Golpo romantic golpo ভালোবাসি সুচরিতা

ভালোবাসি সুচরিতা পর্ব ২৪


ভালোবাসি সুচরিতা পর্ব ২৪

ভানুকরের শেষ আলো টুকু নিশ্চিহ্ন হতেই চা বাগানে নেমে এলো নিস্তব্ধতা। চারপাশের বাংলোগুলোতে আলো জ্বলে উঠেছে। কিছু কিছু বাংলোর সামনেটায় তো মশালও জ্বলছে অনায়াসেই। আড্ডায় মশগুল হয়েছে কেউ কেউ।

অরণ্যে ফাঁকফোকর গলিয়ে যেই গভীর জঙ্গলটুকু তার চারপাশে যেন প্রয়োজনের তুলনায় মানুষ বেশি আনাগোনা করছে। পাখির উচাটন এখন আর নেই। ক্রমশই কমেছে যান্ত্রিক শব্দ।
প্রেমা তাড়াহুড়ো করে হাঁটছে। পথ ওর চেনা নেই। মুখ চোখ থমথমে। অন্ধকারটা বেশ ভালো করেই ঘনীভূত হয়েছে কি-না তাই হাঁটতে গিয়ে মাঝে মাঝে হোঁচটও খাচ্ছে। চারপাশে চোখ ঘোরাচ্ছে না মেয়েটা। সমস্ত আগ্রহই তার পথের বাঁকে।
এবং সেজন্যই আচমকা, অসাবধানতা বশত ধাক্কা খেলো বেশ শক্তপোক্ত ভাবেই। পথের দিকে নজর দিতে গিয়ে পথিকের দিকে নজর দেওয়ার কথা ভুলে গিয়েছিলো কিনা!

ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গেই ওর মেজাজ বিগড়ে গেলো। কণ্ঠ চওড়া হলো,
“দেখে চলতে পারেন না! চোখগুলো কি খুচরা পয়সায় বিক্রি করেছেন না? অদ্ভুত!”

ওর গ্রীষ্মের তাপদহনের মতো কণ্ঠের বিপরীতে যেন বর্ষার মতোই জল থৈথৈ একটি স্বর কানে এসে লাগল,
“আমিতো দেখেই চলছিলাম কিন্তু বাতাসের বেগের মতো এসে ধাক্কা খেলেন এমন করে যে সরে দাঁড়ানোরও সময় পেলাম না।”

একটি আগন্তুক পুরুষ কণ্ঠ। এত সরস বাচনভঙ্গি যে প্রেমার বিগড়ানো মেজাজে ঢাললো এক মুঠো বিস্ময়। ও তড়াক করে তাকালো সামনের আগন্তুকের দিকে। ভাসা ভাসা আলোয় খেয়াল করল আগন্তুক নয়, চেনা মানুষ। সেদিন বিকেলেই তো দেখা হয়েছিল!
“আরে, আপনি…”

হাসান সাহেব হাসলেন। কিন্তু তার পাশে থাকা বিপ্লব নামের অল্প বয়স ছেলেটি হাসলো না মোটেও। মেয়েটি দোষ করে এমন ভাবে চিৎকার করেছে যে তার হাসি আর পেলো না। কিন্তু স্যার কী মনে করে যে হাসলেন ও ঠিক বুঝে উঠতে পারল না। স্যারে এই এক রোগ। সব জায়গায় হাসা। হাসলে যে মানুষ পেয়ে বসে তা মানুষটা বুঝেন না।
হাসান সাহেব পরিচয় স্বীকার করলেন বেশ স্বাভাবিক ভাবে। মাথা নাড়ালেন খানিক,
“জি, আমি। একটু দেখে চলুন, নয়ত পড়ে যাবেন।”

প্রেমা দেখে চলেনি। দোষ এখানে সবটুকু প্রেমারই ছিলো কিন্তু ও স্বীকার করল না। দোষ স্বীকার করার ধাত ওর ভেতর খানিকটা কম কি-না। ও দোষ ঘোরানোর অভিপ্রায় হয়ে বলল,
“আপনিও তো দেখে হাঁটতে পারতেন।” চোখ দুটো ছোটো ছোটো করে ফেলল কথাটুকু বলতে বলতে।

বিপ্লব ভারি অবাক হলো মেয়েটার কর্মকাণ্ড দেখে। একেতো ভুল করল মেয়েটা এখন আবার স্বীকারও করছে না? স্যারকে দোষ দিচ্ছে! এত সাহস?
ও ক্ষুব্ধ হলো। তেড়ে কিছু বলতে যাবে তার আগেই হাসান সাহেব ওর কথা কেঁড়ে নিলেন,
“আমি দেখে চলেছি বলেই ধাক্কাটা অল্পতেই সেরে গিয়েছে। দু’জনই যদি না দেখে চলা মানুষ হতাম তবে আজ পড়ে গিয়ে একটা কেলেঙ্কারি ঠিক ঘটতো।”

মানুষটা রাগেন না। দোষ চাপানোর স্বভাবও নেই। তবুও কথাটি এত গুছিয়ে বললেন যে প্রেমার দোষটুকু জ্বলজ্বল করে উঠল। কিছুটা অস্বস্তিও হলো তাই মেয়েটার। অস্বস্তির জন্য ও হাসান সাহেবের মুখটুকুর দিকে আর তাকালো না। কাঁধ ঝাঁকিয়ে সরে যেতে যেতে বলল,
“ঘটেনি তো। যা-ই হোক, গেলাম।”

হাসান সাহেব সরে দাঁড়ালেন। মাথা নাড়িয়ে আগের হাসিমুখ বজায় রেখেই বললেন, “আসুন।”

প্রেমা আর ফিরেও দেখলে না। আরও দ্বিগুণ বেগে ছুটতে লাগল। হাসান সাহেব হাসিমুখ বজায় রেখে যেভাবে লজ্জা দিতে পারেন এমন লজ্জা কস্মিনকালেও কেউ ওকে দিতে পারেনি। প্রায় সময় ও দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে তর্কাতর্কি করে সরে যায়। আজ তর্ক করতে পারেনি বলে দোষটাও চাপানো গেলো না। মিষ্টি কথা বলে কেউ যে এমন চতুরতা করতে পারে এই লোককে না দেখলে কে বুঝবে? উফ!

প্রেমা সরে যেতেই বিপ্লব ছেলেটা মুখ খুলল। নিজের অসন্তুষ্টি সবটুকু জাহির করতে বলল, “স্যার, মেয়েটা খুবই ফাজিল। দোষ করে কেমন আপনার ঘাড়ে চাপাতে চাইলো!”

হাসান সাহেব সিগারেট ধরালেন ঠোঁটে। এক টান দিয়ে ধোঁয়া উড়ালেন। বিপ্লবের কাঁধে হাত রাখলেন ধীরে। এরপর পা চালাতে চালাতে বললেন,
“ওসব বয়সের দোষ, বিপ্লব। কবিতায় বলেছে, আঠারো বছর বয়স মাথা নোয়াবার নয়। তাই, এ বয়স একটু আধটু দোষ স্বীকার না করে নিজেকে বড়ো করতে চায়। ওসব কোনো বিষয় নয়। বয়স বাড়লে এই মেয়েই দেখবে পৃথিবীর সমস্ত দায়ভার নিজের কাঁধে নিয়ে চুপ করে যাবে। বয়সই তো সব!”

“তাই বলে সবাইকে ছেড়ে দিবেন, স্যার?”

“ছাড়ছি না তো। এই যে তোমার কাঁধ জড়িয়ে নিলাম। সবাইকে ছাড়তে পারলে তো আমি থাকতাম কোনো এক অরণ্যে অথবা পাহাড়ে। পারি না বলেই তো মানুষের মাঝে থাকছি। মানুষ সব ছাড়তে পারলেও, মানুষের সঙ্গ ছাড়তে পারে না। চলো, এবার হাঁটা যাক।”

হাঁটা যাক বলেই হেলতে দুলতে হাঁটা আরম্ভ করলেন হাসান সাহেব। তার সাথে পা মেলাচ্ছে বিপ্লবও। তবে ও কিছুটা ভাবুক। স্যারের কথা যে ওর মাঝে মাঝেই কিছু মাথায় ঢুকে না। মানুষটা যে কী বলেন, করেন ও বুঝে পায় না। নাকি এটাও ওর বয়সের দোষ? বয়স হলে বুঝবে?

…

বনের ওপাশটায় নিরিবিলি। লোকগুলো হয়ত সরে গিয়েছে। বনের অনেকটা ভেতরেই বলে মেজবাহ্ ও জোহরা ঠিক সেটা বুঝতে পারছে না। তবে ওরা নড়ছেও না। যে জায়গায় এসে দাঁড়িয়ে ছিলো, সেই জায়গাতেই আছে দাঁড়িয়ে।
অন্ধকারে দু’জন কেবল দু’জনের অবয়ব দেখছে। মুখটুকু আর দেখা যাচ্ছে না।

মেজবাহ্ অনেকক্ষণ যাবত খেয়াল করেছে সামনের মেয়েটিকে। মেয়েটি এই এতটা সময়েও এক দণ্ড কথা বলেনি। চুপ করেই ছিলো। এই চুপ করে থাকাটা যেন একটু অদ্ভুত। কথা বলতে পারা মানুষ নিশ্চয় এমন বিপদেও চুপ থাকতে পারে না। তার উপর এতটুকু একটা মেয়ে! নাকি মেয়েটা কথাই বলতে পারে না?

জোহরা আড়চোখে বারংবার তাকাচ্ছে মেজবাহ্’র দিকে। ওর বুকে যে তাণ্ডব বহমান তা থামবার নাম নেই। মহা মুশকিলে পড়েছে অন্তর। মনে হচ্ছে ঘূর্ণিঝড় উড়িয়ে নিয়ে যাচ্ছে সব।
জোহরা নড়েচড়ে উঠল।
নিজের সামনের অবয়বটিকে নড়তে দেখে মেজবাহ্ নিজ থেকেই বলল,
“আরেকটু অপেক্ষা করুন। সিকান্দার অর্থাৎ আমার ছোটো ভাই এলেই আমরা বের হতে পারব। বাহিরের অবস্থাটা বোঝা যাচ্ছে না ঠিক। তাই ঝুঁকি নিতে চাচ্ছি না এখন বের হয়ে।”

মেজবাহ্’র এত কথার বিনিময়ে ও খেয়াল করল সামনের অবয়বটি কেবল ঘাড় নাড়িয়েছে। অতিরিক্ত কোনো প্রশ্ন-উত্তর ছাড়াই কেবল সম্মতি প্রদান করেছে মেয়েটি ঘাড় নাড়িয়ে।
মেজবাহ্ নিজের দু’পাশের কোমরে হাত রাখল। মেয়েটির মতিগতি বুঝতে পারছে না বলেই জিজ্ঞেস করল,
“আপনি কি কথা বলতে পারেন না? সেই বার কথা বলেছিলেন কি-না ঠিক মনে নেই। তাই বুঝতে পারছি না।”

আবারও অতীতের কথা উঠতেই জোহরার পিলে চমকে উঠল। সে এতদিন যাবত জানতো, ঐ ঘটনা কেবল মনে রেখেছে সে আর তার নিজস্ব ডায়েরিটি। কিন্তু আজ লোকটার মুখ থেকে সেই দিনের কথা উচ্চারণ হতেই ওর গায়ে কাঁটা দিয়ে উঠেছে। কথা আরও আগেই হারিয়ে গিয়েছে মুখ থেকে।

মেজবাহ্’র খটকা ক্রমশই গাঢ় হচ্ছে। ও তাকিয়ে আছে মেয়েটির দিকেই। এবার মেয়েটি ঘাড় নাড়িয়ে কোনো উত্তরও দেয়নি। মেজবাহ্’র মন কৌতূহল প্রবণ হয়ে উঠল,
“আমার মনে হচ্ছে আপনি কথা বলতে পারেন। তবে কথা বলছেন না কেন? ভয়ে? ভয় পাবেন না। আমি গিয়ে দেখছি নাহয়, দাঁড়ান আপনি।”

বলতে বলতেই ও পা বাড়াল যাওয়ার জন্য। কিন্তু ভীতু জোহরা কি আর তা হতে দেয়? তার প্রাণের মানুষটার প্রাণনাশের ঝুঁকি দেখেও ও কি না আটকে পারে?
তাইতো আচমকাই ও মেজবাহ্’র পাঞ্জাবির হাতাটুকু টেনে ধরে। ছোটো বাচ্চাদের মতো আবদারের ভঙ্গিতে বলে,
“যাবেন না। ওরা কিছু করে ফেললে…!”

পাঞ্জাবির হাতাটায় টান পড়ায় মেজবাহ্ যতটুকু অবাক হয়েছিলো তার চেয়ে বেশি অবাক হয়েছে যেন মেয়েটির কণ্ঠটিতে। এই কণ্ঠ তার যে চেনা। বহু চেনা। এত পরিচিত কণ্ঠ! কেবল কি পরিচিত? প্রিয় নয়? পৃথিবীতে কি একরকমের এত মিল কণ্ঠ থাকে? নাকি এ-ই সেই কণ্ঠের মালকিন?

মেজবাহ্ জড়বস্তুর মতো দাঁড়িয়ে যেতেই জোহরা চট করে ছেড়ে দিলো হাতটা। ইশ্, ও কী ভুল করে বসল! কথা বলে ফেলল? ও তো কথা বলতে চায়নি। ও চেয়েছিলো ওদের দেখাটা হবে পরিকল্পনা মাফিক। অনেক আয়োজন নিয়ে। অনেক অপেক্ষার পর, অনেক রাত জেগে থেকে এরপর একটি কাঙ্ক্ষিত দেখা। কিন্তু এইবার ললাট ওর সাথে কেমন খেল জমালো?
সেদিন রেঁস্তোরায় দেখা হলো। এরপর যদিও ও গা বাঁচিয়ে চলে এসেছিলো কিন্তু আজ আবার দেখা হতে হলো? তাও এতটা সময়ের জন্য? ভালোবাসার মানুষকে এতটা কাছে পেলে কতটা সংযম রাখা যায় হৃদয়ে? তীব্র খিদেতে যে ভিক্ষুক মূর্ছা যাচ্ছে সে খাবার পেলে সংযম ধরে রাখতে পারে?
জোহরা যে সেই ভিক্ষুকের মতোই এই দেখার জন্য তৃষ্ণার্ত ছিলো! ওরতো ইচ্ছে করছে এখুনি বুকটায় গিয়ে মাথা এলিয়ে দিতে। কিন্তু যুদ্ধ গ্রস্ত পৃথিবীতে প্রেমের আলিঙ্গন সম্ভব?

মেজবাহ্ জোহরার কাছে গিয়েই দাঁড়ালো। ওর বুক এখন ভাবনায় এলোমেলো। কল্পনা ও বাস্তবের এই দোলাচল ওকে হতবিহ্বল করে দিচ্ছে। ও কেবল উচ্চারণ করল, “সু…”

পরক্ষণেই পর পর কতগুলো পায়ের শব্দ ক্রমশই ওদের দিকে এগিয়ে এলো। এতটাই আচমকা যে মেজবাহ্ অনুভূতি জাহির করার সুযোগ পেলো না। দু’টো কথা বলার সুযোগ হলো না ওর। সতর্ক মস্তিষ্ক দ্রুতই ব ন্দু কটিকে চেপে ধরতে বলল। এবং ও তা-ই করল।

কয়েকটি সরু আলো ছুটে এলো ওদের মুখে। চোখ বন্ধ করে ফেলল ওরা দু’জন। এতক্ষণ এই তীব্র অন্ধকারে থেকে এই আলো সহ্য করতে পারেনি চোখ।
পরপরই ছুটে এলো একটি শক্ত হাত। ছুঁলো মেজবাহ্’র পাঞ্জাবির বুকের দিকটা। উন্মাদের মতো চেঁচিয়ে বলল,
“আমার বোনকে আপনি এখানে নিয়ে এসেছেন! আবার ব ন্দু ক হাতে? কী করতে এনেছেন আমার বোনকে? এত জালিম আপনি? এত ক্ষোভ আপনার?”

মেজবাহ্ এক বিস্ময় থেকে বের না হতেই আরেকটা বিস্ময় যেন ওকে চেপে ধরল। চোখের সামনে রাগান্বিত ছেলেটাকে দেখে ওর ভ্রু কুঁচকে গেলো। এই ছেলেটার বোন কি এই মেয়ে!

পেছন থেকে সিকান্দারসহ ওর দলবলের ছেলেগুলোও জঙ্গল ঘিরে ফেলেছে। সিকান্দার দ্রুত এগিয়ে এলো। ওর ভাইয়ের গায়ে কোন ছেলে এমন হাত দিয়ে রেখেছে? এখুনি গু লি করে তার জীবন ও কেঁড়ে নিবে। এত সাহস কার?

চলবে…
-মম সাহা

Share On:

TAGS: ,



CLICK HERE GO TO OUR HOME PAGE
Related Posts
 

0 Responses

Leave a Reply