপনাকে অনেক আপন লাগে নানু। আপনার সঙ্গে সময় কাটাতেও ভালো লাগে। ”
“বেশ তো। কাল থেকে আমরা একসঙ্গে সময় কাটাবো। আমার খোলা হাওয়া পছন্দ। কিন্তু শরীর নিয়ে বাইরে যেতে পারিনা। তুমি আমাকে রোজ ছাদে, নাহয় তোমার রুমের দোতলায়, নাহলে বাগানে ঘুরতে নিয়ে যাবে। প্রতিদিন বিকালে৷ নিয়ে যাবে তো? ”
“ নিশ্চয়ই নানু। রোজ বিকেলে আমি আপনার লাঠি হবো। ”
সিনিওরার সঙ্গে আলাপ শেষে নিভি কাপড়ের ব্যাগ হাতে নিয়ে দোতলায় এলো। একদম বাঁ দিকের শেষ প্রান্তের রুম। এটাই দেওয়া হয়েছে নিভি’কে। আকারে অনামিকার ঘরের মতো বড়সড় নয়। এমনকি ভেতরে ওয়াশরুমও নেই। এটা অবশ্য নিভি’র জন্য আনন্দের। কোনোকালেই রুমের সঙ্গে লাগোয়া বাথরুম তার ভালো লাগেনা। শুনেছে, বাথরুমে খারাপ জিন থাকে। রাতের আঁধারে সারারুমে বিচরণ করে। নিভি রুম পেয়ে একদমই আনন্দিত নয়, একটু শোয়ার জায়গা হলেই তার জন্য যথেষ্ট। কিন্তু এইযে নতুন রুমে ঢুকেই সে দরজা চাপিয়ে বারান্দায় ছুটে গেছে হাওয়া মাখতে – এ সুখের বর্ননা হবে না। সে মেপে মেপে পুরো বারান্দা টুকু দেখলো। এপাশে উপরের দিকে ঝুলন্ত বন্যফুল লাগাবে। আর নিচে বিভিন্ন রকমের ফুলের গাছ। বিকেলে এসে বসার জন্য অবশ্য খোলামেলা জায়গাও রাখবে এপাশে। যেনো বৃষ্টি এলে জামা-কাপড় রোদে দেওয়া যায়।
জামাকাপড় বইখাতা না গুছিয়ে প্রায় বিশ মিনিট ধরে বারান্দায় বসে রইলো। মনে মনে নানা পরিকল্পনা আঁটছে। হঠাৎ সূর্য ডুবে যেতেই তটস্থ হলো। দ্রুতপায়ে ফিরে এলো ভেতরে। সতর্ক হয়ে প্রথমে দরজা চাপালো। তারপর মাথার ওড়না ফেলে কোমড়ে বেধে টেবিল টাকে নিয়ে গেলো পূর্ব দিকে, জানালার কাছে। এ বাড়ির হেল্পিং হ্যান্ড তানজিলা বেগম ঘর সাজানোতে অপটু। জিনিসপত্র গুলো সারা ঘরময় ছড়িয়ে রেখেছে। কোথাও সামান্য শৌখিনতা নেই। নিভি জানালা বরাবর টেবিল রেখে একবার বসে অনুধাবন করলো, আলো আসে কি-না। হ্যাঁ, হুরহুর করে আলো’রা নিভির ছোট্ট টেবিলে পড়ছে। সে ব্যস্ত হাতে টেবিলের সঙ্গে লাগোয়া তাকে বইগুলো সাজিয়ে নিলো। এরুমে তাকে সেমি ডাবল একটা খাট দেওয়া হয়েছে। তবে সেটাও রাখা হয়েছে মাঝখানে। যার কারনে রুমের জায়গা বড্ড কম দেখাচ্ছে।
নিভি বিছানাটা এপ্রান্তে রাখলো, যেনো তাকালেই বাইরের দৃশ্য দেখা যায়। এরপর অপরপ্রান্তে টেনে নিলো ছোট্ট ওয়ারড্রব এবং ড্রেসিং টেবিল। ব্যাস! আর কোনো আসবাব নেই। রুমটাকে দেখতেও বেশ বড় লাগছে। সে জামাকাপড় সাজিয়ে রেখে ব্যাগ থেকে চিরুনি বের করলো। মুহুর্তেই কিছু একটা ভেবে হতাশ হয়ে বসলো। যদিওবা তার তেমন প্রসাধনী নেই। কিন্তু আসার সময় চুলের তেলটুকু আনতেও ভুলে গিয়েছে। নিভি এখন ওতোকিছু ভেবে মন খারাপ করলো না। হাতে টুকটাক টাকা আছে। বাড়ির কাউকে না জানিয়ে দারোয়ান’কে দিয়ে আনালেই হয়ে যাবে।
ঘর সাজানো শেষে সে বেরিয়ে গেলো বাইরে। এ বাড়িতে আসার পর থেকে একটু বাইরে খোলা বাতাস খেতে পারেনি। যদিওবা সেদিন বাগানে গিয়ে বিরাট ঝামেলা হলো, কিন্তু আজ আর সে বোকামি করা যাবেনা। সে ছাদে যাবে। সেখানে দশ মিনিট কাটিয়ে মাগরিবের আজান দিলেই ফিরে এসে নামাজ পড়বে। তারপর নিশ্চিন্তে আল্লাহর নাম নিয়ে পড়তে বসতে হবে।
ছাদের কার্নিশে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে লিখন মাহমুদ। দুহাত বুকে বাঁধা, দৃষ্টিতে মলিনতা। কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা সে কখনো কল্পনাও করতে পারেনি। বরাবর’ই পড়াশোনায় অনিচ্ছুক ছিলো সে। বংশ এবং বাবাকে খুশি করার জন্য কোনোরকমে গ্রাজুয়েশনটা কম্পিলিট করলো। যোগ্যতা, অভিজ্ঞতা তখন শূণ্যের কোঠায়। এদিকে বড় ভাই হিমাদ্রি মাহমুদ চৌধুরী ভার্সিটির প্রফেসর। সঙ্গে প্রায়শই পারিবারিক ব্যবসাও সামলায়। শেষমেশ মায়ের পরামর্শে বেকার- বাউন্ডুলে হয়ে ঘুরে না বেড়িয়ে সিদ্ধান্ত নিলো ফ্যাক্টরিতে সময় দেবে। ইখতিয়ার মাহমুদ ছেলের উপর ভরসা করেননি। কিন্তু বখতিয়ার সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগ পাওয়ার দেড় মাসের মধ্যে আরো একটা অবাঞ্ছিত সুযোগ নিয়েছিলো লিখন। ভার্সিটির প্রিয় বন্ধু, পড়ালেখায় অত্যন্ত ভালো — কিন্তু বেকার রাশেদকে নিজ ফ্যাক্টরিতে একাউন্টসে চাকরি পাইয়ে দিয়েছিলো। এজন্য কম অনুরোধ করতে হয়নি তাকে। শেষমেশ বন্ধুর ফলাফল দেখে ইখতিয়ারও রাজি হয়ে যান। অথচ সেই বন্ধুই এভাবে পিঠ পেছনে ছুরি মারবে?
এ যাবৎ কতসত ট্যুরে গিয়েছিলো ফ্রেন্ডসার্কেল নিয়ে। প্রত্যেকের থাকা থেকে শুরু করে একটা চায়ের বিল ও লিখন দিয়েছে। প্রায়শই ফ্যাক্টরির ফান্ড থেকে হিসাব ছাড়া অল্পস্বল্প টাকা তুলেছে। আর এই বে -হিসাবের সুত্র ধরেই ছুরি মারলো রাশেদ। লিখনের স্পষ্ট মনে আছে লাস্ট ট্যুরে সে ষাট হাজার টাকা ফান্ড থেকে তুলতে বলেছিলো। অথচ প্রায় দু-লাখ টাকা গায়েব। এরকম করে গত তিন চার বারের হিসেব অনুযায়ী প্রায় ছয়-সাত লাখ টাকা হিসাবে অমিল। বাড়ির কেউ না বুঝলেও সে জানে এটা রাশেদের কাজ। কিন্তু কিছুতেই ভেবে পাচ্ছে না, এ কাজ সে কেনো করেছে? টানা এক ঘন্টা ধরে ফোন করছে, কিন্তু রিসিভড করছে না। শেষবার কল তোলার পর যখন ধরলো, আর লিখন হিসেব চাইলো — তখন সে কেঁদেকেটে পড়লো। দু মাস ধরে নাকি তার মা অসুস্থ, এজন্যই টাকা’টা নিয়েছে। সে আবার পরিশোধও করে দেবে ধীরে ধীরে। লিখন যেনো তার চাকরি টা বাঁচায়৷ এসব শুনে লিখন হতভম্ব৷ সে একদমই বিশ্বাস করতে পারছে না। যার মা অসুস্থ, সে কি করে দু সপ্তাহ আগে বান্দরবান ট্যুর দিয়ে এসেছে, এই প্রশ্ন মাথার ভেতরে দপদপ করছে। লিখনের মেজাজ আজ চুড়ান্ত গরম৷ ঘটনাগুলোকে না পারছে মেনে নিতে, আর না তো গিলে ফেলতে। সব মিলিয়ে গলার কাঁটা হয়ে রয়ে গেছে।
ছাদের দরজা চাপানো। নিভি দূর্বল হাতে টেনে কিছু অংশ খুললো। কড়কড় আওয়াজে পেছনে ফিরলো লিখন৷ তার দিকে চোখাচোখি হতেই মেয়েটা থমকে দাঁড়ালো। ছাদের চারদিকে আর কেউ নেই। শুধুই লিখন দাঁড়িয়ে। এই মুহুর্তে এখানে থাকা অনুচিত এবং দৃষ্টিকটু ভেবে সে আবার দরজা চাপিয়ে চলে যেতে চাইলো।
“ ফিরে যাচ্ছো কেন? আমাকে বুঝি খুব অপছন্দ? ”
প্রশ্নটা সম্পুর্ন অযৌক্তিক। নিভিকে দায়সারা করে বিপাকে ফেলার জন্য লিখন ইচ্ছে করে এ কথা বলেছে। সফলও হয়েছে। এই প্রশ্নের পরে নিভি যেতে পারলো না। ধীর পায়ে এগিয়ে এলো ছাদের মাঝখানে। নিজ পক্ষ নিয়ে সাফাই গেয়ে বললো,
“ তেমন কিছু না ভাইয়া। আপনি বিরক্ত হবেন বলে চলে যাচ্ছিলাম। ”
লিখন মলিন হাসলো। “ বিরক্ত হবো না। এবার থেকে যাও। ”
“আপনার কি মন খারাপ? ”
লিখন চমকালো। ঘাড় ঘুরিয়ে সরাসরি নিভি’র দিকে তাকালো। কৌতূহলী হয়ে জানতে চাইলো,
“ এতো তাড়াতাড়ি বুঝে ফেললে আমার মন খারাপ — কিভাবে? ”
নিভি দৃষ্টি নত করলো। দূরের উঁচু বিল্ডিং টার চূড়ায় তাকিয়ে জবাব দিলো,
“ বিষন্নতা আপনার চেহারায় ফুটে উঠেছে। যে কেউ বুঝে ফেলবে। ”
“ কেউ বুঝতে পারেনা। ”
লিখনের কন্ঠে নিভি হাহাকার খুঁজে পেলো। কিন্তু এই বিষন্নতার কারন বা সমাধান করতে তার ইচ্ছে হলো না। এগুলো একান্তই ব্যক্তিগত। বরং সে যে মুখ ফসকে মন খারাপের কথা বলে ফেলেছে, এটাই অনধিকারচর্চা৷ তাদের দুজনের মধ্যে দূরত্ব প্রায় পাঁচ-সাত হাত। নিভি নিজেই দূরে গিয়ে দাঁড়িয়েছে। লিখন তার অসস্তি দেখে মনে মনে হাসলো। আজকাল এ ধরণের দুরত্ব খুব কমই চোখে পড়ে। কলেজ, ভার্সিটিতে নির্দিষ্ট কিছু মেয়ে পারেনা পুরুষের কোলে উঠে বসতে। গ্রাম থেকে কতই না মেয়ে আসে, উচ্চশিক্ষার জন্য। প্রতিটা বছরের শেষে এদের মধ্যে আকাশচুম্বী পরিবর্তন লক্ষ করা যায়। বন্দী পাখি হঠাৎ বড় শাখা-প্রশাখা যুক্ত গাছ দেখে যেমন ছটফট করে, এ ডালে ও ডালে কিছুক্ষণ পর পর বসে তৃপ্তি নেয়। শতকরা সত্তর শতাংশ মেয়েরাও তেমনি নিজের সীমা হারিয়ে ফেলে। স্বাধীনতার সাধ নিতে গিয়ে তারা শ্লীলতাকে শত্রু মনে করে। আচ্ছা, নিভিও কি ধীরে ধীরে এভাবে পালটে যাবে? লিখনের মনে হঠাৎ ভীষণ ভাবে এ প্রশ্নটি হানা দেয়। সে জিজ্ঞেস করে,
“ তোমার বয়স কত? ”
“হু! ”
নিভি খেয়াল করেনি৷ উত্তর দিতে যাবে, এমন সময়ে লিখন নিজেই বলে উঠলো,
“ ওহহ, আমি জানি। তোমার সার্টিফিকেটে দেখেছিলাম। সতেরো চলছে, তাই না? ”
“ জি। ”
হঠাৎ বয়স জিজ্ঞেস করাতে নিভি’র নেতিবাচক মনোভাব জন্ম নিলো। ভেতরটা অসস্তিতে হাসফাস করছে। এদিকে মাগরিবের আজান দেবে দেবে প্রায়। সে চট করে লিখনের দিকে তাকালো। কথাটুকু গত দু মিনিটে মনে মনে সাজিয়ে নিয়েছে। বললো,
“ আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না। কিন্তু পড়ার বিষয়ে এতোটা সুক্ষ্মভাবে নজর রেখেছেন, বই-খাতা, সাজেশন -কলম এতোকিছু দিয়েছেন, এটা সত্যিই অপ্রত্যাশিত ছিলো। আশা করছি, রেজাল্টের দিন আপনাকে হতাশ করবো না। ”
নিভি কথাটুকু বলে পা বাড়ালো দরজার দিকে। লিখন ভ্রুঁ বাকিয়ে ভাবলো। মেয়েটার সামান্য দুটো কথাতেও কেমন মিষ্টতা মিশে আছে। তার ভালো লেগেছে। কিন্তু এতোটুকুতে তো মন ভরবে না লিখনের। সে পুণরায় দুষ্টুমির ছলে বললো,
“ ফিরতি উপহার হিসেবে আমি কি কিছুই পাবো না? “
দরজার সামনে গিয়ে নিভির পা থেমে যায়। বুকের ভেতরটা ধক্ করে ওঠে৷ ছেলেদের সঙ্গে খুব একটা কথা-বার্তা তার কখনোই হয়ে ওঠেনি। বরাবরই দুরত্বে থেকেছে। সেজন্যই লিখনের আচরণ তার কাছে অস্বাভাবিক। প্রতিটা বাক্যে তার মস্তিষ্কে নেতিবাচক ভাবনা হানা দেয়। কথাগুলো স্বাভাবিক হলেও তার ভয় লাগে। কলঙ্কের আশংকা জাগে। সে তবুও ঘাবড়ালো না। পিছনে না ফিরেই সহজ করে উত্তর দিলো,
“ উপহার হিসেবে সবার আগে নাহয় আপনাকেই ফলাফল জানালাম। ”
এরপর আর এক মুহুর্তে দাঁড়ালো না। স্বাভাবিক ভাবে সিঁড়ি থেকে নেমে একপ্রকার ছুটে গেলো রুমে। লোকটার কথা বার্তার টোন ভালো লাগে না। ভিন্ন কিছু ইঙ্গিত দেয়। হয়তো তার বাচনভঙ্গিই এমন। কিন্তু তবুও সাবধানে থাকতে হবে নিভি’কে।
ডান হাতের কব্জি ধরে এসেছে। ব্যথায় আঙুল নাড়ানো যাচ্ছে না। এতোটা চাপ পড়ে যাবে ভাবলে অনামিকা বিগত এক সপ্তাহে একটু একটু করে পুরো কাজটুকু করে ফেলতো। আর আধ ঘন্টা সময় দিলেই সে নিশ্চিন্ত। তাই আজান দিতেই বেরিয়ে পড়লো রুম থেকে। মাগরিবের পর একটানা এক ঘন্টা ছাদে দাঁড়াতে তার ভালো লাগে। এই ভালো লাগারও অবশ্য কিছু কারন আছে। ছোটো বেলা থেকেই লিখনের প্রতি তার আলাদা ঝোঁক। ছোট চাচ্চুর থেকে বকা অথবা কোনো কারনে মন খারাপ হলে সে চলে যায় ছাদে। শেষ বিকেল থেকে প্রায় এশা অবধি দাঁড়িয়ে থাকে। দেখতে দেখতে এই অভ্যাসটা অনামিকারও পছন্দ হয়ে গেছে। কিন্তু তার অভ্যাস যত গাঢ় হচ্ছে, লিখন ততটাই কম আসতে শুরু করেছে ছাদে। বলতে গেলে মাসে দু তিনবার দেখা হয়। এই সময়গুলোই প্রিয় হয়ে ওঠে অনামিকার কাছে। ছাদ থাকে নিরিবিলি, সম্পুর্ন জনমানবহীন। লিখনের সঙ্গে এ সময়ে ঘন্টার পর ঘন্টা কোনো কথা না বলেও সে থাকতে রাজি। তবে তা কখনোই হয়ে ওঠে না। লিখন মাহমুদ চুপ করে থাকার মানুষ না। সে কোনো না কোনো ভাবে জ্বালাবেই। বিরক্তির সর্বোচ্চ পর্যায়ে এসে যখন তার মনে এখানেই শেষ, তখন চলে যায় নিচে। অথচ, অনামিকা অপেক্ষা করে। তার ভালো লাগে। এই ছোটোখাটো বিরক্তিগুলো অমৃতের মতো মনে হয়।
ছাঁদের সিঁড়ির কাছে যেতেই হিমাদ্রি মাহমুদের সামনে পড়ে যায় অনামিকা। সে মাত্রই রুম থেকে টলতে টলতে এসেছে। চোখ দুটো লাল, মুখটাতে বিরক্তি লেপে আছে। দেখেই বোঝা যাচ্ছে ঘুমানোর চেষ্টা করেও সফল হচ্ছে না। অনামিকা চিন্তিত হলো। বললো,
“ ঘুম আসছে না ভাইয়া? ”
“ উহু না। মাথা ধরেছে। ”
অনামিকা ভাইয়ের কপাল ছুঁয়ে দেখলো। তাপমাত্রা বেড়েছে। জ্বর জ্বর ভাব। বললো,
“ তোমার তো জ্বর এসেছে। ওষুধ খেয়েছো? এই সন্ধ্যায় ছাদে যাচ্ছো কেন? ঘরে যাও, আমি এক কাপ কফি পাঠাচ্ছি। ”
হিমাদ্রি সম্মত হলো। রুমের দিকে দু পা এগোতেই বোনের উদ্দেশ্যে বললো,
“ তোর ভাবীর শাড়িগুলো রুমে দিয়ে যাস তো। ছাদে রোদে দিয়েছি। ”
কপালের ভাঁজটা এতোক্ষণে মসৃণ হলো অনামিকার। সে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো। বললো,
“ তুমি আবার ভাবীর শাড়ি ধুয়েছো? এজন্যই তো ঠান্ডা লেগেছে। ”
“ মনে হচ্ছিলো ময়লা পড়েছে। ”
“আমায় দিতে। আমি ধুয়ে দিতাম। তুমি কেনো যে এমন করো আমি বুঝে উঠতে পারিনা। ”
হিমাদ্রি জবাব দিলো না। সে এগিয়ে গেলো। তৃতীয়বারের মতো থেমে বললো,
“ ভাঁজ করবি না। আমি করে নেবো। ”
“আচ্ছা। ”
অনামিকার মন খারাপ হয়ে গেলো। ছোট্ট একটা শ্বাস ফেলে উঠতে লাগলো ছাঁদে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। শাড়িগুলো নিয়ে অতিদ্রুত ভাইয়ের রুমে যেতে হবে। কোনোভাবেই মায়ের সামনে পড়া যাবে না। শাড়িগুলো দেখলে জ্যোতি মাহমুদের প্রেসার বাড়বে। তিনি অজ্ঞান হয়ে যাবেন, হাহাকার করে টানা তিনদিন পড়ে থাকবেন বিছানায়।
চলবে?
আজ প্রায় ২৪০০+ শব্দ দিয়েছি। আপনাদের রেসপন্সে আমি সত্যিই আপ্লুত। এভাবেই রিচ ধরে রাখুন, কমেন্টস করুন এবং কপিবাজদের মুখে ঝামা ঘষে দিন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমাকে দোয়ায় রাখবেন।
( অনুরোধ : আগামী তিন/চার টা পর্ব পর্যন্ত একটু বেশি বেশি কমেন্টস করবেন৷ স্টিকার, এক, দুই, যা খুশি। পাঠক একবার Simran Mimi পেইজ চিনে ফেললে আর কষ্ট করতে হবে না। 🌼🌼)
Share On:
TAGS: নদীর ওপারে সুখ, সুরভী আক্তার
CLICK HERE GO TO OUR HOME PAGE
-
নদীর ওপারে সুখ পর্ব ১২
-
আসবো ফিরে আবারো পর্ব ৯
-
আসবো ফিরে আবারো পর্ব ১৬
-
আসবো ফিরে আবারো পর্ব ৬৩
-
আমি তোমার হতে চাই পর্ব ৭
-
আসবো ফিরে আবারো পর্ব ৭০
-
আসবো ফিরে আবারো পর্ব ৯০(প্রথমাংশ+শেষাংশ)
-
আসবো ফিরে আবারো পর্ব ৫২
-
আসবো ফিরে আবারো পর্ব ৫১
-
আসবো ফিরে আবারো পর্ব ১৫(প্রথমাংশ+শেষাংশ)